।। আমার দেশ ।।

পুরনো ওয়েবসাইট থেকে পুনরুদ্ধার করা লেখা। ছবি ও কিছু অংশ শীঘ্রই যুক্ত হবে।

।। আমার দেশ ।।

পর্ব-১৫

সরস্বতী বায়না ধরেছিল। ঝাড়খণ্ডের দিকে। ওদিকে এখনও নাচনি নাচের রমরমা আছে। বৈশাখের পাঁচে গাজন মেলায় সরস্বতীর নাচ। ছো-নাচ। আরও কত কিছু ছিল। কত রিঝ। রঙ। সারারাত। চুক্তি বাদেও কত ফুর্তিবাজ লোক সরস্বতীর বুকে এঁটে দিয়ে যেতো টাকা। সেই টাকা আর দেখা যাচ্ছে না। কোনো অদৃশ্য ফুঁয়ে উড়তে উড়তে কোথায় যে পড়লো, কেউ জানে না। গাজন মেলা বন্ধ হয়ে গেল। দেশে রোগ। রোগ লেগেছে। কি রোগ দেখা যাচ্ছে না। কিন্তু রোগ এসেছে। সেই রোগের সঙ্গে যুদ্ধ করতে সবাইকে প্রয়োজন। কোনো অস্ত্র নিয়ে  যুদ্ধ করতে হবে না। ঘরে বন্দী থেকে একা থেকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের এই নিয়ম। দেশের প্রধান সেনাপতি বলেছেন। সরস্বতী বলে, কি আর করব দাদা—শুনতেই হবে সরকারের কথা। আমরা না হয় পেট দাবড়ি দিয়েই থাকব, তবু রোগ আসতে দিব নাই। সরস্বতীর দু’বেলা পেট চলে গাঁ গঞ্জের মেলায় মেলায় নাচ করে গান করে। যদিও নাচের কদর, বিশেষ করে নাচনি নাচের কদর এখন নেই বললেই চলে। বছরে হয়তো দু-দশটা ডাক পায়। তাতে কি  পেট চলবেক? গাঁ থেকে চলে এসেছে কবেই । শহরে মাথা গোঁজার মতো একটা ঝুপড়িও পেয়েছে। ভাড়া গুনতে হয় অবশ্যই। সরস্বতীর সঙ্গে থাকে তার রসিক বাল্মীকি সূত্রধর। তার আগে সরস্বতীর সঙ্গে ছিল গজানন কালিন্দী। সে মারা যাওয়ার পর, বাল্মীকি সূত্রধর। দুজনের পেট চলবে কিসে? শিল্পী ভাতা পেলেও প্রতিমাসে টাকা আসে না। তিন মাস চার মাস বাদে একসঙ্গে টাকা পায় সরস্বতীরা। আগে যা পেয়েছিল, শেষ হয়ে গেছে শীতেই। সরস্বতী ফোন করেছিল তাদের শুভাকাঙ্ক্ষী দুর্গা বাবুকে। সে গিয়েছিল টিংকুর কাছেও। যদি কিছু টাকা পাওয়া যায়। কোথাও কোনো আশা দেখতে না পেয়ে, সে বাল্মীকিকে বলে, চল্ – আমরা রাস্তায় বসবো। যদি ভিখ পাই। বাল্মীকি হাসতে হাসতে বলে, ও তুই ভুলে গেছিস—রাস্তাতে লোক বেরাবেক তবেই ন ভিখ পাবি। তোর ভিখের থালায় পড়বেক শুধু ধুলাবালি আর শুকনা পাতা। যদি বলিস—চল্, বসবোই। তবে শুন্ সারাদিন বসতে হবেক। তবেই ন জানতে পারবি, রাস্তাটা কি। ভিখটাই বা কি।

সরস্বতী বাল্মীকির কাছে চা’টা নামিয়ে বলে, আর চেঁচাতে হবেক নাই—ভাবো তুমি ভাবো কী খাবে!

মন্তব্য করুন