সাপ্তাহিক

২৪ শ্রাবণ ১৪২৭

ছবি: চন্দন মিশ্র

কবিতা

দেবদাস আচার্য

পাখিদের বিকেল

আলো যখন নিবে আসে

পাখিদের চঞ্চলতা বাড়ে

 

কিছুক্ষণ

তারপর শান্ত হয়ে যায়

মনে হয়

পাখিদের বিনোদন পূর্ণ হয়েছে

 

এই কিছুক্ষণটুকু

খাদ্য নয় খুনসুটি নয়, যেন

সন্তদের আলাপচারিতা

রুমা তপাদার

অসুন্দর

ধীরে ধীরে অতি ধীরে এসো, অসুন্দর। 

ছুঁয়ে দেখি যা কিছু ছোঁয়াচে ছিল তথাপি তফাতে৷ 

অসুন্দর, নিজস্ব  বহন ক্ষমতায় নিয়ে চলো 

মাঠে মাঠে ছড়িয়ে ছিটিয়ে দাও জলবায়ু বীজ

এই পথ ধ্বনির মতোই সোজা 

দ্যুতিচিহ্ন  কাদা কাদা 

সেখানে হাওয়ার স্বরে কথা বলা সেরে নিয়ে 

আবার গ্লানির মধ্যে ডুবে যাব

ডুবে যাব শিকড়ের কাছাকাছি, 

মেঘমুক্ত জল কাদা ধুয়ে গেছে

সমস্ত সুন্দর এসে ম্লান হয়ে পড়ে—

সেই অনর্গল জন্ম মুহূর্তের মধ্যে

শতধারা নিয়ে অসুন্দর আমার অপেক্ষা করে আছে 

শূন্যতার মতো মানানসই সাম্যতায়     

প্লাবন পেরিয়ে যাব বিন্দুমাত্র ও জলের কাছাকাছি  

গাছেরা প্রস্তুতি নেবে আমার আগমনের…

 

দূর্বা চট্টোপাধ্যায়

খড়কুটো

পৃথিবী নিশ্চিত তার সূর্যাভিমুখী যাত্রায়

নিকোটিনে শেষ সুখটান দিয়ে –

 

মন জানে না হাত ধরে কে নিয়ে যাবে

পরজন্মের অলীক ধোঁয়ায়

জীবন-মৃত্যুর মাঝে সূক্ষ্ম এক হাইফেন নিয়ে,

তর্ক করে ঈশ্বর ও শয়তান।

 

নিজের ভিতর ডুবে যে রুদ্রাক্ষ-যাপন

সম্ভাবনার পেরেকগুলি ছেড়ে এসেছি-

নীরব ভালোবাসার সাক্ষী হয়ে 

সার বেঁধে দাঁড়িয়ে থাকা বেঞ্চে –

 

ওরাই সমস্বরে বলে উঠল, এখন বসন্তকাল!

ওই তোমার ঝোলান সাইডব্যাগে কবিতার খাতা

সাইরেন বেজে উঠলেও ওখানেই

আমাদের রূপকথার একমুঠি খড়কুটো রাখা

 

ভেসে যাওয়া এতই সহজ? 

মৌমন মিত্র

বার্তা-য়ন

আমার ছন্নছাড়া মধ্যিখানে, ঘুমন্ত শরীর রেখো তুমি
                       ফিরে এসে। বনের দেশে।

ভয়ংকর রাতের বিশৃঙ্খলায়, বড্ড ঘুম আসে না আর
ভয় দেখায়, তারপর
মৃত্যু ফেরে অনির্দিষ্ট কোনও অকালবেলায়
আমি যখন কুঁকড়ে আসি আমার এই সুনির্দিষ্ট বাতায়নে
প্রতি ব্লাইন্ডের খাঁজে খাঁজে পড়ন্ত সোনালী রোদ নামে
বুকের ভিতরের অসংখ্য ওম দিয়ে

এভাবেই কোনো এক না-বলা-কে ছুঁই …

এক স্রোত এসেছে আমায় মত্ত আগুনে পুড়বে বলে 
নিখোঁজ হব সেদিন। এমন-ই এক বুনোপুরুষ ডালে
লিপিমালায়
ছুঁয়ে থাকো রোজ হাতটাকে
এই সান্ধ্য দূর-ডেক-পাড়া থেকে

তোমার ভোরবেলাকার ছাদ পর্যন্ত! আসবে?

