দৈনিক কবিতা আশ্রম, ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
৩০ জ্যৈষ্ঠ ১৪২৭
আলোকচিত্র: অমিত কুমার বিশ্বাস
দুর্গা দত্ত
সে
নতজানু হয়ে আছি চুল থেকে নখ
গোটা একটা এবড়ো খেবড়ো ভাঙাচোরা
ধূসরিত ধূলার জীবন
সন্ধে সকালে রাতে ভোরে
তার কাছে, তার-ই কাছে
যার কথা কাউকেই কখনও বলিনি—
তার কথা, সে-ও কি জানে ঠিক মতো!
সে-ও কি আনমনে
জোনাকি সাজায় গাছে গাছে!
শিশির কুড়োয় মনে মনে
আঁচল উড়িয়ে দিয়ে
নীল নীল জ্যোৎস্নার ভেতরে!
তারও কি ঘুমের ভেতরে ডুবে এপাশ ওপাশ!
মনে পড়ে যায় কোনো মলয়চন্দনগাথা!
মাঝরাতে ঘুম ভাঙে সমুদ্র বাতাসে!
নোনা জল ঢেউ ভাঙে ঘরের উঠোনে!
অলৌকিক বৃষ্টির ছাঁট এসে
চুপিচুপি ছুঁয়ে ছুঁয়ে যায় তার দুটি আঁখির পল্লব!
তার কথা কেউই তো জানে না—
সে-ও কি
ঠিকঠিক জানে এইসব!
বাবলু বাউরী
আড়াল
যা চেয়েছি যা পাব না কেন এমন করছ সোনা?
অতল ছুঁয়ে রাত্রি পুড়ে, মিটল না তার সকল দেনা!
অন্তঃপুরে নষ্ট শোকে প্রতিবেশীর চটুল হাসি
খই উড়ে যায় গোপন ডাকে, সাক্ষী রয় মত্ত নিশি।
পরশ তখন বুকটি জুড়ে স্রোতের নেশায় মত্ত খুঁড়ে।
নামতা ছুঁয়ে ঋতুর ডাকে ঠোঁটের কোণে ইচ্ছে পুড়ে।
বারোয়ারী তুলসি তলায় প্রদীপ জ্বলে স্তনের ছায়ায়।
ঘর ফেরা আর হবে না জানি হাঁটছি তাই – পথের মায়ায়।
মন বাউলি মনের মানুষ একটুও কি বাসবে ভালো।
গভীর রাতে অঙ্গ জ্বলে নিভিয়ে দেয় সকল আলো।
জন্ম তবু খোরপোশাকি, শরীর খোঁজে রাতের আকাশ।
বালিশ জানে গোপন কথা শুনার যে তার নেই অবকাশ!
কে শোনে সেই রাতের কথা, রাত ফুরালেই যে যার মতো
গুছিয়ে নিই ব্যর্থ লিখন আড়াল করে সকল ক্ষত।
হেলাল জাকির
নষ্ট
ফেরিওয়ালা, তুমি প্রতিদিন
নষ্ট মোবাইল, নষ্ট ঘড়ি,
নষ্ট কম্পিউটার, নষ্ট এটা,
নষ্ট ওটা কিনতে ডেকে ডেকে যাও;
কেন নষ্ট মানুষ কেনার ডাক দাও না?
আর পারছি না!
