দৈনিক কবিতা আশ্রম, ২ আষাঢ় ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
২ আষাঢ় ১৪২৭
PLAYING WITH THE SUN by Chandan Mishra
অংশুমান চক্রবর্তী
দিস্তা দিস্তা প্রেমের চিঠি
গন্তব্য ঠিক না করেই বের হয়েছি সকালবেলা
চলতে চলতে নদীর ধারে দেখতে পেলাম মায়ারখেলা।
দৃশ্যপটে শান্তি লেগে, হাওয়ায় নাচে শস্যভূমি
মেঘগুলোকে উধাও করে হঠাৎ গেলে কোথায় তুমি?
সঙ্গে ছিলে? ঠিক মনে নেই, সঙ্গছাড়া সেটাও কি ঠিক?
পাগলা হাওয়ায় উড়ে এল দিস্তা দিস্তা প্রেমের চিঠি
ফিরব বলে বের হইনি, নেই তো জানা কোথায় যাব
এই তো নদী শুকনো ছিল, কী কারণে হঠাৎ প্লাবন?
একটু হলেও অসংযত, পা রেখেছি গভীর বনে
শিখব আদর, তাই অবেলায় এলাম তোমার নিমন্ত্রণে…
অনুপ মণ্ডল
মুসাবিদা
মোচড়বন্দী প্রকণ্ঠের সুর ও একটা
কাঁটাবিহীন উলের বল
তলায় এক কাঁচ্চা তলানির মতো
কবেকার জমাট বাঁধা কালো রঙের নিবিড় সংসার
আমি মোচড়ে মোচড়ে ঊর্মিমালা ঢেলে দিলাম
সুস্থিত ছবি দিলাম আমি
অনবরত ঢেউয়ের পর ঢেউয়ে
অধিকতর সন্ন্যাসযাপন
গুপ্তকন্ঠে প্রশ্ন করিলাম
ওহে সুর, রুদ্ধকণ্ঠের পুরুষ; ওহে
অনন্তে অবিনশ্বর উলের বল
তোমরা কি একে অপরের মুসাবিদা
করে নিতে পেরেছ?
শ্বাসও স্বরের অধিক। গড়িয়ে গড়িয়ে চলেছে।
উত্তর নেই
ঢেউয়ের কলরোলে
হারিয়ে যেতে বসেছে মুক্তি, স্মৃতি,
সপ্তডিঙার সংক্ষিপ্তসার
সু-ব্রত
প্রবাহ
বাঁশিটাও ছায়া পেলে মরতে বসে
প্রিয় কদমের তলে
কান্না কান্না শুধু কান্না-ই সার
এতো কান্না তবু উদাসীন বয় যমুনা
জনম জনম ধরে বিমন্ত্র জল কমে-বাড়ে
সমস্ত সুর ভিজে যায় অবলা
কদম কেশর ঝরে ঝরে
আমার বুঝি আর গোষ্ঠে যাওয়া হল না
কালিয়া তোমার বিষ পাওয়া হল না এ জনমে আর
হায় বাঁশি এমনও কি নত হতে আছে
যে তোমায় আটকাবে দ্বারী
দ্বারকাধিপতি শুধোবেন কুল পরিচয়
রাধা নয় পরের মেয়ে
তুমি তো তারই ছিলে ভাই
সন্দীপক মল্লিক
আজ অলক্ষুণে মৃত্যুর মিছিল
আজ
অলক্ষুণে মৃত্যুর মিছিল
মানবিক সবুজ বনানীতে !
আজ
অব্যর্থ সময়ের পাপ
অপচয়ী প্রগতির পল্লবীতে !
আজ
দুর্বিনীত দূষিত দুঃসহ
অপঘাতী মৃত্যুর ঢেউ !
আজ
চন্দন-জীবনের সৌরভহারা
বিমুগ্ধ মমতার পরাগ !
আজ
দর্শনের ব্যভিচারে জরা
প্রাকৃতিক মানবিক দীপাবলি-দিশা !
বঙ্কিম লেট
ভুলে যাই
আমার হেলমেট ফেলে এসেছি রাস্তার গাছে,
আর
পেখম চাবির গোছা ভোরের তারার কাছে
মোটর বাইক ভুলে এসেছি পাঁচমাথা মোড়ে
গ্লাসে
মাঝরাতে কোকিল ডাকে; ঘড়ির কাঁটাও ঘোরে
ফুলের তোড়াটি ফেলে এসেছি নারীর বুকে
যার
বর্ষার মল্লার মেঘ শার্সিতে রয়েছে ঝুঁকে
আমাকে এভাবে টুকরো করেছ, কে গো তুমি ?
ভাল।
প্রতিটি খণ্ডাংশে বাজে কেয়া পাতার ঝুমঝুমি
পাগলাঝোরা
জয়ন্ত দে
পর্ব-২
আত্মার সাদা রং
সাদা রঙের একটা বাড়ি।
তার পাশ দিয়ে রোগা পথ চলে গেছে কবরখানার দিকে। ওইখানে শোয়ানো আছে তার আঙ্কেল, আন্টি, গ্র্যান্ড পা আরো আরো কত চেনা অচেনা মানুষ। প্রতিবছর অল সোলস ডে’র দুপুরে সে বাড়ির বড়দের সঙ্গে যেত কবরখানায়। সেদিন আপনজনের কবরের ওপর গজিয়ে ওঠা ঘাস আগাছা নিড়িয়ে পরিষ্কার হত। তারপর মাটি লেপা, ফুল দিয়ে সাজানো, ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা। বাড়ি ফেরার সময় বাচ্চা মেয়েটি তাকিয়ে থাকত সারিসারি কবরগুলোর দিকে। সেদিন আলোকিত কবরগুলো দেখে মনে হত, শিয়রে দীপ জ্বালিয়ে ওরা এখানে ঢালা বিছানা করে কী আরামেই না ঘুমোচ্ছে! আর ফেরার সময় সে বাড়িটাকেও দেখত। আর আশ্চর্য হত, কেন না সারা বছর বাড়িটা অন্ধকার কবরখানার পাশে। বাড়িটার কি ভয় করে না!
মেয়েটির বিয়ে হল একদিন। তার শ্বশুরবাড়িটি হল অন্য এক জায়গার অন্য এক কবরখানার ঠিক পাশেই।
কী আশ্চর্য কবরখানার ফলকে ফলকে কত নাম। অচেনা নামগুলো একদিন তার চেনা, আর কবরগুলো যেন তার প্রতিবেশীর ঘরবাড়ি। কোনওটা মাটির, কোনওটা কংক্রিটের, কোনওটা শ্বেতপাথরের।
এমনকী ওই কবরখানার ধুলোবালিতে খেলে
তার ছেলেমেয়েরাও মানুষ হয়ে গেল।
এখন মেয়েটার বয়েস বেড়েছে, চুল পেকেছে, হাঁটুর জোর কম। শ্বশুর শাশুড়ি কেউ নেই। ছেলে মেয়ে যে যার জীবন নিয়ে কাজেকর্মে দূরে দূরে।
স্বামী কাজে যায়, ফেরে বেশ রাতে। মেয়েটি এখন কবরখানা বুকে নিয়ে বাঁচে।
২ নভেম্বর, অল সোলস ডে। ওরা কাল ঘুমিয়েছিল শিয়র আলোকিত করে, আজ সবাই কেমন আছেন ফুলে ফুলে সেজে।
মেয়েটি এখন কবরখানার পাশে এক অন্য সাদা বাড়িতে থাকে।