সাপ্তাহিক

৩০ শ্রাবণ ১৪২৭

Painting: Marcel Duchamp

কবিতা

রাহুল পুরকায়স্থ

সন্তানকে

প্রকৃতি বিরূপ, প্রতিকৃতি পোকারা কেটেছে

 

এইমতো ভোরবেলা বেরিয়ে পড়েছি দেখো আমি,

আমাকে চেনো না তুমি,

এই দেখো মাথায় গভীর ক্ষত,

              চিহ্ন জেনো বড় সংক্রামক

প্রজন্মে বিস্তার করে অর্ধনগ্ন সত্যের শৃঙ্খলা

 

নিরাশার গ্রন্থপাঠে, বিভ্রমে খোদিত আছে

              পাহাড় ও নদীপথ পার হয়ে

                     বৃক্ষে বৃক্ষে আমাদের

                     নিরাকার কথা বলে চলা

 

 

অশোক তরু

সারস ও শীতকাল

চিত্রলেখা, তর্পণের তপোরতি 

ভক্ত বেশরম উলঙ্গতা চায়

হাত তুলে চেয়ে নাও শরমের 

শীতবস্ত্র আর ওম সারসের! 

 

কে বা লুট করে কারা বা লুটিত? 

শুধু কাঠি দিয়ে অথবা পতাকা

দিয়ে, মিছিলের নিশান ওড়ে না 

কাঠি ও পতাকা প্রতীক যৌনতা। 

 

‘আমাদের কালে’ ধ্রুপদ প্রবাদ

হড়পা বানের মুখে ভেসে গেছে

বাতাসও ক্লান্ত, মেঘহরকরা 

সব মিশে যায় নিষাদ পুষ্করে ।

 

সুশোভন দত্ত

সমর্পণ

রোজ ভাবি ছেড়ে দেব

দূরত্ব বাড়াব মেঘে মেঘে

 

যেই আলো হয়

থোকা থোকা ফুল ফুটে ওঠে

 

নিজেকে বাড়িয়ে দিই

সঁপে দিই তোমার হাতে

 

উদয় সাহা

একটি ক্রিকেট ম্যাচ

থার্ড আম্পায়ারের আসনে সময় 

ক্যাপ্টেনের টুপি মাথায় রাত 

গোধূলি বনাম বিকেল…

টানটান উত্তেজনা 

দর্শক গ্যালারিতে সন্ধে-প্রদীপ  

মাঠে অবিরাম নিশুতি জোছনা

আর ঝিঁঝি পোকার স্লেজিং

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই… 

বিরোধী শিবিরে একটাই প্রার্থনা –

‘out, out brief candle’

 

আমি কে?  আমার কাজ মেঘেদের পোস্টমর্টেম করা    

 

এলা বসু

নাছোড় বিরহ

এখন আমার রক্ষণাবেক্ষণের ভার নিয়েছ তুমি। শহরের এক প্রান্তে দাঁড়ানো গোলাপী বাস আমার অপেক্ষায় রোদজরি বোনে।

 

২  

নদী, খাল, বিল, আলপথ আর কচুরিপানার দুপুর পেরিয়ে তোমার অভিজাত মহলে পৌঁছে বুঝি আমি এখনো ওয়েটিং লিস্টে। আগের গোলাপী বাসগুলোতে আসা শো স্টপারদের উচ্চকিত হাসি ভেসে আসে। নাম আর নামতার সাইলেন্ট প্রেম-হাসি-মজলিশ, ফর্মালিনে ভেজানো রুমালে ঢেকে  টোটো চালকের সাথে খারাপ রাস্তা নিয়ে গল্প জুড়ে দিই।

 

৩

“আকাশের রং গোলাপী” ছবিতে মরণাপন্ন মেয়েটির মা বলেছিল, “আমি তো ওর শুশ্রূষা ছাড়া সারাজীবন আর কিছুই করতে শিখিনি, পারিও না !”

 

“… এবং তুমিও না!” একটা ফাঁকা হাওয়া হায়নার মতন হেসে জানান দিয়ে গেল।  

 

৪

এই যে ভয়ে ভয়ে চৌকাঠে পা রেখে আঁচলে টান পড়ার মতন কাতর জীবন, হাসপাতালের ভিজিটিং কার্ড হাতে নিয়ে টুক করে আকাশে মেঘ জমেছে কি না দেখে নেওয়া ভীতু চোখ, এই যে সব ছেড়ে চলে যাওয়ার পিছনের লাশঘরে পোস্টমর্টেমের রিপোর্টের অপেক্ষায় থাকা আমি আসলে আজও তাকিয়ে আছি এক থাকা না থাকার মধ্যবর্তী কোনো নির্লিপ্ত পূর্ণতায়, আমিও শিখিনি জানো? জমাটি আড্ডা, সুখী কলতান? যে কোনো হুল্লোড়ে, উচ্ছল উৎসবে এখনও বেমানান।  

 

৫

ডিসপেনসারির কোণের চেয়ারে বসে অপেক্ষারত রোগীর ঘন ঘন উঠে গিয়ে “আমার নম্বরটা কখন আসবে?”-র মতন প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ঝুঁকে পড়ি ব্যালকনি থেকে পাশের বস্তির শিয়রে, ভাত নামল না ওদের? আর কটা ফুট বাকি? 