নষ্ট দেখে, নষ্ট সয়ে, মৃত্যু ভয়ে
নিশ্চুপ থাকার অপরাধে
আমি আমাকে বেচে দেব
আমিই নষ্টদের নষ্টামির প্রেরণা ।
মালা ঘোষ (মিত্র)
উন্মাদ হও
কাছে ডাকছে নিরন্তর
মেঘ ভাঙছে,
ফুলের কুঁড়ির মতো ঝরে পড়ছে বৃষ্টি,
বিষাদ-চাদর বুনছে আকাশ
বৃষ্টিস্নাত হয়ে যে আজ
অবসন্ন কাটাই।
অনেকটা পথ যেতে হবে
এসো না দেশকালের সীমানা…
উন্মাদ হই আমি।
ইশারা বুঝি না বহুদিন
সুর আরও গভীর করো
চোখের মায়ায় আনো প্রতিরোধ…
নতুন প্রজন্মের বিশিষ্ট প্রকাশক অপু দে-র নিয়মিত কলাম
অপুর সংসার
পর্ব-১১
বিদ্যাসাগর
তর্কটা হত হুগলির সঙ্গে মেদিনীপুরবাসীর। পৈতৃক ভিটের সূত্রে আমি মেদিনীপুরের। বীরসিংহ গ্রামটা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে? হুগলি বলে, আগে আমাদের সীমানার মধ্যে ছিল। আমি গলা চড়িয়ে বলতাম, জন্ম থেকে শুনে আসছি বিদ্যের ভিটে মেদিনীপুরেই।
এক বাংলায় থেকেও একটা সুপ্ত রেষারেষি।
অক্ষর পরিচয়ে যখন স্লেটের ওপর কুজ্ঝটিকা (এখনও বানানটা কিছুতেই লিখতে পারছিলাম না) উচ্চারণ করে লিখতাম তখন আঙুলে ব্যথা (অনেকবার লেখাত বলে) আর দুধের দাঁত ক’টা পড়ে যাওয়ার উপক্রম হত। সরস্বতীর সামনে হাতেখড়িটাও ওই বর্ণপরিচয় দেখেই হয়েছিল। সেই কবে থেকে বিদ্যাসাগরের সঙ্গে পরিচয়!
হিন্দু স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হলাম। তখন থেকেই শুনতাম পাশের বাড়িতে (সংস্কৃত কলেজ) ঈশ্বর আসতেন। সেই ঈশ্বর যিনি মায়ের সঙ্গে দেখা করতে আমাদের দামোদর নদী পেরিয়েছিলেন। ইনি সেই ঈশ্বর যিনি অন্যায়ের প্রতিবাদে ইংরেজ অফিসারের সামনে টেবিলে পা তুলে বসেছিলেন।
আমরা যে বাড়িটায় থাকি, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিটের ওপর ১৩ নম্বর। এই বাড়িটা ছিল শ্যামাচরণ দে’র। না না, আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। আমরা তো হাপুড়ে। শুনেছি এই বাড়ির বৈঠকখানায় সেই সময় আড্ডার আসরে অংশ নিতেন বিদ্যাসাগর। ‘কথা ও কাহিনী’র আগের মালিকের সঙ্গে রক্তের সম্পর্ক ছিল শ্যামাচরণ দে’র। তাঁদের সংগ্রহে রাখা ছিল সেই চেয়ার, যে চেয়ারে বিদ্যাসাগর মশাই বসতেন। এই চেয়ারের ছবি আমার ছোট ক্যামেরায় তুলে রেখেছিলাম। আর ছিল ঘরে ঢোকার প্রথম দরজার ওপরের দেয়ালে খুব পুরনো কালো রঙের ফ্রেমে বাঁধানো ঈশ্বরের ছবি। সেই ছবিটি এখন ‘কথা ও কাহিনী’ দোকানের দেওয়ালে টাঙানো আছে।
