আবহমান বাংলা ভাষা

দৈনিক

১০ আষাঢ় ১৪২৭

ছবি: PIXABAY থেকে সংগৃহীত

সমর রায়চৌধুরী

পিলসুজ

পান করছ জল? জলই তো? ঠিক জানো—

সেটা উড্ডীন কোনও পাখির ছায়া নয়? 

চুমুক দিয়ে ভাবছ চা, কিন্তু আসলে 

তা কোনও অজানা পাখির ডাক নয় তো? 

পাখির ডাকের গন্ধ, আর

পাখির ছায়ার গন্ধে ভুরভুর করছে চারপাশ 

উড়ছে জলের তলায় পাখি 

পাখি উড়ছে মাটির নীচে 

লোহার, কাঠের পাখি, একাকিত্বের পাখি 

সত্যি বলতে কি, পাখিহীনতার পাখি

পাখিই তো? ঠিক জানো? হ‍্যাঁ—

পাখি! অব‍্যর্থ, পাখিই …

মনের পাখি

রুদ্র গোস্বামী

কবির মৃত্যু

একদিন এমন এল সংবাদপত্র তোমাকে খুঁজছে,

কবিসভা তোমাকে খুঁজছে,

নিউজ চ্যানেল থেকে লোক এসে

                      বসে থাকছে বসার ঘরে।

অথচ পাড়ার কেউ তোমাকে আর ডেকে বলছে না,

‘কদিন আপনাকে দেখছি না! সব ঠিক আছে তো?’

অভ্যাস মতো কেউ জিজ্ঞেস করছে না

                             ‘কবি কেমন আছ?’

পরিচিত জন, বন্ধুমহল, সেলুনের লোক,

               সবাই পাশ কাটিয়ে যাচ্ছে সম্ভ্রমে।

তখন ভেবে নিয়ো তুমি আর কবি নেই

একটা খারাপ হাওয়ায় তুমি মারা গেছ।

কেননা বহুদিন চেনা কেউ খবর না নিলে

                                মরে যায় কবি।

 

সুনীল সোনা

শৈশব

নরম মাটিতে কাঠি দিয়ে দাগ কেটে

তোমার নামের পাশে

আমার নামটা লেখার সাহস

পার করে এসেছি অনেক দিন হল

 

গালে তিল ‌ছিল তাকে ভুলতে পারিনি

প্রজাপতি ওড়ার মতন কপালের চুলগুলো

আমাকে জড়িয়ে রেখেছে সৌন্দর্য্যে

 

এতদিন পর ভাবি কত বড় সুখের অসুখ

বাসা বেঁধে আছে আমার শরীরে

পুতুল জীবন থেকে নীরবে

               নিখোঁজ হয়ে যাচ্ছি নাকি

ইতিহাসে ঝুলে থাকা নীল পাতাগুলি

                   জেনেছে আমার ক্ষয়

অস্পষ্ট কবিতা চূড়ান্ত আগুন পর্যন্ত পৌঁছেছে

জন্মের ধারণ থেকে খসে পড়ছে অতীত

আশৈশব গিলে ফেলছে যৌবন

বোঝার উপর বোঝা নিয়ে

মেরুদণ্ড ভাঙবে ভাঙবে অবস্থায়

হেঁটে গেছি সময়ের কাছে

তখনও সময়ের ফুল সম্পূর্ণ ঝরেনি

 

একটু একটু করে ঝরে যাচ্ছে সব কীর্তি

এইবার নির্ঘাত বিলুপ্ত হব

নাহিদা আশরাফী

অর্থনীতি বনাম কুরুসকাঁটার ফুল

নীতি আমার বউয়ের নাম 

নতুন সংসার, সামান্য অর্থ

তবু আমাদের সময়গুলোকে সে 

কুরুসকাঁটার নিপুণতায় বুনে যেত

কাঁটার হিসেব কষে কষে

সুতোর গণিত বুঝে বুঝে

একেকটা দিন সে ফুটিয়ে তুলত

বেলি অথবা গন্ধরাজের মতোই

 

অতপর অর্থ নামক মোহনীয়  গ্ল্যামারগার্ল 

আমার সামনে এসে দাঁড়াতেই

আমি নীতিকে ভুলতে শুরু করলাম 

জ্ঞাতে কিংবা অজ্ঞাতে 

 

এখন আমার অনেক অর্থ 

শুধু নীতিই প্রাক্তন হয়ে গেছে…

 

বারো পর্বের ধারাবাহিক

পাগলাঝোরা

জয়ন্ত দে

পর্ব-৯

তেলাপিয়া

আপনা টাইম আয়ে গা বাবুয়া।

এই দেখো, আমার টাইমে আমি বুঝে নিলাম।

তুমি আমাকে মর্যাদা দাওনি কখনও। যদিও আমি বিদেশ ফেরত। না, না, বিলেত ফেরত নই। বিলেত মানে তো বিলেত। সাদা চামড়া। মেম সাহেব। হ্যাট কোট। আমি কালো। কিন্তু আফ্রিকাও তো বিদেশ, সে তুমি যতই নাকউঁচু হও। 

ওই তো নাকউঁচু আমেরিকানরা আমাকে নিয়ে কম কটু কথা বলেনি, তারপরও আমদানি করছে চীন থেকে। 

