আবহমান বাংলা ভাষা

দৈনিক

১৬ আষাঢ় ১৪২৭

Paul Klee

সজল কুমার টিকাদার

নাদু দুধওয়ালা

বাড়ি বাড়ি দুধ দেয় নাদু দুধওয়ালা।

কারও কচি বাচ্চা, কারও বাড়ি আর্থারাইটিস

কেউ বা স্বাস্থ্য সচেতন…

 

সাইকেলের হ্যান্ডেলে দুধের ড্রাম।

প্যাডেল ঘোরানোর সময় 

দুধে ঢল ঢল করে শব্দ হয়।

আর তখন নাদুর মনে পড়ে চিত্ত মাস্টারের কথা,

‘দুধ একটি সুষম খাদ্য’

 

বাড়িতে স্ত্রীর অ্যানিমিয়া।

অপুষ্টিতে কুঁকড়ে আছে চার বছরের শিশু;

বৃদ্ধা মা’র হাড়ের অসুখ!

 

নাদু সাইকেল চালাতে চালাতে ভাবে, আচ্ছা

গন্ধে কি কোনও পুষ্টিগুণ থাকে?

 

কৌশল

আগুন গায় মেয়েটি ঢুকেছিল ঘরে।

তারপর খাট আলো করে বলেছিল,

‘পুড়ে যাচ্ছি, নেভাও!’

সদ্য আঠারোর হাতে তখন অনেক বৃষ্টি

অনেক ঝড়!

কিন্তু তাঁর আগুন নেভানোর কোনও 

কৌশল জানা ছিল না বলে

মেয়েটি ছাই হয়ে গেল!

 

কানপাশার মতো

হঠাৎ বৃষ্টিতে জল জমেছে গর্তে।

তার মধ্যে গোটা একটা চাঁদ!

 

মায়ের কানপাশার মতো   

অবিকল তার জ্যোৎস্না!

ঝুঁকে পড়ে দেখতে থাকি…

 

দেখতে দেখতে হারানো মা এসে দাঁড়ায়।

 

নীরব বাঘ

মুখের ভিতর পরিস্ফুট মুখ নেই

কার সঙ্গে কথা বলি, বলো!

দুঃখ মোছার তেমন চওড়া

ঠোঁটই বা কোথায়?

তাই প্রতি সন্ধ্যায় যখন একা থাকি

নীরব বাঘ এসে ঘাড় মটকে খায়!

বারো পর্বের ধারাবাহিক

আলসের বিল

অমিতকুমার বিশ্বাস

পর্ব-৩

বাঘ

ছাদের ’পর উঠে-আসা আমডালটায় প্রচুর আম ধরেছিল এবার। এ আম পাকে না কখনও, আবার কাঁচামিঠেও নয়। কদর তাই একটু কমই বটে তার। বোধহয় একটু বেশিই ভালোবাসি তাকে। বঞ্চিতের প্রতি আমাদের অদ্ভুত এক পক্ষপাতিত্ব থাকে, ভালোবাসা থাকে। প্রকৃত প্রস্তাবে, ওই প্রকাণ্ড ডালটাই ছিল আমার ছাদযাপনের আম্রকুঞ্জ, আমার অরণ্য-অনুভব। ভালোই কাটছিল রোজ। অন্তত একটা ডালের সঙ্গেও অনেক কথা বলা যায়!  

  হঠাৎ আমফান আসে। চৌদিক তছনছ। ছাদে এসে দেখি ডালটা ভাঙেনি ঠিকই, কিন্তু ছাদ থেকে বেশ দূরে সরে গেছে চিরতরে। গাছটাও হেলে গেছে। শিকড় একদিকে উপড়ে গেছে  কেমন। সেদিকটার মাটি ফুলে আছে ঢিবির মতো। পাশেই চাপাকল। ফোলাটা সেখানেও। এত এত বৃক্ষমৃত্যুর কালে মনে হল, এটাও বা আর ক’দিন!