যতদূর মনে হয় তখন নবম শ্রেণি। আমাদের গল্পসঞ্চয়ন বইতে ‘সীতার বনবাস’-এর একটা অংশ পাঠ্য ছিল। যখন বিদ্যাসাগরীয় পাঠ শেষ করে লক্ষ্মীর সাধনায় নিয়োজিত, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের সঙ্গে আমাদের বইমেলা কমিটির যৌথ আয়োজনে বিদ্যাসাগরের ১৯০তম জন্মদিন পালন করা হয়েছিল। অধ্যাপক সৌরীন ভট্টাচার্য স্মারক বক্তৃতা দিয়েছিলেন। বিদ্যাসাগর সংক্রান্ত নানান বইপত্র নিয়ে একটি স্টলও হয়েছিল। সঙ্গে একটি পুস্তিকা তৈরির গুরুদায়িত্ব আমাকে দিয়েছিলেন গিল্ড-এর সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। বিদ্যাসাগর রচিত ‘জীবন চরিত’-এর আদি পাঠ ও তার সঙ্গে নানান বইপত্র ও দুষ্প্রাপ্য পত্রিকা থেকে ছবি সংগ্রহ করে সাজিয়েছিলাম পুস্তিকাটি। মনে হয় পুস্তিকাটির বিনিময় মূল্য কিছু ছিল না।

এই সময় থেকেই ঈশ্বরের প্রতি আগ্রহ জন্মায়। তাঁকে জানতে ও তাঁর লেখা সংগ্রহ করতে শুরু করি। লেখার খোঁজ করতে করতে সন্ধান পাই তাঁর চিকিৎসক হয়ে ওঠার ডায়েরি। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তাঁর সেই রোগী দেখার খাতাটি যখন নিজে হাতে নিয়ে দেখতে থাকি, তখনই জানতে পারি এই খাতাটি শুধু রোগীর কেস হিস্ট্রি নয়, হোমিওপ্যাথি চিকিৎসার ২০০ বছরের একটি দলিল। বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক পি. ব্যানার্জি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বংশধর। তাঁদের হোমিওপ্যাথি চিকিৎসার ২০০ বছর। খাতার প্রতিটা পাতায় ঈশ্বরের ছোঁয়া, সেই ঈশ্বরকে আমি ছুঁয়েছি।
“শরৎবাবু বিদ্যাসাগরের মৃত্যুকালে তাঁহার তিন প্রকার ছবি তুলিয়া লইয়াছিলেন। তৎকালে ধনাঢ্য লোকের তো কথাই নেই, মধ্যবিত্ত গৃহস্থ পর্যন্তও এই তিন প্রকার ছবি কিনিয়া গৃহে রাখিয়া দিয়াছিলেন। তিনি (শরৎবাবু) বলিলেন, দিল্লীতে ফটোগ্রাফারের দোকান খুলিয়া অনেক টাকা লোকসান দিয়া কয়েক বৎসর হইল কলিকাতায় আসিয়া ফারম খুলিয়াছি ইহা আপনারা জানেন। বিদ্যাসাগর মহাশয়ের তিন প্রকার ছবি তুলিয়া আমি কিছু পাইয়াছি। আমি বলিতেছি যে, দিল্লীতে থাকিয়া যে লোকসান দিয়েছিলাম কলিকাতায় আসিয়া বিদ্যাসাগর মহাশয়ের কৃপায় তাহার চতুর্গুণ লাভ করিয়াছি। একটি কথা আপনাদিগকে প্রাণ ভরিয়া বলিতেছি, বিদ্যাসাগর মহাশয় জীবিত থাকিয়া অনেকের অনেক উপকার করিয়াছিলেন, কিন্তু মৃত্যুর পরেও তিনি আমার এই পরম উপকার করিলেন।”
(উদ্ধৃতি: ছবি তোলা, বাঙালির ফোটোগ্রাফি-চর্চা / সিদ্ধার্থ ঘোষ)।
এখন আমরা লাভ খুঁজি মূর্তি ভাঙায়। সম্পাদক অজয় গুপ্তর তত্ত্বাবধানে বিদ্যাসাগর রচনা সমগ্র-র কাজ করতে গিয়ে চোখে পড়ে ২৮ অক্টোবর ১৯৭০-এর আনন্দবাজার। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ছবি প্রথম পাতায় ছাপা হয়। আমরা এখনও ভেঙে চলেছি। লাভ? হয়তো রাজনীতি!!!