আবহমান বাংলা ভাষা

দৈনিক

১০ জ্যৈষ্ঠ ১৪২৭

ঝড়

THE STORM,2020 by Binayakruku

সপ্তর্ষি হোড়

শূন্য অভিমুখে ঝড়

 

ঝড় দেখিনি,

দেখেছি বাতাসের জীবন বয়ে গেছে

               জীবনের উপর দিয়ে।

বন্ধু বলল, আমাদের উপর দিয়ে নয়,

          আমরা শূন্য হয়ে ছিলাম

শূন্য অভিমুখে ছুটে গেছে ঝড়৷

আমাদের বাঁচিয়ে

আমার ঠিকানা, অভিভাবক

বটগাছটা মাজা ভেঙে

মুখ থুবড়ে পড়ে গেছে মাটিতে৷

হারিয়ে গেছে ঠিকানা!

দেখি বটগাছটা বেঁচে আছে,

মারা গেছি আমি।

কাণ্ডজ্ঞান থেকে ফের গজাবে সবুজ,

যত তাড়াতাড়ি পার ভেঙে ফেলো 

চারপাশ ঘেরা কংক্রিটের সীমা।

 

কনক মণ্ডল

একটি ঝড়ের রাত্রি

 

বাপবেটা বাঁশের আড়া শক্ত করে ধরে ঝুলছি।

বাইরে সোঁ সোঁ সমুদ্রের প্রকৃত গর্জন―

মা বিশু কাকার বাড়ি দড়ি আনতে গেছে, 

দমকা ঝড় আমাদের চাল উড়িয়েছে। 

যেটুকু খণ্ডিত অংশ আমাদের শক্ত হাতে 

ধরা পড়ে আছে মাত্র, তা কেবলই খেলা।

শোনা যাচ্ছে ইমরানের গলা―

“ঋষা তাড়াতাড়ি আয়, টিন উড়ে গেছে।” 

 

ক্রমে ঝড় আর গাছ একে অপরের সাথে 

                                   যুদ্ধে মাতোয়ারা।

চোখ দুটি ভয়ে যেন বাঁধনহারা গরু। 

বাবা সে তো বোঝে, বলে― “কিচ্ছুটি হবে না।” 

অন্নপূর্ণার মতন মা দড়ি এনেছে― 

আড়া নয় শুধু যেন বাঁধা হল ধ্বংসি পরিবার। 

দড় দড় করে মৃত্যু আম-জাম-কাঁঠালের। 

পাখিদের বাসা, ডিম উঠানের পরে রাত জাগে;

রাত জাগে পৃথিবীর পাখি। 

তারা জানে কোনওদিন ওই ডিম থেকে 

ছানা ফোটা সম্ভব না, আবার গড়াতে হবে বাসা।

 

দুই, তিন, চার, পাঁচ ঘন্টা সারারাত চলে ঝড়ের মহড়া। 

অপেক্ষার রাত বড় ভয়ানক চিত্র।

বাবা বলল― “যা ঘুমিয়ে পড়।” 

টিনের ঝনঝন শব্দ ঘুমকে শাসানি দেয়,

                                       ঘুম হেরে যায়। 

হোসেন চাচার ধান মাঠে শুয়ে আছে,

মজুত ধানের গোলা উলটিয়ে পড়েছে। 

গরু আর হাঁসেদের চাপা পড়া মোহিত খামার। 

ক্ষমা করো প্রকৃতি দেবতা;

এ চতুর প্রাণীকুল নির্বোধ বালক মাত্র।

মা উদাসী হাওয়ায় বলে― 

“আল্লার সহিত পাল্লা মোটে সোজা নয়,

এত বড় ম্যাচ খেলা হার-জিত বিস্ময়!”

 

 

মহম্মদ সামিম

ক্ষমা করো গাছ

 

চারপাশে শুধু সবুজের লাশ

পথ নেই, মৃত পাখি ভেসে যায় জলে

মাথার উপর ছায়া উড়ে গেল স্নেহের। 

অসহায় পেটের ভিতর, খিদের আগুন নিভে

পাথর হয়ে জমে আছি, হে লৌহমানব !

দেখি, চারপাশে শুধু কাগজ ভাঁজের খেলা

একের পিঠে শূন্য সংখ্যার আয়োজন। 

আমরা যারা আজীবন হিসেব পোষিত জীব

স্বার্থ ফুরিয়ে গেলে সুড়ঙ্গ বানাই,

অন্যের কাঁধকে পৌষমাস ভাবি আর

জিভ দিয়ে চেয়ার পরিষ্কার করে

সভাঘর থেকে পুরস্কার তুলে আনি ঘরে,

তারা শুধু এই ধ্বংসকে ‘ত্রাণ’ ভেবে গেছি। 

 

চারিদিকে এত শূন্যের দংশন, তবু বেঁচে গেছি আজ

আঘাত করেছি আমরাই, ক্ষমা করো মৃতগাছ।

 

 