ব্যস্ত ট্রাফিক পুলিশ ত্রস্ত সুন্দরীকে হাত নেড়ে বলে ওঠে “এবার নির্ভয়ে সোজা বেরিয়ে যান”।

 

৬

ওই এসে অপেক্ষা আর কাজ মিটলেই বেরিয়ে যাওয়ার মাঝের ফাঁকটায় কোনোদিন রুমাল চোর, পিকনিক বা মন – রয়না নদীর তীর ধরে প্রেমাস্পদের হাতে হাত রেখে ঘোরার অবসর পাইনি। পুকুরে ঢিল ছুঁড়ে জল কতটা দুরন্ত ঘূর্ণিপাকে দেখা অথবা কোবালম  বিচে বেহিসেবী ফণা তোলার আগেই, ঝাঁপি বন্ধ করে ফেলি।

 

৭

উদ্যমহীন কর্মব্যস্ত রাতে ডায়রিকে হ্যাঁচকা টানে বুকে ফেলে বলি, একটিবার, শুধু একটিবার তার সাথে উচ্ছন্নে গেলে কী কী হতে পারত?  

 

পরকীয়ার ভাঙা ডানা বোঝে, ডিভাইডারের দুপাশের সমান্তরাল রেখার গ্লানি আধো রাতে চাঁদের  চোখের নীচের কালির থেকে কিছু কম ক্লান্ত ছিল না… 

 

 

 

 

 

 

গল্প

Painting: Pablo Picasso

ভাত

অয়ন ভারতী

পাড়াটা থমথম করছে। সূচনাটা কোন দিক থেকে হয়েছিল তা নিয়ে একটা ধোঁয়াশা বর্তমান। ঝড় ওঠার পূর্বে আকাশ যেরকম স্তব্ধতা নিয়ে মাথার উপরে জেগে থাকে, তা নড়ে না চড়ে না পাড়াটা সেরকম থমথম করছে। সকালবেলা জানালায় বসে চায়ের সঙ্গে মুড়ি চিবোতে থাকা বিজন বিগত দিনগুলোর সঙ্গে বর্তমানের মিল খুঁজছিল। খুঁজতে গিয়ে মিল কিছুই পাওয়া যায় না বরং যেটা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে সেটা ফারাক, পার্থক্য। এখন এই পৃথিবীতে প্রথম সূর্যের আলো এসে পৌঁছানো মুহূর্তেও রাস্তাটা সবাইকে অবাক করিয়ে দেওয়ার মতন নির্জন। যেন এখনো চারিদিকে কুয়াশা রয়ে গেছে বলে লোকজন আলো আসার অপেক্ষায় রয়েছে। নির্জনতাটা স্বাভাবিক নয়, আরোপিত কেননা পাড়াটা থমথমে। নির্জনতা শব্দটাও এক্ষেত্রে মানানসই নয় যেন। গতরাতে বেশ বৃষ্টি হয়েছিল বলে উঠোন মাটি ভেজা, জল জমে আছে এখানে ওখানে৷ রাতভর বৃষ্টি, সেইসঙ্গে প্রবল ঝড়। বিজন ঘুমের ঘোরেই গাছের ডাল-পাতা ভাঙার শব্দ পেয়েছিল। সেইসঙ্গে বাজ পড়ার আওয়াজ। সারা রাত যেন একটা ক্রুদ্ধ পশু ছুটে বেড়িয়েছে এদিক-ওদিক। ফলত ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ডাল পাতা এখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সেইসঙ্গে পুকুর পাড়ের ইলেকট্রিক পোলটাও কাত হয়ে গেছে। পরিবেশটা অন্য দিনের মতো নয়, না হলে শফিকের বউ খোদেজা অনেক আগেই এগুলো চটের বস্তায় বেঁধে নিয়ে যেত। তার সারাবছর জ্বালানির বড়ো সমস্যা। ঝড় হলে খোদেজার যাকে বহুকাল ধরে সবাই ডাকে খোদে বলে তার খুব আনন্দ হয়। কেননা এতসব গাছপালা থেকে প্রচুর ডালপালা ভেঙে পড়ে। গ্রামের সমস্ত গাছের তলায় সবার আগে তার অধিকার। প্রথমে খোদে একাই আসে। তারপর কুড়িয়ে কুড়িয়ে যখন তার হাঁপ ধরে যায়, বুঝতে পারে এইটুকুন শরীরে আর ভার নেওয়া সম্ভব নয় তখন সে নিজের ছেলের বউদের ডেকে আনে। আলাদা সংসার, প্রত্যেকের উনুন আলাদা বলে মাঝেমধ্যে ঝগড়াও লাগে। ছোটবেলার থেকে বিজন এসব দেখে আসছে। এই এখানকার রীতি, অভ্যাস। হঠাৎ সে-সব যেন উধাও হয়ে গেছে কোথায়। একুশ বছরের জীবনে বিজন তার গ্রামটাকে এমনভাবে থমকে যেতে দেখেনি কোনোদিন। যে রাস্তাটা অন্যসময় পথ চলতি মানুষের কথায় সরগরম হয়ে থাকে তা এখন ফাঁকা, মাঝেমধ্যে দু-একজনকে দেখা যায় তবে তাদের চলা-ফেরায় একটা চাপা উত্তেজনাজনিত দ্রুততা লেগে আছে। যেন একটা অদৃশ্য ভয় সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। সন্ধ্যা নামার পরে মুসলমানরা মৃতদেহ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় যেমন পথটা ভয়ানক নীরব, নিথর হয়ে যায়, সেই নিথর ভাব বাড়িয়ে তোলে অন্ধকারের মধ্যে উঁচু হয়ে থাকা সারি সারি লম্বুগাছ সেরকম ভাবে গ্রামটা কয়েকদিন যাবৎ থম মেরে গেছে। সেরকমই আঁধার, চাপা থমথম পরিবেশ। বিজনের মনে হয় যেন পূর্বেকার দিনগুলো আদৌ ছিল না, সচল রাস্তা, হাসি, আনন্দ যা কিছু ছিল তা একটা অলীক স্বপ্ন আর স্বপ্ন বলেই তা এত দ্রুত বয়ে গেছে এবং পরিণতিহীন।

