দৈনিক কবিতা আশ্রম, ১৯ আষাঢ় ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
১৯ আষাঢ় ১৪২৭
Anselm Kiefer
সমর রায়চৌধুরী
উত্তরসূরি
আগুনের দাউ দাউ লেলিহান শিখার ওপর
ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি
আগুনে ভিজে যাই আমি
বৃষ্টিতে যাই পুড়ে
একটা গাছের পাশে দাঁড়ালে
কখনও নিজেকেও গাছ
এক গেলাস জল খেয়ে মনে হল
আহ্! নিজেকে খেলাম
আকাশ দেখতে দেখতে ভাবি—
কী ভাবি ? জানি না; মনে পড়ে না
কারও কারও কথায় থাকে নৈঃশব্দ্য
কারও কারও হাসিতে হাহাকার
‘প্রশ্ন’ অপেক্ষায় থাকে না
সে স্বয়ং উদিত হয় ও অস্ত যায়
পৃথিবীর জন্যে একটা জামা খুঁজতে যাই, ছিঁড়ে গেছে
পৃথিবীর গায়ে বসলে, মশা আমি মেরে দিই
‘মন খারাপ কোরো না, আমি তো আছিই’— বলতে
বিষণ্ণ পৃথিবীর চোখ ফেটে এক ফোঁটা অশ্রু— আশা
মায়া পৃথিবীর ভিতরে আছে ক্ষুদ্র ক্ষুদ্র
অসংখ্য সুখ-দুঃখের পৃথিবী
দেখি তার উড্ডীন রেণু, আশ্চর্য বুদ্ বুদ্
পৃথিবীর গন্ধ দেখি আমি
মৌ দাশগুপ্ত
অন্য পৃথিবী
ছোট ছোট ফুল ফুটে আছে,
ঘন নীল আকাশের রং –
জেগে উঠি সোনার কাঠিতে
রোদের আঙুল ছোঁয় থুতনির তিল
রাজার কুমারী হয়ে আমি পথ হাঁটি –
আমার নিজের এই পৃথিবীর
প্রতিটি পাতায় শুধু
ভালো মানুষের কথা লেখা আছে দেখি
যারা ঠকায়নি কোনোদিন-ও কাউকে
কোনোদিন যারা অন্য কেউ পিছনে ফিরতে
নিজেকে সাবাসি দিয়ে হাসেনি মিচকে –
তারা আছে তারা থাকে অন্য কোনো পৃথিবীতে আর
আমার কী ভাগ্য বলো সকলেই ভালোবাসে
সকলে আমার…
শব্দনীল
শিঞ্জন
জেগে ওঠা কাগুজে লেবুর শরীর
হাত বাড়ায় জোয়ান রাতে, আমি হেঁটে যাই
বেড়ালের পায়ে পায়ে
কানে শাপলা গেঁথে।
এ দেখে,
পড়শির ঠোঁট বেয়ে নামা পানের পিকে
রহস্য ভাসে।
উঠোন কোণে পড়ে থাকা উচ্ছিষ্ট বুনো
সূর্যের আগে আলো বিলায় সমস্ত গ্রামে।
আমাদের জল ঘোলা হতে হতে
বরফ কুচির সঙ্গে পিরিত করে
শরাবের ঢেকুর তোলে পরপুরুষের খাটে।
অমিত সাহা
চক্রবাক-জন্ম
মাটির গোপন খুঁড়ে
যে ধুলো এসেছে উঠে
কোনওদিন চায়নি সে জল,
কেন মেঘে মেঘে ঠোকাঠুকি?
ধুলোরা চেয়েছে ঝড়ে ঝড়ে
এলোমেলো শেকড়-চুম্বন!
বৃষ্টিতে শুকনো পাতা
শেষবারের মতন মরে যেতে যেতে দ্যাখে
পাঁকের পাঁজর থেকে উঠে আসে ধোঁয়া…আর
ধুলোদের অসফল ওড়া!
পাঁকজলে ভেসে আছে হাঁস,
গাছে গাছে দেখা যায়
জোনাকিজনিত শোক…
এক দল চাতক চেয়েছে
ঘুমভাঙা পাখিদের
চক্রবাক-জন্ম হোক!
