আবহমান বাংলা ভাষা

দৈনিক

৭ আষাঢ় ১৪২৭

ছবি: PIXABAY থেকে সংগৃহীত

সমরেশ মণ্ডল

শম্ভু রক্ষিত

সুতার্কিন স্ট্রিটের সাদা বাড়িটির চারতলা থেকে

কবি শ্যামলকান্তি দাশ-এর সাথে ফুটপাতে

                                 নেমে এসে,

ছোট বাদামের ঠোঙা হাতে যার সাথে দেখা

খর্বকায় কোঁচকানো পাজামা-পাঞ্জাবি চোখে পিঁচুটি

সেই মানুষটি কবি শম্ভু রক্ষিত ।

মফস্বলের চোখ কখনো এত ছোট বাদামের

প্যাকেট দেখেনি ।

তারপর আলো এলো ঝাঁকে ঝাঁকে আলো

কিন্তু সে আলো কখনো ছড়ায়নি

                          সামান্যতম‌ও প্রচ্ছায়া

জ্যোতির্ময় দত্ত বা গৌরকিশোর ঘোষের।

বরং সে টেনে নিয়ে এসেছে ছেলেদের

                           বেবি ফুড এর টাকা

সরিয়ে কেতকী পত্রিকা চালিয়ে যাওয়া

ডাকঘরহীন শিয়ালডাঙ্গা গাঁয়ের মোহিনী

                        মোহন গঙ্গোপাধ্যায়-এর

প্রথম কবিতার বই নক্ষত্রপুরুষ, বাদামী কাগজে

সুনীল দাশের সেরা প্রচ্ছদে বিষন্ন বিষাদের সেরা

প্রতিমার পুজো পাঠ।

 

একটি মানুষ, সেরা সাপ্তাহিকে, মাসিকে,

                             লিটল ম্যাগাজিনে

লিখে যাচ্ছেন একটিই কবিতা একটি শিরোনামে।

নতুন শব্দের ঝুরি নেমে নেমে সমগ্র

                         জমি জুড়ে প্রগাঢ় বট।

সব সব কবিতা মেলাতে গিয়ে দেখি মহাশূন্যে

মহানাদ ওঙ্কার ধ্বনি, যে ধ্বনির জন্য;

                               ধ্যান প্রয়োজন

এবং বিশ্বাস; তবে তো নেমে আসবে

                                 দুচোখে সে-ই

     প্রিয় ধ্বনির জন্য কান্না!

তমাল বন্দ্যোপাধ্যায়

দেশকাঙালের লিপি

ওরা পথে শুয়ে থাকে। তার দায় রাষ্ট্র কেন নেবে?

ওরা মরছে ক্ষিদে পেটে, হেঁটে হেঁটে অনন্ত আকাশে।

হাঁটুক, মরুক, তাতে রাষ্ট্রের কী-বা এসে গেল?

কবে সে দাঁড়াত বলো, সাধারণ মানুষের পাশে?

 

মানুষ নেমেছে ওই। ঘরের মায়ায় খুঁজে খুঁজে।

মানুষ মরেছে শুধু লাঠি-গুলি এখানে-ওখানে।

রাষ্ট্র কী করতে পারে? মরে যেতে রাষ্ট্র তো বলেনি…

ঘোষণা দিয়েই সার, থেকে যাও যে আছ যেখানে।

 

কোথায় থাকব তবে? কোন পথ ঘরের নির্দেশে

আমাকে দেখাবে বলো, চেনা সেই ভাতের দু-মুঠো…

মানুষ কেঁদেছে, তবু বোবাকালা ভাল রাষ্ট্র আজ

নির্বিকার লিখে গেছে হত্যা আর মাটির কঠোর।

 

ওরা মরছে পথে শুয়ে, ওরা খুঁজছে একমুঠো ভাত —

দেখেও নীরব থাকে এই রাষ্ট্র, ঠুঁটো জগন্নাথ।

 

২

কী চেয়েছি তোর কাছে, আমাদের কী-বা দাবী ছিল?

সামান্য সম্বল নিয়ে মৃত্যু-দিনে এত পথ এসে

কী চেয়েছি, ওগো দেশ, স্বপ্ন জুড়ে  আতঙ্কের ঘোরে

এই দাবী মিথ্যে, বলো, ফিরতে চাওয়া নিজের স্বদেশে?

 

কী চেয়েছি তোর কাছে? প্রিয় দেশ, প্রিয় বাড়িছায়া…

তাকে বুকে ধরে রেখে মরে যেতে চাওয়ায় অধীর

কেঁদেছি অক্লান্ত, আর আমাদের রক্তমাখা পায়ে

ভিজেছে তোমার বুক, দেখেশুনে তবুও বধির

 

রয়েছ হে প্রিয় দেশ। কী চেয়েছি? বেঁচে থাকতে শুধু।

ঘরে ফিরে আসতে চেয়ে আমরা তাই পথে পথে হাঁটি।

অবিরাম রক্ত পায়ে, অবিরাম মৃত্যু পায়ে পায়ে

আর তুমি কী দিয়েছ? সন্দেহের একরাষ্ট্র মাটি।

 