সূচনাটা কোন দিক থেকে হয়েছিল তা নিয়ে একটা ধোঁয়াশা ও পারস্পরিক চাপা ক্ষোভ বর্তমান। এ ব্যাপারে অনেক ভেবেও বিজন কোনো নির্ভুল উৎস খুঁজে পায়নি বলে বাবার কাছে জিজ্ঞেস করতেই বাবা হিসহিসে গলায় বলেছিলেন, “ব্যাপারটা তো আমরা শুরু করিনি। ওরাই করেছে। পুজোর আগেরদিন রাতে এসে মূর্তির মাথা কেটে রেখে গেছে। হারামিদের আস্পর্ধা কত!”  

বরাবরের মার্জিত, গম্ভীর, মিতবাক বাবার মুখে হারামি শব্দটা শুনে বিজন অবাক হয়েছিল। কথাগুলো বলার সময় বাবার গলার রগ অস্বাভাবিক রকমের স্ফীত, দাঁতে দাঁত ঘষার শব্দ আসছিল। সন্ধ্যার অন্ধকারে বিজন দেখেছিল বাবার দুই চোখ হিংস্র জন্তুর চোখের মতো জ্বলছে। আর বাবার পাশেই বসে থাকা কাকু বিজনকে শাসানির সুরে বলেছিল বাইরে না বেরোতে, পরিস্থিতি ভীষণ খারাপ। কখন কি হয় বলা যায় না।  কাকুর সেই সুরেলা সুন্দর কণ্ঠস্বর যা বহু কবিতা পাঠে অভ্যস্ত কেমন বদলে যাচ্ছিল। বরং মেঝের উপর পুরোন মরচে ধরা ট্রাঙ্ক ঘষটালে যেরকম আওয়াজ হয় সেরকম ঘড়ঘড়ে গলায় একটু থেমে কাকু বাকি শব্দগুলো যোগ করে “ও পাড়ার ছেলেদের সঙ্গে মেশা বন্ধ করো। শালাদের বহুত বাড় হয়েছে, উচিত শিক্ষা দেওয়া দরকার।”