ঘুম-যত্নে আদর শিখিয়ে যাও।

যতটা তুমি পারো, কই আর তো কেউ পারে না!
আবার চারপাশের শ্বাসরুদ্ধকাল টের পেতে শুরু করি আমি।

ঝিমিয়ে এলো সন্ধে এবার, প্রতিদিনের, সূর্য ডোবার

ওদিকে তোমার ঘুম-ভাঙা আড়মোড়া জানি।

শিয়রে জেগে থাকব এই বিষণ্ণ-রাত-ধারে
আমি মিটলে,
জেনো বৈশাখ আসে পিছল-সান্ধ্য-ঝড়ে !

মাধবী দাস

সম্পর্কের সংজ্ঞা

মধ্যরাতে রাস্তা দিয়ে একা চলে যাওয়া       

একাকী রিক্সার কান্না আর 

কলঘরের চাপা কথাদের 

সাক্ষী রেখে সতেরো জন্মের 

নাভিপদ্ম দিয়েছি তোমাকে

 

কৌতূহলের মোমবাতি হাতে

ফ্যাশনের মরীচিকা খুঁজলে

মহাভারতের গান তো ভুলেই যাবে

 

কেতাবি হসন্তে উল্কি এঁকে

সম্পর্কের সংজ্ঞা লেখা যায় না কখনও

 

গল্প

Painting: Markus Oehlen

বিষঘ্ন

কনক মণ্ডল

শিমুল গাছে ঠেস দিয়ে কবরী সাপখেলা দেখে। কোমর পর্যন্ত তার চুল ঘরচিঠির মতো ঝুলে। বিষঘ্ন ছাতিমপুরেরই ছেলে। সাপ ধরায় ওস্তাদ। সাপ পোষা তার নেশা। গ্রামে গ্রামে বিজ্ঞান মঞ্চের দল সচেতনতা শিবির ক’রে কোন সাপ বিষধর, কোন সাপ ক্ষীণবিষ, কোন সাপ নিরীহ, নির্বিষ জানিয়ে বেড়ায়। বিষঘ্ন তাদেরই একজন। সাপ সম্পর্কে তার অগাধ জ্ঞান। মানুষকে সাপের আচরণ নিয়ে নানা কথা বলে। বলতে বলতে ঝুড়ি থেকে খপ করে টেনে বের করে কখনও লাউডগা কখনও-বা কেউটে। একটা জলঢোঁড়া দু’হাতে তুলে বিষঘ্ন বলে― ‘জলঢোঁড়া পুরো নির্বিষ। তবে ভারি তেজ। মেয়ে মানুষের মতন খ্যাচম্যাচ করে কামড়ে ধরে। কামড়ালেও নারী পাশে না থাকা রাতের মতন একটু যন্ত্রণা হবে কেবল। তারপর যেমনটি তেমন।’

এটা কবরীর খেলাই মনে হয়। তার ভারি ভাল লাগে বিষঘ্নের এমন উপমা। কবরীর ইচ্ছা বিষঘ্নের কাছে সাপধরা শেখে। কোনওদিন সাহস হয়ে ওঠেনি বলার। সাহস কি কবরীর কম আছে! সে তো দিনরাত্রি বিল-বাঁওড় করে বেড়ায়। কবরীর আছে লজ্জা। মেয়ে মানুষের সাপ ধরার শখ, লোকে শুনলে কী বলবে! তাই বিষঘ্নকে মনে মনে একা পাওয়ার অপেক্ষায় সে।

 

