এই যে দেখছি দিনের পর দিনএকটু করে চলে যাওয়া
এই যে দেখছি দিনের পর দিন
একটু করে চলে যাওয়া
(ক)
আমি ঘুমের মধ্যেও
জেগে থাকি অসহায়
মৃত্যুর সঙ্গে কথা বলি
সে এত নিষ্ঠুর
আমাকে রেখে মেয়েকে
নিয়ে যেতে চায়।
সে চলে যাবে অবেলায়
আমার চেয়ে ঢের বেশি জানে
লড়ছে সকাল থেকে রাত
যদিও বেঁচে থাকাটাই মানে।
পৃথিবীর সব রাস্তা এখন
চব্বিশ ঘণ্টা অক্সিজেন নলে
ঘর থেকে যে কোনও দিন
সে গেছে চলে।
(খ)
মানুষের জন্ম থেকে ঘুরে ফিরে
একই পথে যাওয়া
যতই আসুক বসন্তের হাওয়া
ছেড়ে যেতে হয় জীবনের চাওয়া পাওয়া।
জেনেছি বলে এই শোক যন্ত্রণা
কোন মানদণ্ডের তপোবনে বইছে হাওয়া ।
(গ)
আমার এখন কবিতা লেখার চেয়ে
মৃত্যু ভাল
লাথি মেরে খাতা, কলম
পুড়িয়ে পুড়ে যাওয়া ভাল।
তবু ভেঙে ধুলোয় মিশে যাওয়া
আমার পাপ।
বাঁচতে হবে যত কঠিন হোক
মেয়ের যাত্রাপথ শান্তি পাক
এই যন্ত্রণা, হাহাকার লেখার কথা নয়
কী করি, কেবলই মনে হয়
এই সমস্ত না লেখাও পাপ।
(ঘ)
চোখের সামনে চলে যাবে
মৃত্যুর দামামা বেজেছে
ওরে তোরা উলুধ্বনি দে
আর সময় নাহি পাবে।
এত মায়া, ভালবাসা শেষে
সব ছেড়ে এবার
না-ফেরার দেশে।
আমার বদলে মেয়ে
যমরাজ তোমারও ভুল হয়
এই দেখার জন্য কি জীবন
বারবার কার অভিশাপে এত ক্ষয়!
(ঙ)
মেয়ে আমার শুয়ে থাকে
সকাল থেকে রাত হয়ে সকাল
দু-তিনবার বসে বিছানায় খায়
দূরে দাঁড়িয়ে লুকিয়ে দেখি
দেখতে পেলে ইশারায় ডাকে
—সব ঠিক হয়ে যাবে তো?
নাকে সবুজ নল
আমি ততবার মিথ্যে বলি
সত্যিটা দুজনেই জানি।
(চ)
দুটো কাচের টানেল পাশাপাশি
দুজন চলেছে দুজনের মুখে হাসি
বাবা, মেয়ে দুজনে সাবধান।
মেয়ে জানে, দিন আর নেই
বাবাও জানে যে কোনও দিনেই
প্রতিটি মুহূর্ত টানটান।
তবু মেয়ে জিজ্ঞেস করে
ঠিক হব তো পরে?
বাবা বলে, এরকম কত হয়!
মিথ্যে বলতে বলতে যেদিন
আসবে সেই সত্য দিন
যে কেউ, এসব বলতে হয়।
Basket