সাপ্তাহিক কবিতা আশ্রম, ১০ মাঘ ১৪২৭
সাপ্তাহিক
১০ মাঘ ১৪২৭
Painting:Leonid Afremov
নির্মল হালদার
কবিতা
দরজা-জানলা পিছু নিয়েছে
দেয়াল পিছু নিয়েছে
কুকুর পিছু নিয়েছে
যেতে নাহি দিব—
কোথায় যে যাব? জল জমি জঙ্গল
লুট হয়ে যায়। হৃৎপিণ্ডের টানাপোড়েনেও
গ্রামে গ্রামে খুঁজে বেড়াই আলো
কথাও দিয়েছি, ওর খোঁপায় গুঁজে দেব
জোনাকির গুঞ্জন।
সুবীর সরকার
জার্নাল
গনগনে দুপুরের ভেতর একটা দুপুর শুয়ে থাকে
ব্যাটারি চালিত গাড়ি, শিশুপার্ক, রাজহাঁস—এসব
নিয়ে ভাবি
নিজস্ব নারীকে পাঠিয়ে দিই ডিঙি নৌকোর
ছবি
কুয়াশায় গান মিশে গেলে
চোখের জল লবণ হারিয়ে ফেললে
ফিরে আসে হৃদরোগ, কাঠের
বন্দুক
কাজরী মুখোপাধ্যায়
সেইসব ঋণী মুহুর্তরা
মুহূর্তরা ঋণী থাকে মুহূর্তের কাছে,
গাঙ্গেয় যুবতী শান্তনুর বীর্যে
এক দেবব্রতজন্ম।
বাধ্য পৃথা কবচকুণ্ডলক
পুত্রকে বিসর্জন দেয়,
শত অন্যায় সহ গান্ধারী
চোখ বাঁধা মুহূর্তের সিদ্ধান্তে।
তোমাকে মুহূর্ত দেখে
বেড়ে যায় আড্রিনালিন
তোমার মুহূর্ত ছোঁয়ায়
আমি মেদুর পেলব
তোমার মুহূর্ত ডাকে
আমিই মৈথুন কপোত।
শুধু মুহুর্তের জন্যই
চন্দ্রের বলয়গ্রাস
মুহুর্তেই নেমে আসে
প্লাবন ক্লাউডবার্স্ট
মুহূর্তরা ঋণী থাকে মুহূর্তেরই কাছে
পৃথিবীর সকল আগামী তার গর্ভে আছে!
ব্রততী চৌধুরী
অপরাহ্ন
দৃষ্টির ভিতরে একটা নদী আছে—
বয়ে যাওয়া জল, নৌকা, মাঝি, সময়।
শুধু এই নির্নিমেষ চেয়ে থাকা—
তার ওপারে আছে স্মৃতি, বকুল, না বলা কথার ভিড়।
চলো, ছুঁয়ে থাকি চোখের তারায়।
ক্লান্ত সন্ধ্যা নেমেছে বহুদিন।
বহু পথ, রোদ ও ঝড় খেলা করে দেখো ওই চোখে।
ক্রীড়াময় বিদ্যুৎ ও ব্রীড়া
এক হয়ে যায় দেখো চোখের তারায়।
চলো, চেয়ে থাকি অপলক,
ছুঁয়ে থাকি নদীটিকে সঙ্গোপন গোধূলি মায়ায়।
মানসী কবিরাজ
পরকীয়া
শুধু দেশলাই বুকে নিয়ে,
আর কত পরিভ্রমণ!
একবার তো আগুন নিয়ে খেলাটা রপ্ত করুন
দেখবেন, নষ্ট চাঁদের গায়েও
ঝুলে আছে
রূপকথা-সিঁড়ি
নেমে আসছে কাঙ্ক্ষিত অঙ্গুলিত্রাণ
ভীতু গর্তে সেঁধিয়েও, ঠিক যেমনটি চেয়েছিলেন
বরাবরই
পোড়া গন্ধে না জড়ালে কে আর চিনতে শেখে
দুরূহ ভাতের আঘ্রাণ …
Painting:Leonid Afremov
“হৃদয়ের গান শিখে তো...”
পর্ব-৮
ফাল্গুনী ভট্টাচার্য
বর্ষার পর আবার দুর্গা পুজো চলে আসে। গাঁয়ের মেটে পথের কাদা শুকোতে না শুকোতেই। দূরের গোপীকান্তপুরে ভোরবেলা নহবত বাজে। ঢোল আর সানাই। সেই শব্দ ভেসে আসে তোমাদের গাঁ অব্দি। তোমাদের গাঁয়ের গোবর্ধন দাস তার চার ছেলে। মধু ফটিক সুকুমার তাপস। ঢাকে ঢোলে হাত মকশো করে। এক একবার দূরে যায় বাজাতে। এক দু’জন গাঁয়ের পুজোয় বাজায়। নবনীকাকা পূর্ণকাকা সানাই নিয়ে নতুন সুর ধরে। সুকুমারদের ঘরের উঠোনে ঢাকে বোল ওঠে—
“চেরে চেরে আট আটে আটে ষোলো।
ষোলো কলাতে ঝুড়ি ভরে গেলো।।
কে রে কে রে কে রে!