দুই

আজ বিষঘ্ন পাগলের মতো মাঠে মাঠে ঘুরছে। কাল রাতে ফাঁক বুঝে কেউটেটা ভেগেছে। হাঁটু গেড়ে মাটি শুকছে আর বকরবকর করছে― ‘দুধকলা দিয়ে কালসাপ পুষলাম। আমাকে ফাঁকি দিয়ে যাওয়া! যা, তোকে আমি ত্যাজ্যপুত্র করলাম। তোর মতন নেমকহারামের দরকার নেই।’ গজরাতে গজরাতে বিষঘ্ন চলে আসে বিলের ধারে। বিলটা সারিবদ্ধ তালগাছের পশ্চিমে বাঁক নিয়ে চলে গেছে। এখনও একটি নৌকার অর্ধেক দেখা যাচ্ছে। নোঙর ফেলে মাছ ধরছে মাঝি। কবরী শাপলা তুলে ফিরছিল। বিষঘ্নকে দেখে তার শরীরে যেন কালাচের বিষ তীব্র হয়ে ওঠে। বাম কোলে শাপলার গোট।  ঘাসে জল পড়ছে চুইয়ে চুইয়ে। অন্য হাতে গুগলি। হাঁসের খাবার। বিষঘ্নের জলে-জঙ্গলে ঘুরে বেড়ানো মানেই সাপের খোঁজ। কবরী তা ভালই জানে। বিষঘ্ন কবরীকে খেয়াল করেনি। এক খাবলা মাটি নিয়ে নাকের সামনে ধরে। মাটিতে থাকে সাপের শরীরের গন্ধ। কবরী গলা খ্যাকারি দিয়ে বলে― ‘এই যে, তুমি যার খোঁজ করো। সে তো জলে হাবুডুবু খাচ্ছে।’ 

‘কোথায়? কোথায়?’ বিষঘ্ন লাফ দিয়ে কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞাসা করে।

দূরে বিলের দিকে আঙুল তুলে কবরী বলে― ‘ওইখানে শাপলার সঙ্গে পিরিত করছে।’

রঙ্গ-তামাশা বিষঘ্নও কম জানে না। তার নামও বিষঘ্ন। সঙ্গে সঙ্গে উত্তর করে― ‘পিরিত ময়ূরের মতন। ছো মেরে শঙ্খচূড় ধরে।’

‘তবে দেখছি এ পুরুষ ময়ূর হতে চায়।’

‘শিকারি নই, শিকার হতে চাই।’

কথাটা শুনে দুজনেই সুখী পায়রার মতো হাসিতে ফেটে পড়ে। এমন কথারই প্রতীক্ষায় ছিল কবরী। কিছুটা বিষঘ্নও।

 

তিন

শীত এসে ঋতুচক্রে হারিয়ে যায়। শীতের সময় বিষঘ্ন সাপেদের জ্বালাতন করে না। অনেক পীড়াপীড়ির পর কবরীকে সাপধরা শেখাতে রাজি হয় বিষঘ্ন। প্রথমে একটা জলঢোঁড়া দিয়ে শুরু হয় তার হাতেখড়ি। কবরীর পাশে দাঁড়িয়ে কেমন করে সাপকে ঠাণ্ডা করতে হয় সেই কৌশল শেখাতে থাকে বিষঘ্ন। দু’হাত দিয়ে সাপটাকে উপর-নীচ করলে সাপ ঠান্ডা হয়। কবরী ভয় পেলে  বিষঘ্ন বলে― ‘নীলকণ্ঠের বিষজ্বালা উমা যেভাবে শীতল করে, তোমাকেও তেমন কৌশলটি শিখতে হবে। এখানে কোনও ফাঁকি চলে না। ও চায় আদর। আদর পেলেই কুপোকাত।’

বিষঘ্ন এ ঘরের নাম রেখেছে ‘সর্পঘর’। বেড়ার ঘর। ঘরের মধ্যে ছোট ছোট খোপ করা। তার ভিতর থাকে চন্দ্রবোড়া, কেউটে, গোখরোদের দল। গ্রামে গ্রামে বিষঘ্ন যাওয়ার সময় দু-তিনটেকে সঙ্গে করে নিয়ে যায়। তাহলে মানুষকে বোঝাতে সুবিধা হয় তার। বিষঘ্নের শোবার ঘর আলাদা। এক এক করে খোপগুলি খুলে কবরীকে দেখাতে থাকে সাপেদের শরীর। নতুন ধরে আনা কেউটের নাম দিয়েছে ‘নীলকণ্ঠ’। একটা খোপ খুলে বিষঘ্ন বলে― ‘এই যে কালোর মাঝে সাদা সাদা দাগ। এর নাম কালাচ। ভালবেসে আমি ডাকি ‘প্রেমগ্নি’। প্রেমের মতন অগ্নি এর দেহে। দংশন করলে কিছুমাত্র টের পাবে না। ক্ষণে ক্ষণে পেটে ব্যথা, মাথা ভার। তারপর খেলা শেষ।’

কালাচ মাথা উঁচু করে আর জনমের শত্রুর মতো কবরীকে দেখতে থাকে। কবরীরও ভাল লাগে না তাকে।