অন্ধকারে বাবা ও কাকু আরও কিসব কথা আলোচনা করছিল। বিজন ভালো করে শুনতে পায়নি কারণ কথাগুলো অস্পষ্ট লাগছিল, ধোঁয়াটে অন্ধকারের মতোই শব্দগুলোও যেন আবছা, অস্পষ্ট। ওদের কথাবার্তার মাঝে উত্তরের বাঁশঝাড়টায় সেইসময় একটা পেঁচা একটানা ডেকে চলেছিল।                    চা-টা ঠাণ্ডা হয়ে গেছে বলে বিজন এক চুমুকে পুরোটা শেষ করে দেয়। কাছেপিঠে কোথাও কাক ডাকছে। শব্দ অনুসরণ করে বিজন দেখে নারকেল গাছের মাথায় একটা কাক বসে আছে। একটানা বিশ্রী স্বরে ডাক। কাকের ডাক অসহ্যকর, কানে আঘাত করে। চেহারার মতো কদর্যতা কাকের গলার স্বরেও। বিশেষত দাঙ্গার মুহূর্তে কাকের আওয়াজ চারপাশের ভীত, সন্ত্রস্ত ভাব যেন আরও বাড়িয়ে তোলে।     

— হই, হই, যা, হুট।

দিদি রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে আকাশমুখো হয়ে কাকটাকে তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কাকটা নির্বিকার ভাবে সেই ধমককে উপেক্ষা করে বসে থাকে। বিজন বাইরে আসে এবং এসেই একটা ঢিল ছুঁড়ে দেয় উপরের দিকে কিন্তু অত উঁচুতে রয়েছে বলে ঢিলটা পৌঁছায় না। শিরীষ গাছের ডালে লেগে মাটিতে আছড়ে পড়ে। কাকগুলো আজকাল নীচু গাছে বসে না। সে কাকটাকে বাড়ির চৌহদ্দি থেকে তাড়ানোর জন্যে আবারও ঢিল ছোড়ে। অনবরত ঢিল ছোড়ায় বিজন দেখে কাকটা নারকেল গাছের মাথা ছেড়ে জহিরুলদের বাড়ির দিক উড়ে যাচ্ছে। মাঝখানে কিশোর কাকা ও তাপস জেঠুদের বাড়িখানা পড়ে। বিজন জামরুলতলায় এসে দাঁড়ায়। গতরাতে যেটুকু হাওয়া উঠেছিল তাতে একটা বড় ডাল ভেঙে ঝুলছে। জামরুলের ডাল বড় নরম, পলকা। ছাল উঠে যাওয়ায় কাঠের কাঁচা অংশটা বেরিয়ে জায়গাটাকে একটা ক্ষতের মতন দেখাচ্ছে। বিজনের মনে হয় কাকটা উড়ে যাওয়ার পরেও তার ডাকটা রয়ে গেছে এখনো। সেটুকু মিলাতেই পাড়াটা আবার তার স্তব্ধতা ফিরে পায়। যে স্তব্ধতাটা অসহ্য লাগছে।

খালের মুখে যেদিন লাশ দুটো ভেসে ওঠে তার পরদিনই গ্রামটা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। মূর্তিটার মাথা কেটে রেখে যায় যেখানে তার পাশের সরু খালটার মুখে চারদিন পরে দুটো লাশ ভেসে ওঠে । অনেকের সঙ্গে বিজনও গেছিল দেখতে। জল খেয়ে লাশ দুটো অস্বাভাবিক রকমের ফুলে উঠেছিল, জায়গায় জায়গায় মাছ অথবা অন্য কোনো প্রাণী মাংস খুবলে খুবলে নিয়েছে। লাশ দুটো কার তা দেখে চেনবার উপায় ছিল না কেননা মূর্তির অনুকরণেই তাদের খুন করা হয়েছিল এবং তাদের কোমরের উপর কোনো জামা ছিল না। একটা লাশের কেবল একপায়ে জুতো ছিল। হয়তো হত্যা হওয়ার পূর্বে খালপাড় ঘেঁষে কাদা জমি ধরে সে খালি পায়ে দৌড়াতে চেয়েছিল । একটা জুতো খোলার পরে আর হয়তো অবকাশ পায়নি। বিজন বেশিক্ষণ দাঁড়াতে পারেনি, কেননা তার কেবলই ভয় হচ্ছিল, হয়তো এই দৃশ্যই আরো হত্যার জন্ম দেবে বলে প্রস্তুত হচ্ছে। কারো চোখের দিক তাকিয়েই বিজন নির্ভরতা পাচ্ছিল না। বরং দাঙ্গার আতঙ্কে সব কয়টা চোখই যেন সবাইকে সন্দেহ করছিল। খালপাড়ের তালগাছটার মাথায় সেইসময় একটা শকুন ক্রমাগত পাক খাচ্ছে। এত লোকের উপস্থিতিতে শকুনটা তখন বিভ্রান্ত এবং কিছুটা ব্যস্ত। মাথা ঝিমঝিম অবস্থায় বিজন বুঝতে পেরেছিল তার বমি পাচ্ছে। কেননা আশেপাশের বাতাসে লাশ দুটো থেকে দুর্গন্ধ ভেসে আসছিল। ধড়হীন লাশদুটো দেখে তার মনে হয়েছিল সেগুলোর সঙ্গে এখন সেই মূর্তিটার কোনো ফারাক নেই। নিস্পন্দ, অসাড়, প্রাণহীন।                  