দে রে তালে তাল দে রে-
চেরে চেরে আট ছোটো করে কাট।”
আমকাঠের গদি দিয়ে বানানো ঢোলে ফটিকের নিপুণ হাতের আঘাতে বোল ওঠে—
“মা রেঁধেছে পুঁইশাক
আমি দিতে থাকি তুই খেতে থাক।
যা গেল এ তো চচ্চড়ি
ধুত্তোরি মা গো ধুত্তোরি।”
পুজোর সময় কত গন্ধই না ঘুরে বেড়ায় তোমার আশে পাশে। কত গান যে বেজে ওঠে চারদিকে। মেজজেঠু রেলে চাকরির পাশাপাশি অনেকদিন শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেছিলেন। শখে কিনেছিলেন গ্রামাফোন আর বক্স সেট হারমোনয়াম। পুজোর সময় গ্রামাফোন চালিয়ে শোনান কমলা ঝোরিয়া, বেগম আখতার, কে এল সায়গল, কৃষ্ণচন্দ্র দে, অখিলবন্ধু ঘোষ, ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের গান। মন খুশি করা নবদ্বীপ হালদারের কৌতুক নকশা। পুজোয় বের হওয়া সন্ধ্যা শ্যামল মান্না কিশোরের আনকোরা নতুন গান। মাটির দেয়াল খড়ের চাল সামনে একচিলতে বারান্দা। এই নিয়ে দুর্গামন্দির। মন্দির নয়, ওটা দুর্গা ঘর। কাঠের জলচৌকির উপরে মা সিংহবাহিনীর বাঁধানো ফটো। দুর্গাবাড়ির সামনে প্রশস্ত খামারবাড়ি। সামনে আম জাম অর্জুন গন্ধরাজ ঝুমকো জবা মল্লিকা কাঠটগর গাছের সারি। দু’পাশে কলার চারাগাছ বসানো হয়েছে। খড়ের পাকানো দড়ি তোমরা বল ‘লেয়ালির দড়ি’, তাতে আমশাখা বেঁধে দিয়েছে। উপরে ত্রিপল টাঙানো হয়েছে। সকালবেলা হাত ধুয়ে তোমাদের বয়সী ছেলেমেয়েরা সারা গাঁ ঘুরে ফুল বেলপাতা দুব্বোঘাস তুলতে বের হয়েছ। কাকুজেঠুরা তালপাতার সাজি তৈরি করে দিয়েছে। মা আতপচাল বেঁটে আলপনা দিচ্ছে। একপাশে গোটা পাঁচ ছয় সাজি ভরা ফুল। শিউলি টগর কলকে গন্ধরাজ স্থলপদ্ম পদ্ম অপরাজিতা কাঞ্চন গুলঞ্চ ফুল আর তুলসিপাতার গন্ধ। বড়মা মেজমা সেজমা ছোটমা চান করে গরদের শাড়ি পরে ফল কাটছে। ধূপ ধুনোর গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে কলা শশা আপেল নাসপাতি বাতাবি মুসুম্বি নারকেল পেয়ারার গন্ধ। শহর থেকে ছেলেছোকরারা এনেছে নানা বাজি। একদোমা দোদমা চকলেট বাচ্চু বোম চড়কির গন্ধ। ঢাকের চামড়ায় রোদ লেগেছে তার গন্ধ, গাবের গন্ধ। রান্নার জায়গা থেকে জিরে মৌরী হিং নানা সম্বরার গন্ধ ভেসে উঠেছে। মুড়ি খাবার জন্য তরকারি হয়ে এলো। এ পাশে ভোগের রান্না হচ্ছে। গাওয়া ঘিয়ের মাখো মাখো গন্ধ। মেয়েরা মাথা ঘষেছে, কেউ দিয়েছে সিংহ মার্কা নারকেল তেল। কারো বা জেসমিন তেল। নতুন পাটভাঙা শাড়ির গন্ধ ঘুরছে। নতুন বর বউ জামাকাপড়ে দিয়েছে বুঝি কান্তা সেন্ট? গন্ধ মিশে যায় প্রদীপের সলতে পোড়ার, হোমের জ্বলন্ত কাঠের ওপর ঘিয়ে চোবানো পান সুপুরি, কাপড়ের টুকরো, কলা বাতাসা পড়ছে আর পুড়ছে। তার কেমন যেন
