দৈনিক কবিতা আশ্রম, ১২ আষাঢ় ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
১২ আষাঢ় ১৪২৭
ছবি: PIXABAY থেকে সংগৃহীত
কার্তিক নাথ
সম্পর্ক
কখনও অসাবধানী এই আমি, দেখি, মরা
মাছির মতন প’ড়ে আছে শীতল মেঝেয়…
সযত্নে তুলে নি হাতে
শঙ্খের মতন ধ’রে ফুঁ দি
স্ফীত হয় ধীরে ধীরে,
বেশ লাগে
ক’ষে, সুতো দিয়ে বাঁধি মুখ
বেলুনের মতো
কারণ, দেখেছি, হঠাৎ হঠাৎ তুমি
সরে যেতে চাও
অদ্ভুত সব অছিলায়
তার কিছু ইঙ্গিত পেয়েছি ইনবক্সে
সহেলী চৌধুরী
সহ্য হয় না
মরচে ধরা এই নিষেধের দিনগুলো
শুধু তোমার, শুধু তোমার কাছেই
ফিরে ফিরে গেছি একাকী প্লাটফর্ম!
একটা আয়নাকে বারবার ভেঙেছি
যেমন শুঁয়োপোকা ভাঙে তার অযথার্থ ঘুম…
নিরন্ন শব্দগুলো ঝরনার জলের মতো
ছিটিয়ে দিতে চেয়েছি নিজেরই নীরবতায়…
জানলার তেরছা আলোর মতো
অপেক্ষা করেছি সারাটা সকাল
যদি কোনও উত্তর আসে।
বন্ধ ঘড়ির মতো সবক’টা নিঃশ্বাস
থেমে গেছে দেয়ালের গা-য়…
তবু একা ঘুরে চলেছি
পুরনো ফ্যানের মতো ক্লান্তিহীন…
এই ঘর এই ধুলোপড়া দীর্ঘ দুপুর
গোল গোল কোকিলের ডাক
হঠাৎ করে আকাশে মিলিয়ে যাওয়ার আগে
আরেকবার পেতে চেয়েছি কাছে…
গাছ থেকে খসে যাওয়া পাতার মতো
এই বিচ্ছেদ সহ্য হয় না
ভাস্কর চৌধুরী
হিমগাড়ি
হিমগাড়িতে চড়ে কারা যাচ্ছে
ওই যে যাচ্ছে।
বাজার দোকান ঘুরে
বেতনের জন্যে ফ্যাক্টরি বার বার ঘুর
জানাজায় দুই কিলো পথ রুদ্ধ করে
মন্ত্রীর শ্বশুরের জানাজায় যোগ গিয়ে
ব্যাঙ্কের দুয়ারে ঘুরে বসে
জ্বরে, শ্বাসকষ্টে মরে
হিম গাড়িতে চড়ে ওরা কোথায় যায়?
নগরীর তালতলা একটি ঠিকানা আছে।
আমি সারারাত জেগে দেখি ইতালি স্পেনের পর
এখন আমেরিকায়
ব্যালকনিতে বসে বসে দেখি
যেন দেখছি নাইট কুইন ফুটবে
অপেক্ষা করি
হিমগাড়ি সারি বেঁধে করোনাকালে
কোন দিকে যায়।
কারও সাথে কথা নয়
পড়েছি নেশায়
হিম গাড়ি সারি বেঁধে যায় কোথায়?
তুলসীদাস মাইতি
আষাঢ়স্য দিবসে
গ্রাম দেবতার নির্জন থানে আষাঢ় পূর্ণিমার প্রাক দুপুর। নাগকেশর গাছের নোয়ানো ডালে ভালোবাসার অনন্ত আদরে বাঁধা রঙিন সুতো। তা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ভাঙা বেদীর উপর। পুরোহিতের পায়ের ছাপ গড়িয়ে যাচ্ছে দেবতার দিকে। ঠায় দাঁড়িয়ে ভিজছে মাটির হাতি ঘোড়াগুলিও।
বিরল এই দৃশ্যেই ওরা দুজন এসে দাঁড়িয়েছে। যুবকটি অপলক তাকিয়ে আছে দুরন্ত অশ্বের গ্রীবার দিকে। বেলপাতা আর তেলে ভেজা সিঁদুরের দাগ লেগে আছে লাগামের ওপর। মেয়েটির চোখ আটকে আছে সেখানেই।তাদের ভিজে হাত তখন শরীরেও বৃষ্টি নামিয়েছে। ‘আষাঢ়স্য দিবস’-এর মেঘ ভাসিয়ে দিতে চায় অন্তরের সব নদী।ঈশ্বরের ইচ্ছে হলেই আজ শস্যশ্যামলা হয়ে উঠবে অতল অন্তর্ভূমি।
পাগলাঝোরা
জয়ন্ত দে
পর্ব-১১
শ্যামলের বিষয়আশয়
আমার এক লুকনো গুরুদেব ছিলেন। তিনি ছিলেন এক বিখ্যাত বাড়ির ফ্রিলান্স ইলাস্ট্রেটর। তাঁর বন্ধু ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত সব সাহিত্যিকরা। সে তালিকায় কে নেই!