বাড়ি ফিরে বিজন সেদিন বাবাকে খুব উল্লসিত দেখেছিল। কাকার মুখে লাশ দুটির বর্ণনা শুনতে শুনতে বাবা ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিলেন। তার পাথরের মতো রুক্ষ কঠোর মুখে হাসি যা জান্তব উল্লাসের মতো। বাবার মুখটা তখন শতাব্দী প্রাচীন রুক্ষ, এবড়োখেবড়ো পাথরের মতো লাগছিল—যেন তা একটা গুহামুখ। আর বিজন দেখেছিল রান্নাঘরের চালের নীচ থেকে অসংখ্য চামচিকে বেরিয়ে এসে উঠোনময় উড়ে বেড়াচ্ছে।      

যেদিন লাশ দুটো ভেসে ওঠে তার পরের দিন নিজে দাঁড়িয়ে থেকে থানার ওসি সব দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন। সেই থেকে প্রতিদিন দুইবেলা পুলিশ এসে পাড়ায় পাড়ায় টহল দিয়ে বেড়ায়। এবং মাঝেমধ্যেই শোনা যায় মারামারির খবর। এলাকাটা তখন উত্তেজিত হয়ে ওঠে এবং কিছুটা সন্ত্রস্তও। দাঙ্গা শব্দটার ব্যাপ্তি যে এতদূর তা বিজন আগে জানতো না এবং শব্দ যে কোনো কিছু প্রকাশে এতটা অক্ষম তাও তার অজানা ছিল। লাশ দুটো ভেসে ওঠার দিনই মাঝরাতে উত্তরের মাঠটার উপরে পুঞ্জীভূত ধোঁয়া দেখা যায়। সেই ধোঁয়ার উৎস সন্ধান করতে এগিয়ে সবাই দেখেছিল সুশান্ত কাকার ধানের জমিটা জ্বলছে। তাদের পাড়ার একটা কুকুরের গলা কাটা দেহ আলের পাশে শালগাছটার নীচে পড়ে আছে। আগুনের আঁচ লেগে কুকুরটার লোম পুড়ে গন্ধ আসছিল। সেই আগুনের আঁচে কিছু মাছি বিপর্যস্ত হয়ে কুকুরটার কাটা ধরের আশেপাশে একটা দূরত্ব বজায় রেখে বৃত্তাকারে ঘুরছিল।

ধুলোভরা উঠোনটার দিকে বিজন তাকায়। পেয়ারাগাছটার মাথাটা হাওয়ায় দুলছে। ঠাকুমার হাতের লাগানো গাছ। ঠাকুমার কথা মনে পড়তেই বিজনের মনে পড়ল সেইসব রাতগুলোর কথা। সেইসব রাতে বিরাট উঠোনটা জুড়ে কত গল্প। খেঁজুর পাতার মাদুর পেতে বিজন, দিদিরা বসে থাকতো। মাদুরের নীচে তকতকে গোবর লেপা উঠোন। মাঝখানে ঠাকুমা ঠিক চাঁদের বুড়ির মতো বসে গল্প করতো আর চকচকে পায়ের উপর ন্যাতা পাকিয়ে পাকিয়ে সলতে বানাতো। মাঝেমধ্যে ঠাকুমার হাত থেমে যেত কেননা সেই ওপারের মোবারকের গল্প অথবা কোনো এক সাধুর অলৌকিকভাবে নদী পেরোনোর গল্প বলতে বলতে ঠাকুমা উদাস হয়ে যাচ্ছেন। সেইসব রাতে মাঝেমধ্যে সিরাজুল চাচা এসে বসতেন । জ্যোৎস্নায় সিরাজুল চাচার লম্বা রূপোর মতো দাড়িগুলো বাতাসে এলোমেলো হয়ে যেত।  এখন এই সকালে পেয়ারাগাছ, কাদা ভরা উঠোন দেখতে দেখতে বিজনের মাথাটা ভার হয়ে যায়। ঠাকুমা, সিরাজুল চাচা বেঁচে থাকলে এই দাঙ্গা দেখে কি বলতো? এমন রূপকথার মতো রাত নিয়ে জেগে থাকতো যেসব উঠোন সেখানে এমন সব ওলোট-পালট কেন তা বিজন ভেবে স্থির করতে পারে না। বরং পৃথিবী এমন স্বাভাবিক ছিল তা ভাবতে গেলেই কেমন অবাক লাগে।       

