পুরনো ওয়েবসাইট থেকে পুনরুদ্ধার করা লেখা। ছবি ও কিছু অংশ শীঘ্রই যুক্ত হবে।
এপ্রিল ২০১৯
তরুণ কবির আলো
সুব্রত মণ্ডল
সুব্রত মণ্ডলের জন্ম ১৯৮৮ সালের ৯ই জানুয়ারী,
পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত কালিকাদাঁড়ী গ্রামে।
ইমেল: subratamondal9188@gmail.com
দ্যান বেটার-বেটার দ্যান
এ বাড়িতে যত দুঃখ ছিল
বসন্তের সঙ্গে সকলে চলে গেছে
এখন পাশাপাশি সুখ আর অসুখ
এক বিছানায় চুপি চুপি ধ্যান করে
মাঝরাতে বাইরের দেওয়াল ফুঁড়ে
শব্দ আসে নেচে নেচে
দ্যান বেটার-বেটারদ্যান
এমনই এক গোলাপী শব্দ করতে করতে
নদীকে ওই রাতে ফুলে উঠতে দেখে
থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম
সেই কবে ভুতুড়ে জাহাজের নাম শুনেছিলাম দাদুর ডাইরিতে
ডায়াবেটিসের মতো দুপ করে ডুবে গিয়েছিল সেই দুপুর
পড়ন্ত বিকেলে জাহাজের ক্যাপ্টেন মহিউদ্দিন এসে জানিয়েছিল
দ্যান বেটার-বেটার দ্যান
একটা বিকেল হাতে ক্যাপ্টেনকে প্রথমবার হারতে দেখেছিলাম আমি
দাদু ওই সামুদ্রিক ফনা লুকানোর জন্য সুখ নিয়ে যত উপরে উঠেছে
নীচের বারান্দাতে চিৎকারে ফেটে গেছে পড়শির ঠোঁট
দ্যান বেটার- বেটার দ্যান ,আউচ…
সারা শহর জুড়ে উপচে পড়ছে শুধু ইংলিশ আর ইংলিশ
বসন্তের সঙ্গে সঙ্গে এ বাড়ির সকল চিৎকার আধুনিক হয়ে গেছে
আমরা এখন গাছতলায় বসে পাতা-ঝরার অপেক্ষা করি
হঠাৎ দেখা হলো যেদিন
রাস্তা পেরিয়ে এসে যে কয়েকটি পোড়া বাড়ি চোখে পড়ছিল
সে সকল মৃত প্রায়। এইটুকু চাওয়াতেও সূর্য নেমে এসেছিল।
উঠোনের সাদা খই উড়ে গিয়েছিল প্রান্তের তন্নীর গায়ে।
গোলাপী চোখ দিয়ে সরিয়ে রেখেছিল যাবতীয় পরিচয় তার।
সে আমার রক্তিম আভা।
কতটুকু চেয়েছিল?
কোন পথেএ সেছিল মালিনীর নিরামিষ রোদ ?
ভেবে ভেবে বাগিচাও মিশে গেছে অষ্টাদশী পুকুরের পাড়ে।
যেটুকু চেয়েছিল তুলনায় প্রবল বিবাদ।
সে ঝড় থেমে গেছে কবে! পুরোনো পাতার বনে
মিশে আছে আমাদের সেই পরিচয়।
দেখা হলে চোখে চোখ বসে। জল তার ছুঁয়ে আছে পুকুরের ঘাট।
পাতার প্রেয়সীর। নুপুরের নিক্কন পাড়ে উঠে আসে।
কতটুকু ডুবেছিল জানা নেই। শুধু ভেসেছিল পরিচয়টুকু।
কবেকার বেকার পাড়া।
স্মৃতি যেন চুরুটের টান,
যতটা নিবেড়ে যায় অপেক্ষার ঝুলন্ত সোপান।