কবরীর কাছে এসব তুচ্ছ। সে পেয়েছে বিষঘ্নকে। বিষ বয়ে বেড়ানো যার কাজ। এক কামড়েই মৃত্যুকে ধরে আনবে চোখের সামনে। এমনই বিষধরের খোঁজে কবরী।

বিজ্ঞান মঞ্চের কাজে বিষঘ্নকে দূর দূর গ্রামে যেতে হয়। দীনদয়াল বহুকষ্টে দলটি তৈরি করেছে। ওঝা, ঝাড়ফুঁক যে একটা বুজরুকি। ভূতে ধরা একটা মানসিক রোগ। ডাক্তার ছাড়া পৃথিবীর কেউ তার চিকিৎসা করতে পারবে না। বিষধর সাপে কামড়ালে এভিএস ছাড়া কোনও উপায় নেই। এসব মানুষকে বোঝানোই তাদের কাজ। গ্রামের হাসপাতালে এভিএস নিয়ে আসার বহু চেষ্টা করেন তিনি। অনেকবার সরকারকে সরাসরি চিঠিও দিয়েছেন। কোনও ফল হয়নি। তবুও হাল ছাড়েনি দীনদয়াল। প্রতি বছর পাঁচ-দশটি গ্রামের প্রায় একশোর বেশি মানুষ মারা যায়। যদিও তার অধিকাংশ মানুষের মৃত্যু নির্বিষ সাপের কামড়ে হার্টঅ্যাটাকে হয়। কালাচ, কেউটে, গোখরো, চন্দ্রবোড়া ও শাখামুটি এই পাঁচধরনের সাপের কামড়েই মৃত্যু হয় এ অঞ্চলের মানুষের। বাকিতে ভয়ের কোনও কারণ নেই। বিষঘ্ন দীর্ঘদিন ধরে এদের পেছনেই পড়ে আছে। ওর মতো সাপ ধরা ওস্তাদ আশেপাশের গ্রামের নেই।

 

চার

বিষঘ্নের বাবা প্রতিবেশী সুবলের বউকে নিয়ে ছোটবেলাতেই বেপাত্তা হয়েছে। মা মারা গেছে দু’বছর হল। বাড়িতে থাকার বলতে বুড়ি ঠাকুরমা। উঠতে বসতে বিষঘ্নকে গালি দেয়― ‘ওরে ভরাপোড়া সাপ ধরা ছাড় এবার। সাপুড়ের মরণ হয় সাপে। ওই সাপেই তোর মাকে খেলো। আর ওই মাগিই-বা কালাচের থেকে কম কিসে! আমার ছেলেটাকে দংশাল।’

বিষঘ্ন এসব কানে তোলে না। এতদিন পর সে মনের মতো মানুষ পেয়েছে। আর তার বাধা নেই। বুড়ি তো আজ যায় কাল যায়। কবরীর বুড়ির সাথে ভাব জমাতে দিনকতক লাগল। বুড়িও মনের কথাবলার একটা সঙ্গী পেয়েছে। যুবতী বয়সের কত গল্প বলতে থাকে কবরীকে। গল্প শোনা  কবরীর অছিলা। আসলে মন থাকে সর্পঘরে। কবরীর গল্প তো ওই ঘরেই বন্দি।

কাল সারাদিন ভারি বৃষ্টিতে মাঠে একহাঁটু সমান জল দাঁড়িয়েছে। জল-জঙ্গল পেরিয়ে কবরী এসে দেখে বিষঘ্ন বাড়িতে নেই। বুড়িকে জিজ্ঞাসা করে― ‘ও ঠাকুমা, তোমার নাতি কোথায়?’

‘ও কবরী, আয়। ওদের মাতব্বর দীনু ডেকেছে। ওই তো ওর মাথাটা খেলো।’

কবরী সুযোগ পেয়ে বুড়িকে সঙ্গে রঙ্গ করে― ‘আচ্ছা ঠাকুমা তোমার নাতির বিয়ে দিবা না?’

‘তোর মতন ফুলটুসি পেলে নিশ্চয় দেব।’ বলে কবরীর গালটা টিপে দেয় বুড়ি। কবরী লজ্জা পায়।

‘আমার বয়েই গেছে তোমার নাতির ঘর করতে। ওতো সংসার করে ওই সাপেদের সঙ্গে।’

সে নিজেও জানে বিষঘ্নের থেকেও তার বেশি আগ্রহ সাপে। সাপে নয় সাপের বিষে। এখন মনে মনে হিংসা করে ওদের। কবরী থাকতে ওদের কীসের প্রয়োজন!