জন্ম হোক যেথায় সেথায় কর্ম হোক ভাল। 

এই দর্শন তো তোমাদের। তাই তোমাদের কথাটা ভিন্ন। আমাকে নিয়ে এলে ১৯৫৪।

 তোমাদের বঙ্গদেশে তখন মশা আর ম্যালেরিয়ার রঙ্গ! আমার দায়িত্ব তাদের যাত্রাপালা ভঙ্গ করতে। তবু স্থান দিলে নালা নর্দমায়।

তবে আসার আগে শুনেছিলাম, তোমরা ঘোমটা দিয়ে খেমটা নাচো! এসে ইস্তক তাই-ই দেখলাম ক’দিনে, ফলে আমি সটান নালা থেকে রান্নাঘরে।

তবে তখনও আমার ক্লাস ছিল না, ‘গরিবি হঠাও’-এর দেশে দেখলাম গরিবিকেই ঘেন্না। তাই আমি অবজ্ঞার পাত্র হয়েই থাকলাম অপেক্ষায়। অখাদ্য তেলাকুচে, অবাধ্য তেলাপোকার সঙ্গে আমার নামের মিল পেয়ে তোমাদের মজা মারাটা হল বেশ জমজমাট। 

কিন্তু একটি জিনিস বুঝলাম, ভাবের ঘরে চুরি করতে তোমাদের জুড়ি মেলা ভার। যেমন, বেশ্যাবাড়িতে যাও মুখ লুকিয়ে, আবার বেশ্যালয়ের মাটি গোঁজো দেবী-কাঠামোর পোঁদে। তেমনভাবে কুল রেখে লুকিয়ে ঢোকালে রান্নাঘরে।

তার আগেই অবশ্য আমি নালা থেকে প্রমোশন পেয়ে পুকুরে, চৌবাচ্চায়। মার হাব্বা! 

পতিতপাবনী গঙ্গেও আমাকে অঙ্গে রেখেছে। নদী থেকে অর্থনীতির গদিতেও ভেসেছি, কিন্তু সম্মান পাইনি তখনও। 

তাই এবার নিজেকে বলেছি, আপনা টাইম আয়ে গা…।

এখন সেই টাইম…এই লকডাউনে আমার দেখার পালা। ওই যে বললাম, আপনা টাইম…

তেলাপোকার পাখা গজায় মরিবার তরে। আর আমি লকডাউনে পাখা গজিয়ে ডাইরেক্ট তোমার আমার আপামর মেছোবাঙালির ভাতপাতে। কারণ, আমিই একমাত্র, আমিই অপ্রতিরোধ্য, আমিই সর্বত্রগামী, আমিই সহজপাচ্য, আমিই সহজসাধ্য, আমি সহজলভ্য এবং দামে সস্তা, গতরে পুষ্টিকর, স্বাদে সুস্বাদু, কম কাঁটা, আমিই প্রিয় তেলাপিয়া! কী মজা! 

লকডাউনে রাজা খাবে তেলাপিয়া ভাজা।

পুনশ্চ: 

যে কথাটি বলিবার জন্য এত ফাঁদা। 

এবার সেটি বলি। কথাটা হল গিয়ে, 

আমরা তেলাপিয়া, আমরা ডিম পাড়ি, তারপর মুখের ভেতর রেখে স্নেহে ভালবাসায় সে ডিম ফোটাই। ডিম থেকে পৃথিবী দেখার জন্য সব করি। প্রকৃতি যা শিখিয়েছে আমাদের। খিদে পেয়েছে বলে চালান করে দিই না পেটে। নিজের প্রাণের টুকরো তো।

অথচ, তোমরা মানুষের বাচ্চা, তোমরা যাদের মা বলছ, বাপ ভাবছ, দাদা দিদি সাজাচ্ছ, ঝগড়া করছ, দল বানাচ্ছ, রাজা মন্ত্রী করতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছ। আর এই অসময়ে তোমরা তাদের মুখের ভেতর ডিমের মতো স্থান নিয়েছ, কারণ  ভরসা করছ, ভাবছ তোমাকে বাঁচিয়ে দেবে, আহা তাঁরা তোমাদের ভালবাসে, সম্মান করেন।

ভুল ভাবছ!

ওরা রাজনীতি করছে, তোমাকে মুখের ভেতর রেখে ভোটের হিসেব কষছে। নো অক্সিজেন, নো ত্রাণ। সবেতেই ফায়দা। আর প্রয়োজনে তোমাকে টপাটপ গিলেও নিচ্ছে। আমরা তেলাপিয়া, আমরা কিন্তু আমাদের বাচ্চাকে এমন করি না। তাই তোমরা হিসেব বুঝে নাও মানুষের-বাচ্চা, ওদের মুখের ভেতর বসে, ওদের লোভের ক্যাভিটিগহ্বর দাঁতে, মিথ্যের পাইরিয়া হওয়া মাড়িতে, সর্বগ্রাসী আলজিভে খোঁচা মেরে জানিয়ে দাও, আপনা টাইম আয়ে গা বাবুয়া!

ছবি: PIXABAY থেকে সংগৃহীত

বিগত দিনগুলি পড়ুন