আলসের বিল
অমিতকুমার বিশ্বাস
পর্ব-৬
হিউসির জাঁতা
কিশলয় পাঠশালার বড় মাস্টারমশাই বলতেন, ‘এদেশ-ওদেশ সবই ছিল সাগরতলে একদিন। নাম ছিল টেথিস মহাসাগর। বহু যুগ ধরে দু-পাশে চাপ খেয়ে তিলে-তিলে এভাবেই পাহাড়-পর্বত-এভারেস্ট চূড়া।’
এ তো রূপকথা! ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী। পক্ষীরাজ ঘোড়া। কিংবা বড়মাসির ‘পাহাড়পুরের নয়কুমার’।
ঝিঁঝিরাত। টিনের চালে দমকে-দমকে বৃষ্টিঘোর। ঘরে মায়াবি হ্যারিকেন। দরজার উপর মাটির মা-কালীর প্রকাণ্ড হাঁ-মুখ। বেড়ার পেছনে আলসের বিল। বিলের ভিতর মরাখাল ও আপা। আপায় ভূতপ্রেত, শেয়াল আর কোলাব্যাঙের গন্ধ। বেড়ার ক্ষুদ্র রম্বস-ফাঁক গলে ঘরে আসে ভৌতিক প্রশ্বাস। হ্যারিকেন-শিখা কাঁপে। হ্যারিকেন-কাচের গণ্ডার কাঁপে। মা ধলির বাটে হাত রেখে ডাকে, ‘ও বা, দ্যাশলাই তড়াসকে নিয়ায়, বাতি ফাজায় গেছে!’ আমি ছাতা মাথায় গোয়ালে ছুট লাগাই। ধলির ফেনিল দুধে বালতিমুখ ভরে যায়। দু-হাঁটুর মাঝে বালতিতে কুয়াশা জমেছে যেন। উঠোনে বৃষ্টিকুয়াশা থেকে হিমকুয়াশার মরশুম নামে। এমনই সব অলসআঁধার দিনগুলোতে মস্কো থেকে জাহাজ চড়ে আমাদের চালাঘরে ‘মণির পাহাড়’ আসে। মস্কোর সঙ্গে তখন খুব ভাব ছিল এদেশের। বাংলা ভাষায় অনূদিত রুশী বই ও পত্রিকা আসত তখন এখানে।
এ-মণিপাহাড়ও কি তবে সাগরতলে ছিল এতদিন? সাগরের মণি জাগতে-জাগতে হয়তো পাহাড় হয়েছে শেষে! কিংবা কবেকার মণি ভর্তি জাহাজ অতলে তলিয়ে যাবার পর টেথিস সাগরের মতো মাথা তুলে দাঁড়াল এবার। চূড়ায় বুঝি জাহাজখানা জেগে আছে আজও? শিশুমনে কত কী আজব প্রশ্ন! শিশুমন মানে না কোনো বাধা। মনের ভিতর মস্কোর জাহাজ, মণিমুক্তোর পাহাড়।
বইয়ের প্রথমেই ব্যাঙ রাজকুমারী। বাবার কথায় তিন ভাই তির ছুঁড়েছিল ফাকা মাঠে। দুই ভাইয়ের তির পড়ল দুই রূপসীর উঠোনে। কিন্তু ছোট ভাই ইভানের তিরটা পড়ল গিয়ে এক জলায়। সে দেখে একটা ব্যাঙ তিরটা হাতে নিয়ে বসে। ইভান বলে, ‘তিরটা দাও!’ ব্যাঙ বলে, ‘আগে বিয়ে করো আমায়!’ ইভান বিয়ে করতে বাধ্য। কিন্তু শেষে দেখা যায় ব্যাঙটা আসলে জাদুকরী ভাসিলিয়া, অপরূপা সুন্দরী। আমরাও তিনভাই, আর আমি তৃতীয়। ব্যাঙে-ভরা আলসের বিলে মুখ তুলে চাই। আমার সমস্ত অস্তিত্ব শিহরিত হয়। এই তো শিশুদিনের প্রণয়বোধ! এই তো রূপকথার আড়ালে থাকা মানব সংস্কৃতির ইতিহাস।