বুড়ির চোখ ফাঁকি দিয়ে কবরী ঢুকে পড়ে সর্পঘরে। খোপগুলি খুলে খুলে চেনার চেষ্টা করে কোনটার কী রঙ। তার শরীরের সঙ্গে কার আছে মিল। কাঁড়সাপের চোখ বিড়ালের মতো। গোখরোর সঙ্গে কবরীর গায়ের রঙে মিল আছে । কালাচকে সে শত্রু ভাবে। তার খোপটি খুলে দেখে সে নেই। কবরী মনে মনে বলে, ‘পালিয়েছে বেটি। সতীনের ঘর করা অত সোজা।’ এদিক ওদিক দেখে নেয় সে কোথাও ঘাপটি মেরে আছে কিনা। খুঁজে পায় না। বেতআছড়া নির্বিষ সাপ। একটা বেতআছড়াকে নিয়ে বিষঘ্নের দেখানো কৌশলে কবরী মহড়া করতে থাকে।

সরু লম্বা বেতআছড়া কবরীর হাত জড়িয়ে ধরে অতি সহজেই। কবরীও আর ছাড়াই না। শীতল অনুভূতি হয়। আজ সর্বশরীর শীতল করতে চায় সে। একটা ঢ্যামনাকে বের করে তার চিকন শরীরে জড়িয়ে নেয়। কবরীকে নেশায় পেয়েছে। ঢ্যামনা মুখ ঢুকিয়ে দেয় কবরীর উষ্ণ বক্ষে। কবরী নেশায় বিভোর হয়ে পড়ে। ঘুম ঘুম পায়। চোখ বুজে আসে। কিসের সুখ পাচ্ছে সে জানে না। জানে শীতঘুম। পা টলতে থাকে। কবরীর শরীর আর ধরে রাখতে পারছে না। নিজেকে আর সামলাতে না পেরে হঠাৎ-ই পেছনদিকে দড়াম করে পড়ে যায় সে।  কিসে যেন খোঁচা মারে। আচ্ছন্ন ভাব মুহূর্তে ভেঙে বাস্তবে ফিরিয়ে আসে। এক ঝটকায় সে আবার দাঁড়িয়ে পড়ে। ঢ্যামনা ছুটে পালিয়ে যাচ্ছিল। দৌড়ে গিয়ে ধরে তাকে খোপের মধ্যে পুরে দেয় কবরী। বেতআছড়া তার হাতেই ছিল। তাকে রেখে সোজা বাড়িতে চলে আসে। উরু থেকে রক্ত বেরোচ্ছে তার। ভালো  করে  ধুয়ে নেয় সাবান দিয়ে। কবরীর মনে ভয় চেপে বসে। এক গ্লাস জল খেয়ে ক্লান্তিতে বিছানায় শুয়ে পরে। মাথা তার ভার হয়ে আসে। কিছুক্ষণ পরে শুরু হয় পেটে ব্যথা। কেউ যেন পাথর চাপিয়ে দিয়েছে তার মাথার ওপর। কাউকে ডাকতেও সে চায় না। গভীর ঘুমে তাকে পেয়ে বসে। ঘুম পৃথিবীর প্রিয় ফল।

 

পাঁচ

ঠাকুরমা কপাল চাপড়ে বলতে থাকে― ‘খেলো খেলো, এ মেয়েটাকেও খেলো। কতবার বলেছি ওদের তাড়া। সাপেরা সহ্য করে না মেয়েদের। মেয়েরা ওদের শত্রু।’

বিষঘ্ন কিছু বলে না। শুধু একদিন অমাবস্যায় বিলের ধারে ছেড়ে দিয়ে আসে ওদেরকে। আজ ওদের মুক্তি। আদর থেকে মুক্তি। সে আর কোনওদিন ধরবে না সাপ। ওদের নামগন্ধ শরীর থেকে মুছে ফেলতে চায়।

