সাপ্তাহিক কবিতা আশ্রম, ২৯ কার্তিক ১৪২৭
সাপ্তাহিক
২৯ কার্তিক ১৪২৭
Painting: Paresh Maity
দুর্গা দত্ত
দম্পতিগীত
তোমার আমার
প্রতিটি নিঃশ্বাসে ঝরে বিষ
তোমার আমার
প্রতিটি বিষের বিন্দু
সন্ততির কণ্ঠহারে নীলাভ পাথর
প্রতিটি পাথরে সুপ্ত কালকূট সমাজের লিপি
যে লিপি কেবলই লিখে যায়
তোমার আমার দীর্ঘ ইতিহাসাশ্রয়ী
নীল নীল ফেনার সংলাপ
যে লাপে উচ্চকিত ঘোষধ্বনিমূল
কাঁটা ছেঁড়া শব আর বিষের ঢেঁকুর —
যে লাপে কোনো দিন
সূর্যোদয় মেঘ বৃষ্টি মৃদুমন্দ হাওয়া কিম্বা
চৈত্র বিকেলের বনপথ
পাখিদের ওড়বার আকাশ থাকে না …
সুবীর সরকার
জার্নাল
হেমন্ত থেকে হ সরে গেলে
হলুদ থেকে দ হারিয়ে গেলে
আমি কান্নার ভেতর নিরবতা ঢুকিয়ে
দিই
ক্ষেতে ক্ষেতে অতিশয় ছোট পাখি
বরফ ছুঁড়ে মারি সেচখালে
হেমন্তের গুহায় পর্যটক আসেন
রঙিন টুপি বিক্রেতা আসেন
আর আমি খুঁজতে থাকি খামারে হেলান দেয়া
ছায়াদের
নীলাদ্রি দেব
সোয়েটার
গল্পের আগেই ভেঙে যাচ্ছে আসর
শুকনো ও ভেজা পলির পার্থক্য বলতে… শ্বাস
একটা প্রমাণ উচ্চতার জীবন থেকে
লাফিয়ে নামতে চাইছি জন্মমুহূর্তের কাছে
এরপরও গান শুনতে চাইলে বাহানা খুঁজবেন?
এসবের বিপরীতেই সোয়েটার খুলে রাখছে ইউক্যালিপটাস
সুপ্রিয় দেওঘরিয়া
সময়ের কাছে হার মেনেছি
এক একটি দিন চলে যাচ্ছে গুটি গুটি পায়ে
মাঝেমাঝে বন্ধ করছি দরজা জানালা
অজান্তে কাটছে জীবন গীত
জানি না কোন শেষ দেখাবে আলো?
কাজের মানুষ নেই কাজে-
অভাবের ঘরে ক্ষিদের বড় তেজ;
চাল-ডালে ভুলে গেছি কী আজ সব?
থুতনি ভর্তি কাঁচা-পাকা দাড়ি
আর কপালে জমানো প্রশ্নের ভাঁজ
মানুষকে প্রকাশ্যে দিয়ে যায় মুখোশ!
সময় চলেছে সময়ের স্রোতে
মানুষ অকিঞ্চন
দু:সময়ে দু-পা চলেছি যেই
দেখেছি সময়ের কাছে মানুষের দু-পা আজ
বড় জোর হার মেনেছে!
নিগারশামীমা
শিকারী
জন্মতে কোনও ভুল নাই
ও পাড়ায় যেতেই বড় দুর্নাম
অজও পাড়াগাঁয়ে কী এক পাগল
কাছে যেতেই সব রোগ শেষ !
বিশাল বড় ধাক্কা খেল মূর্তি
অমরতা নয় মরে যাওয়াই তার ধর্ম,
শান্ত পথিক বকের মতো
গলা উঁচিয়ে বলে কী হে ভাই
শোরগোলটা কি এখানেই ?
পাগল মাথা নাড়তেই
বক ধীরগতিতে চলতে থাকল..
অসম্পূর্ণ এক নদী বকের পিছু হাঁটতে থাকল
ধীরে ধীরে বহুপথ এগিয়ে গেল
হঠাৎ একটি মাছ এসে বকটিকেই খেয়ে নিল
জ্বলে গেল মাঝির পেট
ধুর ছাই মাছ ধরতে এসে
মাছটিই না গেল শেষে!
বরশি পাতে আরকেটি জাল
ছিঁড়ে শেষে গেলই যে রশি
মাছটি শেষে গপাস করে গিলে খেল খাল!
ভাঙল শেষে জাল
ও পাড়াতে রটে গেল
আরেকটি বদনাম!
ওরে ছুটে আয় দেখে যা
হৃদয় ছিঁড়ে বেরিয়ে গেল
অন্য কোনো নাম!