 

মৃত্তিকা শবনম

চাঁপা গাছ

 

খবর এসেছিল আবহাওয়া দপ্তর থেকে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধছে এক বিশাল ঘূর্ণিঝড়। এখন চলছে লকডাউন,  তাই রোজ বাড়ি থাকার অভ্যাস আমাকে ততটা ভাবিয়ে তোলেনি এই ঘূর্ণিঝড় নিয়ে। আমাদের বাড়ি ভারত আর বাংলাদেশের বর্ডার এলাকা বনগাঁয়। 

সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। যেমন হয়ে থাকে বাদলা দিনে। গরমের জ্বালায় প্রাণ যায়-যায় অবস্থা, তার মধ্যে এই বৃষ্টি কিছুটা স্বস্তির বলেই মনে হচ্ছিল। দুপুর ছাড়িয়ে বিকেল, বিকেল হতেই অন্য রকম হাওয়া। আজ সব উড়িয়ে নেবার ফন্দি এঁটেছিলেন  পবনদেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা, হাওয়ার বেগ এখন বাবার ভয়ের থেকেও বেশি শক্তিশালী (বলা বাহুল্য আমার বাবা রামভিতু, যদিও উপর-উপর সাহসী সাজে)। প্রকৃতিকে এতটা ভয়ংকর হতে আমি নিজে কখনও দেখিনি। আজ কি তবে সব শেষ? আমি থাকি পাকা বাড়িতে কিন্তু রোজ সকালে আমার মা’র যে পাখি-ছেলেমেয়েগুলো আসে মুড়ি খেতে, তাদের তো বাসা খড়কুটো দিয়ে তৈরি! তাদের কী হবে? কী হবে ওই হাড়িচাচা পাখিটার?

রাত বাড়ছে সাথে বাড়ছে আমফানের শক্তি । একের পর এক গাছ ভেঙে পড়ার আওয়াজ আসছে। মনে হচ্ছিল বুঝি আমাদের বাড়িটাও ভেঙে পড়বে! গোঁ গোঁ আওয়াজ! তা অবশ্য হয়নি । রাত একটার পর ঝড়ের দাপট কমতে থাকল।  উত্তেজনায় সারারাত ঘুম হল না। ভোরবেলায় বাবার ডাকাডাকিতে উঠে বাইরে যাই। হায়, এ তুমি কী করেছ পবন ঠাকুর! চারিদিকে তাণ্ডবের চিহ্ন। পড়ে আছে কদম গাছের মাথা, মাঝখান থেকে ভেঙে পড়া সেগুন গাছ। সাধের নিম গাছ উপড়ে গেছে। বাড়ির সামনে এক আমগাছ, তার দুই হাতের মতো দুটো ডাল। একটা ডাল ভেঙে পড়ে আছে। বাবা বলল, আমাদের বাঁচাতে গিয়ে ওর একটা হাত কেটে গেছে। 

বাড়ির বাইরেটা গাছ, ইলেকট্রিক তার জড়িয়েমড়িয়ে কেমন ভয় দেখাচ্ছে। হঠাৎ বাবা ছাদের থেকে বলল, আমাদের চাঁপা গাছটা উপড়ে পড়ে আছে। ছুটে দেখতে গেলাম। দেখলাম  গাছটা শুয়ে ঘুমোচ্ছে যেন। এবার অন্যবারের থেকে বেশি ফুল ফুটেছে। জানালা খোলা থাকলে গন্ধ আসে আমার ঘরে। আমার মা আর সনোদাদা পুঁচকে চারাগাছ হিসেবে ওকে এনেছিল। দেখতে না দেখতে কী লম্বা হয়ে গেছিল। এখন দূর থেকে চাঁপা গাছ আমাকে যেন বলছে— মাটি, আমায় একটু তুলে দে না রে… আমি আবার বাঁচতে পারব দেখিস।…আমি সামনের বছর আরো ফুল ফোটাব… আরো অনেক। মা-কে বললাম, কেটে দিও না ওকে। বরং কিছুটা ডালপালা কেটে পুঁতে দাও মাটিতে আবার। আরো বেশি গভীরে আরো বেশি আরো বেশি মজবুত ক’রে । 

চাঁপা গাছটার কাছে যাওয়া যাচ্ছে না এখন‌ই। যত তাড়াতাড়ি সম্ভব যাব। বাড়ির উপড়ে যাওয়া নিম গাছটাকে আগে তাই করা হল। কিছুটা কেটে পুঁতে দেওয়া হল আবার।  যাতে বেঁচে উঠে আবার জীবনীশক্তি দিয়ে যেতে পারে আমাদের মতো পাপী মানবজাতির মধ্যে। একটা শক্তিশালী ঝড় আমাদের বুঝিয়ে দিয়েছে পৃথিবী মানুষের সম্পত্তি নয়, মানুষ যেখানে বসবাস করে সেই গ্রহের নাম হল  পৃথিবী। এটা যারা জানে তাদের কষ্ট হয় চাঁপা গাছের জন্য, মরে যাওয়া পাখির জন্য।