কে একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বিজন ভালো করে তাকাতেই দেখল আমিরুল। সে এগিয়ে গেল রাস্তার দিক। ইচ্ছা হলো ডাক দেয় কিন্তু বাবা বাড়িতে আছে এবং নিশ্চুপ হলেও গোটা পাড়াটা সক্রিয়। এটা মনে পড়তেই বিজন থমকে গেলেও আমিরুল তাকে দেখতে পেয়ে দাঁড়িয়েছে।    

“ভালো আছিস? কোথায় গেছিলি?”

“এই তো ভালোই। বাজারে গেছিলাম একটু। দরকার ছিল।”

আরো দু-একটা কথা। তারপর বিজন এবং আমিরুল কেউই যেন কথা খুঁজে পায় না। অন্তত এই মুহূর্তে কি বলা উচিত, কি বললে এই চারপাশের ভার কিছুটা হালকা হবে সেসব কেউই তারা বুঝতে পারছে না। ফলত যে স্তব্ধতাটা কিছু মুহূর্তের জন্য হারিয়ে গিয়ে তা পুনরায় ফিরে আসে। বিজন দেখল কাকটা আবার ফিরে এসেছে। কাকটা অদূরে সজনে গাছটার চারপাশে ঘুরপাক খায়। বিজনের মনে হল আমিরুল যেন বেশিক্ষণ এখানে দাঁড়াতে চায় না। সে মাটির দিক তাকিয়ে জবাব দিচ্ছে। যেন বিজনের দিক তাকালেই তাকে অস্বস্তিতে পড়তে হবে। সহজ ভাবে কথা বলার চেষ্টা করতে হবে । বরং এইভাবে মাটির দিক তাকিয়ে থাকাটাই সুবিধাজনক। তাতে করে একটা সময় দুজনেই কথা থামিয়ে দিয়ে তারা দুজনেই স্বস্তি পাবে। আমিরুল বেশিক্ষণ দাঁড়ায়ও না।  আরো দু-একটা কথা বলে সে বাড়ির দিক এগোতে থাকে। আমিরুলের চলে যাওয়াটা দেখতে দেখতে বিজন বিষণ্ণ হয়ে গেল। ছোটোবেলার বন্ধু সব। এই উঠোনেই কত খেলা, ছুটোছুটি। অথচ আজ আমিরুল আর সে স্বাভাবিক ভাবে কথা বলতে পারছে না। তার এখন মনে হচ্ছে যেন আমিরুল তাকে দেখে না দাঁড়ালেই পারতো। যাদের মধ্যে অফুরন্ত কথা থাকে সেখানে নীরবতা এলে তা অসহ্যকর হয়ে ওঠে। এখন এই মুহূর্তে স্বাভাবিকভাবে আমিরুলের সঙ্গে কথা বলতে না পারায় বিজনের অস্বস্তি হচ্ছে। অস্বস্তি। কেবল একধরনের অস্বস্তি আজকাল ঘিরে থাকে। এই আমিরুলের সঙ্গেই একসময় বিজন কত মাঠ, বন ঘুরে বেরিয়েছে। এখন আমিরুলের চোখের চাহনিটা ওর সামনে ভাসছে। কেমন একটা ভয়, অবিশ্বাস, যন্ত্রণা আমিরুলের চোখে জমাট বেঁধে ছিল। আমিরুল যেন তার চোখ দুটো বিজনের দিকে ফেলে চলে গেছে। বিজনের সেই রাতটার কথা মনে পড়ল। খেতে বসে সেদিন বাবা – কাকা সেদিন খুব উল্লসিত।  দাঁত দিয়ে মুরগির হাড় চুষতে চুষতে ওরা মৃতদেহ দুটোর কথা আলোচনা করছিল। একটু আগেই বৃষ্টি হওয়ায় কারেন্ট ছিল না। হ্যারিকেনের আলো তখন মিটমিট করে জ্বলছে। মাঝেমধ্যে বাবা আক্রোশে এতটা উত্তেজিত হয়ে মাংসের হাড় গুলো সশব্দে পিষে গুঁড়ো গুঁড়ো করে ফেলছিল। সেদিন রাতে কাকা তাকে আরেকবার মুসলমান বন্ধুদের সাথে মিশতে বারণ করে দেয়। কাকা বলেছিল, “দিনকাল খারাপ। সাবধানে থেকো। আরো কয়টা লাশ পড়বে তার ঠিক নেই।”