আর মাঠের দিকে যেতে চায় না বিষঘ্ন। আলের ধারে কখনও ওদের সঙ্গে দেখা হলে তার হাত নিশপিশ করে। ছোটবেলার নেশা। কেমনে ছাড়ে তারে। হাত দুটোকে আষ্টেপৃষ্ঠে পিঠমোড়া করে ধরে রাখে। মাটির থেকে দূরে রাখে নাককে। মাটি এখন তার শত্রু। মাটি নয় কবরী। কবরীর বিষ তার নাকে-মুখে সর্বশরীরে তাড়া করে বেড়ায়।

দীনদয়াল পড়েছে বিপদে। বিষঘ্ন না থাকলে দলের বড় ক্ষতি। তাদের লক্ষ্য ভ্রষ্ট হবে। মোটেই তা হতে দিতে পারে না দীনদয়াল। বিষঘ্নকে ডেকে বোঝায়― ‘তোর সাপ ধরার দরকার নেই। তুই শুধু মানুষকে বোঝাবি।’

‘কাকা ও কামে গেলে আবার আমারে চেপে ধরবে ওরা। নেশায় পেয়ে বসবে।’

‘কিচ্ছুটি হবে না। ধরতে গেলে আমরা তোকে বাধা দেব।’

দলের সকলেই দীনদয়ালের কথায় সাড়া দেয়।

মানুষের নেশা মানুষ কোনওদিন ছাড়াতে পারে না। একবছর যেতে না যেতেই সে আবার শুরু করল সাপধরা। গ্রামে গ্রামে বোঝাতে লাগল সর্পকথন।

 

ছয়

ঢোঁড়ামারির মেলায় বিজ্ঞান মঞ্চের দল স্টল নিয়েছে। বিষঘ্নের গলাতে দাঁড়াশ, একহাতে লাউডগা আর একহাতে কালনাগিনী। সকলে মোহিত হয়ে শুনতে থাকে তার কথা। কেউ জ্ঞান নিয়ে বাড়ি ফেরে। কেউ মজা নিয়ে। লাউডগা উচিয়ে বিষঘ্ন বলছে― ‘কালনাগিনী ক্ষীণবিষ সাপ। এর কামড়ে মানুষ মরে না। লক্ষিন্দরও মারা যায়নি। কবি এর সৌন্দর্য দেখেই  প্রাধান্য দিয়েছেন কাব্যে।’ এই বলে সে লাউডগার একটা কামড় খেয়ে দেখিয়ে দেয় এর মারণ ক্ষমতা নেই।

‘ওরে আমার চিকন কালা।

বিষের জ্বালায় বিষম জ্বালা।’

হঠাৎ বিদ্যুচ্ছটা মতো হাসির শব্দে চমকে উঠল বিষঘ্ন। সামনের ভিড়ে চোখ পড়তে একপলকেই হাসির উৎস খুঁজে মুচকি হেসে বলল―

‘আর এই যে লাউডগা, উড়তে পারে না। তবে কামড়াতে চায়। নারীর কামড়ের মতন আদুরে এর কামড়।’

সখীদের দিকে তাকিয়ে বিষঘ্নকে উদ্দেশ্য করে মেয়েটা বলে― ‘কালনাগিনীতে আমার বড় ভয়। পুরুষ মানুষকে দু’চক্ষে দেখতে পারে না। আমি অল্প বয়েসে বেহুলা হতে চাই না’। খলখল করে হাসতে থাকে সঙ্গে আসা সখীরাও।

বিষঘ্নের কথাগুলি ভাল লাগে। উত্তরে বলে― ‘লখাই ভাগ্যবান পুরুষ। বেহুলার মতন বউ পেয়েছে। বাঁচিয়ে আনল তার জীবন।’ বিষঘ্ন মুহূর্তে চুপসে যায়। কেন সে নিজেকে লখাই ভাবছে। তাকে কেন এমন উত্তর দিল!

পরদিন বিকালে সেই মেয়েটি একটা জারুল গাছে বাম হাত দিয়ে  হেলান দিয়ে বিস্মিত হয়ে বিষঘ্নকে দেখতে থাকে বিষঘ্নকে। চোখে চোখ পরতেই বিষঘ্ন তার কাছে এগিয়ে আসে। তাকে দেখেই লাজুক হেসে মেয়েটি বলে ― ‘তুমি সাপুড়ে নাকি সাপ?’

বিষঘ্ন থতমত খেয়ে বলে― ‘কোনোটিই নই। তুমি?’

‘আমি শিখী। আর তুমি?’