আমি তখন কবিতা লিখি। গোগ্রাসে গদ্য পড়ি। সবার পড়ি। কিন্তু সেই গুরুদেব কাম মেসোমশাই আমাকে বলেছিলেন, শ্যামল লেখে না—ওড়ে।
তখন আমি ‘কুবেরের বিষয়আশয়’ পড়ে ফেলেছি। ‘কাপতেন গঞ্জের কুন্দনলাল’ পড়েছি। আরও কত কত লেখা পড়ে ধাতস্থ হচ্ছি। একদিন মেসোমশাইকে বললাম—এমন মাটি কামড়ে জমাট জীবনের একজন লেখককে বললেন—উড়ে বেড়ায়?
মেসোমশাই হেসেছিলেন। বলেছিলেন, শ্যামলের সঙ্গে বড় হও। তবে বুঝবে, এরে কয় জীবন! জীবনরস!
সেই তখনই থেকেই আমার শ্যামল গঙ্গোপাধ্যায়ের হাত ধরা। শঙ্কর সেনাপতি থেকে সাধু কালাচাঁদ। তাদের সঙ্গে ভাব হওয়া। ক্লাস সেভেনের মিস্টার ব্লেক, অগস্ত্যযাত্রা, মহাজাতক, ভাস্কো দা গামার ভাইপো, সেনাপতি শঙ্কর, আরব্য নগরী, ব্রহ্মাণ্ড কী প্রকাণ্ড, ছয় গোঁসাই। ছড়িয়ে ছিটিয়ে কত পড়েছি।
আমার তখন ছোটবেলা নয়। কিন্তু আমি কালাচাঁদ বা শঙ্কর সেনাপতির সঙ্গে জীবনরসের সন্ধান পেয়েছি। এরা কেউ ‘নীলচক্ষু’অলা ছেলে নয়। এদের পাশে দুরন্ত বান্ধবী ছিল না, এরা ফেলুরাম। এরা স্মার্ট নয়, গোয়েন্দা নয়। কাহিনিতে রোমহর্ষক, ভৌতিক কিছু নেই। যা আছে, তার নাম আনন্দ।
বন্ধুরা সবাই স্টিমারঘাটা থেকে স্টিমার চুরি করে নদীর মোহনা পেরিয়ে চলেছে বঙ্গোপসাগরে। সারেং হনুমানদাদা। কুমুদস্যারের টোপ— বঙ্গোপসাগরে ভাসছে জাহাজ, সেখানে কোশ্চেন ছাপা হচ্ছে, নিয়ে আসতেই পারলেই কোশ্চেন লিক। সবার আর স্ট্যান্ড করতে বাধা নেই। রেজাল্ট ভাল হলেই হেডস্যারের মেয়ের সঙ্গে লাভ অ্যাফেয়ার।
জীবনের ডালপালা মেলে থাকা এক অকপট আনন্দবৃক্ষ! যা এই বয়েসে এসে আরও বেশি বেশি টের পাই। শ্যামলবাবু গোল গল্পে বিশ্বাস করতেন না। তাঁর গল্প জীবনের বহমানতার কথা। শ্যামলবাবু জানতেন, গাছপালা পশুপাখি নদী মেঘ পাহাড় আলো আর বিস্ময়কর মানুষের অনন্ত রূপ। রূপের খনি।
ভাবি, ভাগ্যিস এই জীবনরসের খনির সন্ধান পেয়েছিলাম বলে মানুষ অনুসন্ধানে ভাল থাকি। সেই আনন্দবৃক্ষের ছায়ায় বড়বেলায় থেকেও কৈশোরকে হাতের মুঠোয় রাখা শালিখ পাখির বাচ্চা মনে হয়।
আবার পড়ছি, বুঝছি, শ্যামল গঙ্গোপাধ্যায় একটা ‘জীবনধর্ম’, যা মধ্যরাতে এসেও ডাক দিতে পারে। নিজের সঙ্গে ভাসাতে পারে স্টিমারে—।