আর একথা শুনে বিজনের চোখের সামনে আবারও সেই লাশ দুটো ভাসছিল। মুরগির মসৃণ উরু  চিবোতে গিয়ে ওর মাথা তখন ঘুরছে। চেবানো মাংস পেটের ভিতর গিয়ে পাক খাচ্ছে। ওদের যারা হত্যা করেছে, তারা হয়তো ওদের পরিচিতই ছিল! হয়তো সে ও আমিরুল যেমন একসঙ্গে ফড়িং ধরে বেড়িয়েছে ওরাও তেমনি ছিল। বিজনের চোখে ভাসে, বিকেলবেলায় কাকার হাতে চেপে ধরা মাথা কাটা মুরগিটা প্রচণ্ড জোরে শরীর ডানা কাঁপাতে কাঁপাতে একসময় নিথর হয়ে যাওয়া দৃশ্যটি। আর একথা মনে আসতেই বিজন শিউরে উঠেছিল। অন্ধকারের দিক তাকিয়ে ওর মনে হয়েছিল এমন অন্ধকার সে কখনো দেখেনি। যেন এই পৃথিবীতে কেউ কখনো কোনো আলো জ্বালায়নি। হ্যারিকেনের ম্লান আলোটাও একটু পরে নিভে যাবে। আর সেই মোষের শরীরের মতো অন্ধকারের দিক তাকিয়ে বিজন ভাবে, তা যেন সমস্ত আলোর বিরুদ্ধে গভীর আক্রোশে ফুলে ফুলে উঠছে। যেটুকু আলো অবশিষ্ট আছে তা নিভিয়ে দেওয়ার জন্যে অন্ধকারটা যেন শিকারীর মতো অপেক্ষারত। 

ভাবনা থেমে গেল। কেননা উঠোন থেকে বাবার চিৎকার শোনা যাচ্ছে। বিজন যেতে যেতে থমকে গেল। দক্ষিণের আনারস গাছগুলোর পাশ দিয়ে কে যেন দৌড়ে গেল বলে মনে হচ্ছে। চেষ্টা করেও বিজন আর তাকে দেখতে পেল না। আনারসের ঝাড়ের পিছন দিয়ে কেউ উধাও হয়ে গেছে। উঠোনে তখন বাবা হাত-পা নেড়ে প্রবল আক্রোশে  মায়ের উপর চিৎকার করছে “ঘর-দুয়ার ফেলে যাও কোথায়? খেয়াল রাখতে পারো না। হারামজাদিটা খালি ঘুরঘুর করে! এটা-সেটা চুরির মতলব। এতকিছুর পরেও ভয় পায় না। পরদিন ধরতে পারলে এটারও গলা নামিয়ে দেবো।”

বাবা থামার পরেও এত চিৎকার বশত হাঁপাচ্ছে। আনারসের ঝোপটার দিকে তাকিয়ে কী সব বিড়বিড় করছে। বাবার চোখেমুখে শিকার ফসকে যাওয়া পশুর অতৃপ্তি, ক্রোধ। বাবার এই চোখের দৃষ্টির সামনে বিজন কেমন কুঁচকে যায়। সে বেশিক্ষণ তাকাতে পারে না। সে বুঝতে পারে জায়েদা  আবার এসেছিল। মঞ্জুর আলির মেয়ে জায়েদা। সৎ-মা ঠিকঠাক খেতে দেয় না। খাবার চাইলে গালি গালাজ করে। ছোটোবেলায় জায়েদা একবার রুটির জন্য বিরক্ত করলে মঞ্জুরের দ্বিতীয় বিবি তার পেটে গরম খুন্তির মাথাটা পুরো ঠেসে দিয়েছিল। সেই থেকে জায়েদার পেটের একটা বড়সড় জায়গা জুড়ে পোড়া দাগ হয়ে আছে। বয়স যত বাড়ছে জায়েদার তত সেই দাগটা ছড়িয়ে পড়ছে। আর সেজন্য যখনই ময়লা শাড়ি পরা জায়দার পেটটা ঈষৎ অনাবৃত হয়ে পড়ে তখন সেই পোড়া দাগটা স্পষ্ট হয়ে ওঠে। সেইসময় তাকে কুৎসিত দেখায়, ভয়ংকরও । সেই কুৎসিত জায়েদা মাঝেমধ্যেই  ফল-মূল অথবা ভাতের লোভে এর ওর বাড়ি ঢুকে পড়ে। কখনো ধরা পড়ে আবার কখনো বা পালিয়ে যায়। এই দাঙ্গায় জায়েদার ফল মূল জোগাড়ও কঠিন হয়ে পড়েছে। 

