কবিতা আশ্রম, ৬ জ্যৈষ্ঠ ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
৬ জ্যৈষ্ঠ ১৪২৭
নির্মল হালদার
পৃথিবী গ্রহের পুরুলিয়া
পর্ব-২৩
তক্তার তলে হারমোনিয়ামটা ঢুকে আছে। উয়াকে বার করবার নাম করছিস নাই। কি হলো, মহাদেব? বার কর, বার কর— নাইলে ইঁদুরে খেয়ে-খুয়ে শেষ করে দিবেক। ডাক পাছিস নাই বলে ঝুমুর করবি নাই? হারমোনিয়ামের পেঁ পুঁ না হলে, হামদের ঘরটাও শুখা শুখা লাগে। বার কর, বার কর—বাজা, বাজা রে। বাতাস লাগবে হারমোনিয়ামে। সুরের বাতাস লাগবে হামদের বুকেও। মহাদেব, বাজা । এরে এ নুনুরা আয় ন। তক্তা তল থেকে হারমোনিয়ামটাকে টেনে বার করে মহাদেবের মুয়ের ঠিন দে। । হামদের কানে ঢুকতে দে, ভাদরিয়া ঝুমুর—
শরাবনে ভাইবেছিলি
বাপের ঘরকে যাবো।
ভাদর মাসের গাদর জনার
লাল টুপায় খাবো।
শুনা। শুনা। ঝুমুর না শুনলে মনটা বড় হাঁচড়-পাঁচড় করে। মহাদেব, ঘুমাচিস নকি? কুথা গেলিরে? নতুন ডি এখনও আছে, আছে তোর এই দাদা। তোকে বলেছিলি, লেখাপড়া কর আর না কর, ঝুমুর ট শিখ ভাই। বাপ হামার পেটের জ্বালায় হামকেও শিখাতে পারে নাই। বড় শখ ছিল রে। হামি শিখে লিয়ে গাঁয়ে গাঁয়ে আসর বসাতে যাব। কই হলো রে। হাল বাইতে বাইতে দিন দিলি বিতায়। তকে শিখালম। ধান বিকে চাল বিকে বললম, যা গান শিখবি যা। তুই শিখলি বঠে, কিন্তু মন নাই তর। আজকাল তর রকমসকম বুজতে লারছি। আগে আঁধার নামলেই, গাঁয়ের সমস্ত লোক হামদের উঠানে হাজির। তুই গাইচিস—
তুঁই হে বঁদু বতর কানা
তোর সনে প্রেম সাজেনা।।
আর এখন কি সাজে দেখছি তকে? দেশে দেশে রোগ হলো সাথে তর হলো কী? গলা থেকে সুর নাই বাঁইরাছে, রা নাই বাঁইরাছে? গাঁ-টতেও সবাই চুপ মেরে গেছে। সবাই শুন , রোগটা যেদিকে হচ্ছে হবেক, হামদের গাঁয়ে ঢুকতে নাই পারবেক। তরা যা নিজের নিজের কাজ কর। ঘরে ঢুকে থাকলে, খেতে পাবি নাই। মহাদেব মহাদেব—জষঠি মাস এসে গেল, তকে ত বলবো নাই হাল বাইবি যা। তুই ভাই শুধু সকাল সন্ধ্যা ঝুমুরে হাঁক দে। হামার মনটাকে অন্তত ভিজায় দে। তার সঙ্গে মহামারীকে তাড়ায় দে। ঝুমুরিয়া পারে রে পারে বিনা মেঘে জল আনতেও পারে। তুই ডমরু না বাজায় হারমোনিয়ামটাই বাজা। দেখতে পাবি পোকামাকড় পালাছে।
২৮শে বৈশাখ, ১৪২৭
বেলা-১০:৪৩