আর-একটা গল্প ছিল, ‘হিউসির জাঁতা’। এক গরিবলোক বনবুড়ো হিউসির কাছ থেকে একটা জাদু-জাঁতা পেয়েছিল একবার। হিউসি শেখাল জাঁতা ঘোরানোর মন্ত্র। বাড়ি ফিরে গরিবলোকটা যেই বলে, ‘পেষ তো আমার জাঁতা, পেষ পরবে যা চাই,’ অমনি জাঁতা গুপিবাঘার গল্পের মতো পরবের সবকিছু নিয়ে হাজির হয়। এবারে সে বলে, ‘ব্যাস, থাম!’ অমনি জাঁতাটা থেমে যায়। কিন্তু জাঁতাটাকে ছল্লিবল্লি করে সেই গরিবের ধনীদাদা জাহাজে নিয়ে সাগরে গেল নুনের কারবার করতে। যেতে-যেতে বলে, ‘পেষ তো আমার জাঁতা, পেষ নুন পেষ।’ অমনি জাঁতা থেকে নুন বেরোয়। লোকটা জাঁতার দিকে তাকিয়ে লোভে চিৎকার করে, ‘আরো পেষ, আরো পেষ!’ জাঁতাটা বনবন করে ঘুরতে থাকে। এদিকে লোভীর খেয়ালই নেই জাহাজটা কখন টলতে শুরু করেছে! শেষে খেয়াল পড়লে লোভী জাঁতাটাকে থামতে বলে, কিন্তু জাঁতা আর কিছুতেই থামে না। লোভী জাঁতাটাকে থামানোর মন্ত্রই শেখেনি গরিব ভাইয়ের কাছ থেকে। গরিবের বিদ্যেতে ভরসা হয়নি হয়তো।
আমি তখনও সাগর দেখিনি। শুনেছি, পড়েছি, ছবিতে দেখেছি। কিন্তু প্রতি বর্ষায় আলসের বিল যেভাবে ফুলেফেঁপে ওঠে জলে, যেভাবে ওপারের কালুপুর থেকে থেকে ঢেউ এসে লাগে এপারের রিফুইজি পাড়ায়, তাতে বরং সাগর দেখার স্বাদ মিটে যায় বেশ। একবার বিলে জল হল খুব। কলার ভেলায় চেপে গেলাম বহুদূর। বিলেনধান তবু মাথা তুলে জেগে। চাষিরা নৌকো নিয়ে তার আগা কাটে খচাখচ।
মইতোষ (পড়ুন ‘মহিতোষ’) ছিল আমার শৈশবের প্রাণসখা। তার বাবা কালীদাস দাস। একদিন সে কঁচা হাতে দাঁড়িয়ে রইল বিলে, আমাকে মারার জন্য। বন্যার জলে জেলেনৌকোর গুঁতোয় জমির আল সরেই এই বিবাদ। আমাদের বিলে এমনই হয় প্রতিবার। মারামারি হয়। কাটাকাটি হয়। সেদিন দা নিয়ে ছুটে এল কালিদাস। বড়দা কুড়ুল নিয়ে তেড়ে গেল। যুদ্ধটা বাঁধতে-বাঁধতেও বাঁধল না। মাঠের চাষারা থামাল। একটা অর্ধ-মীমাংসাও হল পরদিন। মীমাংসায় দাসেরা একহাত ঢুকে গেল আমাদের ভিতর। ওরা সাতভাই, আমরা তিন। ওরা বিলের অর্ধেক জমিতে লাঙল দেয়। আমরা ধার-লাঙলে সামান্য জমি পালি। অগত্যা সাক্ষী-সমর্থক সবই বিপক্ষে। এই পৃথিবীতে দুর্বলের জমিতে সবল উঠে পড়ে একটু একটু করে। চিনও এগোয়। দেশের সীমান্ত কিংবা আলসের বিলের আল—সব একই ছবি।