 গাছটি মরল না কিন্তু! বরং দু-একদিনের মধ্যেই নিজেকে আবার গেঁথে নিল মাটির অতলে। ঢিবিটাও কেমন মিলিয়ে গেল। কে তার ডাক্তার? 

ঝড়ের তাণ্ডবের পর আমাদের পাড়াটা তখনও লণ্ডভণ্ড, বিদ্যুৎহীন। তেমনই এক বিদ্যুৎহীন রাতে নীচের চাপাকলে পা-ধুতে গিয়ে হঠাৎ-ই বাঘপোকাদের সঙ্গে একযুগ পর দেখা, ঠিক আমগাছটার গোড়ায় ফুলে-ওঠা জায়গাতে। কোথায় ছিল এযাবৎ লুকিয়ে? অতলে? আকারে যেন সেটি ঘুগরোপোকা, কিন্তু হলুদ শরীরে কালো কালো ডোরাকাটা দাগে ভরা। ভাঁপানো ধানের নাদায় উপর এই পোকা দেখেছি কত ছোটবেলা। তখন দেখেছি কাঠি দিয়ে ছুঁলেই পোকাগুলো পেছন দিয়ে আগুন ছিটাত খালি। একদিন গোবিন্দর ঠাম্মা দেখে আমাদের বকল খুব, ‘পিছোনে লাগো ক্যান? রাইতের বাঘ দিনি পোকা সাইজা থায়ে। রাইতে বাঘ হইয়া ধরবেনে কলাম!’

 আমাদের রিফিউজি পাড়ায় বাঘ দেখিনি কখনও। তবে সন্ধে হলেই বিলের শেয়ালেরা দল-ধরে আজও উঠে আসে পাড়ার খুব কাছে। হুক্কাহুয়া ডাকে। আগে শেয়াল ছিল সংখ্যায় ঢের বেশি। জলজঙ্গল-অন্ধকারে সে-ডাককে তখন কঙ্কালের অট্টহাসি বলে মনে হত। মনে হত বাঘ-সিংহ-শেয়ালের আক্রমণের মুখে অসহায়ভাবে দাঁড়িয়ে আমাদের রিফিউজি পাড়া। শিউরে ওঠত গা। আধুনিক আলোর দিনে এই ভৌতিক আবহ যদিও বড্ড গুরুত্বহীন হয়ে পড়েছে।

ভক্ত বালা বলত, ‘বাগ ছেলো। তা ছেলো ম্যালা। আরে, দ্যাশভাগের পরও ভালা দিয়া মারচি তারে কত!’ 

তা হতে পারে, জানা নেই। তখন তো এই বিল আবছর জলে ডোবা থাকত। ইছামতী ও চালুন্দিয়া নদীর মাঝে জলজঙ্গলের দেশ সে-এক। মানুষের অত্যাচারে সব লোপাট। কিন্তু প্রকৃতির মতো নির্দয় পুনর্দখলকারী তো দ্বিতীয় কেউ হয় না আর! সে ঠিক ফিরে আসে। মানুষ ছেড়ে যাবার মাত্র তিন বছর পর নিউ ইয়র্ক শহর আমাজন থেকেও গহিন অরণ্য হয়ে উঠবে, জেনেছি।  

 এই তো টাকি থেকেই শুরু সুন্দরবন অঞ্চল। বনগ্রামের এই ইছামতীর পাড় থেকে টাকির ওই ইছামতীর পাড়, রাস্তা ধরে এগোলে মাত্র বিয়াল্লিশ মাইল। বাঘেদের দেশ। আর এই বাঘ নিয়েই আমাদের পাড়ায় কত বাঘা বাঘা কাহিনি। গ্রামদেশে এমন কাহিনি আছে, থাকে। এইসব কাহিনির ভিতরই গড়ে ওঠে আমাদের লোকজীবন।