ও পাড়ায় আর যাস নে কেউ
হারিয়ে যাবে শেষে নিজেও…
Painting: Paresh Maity
মণিপুরের কুটুম্বিতা
নির্মল হালদার
দুপাশে পাকা ধান।যেদিকে তাকাই, পাকা ধানের রঙ। এক শুভ বার্তা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। সেই দিকে আমারও এগিয়ে যাওয়া। গাঁয়ের কুলি থেকে এগিয়ে আসছে রাস্তার দিকে এক মহিলা। সঙ্গে দু’তিনটে ছাগল। পিছনে এক পাল গরু। তার পিছনে আধ ন্যাংটো এক বালক। কুলির পিড়হায় অন্য তিনটি বালক মোবাইল ঘাঁটছে। পাশের ঘরের দেয়াল নিকানোর কাজে ব্যস্ত দু-তিনজন মেয়ে। সালোয়ারের এখান সেখান মাটি। গোবর। এক বয়স্ক মহিলা মাথা থেকে নামায় এক ঝুড়ি গোবর। বাঁদনা আসছে। ঘর দুয়ার নিকানোর কাজে যে যার মতো ব্যস্ত। বিশেষ করে মহিলারা। পুরুষরা চলে যায় শহরের কাজে। বাঁধের ধারে এক যুবক মাটি কাটছে। ঝুড়িতে ভরছে এক মহিলা। ঘর নিকানোর কাজের পাশে খামার নিকানোর কাজ চলছে। ধান আসবে। কোথাও কোথাও কাটা হচ্ছে ধান। কোন কোন জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি। ট্রাক্টর বা ছোট গাড়ি এলে ধান যাবে খামারে।গৌরাঙ্গর ঘরে ঢুকতেই শুনতে পাই, শিশুর কান্না। মুহুর্তের মধ্যে আমারও মনে পড়ল, কোন লজেন্স বা চকলেট নিয়ে আসতে ভুলে গেছি। চারদিকে ঘর। মাঝখানে ছোট্ট উঠোন। একদিকে টালির চালা। উল্টোদিকে খাপরা। আরেকদিকে এডবেস্টার। এই ঘরেও তিনটি বালক মোবাইলে। হাসাহাসি করছে নিজেদের মধ্যে। গৌরাঙ্গ আমার জন্য দড়ির খাটিয়া পেতে দিয়েছে। আমিও এলিয়ে দিলাম আমার শরীর। যে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে সেই সুজিত ঢুকে গেছে ঘরে।ব্যাসাম খাবে। গৌরাঙ্গর সঙ্গে বাড়ির পিছন দিকে গেলাম। পালং মূলো আলু লাগানো হয়েছে সারি সারি। পিছনদিকে বাঁধ। এই ঘাটে ওই ঘাটে স্নান করছে নারী পুরুষ। দূরে কয়েকটা দোতলা বাড়ি। কচিকাঁচা শাকসবজির রূপে মন হয়ে উঠল সতেজ।
কার্তিক শেষের রোদ পড়েছে, শুকিয়ে উঠছে শিশির। বাতাসে মৃদু মৃদু শীত। শরীর ও মন তরতাজা। কোথাও কোনো আড়ম্বর নেই। উঠোনের এখান এদিক ওদিক এঁটো বাসন। গোবর। ছাগলের নাদি। ঝাঁটা। কোনও শ্রী নেই। এখানে আমি বলতে চাই, শ্রী আছে। নিজেদের মতো করে নিজেদের সৌন্দর্য। সভ্যতার আলোকে (?) আলোকিত হয়ে আমাদের কতই না আড়ম্বর । অথচ ভেতরে ভেতরে ফাঁপা সবাই। ফাঁপা সব। গৌরাঙ্গদের কোন দেখানেপনা নেই। আমরা যেভাবে নাগরিক জীবনের ঝলক দেখাই, গৌরাঙ্গ মাহাতরা তার বিন্দুমাত্র দেখায়না। দেখাতে হয় এই বোধ তাদের জন্মায়নি। সেখানেই জিতে গেছে গৌরাঙ্গরা। গৌরাঙ্গর সঙ্গে পরেশের ঘর। বলছিল চা খেতে। বললাম, গৌরাঙ্গর ঘরে চা মিষ্টি খেয়ে এসেছি। বললাম, পরে একদিন আসব খাওয়া-দাওয়া করতে। রাস্তার ইঁদারা থেকে জল তুলছে এক মহিলা। বারো মাস জল থাকে এই কুয়োতে।
উঁকি দিয়ে দেখি, ঢের জল। যদিও আমার মুখের ছবি দেখতে পেলাম না। সেই ভালো, অসভ্য মুখের ছবি কোথাও না পড়লেই ভালো। জলে পড়লেও জল নোংরা হবে। শহুরে নাগরিক জীবন থেকে দূরে থাকা গ্রামগুলি। জনপদ গুলি অভাবে অনটনে, রিঝেরঙে, চাষবাসে আজো মানুষ। অনন্য এ জীবন, জীবনের ধারাবাহিকতায় জেগে আছে প্রাণ। সুজিত। আবার সুজিতকে পাওয়া গেল। সেই আমাকে শহরের খোঁয়াড়ে পৌঁছে দেবে। বাইকে উঠেই মনে হলো, গৌরাঙ্গদের মুরগির ছানারা পিছনে পিছনে আসছে। ওরা বলছেও–আর এসোনা এসো না। শহরের মানুষ খুব ছোঁয়াচে। এবার এলে, আমাদের ঠোঁট দিয়ে তোমার সারা শরীর খুবলে দেবো। আঁচড়ে দেবো নোখে।
আমি সিঁটিয়ে গেলাম।
Painting: Paresh Maity
গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন
পূর্ববর্তী সংখ্যা
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।