অর্ণব চট্টোপাধ্যায়

হলুদ পাহাড়ের মাথায়

হাওয়ার ভিতর এখানে স্যাক্সোফোন বেজে ওঠে আচমকা।

বেসামাল কোনও এক ভিড়ে হারিয়ে যেতে যেতে প্রবীণ বাজিকর বলে গেল সূর্যাস্তের পর আর কিচ্ছু হয় না।

লোকালয় ছেড়ে আসা ঘুড়ি খরস্রোতায় ভেসে যেতে গিয়ে মহুয়া ডালের পাখি হয়ে গেল একদিন।

তারপর থেকে হলুদ পাহাড়ের মাথায় রিনরিনে বৃষ্টি নামছে রোজ…

কিছু আগে হাওয়াদের আশ্চর্য সংলাপ নর্থ সিকিমের দিকে উড়ে গেছে

আমরা লক্ষ করি,দূরের রাস্তা দিয়ে চলে যাওয়া একটা ভায়োলেট রঙের বাস…

ছোট নদীব্রিজের ওদিকটায় বৃষ্টি নামার একটা মেঘের জটোলা

পর্তুগীজ সাহেবের সমাধির ওপর কেউ একজন শুয়ে আছে

কিংবা, ফেলে আসা পাইনের সারি আর সমাহিত সবুজ ঝর্ণার প্রসঙ্গ এলেই, কেমন চুপ করে যাচ্ছেন মিসেস গোমস! 

সানোয়ার রাসেল

ঝিঁঝি

একঝাঁক জীবনমুখী পোকা

পায়ের সাথে ঘষটে চলছে পাখা

সেই শব্দ পরমপ্রভুর হুকুমের মতো

রাত্রির প্রতিমায় প্রাণবায়ু ফুঁকে দিচ্ছে

খসে পড়তে পড়তে দেখে নিচ্ছে পাতা

বনে চলতে চলতে শুনে নিচ্ছে হাওয়া

মেঘে ঢাকতে ঢাকতে ফিরে আসছে চাঁদ

জোনাকির পিছে ছুটতে ছুটতে থমকে যাচ্ছে শেয়াল

রাত জেগে উঠছে

অবিশ্রান্ত শব্দ― একটানা― মন্ত্রসম সরগমে

লোকে বলে― ‘ ঝিঁঝি ডাকছে’

কবি জানে

পরমপ্রভু রাত্রির মাঝে ফুঁকে দিচ্ছেন রুহু

কুন ফায়া কুন বিবিধ ভাষায় অনুদিত হচ্ছে

একঝাঁক জীবনমুখী পোকার পাখায় এবং

পায়ে

বারো পর্বের ধারাবাহিক

পাগলাঝোরা

জয়ন্ত দে

পর্ব-৬

লেজ

কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয় পাবেন না, করোনার নয়, বড়দেরও নয়। স্বপ্নটার মাথা-মুন্ডু কিচ্ছু নেই। যা আছে তা একটা লেজ। 

সকালবেলায় নয়, রাতে ঘুমের ভেতরই আমি লেজটা নিয়ে ধন্দে পড়েছি।

প্রথমে ভাবলাম টিকটিকির লেজ। তাই আর খোঁচাখুঁচি করলাম না। যদি টুক করে খসে যায়, বড্ড বিচ্ছিরি ব্যাপার হবে। কিন্তু ভাল করে দেখতে গিয়ে দেখি, ওটা ইঁদুরের। 

তাহলে একটা দড়ি নিয়ে আসি। ফাঁস বানিয়ে আটকে মাঠে গোরুর মতো চড়াব। তো সে লেজ বেঁধে ফেলেই দেখি, ও হরি, এ তো ইঁদুর নয় গোরুর। 

ততক্ষণে লেজ টানছি, এবার গোরু বেরুবে, আয় গোরু আয়। বৈতরণী পাড়ি দিই। 

…লেজ ধরে আমায় নিয়ে চলো সখা আমি তো পথ চিনি নে। কিন্তু সখা যে আসে না। 

লেজ টেনে গোরু বেরুচ্ছে না। বরং হুপ হুপ আওয়াজ হচ্ছে। তবে কি এটা হনুর লেজ? আমি গর্দভ মনু ভুল করলাম?

তাহলে দড়ি তো আছে একটু কেরোসিন ঢেলে দিই শালা একটা দেশলাই ঠুকে! হয়ে যাক লঙ্কাকাণ্ড!

করলাম তাই। ধরালাম লেজে আগুন। কিন্তু এ কী, নিজের পাছায় তো তাত লাগছে! নেভাতে ফুঃ মারলাম, এবার মুখ পুড়ল। এখন এ আগুন কোথায় নেভাই?

হাতে হ্যারিকেন তো ক’দিন পরে হবেই। ওটি এখন বের করছি না। ঘরে মোমবাতি নাই। কিন্তু কাল তো হইচই! নয়ে নক্করা। বেশি করে ন্যাকড়া জড়াচ্ছি, লেজের আগুন দিয়ে হবে ভাই?

 

ছবি: PIXABAY থেকে সংগৃহীত

বিগত দিনগুলি পড়ুন