যজ্ঞ যজ্ঞ গন্ধ। মহাষ্টমীর বলিদানের জন্য পাঁঠাকে চান করানো হয়েছে। তার গা থেকে কেমন একটা বোঁটকা গন্ধ ছাড়ছে। বলিদানের পর কাটা ছাগমুণ্ডের ওপরে ঘিয়ে ভেজানো সলতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লোমও পুড়ে যাচ্ছে। তার গন্ধ। ঢাকের আওয়াজ। কাঁসির আওয়াজ। কাঁসরের আওয়াজ। পুজোর বাজনা বলিদানের বাজনা আরতির বাজনা-
“ড্যাডাং ড্যাং না ন্যাটাং ড্যাং দ্যানাং না টা নাটাং ড্যাং ড্যাং
কাঁই না না কাঁই না না না।”
যেন বলছে- দেবেন দেন দেবেন দেন, না দেবেন তো বলেই দেন, তর সয় না তর সয় না না না।
তোমার বাবা ‘পুরোহিত দর্পণ’ থেকে মন্ত্র বলিয়ে দিচ্ছে। দেবুদাদা বসে পুজো করছে। দুর্গা ঘরের বাইরে দাওয়ায় বসে আছে মুরুব্বিরা বয়স্করা। গলায় আঁচল দিয়ে বসে গাঁয়ের মেয়ে বউরা। ধুনোর ধোঁয়া আর গন্ধ নেচে নেচে বাইরে এসে ছুঁইয়ে যাচ্ছে সন্তানসন্ততিদের। পুব দিকে কালিসায়ের পাড়ের গাছে গাছে আলোর মজলিশ। মন্ত্র উচ্চারিত হয়ে দুর্গাবাড়ি ছাপিয়ে বাইরে এসে মিলিয়ে যাচ্ছে অনন্তের মধ্যে।
ওঁ আধারশক্তয়ে নমঃ ওঁ প্রকৃত্যৈ নমঃ ওঁ কূর্মায় নমঃ ওঁ অনন্তায় নমঃ ওঁ পৃথিব্যৈ নমঃ ওঁ ক্ষীরসমুদ্রায় নমঃ ওঁ ধর্মায় নমঃ
ওঁ অধর্মায় নমঃ ওঁ জ্ঞানায় নমঃ ওঁ অজ্ঞানায় নমঃ সং সত্ত্বায় নমঃ রং রজসে নমঃ তং তমসে নমঃ আং আত্মনে নমঃ অং পরমাত্মনে নমঃ…
চোখ মেলে দেখো ফাল্গুনী, এই প্র্রসন্ন গ্রাম। এই সুখদুঃখে ভরা তোমাদের উঠোন খামার বাড়ি। এই দুর্গা বাড়ি কালী বাড়ি শিবতলা। মেঘ-বাদল সরে গিয়ে রোদ উঠেছে। গাছের পাতায় রোদের হাসি। গাছের নিচে মায়া মায়া আবছায়া। উত্তরে দক্ষিণে প্রশস্ত ধানক্ষেত। গর্ভবতী ধানের ছড়ায় আগামী দিনের নির্ভরতার ইঙ্গিত। আউশ আমন। এই শক্তি। এই তোমাদের জগজ্জননী। ইনিই অন্নপূর্ণা। এই তোমাদের আধার। এই প্রকৃতি। এই পুরুষ। এই তোমার অনন্ত। এইখানে তুমি অন্তের মধ্যে অনন্তকে দেখো। এই পৃথিবী। এখানেই মুক্তি। এখানেই ওই বট তোমার বোধিবৃক্ষ। মিলেমিশে থাকা, গাছের গায়ে লতার মতো গায়ে-গায়ে লেগে থাকাই তোমার ধর্ম। ধর্ম দিয়ে অধর্মকেও মার্জনা করে নাও। মালিন্যকে মুছে নাও। গানে গানে জানো। ধ্যানে জানো। নামে জানো। সেই জ্ঞান। আত্মনকে জানো, জানতে জানতেই পরমাত্মনকে জানবে।
চোখ কান খুলে রাখো। প্রাণ মন আত্মা সব এক করে প্রার্থনা করো জজ্জননীর কাছে, বলো-ওঁ আধারশক্তয়ে নমঃ ওঁ প্রকৃত্যৈ নমঃ ওঁ কূর্মায় নমঃ ওঁ অনন্তায় নমঃ ওঁ পৃথিব্যৈ নমঃ ওঁ ক্ষীর সমুদ্রায় নমঃ ওঁ ধর্মায় নমঃ ওঁ অধর্মায় নমঃ ওঁ জ্ঞানায় নমঃ ওঁ অজ্ঞানায় নমঃ সং সত্ত্বায় নমঃ রং রজসে নমঃ তং তমসে নমঃ আং আত্মনে নমঃ অং পরমাত্মনে নমঃ…
Painting:Leonid Afremov
গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।