            

 

কবি নির্মল হালদারের চোখে করোনা-র দিনগুলি

নির্মল হালদার

পৃথিবী গ্রহের পুরুলিয়া

পর্ব-২৭

 

কাঁদিস না ভাই কাঁদিস না। হা দেখ শুন্ তর বাপ আসবেক ক দিন বাদেই—কাঁদিস না। তর জন্য জামা কাপড় লিয়ে আসবেক। হামার জন্যেও আনবেক। তর মাঈকে বলবি, আর যেন না কাঁদনাকাটি করে। ফুটিয়ারির পাশেই রাঘব বাউরির গ্রাম। সে ফুটিয়ারির হোটেলে কাজ করে। নাইট গার্ডের কাজ। মাসে তিন হাজার টাকা বেতন। সকাল হলেই, দু বছরের নাতিকে নিয়ে চলে আসে হোটেলে। তাকে খেলায়। ব্যাটার বহু ঘরের কাম কাজ করে। রান্না করে। রাঘবের বউ বছর ৫ আগেই মারা গেছে। তার একটাই ব্যাটা। ব্যাটাকে অনেকবার বললি, যাস নারে অতনা ধুর যাস না। হামার কিছু হলে, দৌড়ে আসতে পারবি নাই। ত কি বললো শুনবে, ইখানে কি কাজ আছে কি কাজ করব? মজুরির দাম ২০০ টাকা। আজকের বাজারে ২০০ টাকায় কি চলবেক? আজকালকার ছেলাকে ইয়ার পর কি বলবো আমি? তবে আরেকটা কথা বললম, ফুটফুটা বেটাকে ঘরে রেখে তুই বাহারে থাকতে পারবি? বললম, তর মা নাই বহুটা দিনভর কথা বলবারও লোক পাবেক নাই। আর কি বললম জানো, বহুর ভয়-ডর লাগবেক, একা থাকবেক। হামি তো হোটেলে। কি বলল জানো, ক্যানে পাশেই তো জেঠিরা থাকে, ডর কিসের! কি বলবো দাদা কি বলবো, এখন ব্যাটা রোজেই ফোন লাগাছে হামকে। ঘর আসতে চায়। কারখানা বন্ধ হয়ে গেছে। মালিকে এক মাসের টাকা দিয়েছিল, তারপর আর টাকা দিবার নাম করছে নাই। কেমন মালিক দেখো, লেবারদের বুড়া আঙ্গুল দেখায় ঘরে ঢুকে গেল। মালিক শালা বুজল নাই, লেবার গুলা খাবেক কি। যদি টাকা নাই দিবি খেতে দে রে হারামির ব্যাটা। আর দেখ ন, এখন গাড়িও চলছে নাই। চলে চলে কি আসতে পারবেক! শুনছি ত চলে চলে যে লেবাররা আসছিল ঘরকে, রাস্তাতেই মরেছে অনেক। আরও শুনলম, একসাথে অনেকে গাড়ি ভাড়া করে আসছে, কিন্তু আমার ব্যাটা আসতে লারবেক। ইদিগের লেবার উদিকে বেশি নাই। কাল রাতে বলল, ৭০০০ টাকা পাঠা, তবে ঘর যেতে পারবো। আজকাল নকি মোবাইলে পাঠানো যায়। কি করে পাঠানো যায়, হামি ত নাই জানি। মেখনাথকে  সিধাব। বুজলে দাদা,এই হামার  বেতান্ত। কুথা গেলিরে নুনু—আয় আয় । চল দেখি, কার কাছে ধার পাব ৭০০০ টাকা। তর বাপকে পাঠাব রে। বাপের কালে নাম শুনি নাই, ব্যাটার কালে শুনলম, চেন্নাই। বুজলে, ব্যাটা হামার কাজ করতে গেছে চেন্নাই। হামি শালা, পুরুলা ভাল করে দেখি নাই এখনও। না দেখেও পুরুলাতেই আছি ন। বেঁচে আছি ত। বললম, তকে ঠ্যালা বেনায় দিছি—ভিজাভাজা বিকবি। ঘরের খেয়ে ঘরেই কাম কর্। রোগ জ্বালা অসুখ হলে, তুই ত একটাই হামার, দুবেলা দেখবি। শুনল নাই  শুনল নাই হামার কথা। ইবার মজাটা বুজ, লে  কি করবি কর। সেই হামকেই বলতে হল ন, টাকা পাঠা টাকা পাঠা—

ডাঁড়া টাকাটা আকাশ থেকে পড়ুক।

 

৩ রা জ্যৈষ্ঠ, ১৪২৭

 

 

আলোকচিত্র: অমিত কুমার বিশ্বাস

কবিতা আশ্রম আয়োজিত কবিতা পাঠ

অফুরন্ত বাংলা কবিতা

সুবোধ সরকারের কবিতা