মাটির বারান্দায় বসে মইতোষের মা জাঁতা ঘুরিয়ে-ঘুরিয়ে মাষকলাই পিষত। এ যেন হিউসির জাঁতা! নইলে এত কলাই পায় কোথা? আমরা সামনে এসে দাঁড়ালে খুড়িমা হাতে দিত দু-মুঠো কলাই। বাড়ি এসে শুকনো কড়াইতে ভেজে নুন মাখিয়ে খেতাম বেশ কড়মড়িয়ে। কিন্তু বিবাদ মিটে গেলেও মইতোষদের বাড়ি যাওয়া হল না আর। আমাকে দেখলেই তখনও মইতোষ কঁচা হাতে দাঁড়িয়ে থাকে। সঙ্গে নতুন জোটানো দলবল। আমাদের বন্ধুত্ব রূপকথার দেশে হারিয়ে গেল কেমন! খুড়িমা তখনও জাঁতা ঘোরায়। আমার ভাজা কলাইয়ের কথা মনে পড়ে খুব। আমার জোর কান্না পায়। কান্না চেপে রাখি। দুঃখ ক্রোধ হয়ে যায় নিমেষেই। আমিও কঁচা তুলে নিই কাঁধে। তারপর দলবলের সামনে দিয়ে এক পাক দিয়ে আসি। ওরা হাসে। বলে, ‘ছিঁড়াখাম, নিধিরাম!’ বলে আর হাসে। রাগে ফেটে যেতে চায় আমার মাথা। নিজেকে সামলে একলা হেঁটে যাই আলসের বিলে। কঁচাটা মাটিতে আছড়ে জলে আছড়ে থামে।
সেবারেও আলসের বিল ভেসে যায় জলে।
সেই জলের ভিতরই জাঁতাটা চুরি যায়। পাড়ায় হইচই পড়ে। বউ চলে যাবার পর দুলুখ্যাপা এর-ওর বটিটা-দা’টা-কোদালটা-হাঁড়িটা-কড়াইটা চুরি করে বিলে ফেলে আসে। ধরা খায়। মার খায়। এবারেও মার খেল বেদম। কিন্তু আমার মন বলে, এ কাজ দুলুর নয়। তবে মনে মনে খুশিই হয়েছিলাম খুব।
ইছামতীর জল খাল বেয়ে ঢোকে সেবার। বিলে জল বাড়ে। বাড়তেই থাকে। হারাধনদা মাথায় হাত দিয়ে বসে পড়ে। বলে, ‘এইবার নুনা লাগবেনে!’
‘ক্যাঁ?’ বউ বলে।
‘জোয়ারের জল ঢুকতিচে।’
সত্যিই নোনা লাগল জমিতে। চারমাস পর জল সরে। জমি তবু পড়ে থাকে। জমিতে গোবরসার, ছাই ফেলে রাখা হয় দীর্ঘদিন। তবু আগের মতো ফসল যেন আর ফলতেই চায় না। মনে মনে বলি, ওটা হিউসির জাঁতাই ছিল হয়তো। কোনও লোভী চোর ওটাকে নিয়ে কালুপুরে দিকে পালাবার সময় পরীক্ষা করতে গিয়ে বিলেই ডুবে মারা যায়।
বড় মাস্টারমশাই হয়তো ঠিকই বলছেন, ‘লোভে সবকিছু সাগরে তলিয়ে যাবে একদিন!’
তাই তো, জাঁতাটা ধীরে-ধীরে বিলের নীচের সব জল নোনা করে দেবে একদিন! তারপর বর্ষায় নোনাজলে ভেসে যাব আমরা। এমনকি শুকনোর সময়ও জমিতে কোনো ফসল হবে না আর! এসব ভাবলেই আমার কান্না পায়। এসব থামাতে হলে এক্ষুণি মইতোষের সঙ্গে কথা বলতে হবে। বলতে হবে, ‘চল, বিলে গিয়ে জাঁতাটাকে দুজনে খুঁজে বার করি আগে। তারপর চিৎকার করে থামতে বলি সেটাকে!’ ভাবতে-ভাবতে মইতোষদের বাড়ির দিকে এগোই। দেখি আমাকে দেখেই সে কঁচাটা কাঁধে তুলেছে সবে।