তমাল লাহা
চক্রব্যূহে, উদাসীন
সময়ের বহু পূর্বে কেউ কেউ চক্রব্যূহে ঢুকে পড়ে মৃত্যু খুঁজে নেয়।
নিষ্ক্রমণ পথ তাকে শেখায়নি কেউ।
ভবিতব্য চোখ বেঁধে তাকে শুধু বধ্যকেন্দ্র চিনিয়ে দিয়েছে।
তারপরে একা যুদ্ধ, প্রতিদিন একা একা আপ্রাণ বাঁচার প্রয়াস।
অথচ সে ,তার সেই নির্দ্ধারিত আয়ুষ্কাল জানে,
প্রতিরাত্রে নিজেকে নিজের সঙ্গে মুখোমুখি বসায় হতাশ,
ওল্টায় অভিমানি তাস।
একদিন বিলকুল সব রং মিলেমিশে যায়,
তিনটি তাসের গায়ে জেগে ওঠে তিনখানি অপার্থিব ছায়া,
ধীরে ধীরে নিভে যায় তাঁবুর প্রদীপ।
অকস্মাৎ মধ্যরাত্রে সূর্য এসে মহামৌনে দাঁড়ায় শিয়রে,
দু’চোখে তুলসি রেখে চুপিচুপি বলে,যুদ্ধ শেষ ।
তারপরে নিচু হয়ে তুলে নেয় কোলে,
শ্লথ পায়ে উদাসীন বিন্দু হয়ে মুছে যায় দূরে
আবছায়া দিগন্তের গূঢ় অন্ধকারে।