আটের দশক। তখন তো এপাড়া একেবারেই বিদ্যুৎহীন। হ্যারিকেন আর ল্যাম্পোই ভরসা। পাড়ার টালিটিনের বাড়ি-সব বড় বড় গাছের সামিয়ানা-তলে বড্ড আগেই ঘুমিয়ে পড়ে। অরণ্যঘেরা অন্ধকার-পাড়ায় রাত-জুড়ে ভূতপেতনী ঘুরে বেড়ায়। টের পাই তাদের শব্দ। অমন আবহে লোকবিশ্বাসের সঙ্গে মিলে যায় মনকল্প। দিনের বাঘপোকা রাতের বনে নয়, মনের ভিতরই হেঁটে বেড়ায়, হুঙ্কার ছাড়ে।

একদিন বাড়িতে কেউ নেই। লেখাদি-ছোট্টদি সিনেমায়। আমাদের ঘরের পেছনে কিসের  খচমচ শব্দ হঠাৎ? চালতেচোর নয়তো? পেছনের গাছ থেকে চালতে চুরি গেলেই প্রতিবারই আমার কপালে জোটে দাদাদের ফিরকি! বলে, ‘ফরিদপুরির বিটা না নিধিরাম সদ্দার হবা?’ এই ফিরকির মধ্যেই ফরিদপুরি বীরত্ব নিয়ে খোঁচা! আমাদের পাড়ায় ‘ফিরকি’ হল কপালচাঁটি।

খোঁচায় দেখানেপনা বেড়ে যায় শতগুন। বাড়ল আমারও। আমগাছটা তখন একমহলা বাড়ি সমান। ঝোপালো। সেই আমতলে কোঁচ হাতে দাঁড়িয়ে থাকি একা। সহসা ঝোপের ভিতর থেকে কার নড়াচড়া শুনি? চালতেতলে? ভূত নয় সেটা নিশ্চিত। ভূতের গন্ধটাই আলাদা, আবহ আলাদা— মহানন্দ গাছি সেটা শিখিয়েছিল আমাদের। ধীরে ধীরে এগোই। চালতেতলের খুব কাছে আসতেই হাতের আধমরা টর্চটা মারি, দেখি সামনেই ডোরাকাটা বাঘ! নাদার বাঘপোকাটা গোদাবাঘ হয়ে গেছে দিব্যি। কিন্তু এ কী, বাঘ যে নিজেই পগার পার! 

আমার মাসতুতো দিদি সিনেমা থেকে রাতে ফেরে। ফেরে দাদারাও। শুতে যাবার আগে দিদিকে কানে কানে বলি, ‘ওদ্দি, বাড়িতি বাগ চড়িচে।’ দিদি বিশ্বাস করে না। বলে, ‘হোট, পাকাম মারিস খালি!’ মুখে আঙুল এনে বলি, ‘হিসসস্‌!’ আরও বলি, ‘এ কাঁঠালিয়ার বাগ গো, দি!’ দিদি এবারে বাক্‌হারা! এই ফাঁকে ফের বলি, ‘সে ভাগিচে। তা মন কয় আবার আসপেনে। কিন্তু দাদারা টের পালিই কলাম কাম সারা!’   

নদীয়ার করিমপুর শহর থেকেও বেশ দূরে এক সীমান্তগ্রাম কাঁঠালিয়া। সেখান থেকে নিরাপদ বাগ সোজা হাজির আলসেরবিল-পাড়ের এই জঙ্গলবাড়িতে। যে বাঘের ভয়ে দিদিকে এতদূর পাঠিয়ে দিল বড়মাসি, সেই বাঘই হয়তো বাঘপোকা হয়ে চলে এসেছিল সেদিন।

 অনেক রাতে দেখি বিছানায় দিদি নেই। উঠে আমতলে যাই, দেখি অন্ধকারে কাঁদছে কে, দিদিরই মতো! হয়তো বাঘটা ফের পোকা হয়ে গেছে। 

আলোকচিত্র: অমিতকুমার বিশ্বাস

বিগত দিনগুলি পড়ুন