‘ময়ূর! তাই বুঝি এতো ছলকে ওঠো। আমি বিষঘ্ন’

শিখী হেসে বলে― ‘তাই বুঝি এই বিষের বোঝা বয়ে বেড়াও।’

‘বিষ আমাকে ছাড়ে না।’

‘না তুমি বিষকে ছাড়ো না?’

‘যেমনটি বলবে।’

‘শুধু বয়ে বেড়াচ্ছ? ছড়িয়েও দিচ্ছ!’

সখীদের ডাকে একছুটে শিখী তাদের কাছে চলে যায়। বিষঘ্নের মনে যেন সমুদ্রের ঢেউ দোলা দিয়ে গেল।

শিকার মুখের কাছে এলে শিকারি বিচলিত হয়। শিখীর ময়ূরের মতো চঞ্চলতা দেখিয়েছে বিষঘ্নকে অন্য জগৎ। ঠাকুমাকে বলেছে শিখীর কথা। এই প্রাণোচ্ছল মেয়েটির হাসি মুহূর্তেই কেড়েছে ঠাকুমার মন। বিষঘ্নের চোখে নতুন বসন্তের আনাগোনা।

ভারি বৃষ্টির পরে আকাশ তার অনন্ত খুলে দেয়। তেমনি রক্তাভ গোধূলি বিকেল আজ। সোদা মাটির গন্ধে মাখা বাতাসে বিষঘ্ন পায় মুক্ত প্রাণ। বিলের পারে শিখী ও বিষঘ্ন।

ঘাসে থাকা শিখীর হাতের পরে নিজের হাত রেখে বিষঘ্ন তার মুখে এই গোধূলি মেঘের চঞ্চলতা দেখতে থাকে। এই গোধূলি মেঘের নীরবতা ও শিখীর চঞ্চলতায় তার ঘোর লেগে যায়। ঘোর কাটিয়ে দিয়ে শিখী গেয়ে ওঠে―  

‘প্রেম জানে না রসিক কালাচাঁন,

জুড়িয়া থাকে মন।

এতদিনে বন্ধুর সাথে হইল দরশন।’

শিখীর সুর টেনে বিষঘ্ন উত্তর দেয়―

‘কোথায় পাবো কলসি কইন্যা

কোথায় পাবো দড়ি

তুমি হও গহীন গাঙ

আমি ডুইব্যা মরি।’

‘এ কী তোমাকেও দেখি আমার ভূতে পেল।’ শিখী হাসতে থাকে।

শেষ বিকেলের সূর্যের দিকে তাকিয়ে বিষঘ্ন বলে― ‘তোমার বাবার কাছে কবে যাব বল?’

‘আজই চলো।’

‘কী যে বলো। যাব বললেই যাওয়া যায় নাকি।’

শিখী দুহাতে বিষঘ্নের হাত চেপে ধরে বলে ওঠে―

‘শরীরে উঠেছে বিষজ্বালা

বিষদাঁত নাই তার হরি।

মেঘের মাঝে চন্দ্র পড়ে ঢাকা

বৃষ্টি ভারি না হলে কী করি!’

বিষঘ্নের চোখে রঙিন স্বপ্ন এঁকে দেয় শিখী।

‘আচ্ছা তুমি আমাকে কবে সাপধরা শেখাচ্ছ বলো তো?’

শিখীর প্রশ্নে বিষঘ্নের ভিতরে যেন বিষের তীব্রতা বেড়ে ওঠে। রক্তাভ চোখে তাকিয়ে থাকে শিখীর দিকে।

‘কী হল তোমার?’ শিখী বলে।

মাথা ঘুরিয়ে চারিদিক দেখতে থাকে বিষঘ্ন। এ মেয়ের মধ্যেও কালাচ বাসা বেঁধেছে। বাসা নয় কবরী। কবরী বিষ। আর এক মুহূর্ত সে এখানে থাকতে চায় না। ‘চলো।’ বলে উঠে পড়ে।

‘না। আগে বলো শেখাবে।’

অস্ফুটে বিষঘ্ন বলে― ‘শেখাব।’

এক পা এক পা করে দুজনে হাঁটতে থাকে পাড় ধরে। সূর্য আরও গাঢ় হয়ে শেষ আলোটুকু ঢেলে দিচ্ছে বিলপাড়ে। নির্বাক বিষ ছড়িয়ে যাচ্ছে এ-দেহ থেকে ও-দেহে।  বিষ বড় যাতনা দেয়।  

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।