জায়েদার কথা ভাবতে ভাবতেই বিজন দেখে কাকটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই কাকটাই বোধহয়। ফিরে এসেছে। কাকটার কালো শরীরটা যেন শ্মশানের পোড়া কাঠ। কাকটা বারবার তার চোখের সামনে ফিরে আসছে। অস্বস্তিতে ফেলতে কী? যেন তার সমস্ত ধৈর্যের ওপর কাকটা সন্দিহান। দৃষ্টি ফিরিয়ে বাগানের দিক তাকাতেই বিজনের মনে হল কে যেন ঝোপঝাড় ভেদ করে এদিকেই আসছে। একটা কুকুরও ডাকছে। একটু আগেই জায়েদা যে পথে পালিয়েছে সেই পথেই আনারস বনের আশেপাশে যেন কে একজন নড়েচড়ে বেড়াচ্ছে। এগিয়ে যেতেই বিজন কিছুটা অবাক হল। পদ্ম বুড়ি! সেই ওই পাড়ায় বাড়ি। এখন এইসময় পদ্মকে দেখে বিজন চমকে যায়, কিছুটা বিরক্ত হয়। তার এই বিরক্তি ভয়জাত কেননা পদ্মবুড়িকে এপাড়ায় আসতে হয় মুসলমান পাড়ার মধ্য দিয়েই। খুনখুনে পদ্মবুড়ির শরীরটা শীর্ণ। চামড়া কুঁচকে তার হাত পায়ের শিরাগুলো প্রকট। বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া শরীরটা আরো কুঁজো হয়ে মাটিতে কিছু একটা খুঁজছে। সহসা পদ্মবুড়ি মাথা তুলল। তার ডান হাতে কিছু পিপুল শাকের কচি লতা সেই হাত যা কুঁচকানো, শিথিল চামড়ায় ঢাকা। সেগুলো বিজনের সামনে দুলিয়ে হাসল “শাক পাতা খুঁজছি ভাই। বেশি নেব না। বাড়ির কাউরে ডাকিসনে।”

“এখন এইভাবে বেরিয়েছ কেন? চারপাশের পরিস্থিতি ভালো না। দুটো শাকের জন্য এতদূর আসা উচিত হয়নি তোমার।”

বিজনের স্বরে বিরক্তি ঝরে পড়ে। চারপাশের সব কিছুই কেমন অসহ্যকর হয়ে পড়ছে। পদ্মবুড়ির এই ঝুঁকে শাক পাতা কুড়ানোও এখন অসহ্যকর বলে মনে হয়। যাবতীয় অসন্তোষ, বিধ্বস্ততায় তার নিজেকে অসহায় বলে বোধ হচ্ছে। বিজনের কথা শুনে পদ্মবুড়ি একটু থমকায় । তারপর হেসে কিছুটা মাথা দুলিয়ে বলে , “প্যাটে তো মানে না / দিলে তো বোঝে না। না বেরোলি চলবে ক্যান ভাই? যে কাজটা করতাম তা তো আর নাই। তাই বার হতি হয়। শাক পাতা যা পাই তাই দিয়েই প্যাট চালাতি হবে।”

বুড়ি থেমে যায়। বোধহয় দুর্বল শরীরে এতটা পথ হেঁটে আসার পরিশ্রমে তার হাঁফ ধরে গেছে। কিছুটা দম নিয়ে বুড়ি বলে, “দাঙ্গায় যে আমার প্যাটে লাথি মারছে ভাই! যেদিন খালে লাশ ওঠলো সেইদিনই মকসুদ ডেকে কাজের তে ছাড়ায় দেলো। অনেক কয়েও কাজে রাখলো না। তোর মতন সেও কলো এহন নাকি সময় ভালো না। মিল বন্ধ থাকপে। তারপরের তে তো প্রায় উপোস করেই আছি। না বের হলি আমার চলবে ক্যান ভাই? তারপর আজকাল কচু-ঘেচুও পাইনে। সব বাজারে বিক্রি হয়ে যায়। বাবুরাও আজকাল এসব খাওয়া ধরসে! খাবো কী ভাই? তাদের ভাত তো ঠিক জোগাড় হয়ে যায়।”

বুড়ি আর দাঁড়ায় না। মাটির দিক ঝুঁকে চলতে চলতে বুড়ির হাতের সবুজ লতাগুলো দোলে। বিজনের মনে হল পদ্মবুড়ির শরীরটা ঝড়ে ভেঙে যাওয়া জামরুলের ডালটার মতো। একটা প্রচণ্ড ঝড় এবং ঝড় বরাবর নরম, পলকা গাছই ভাঙে। পদ্মবুড়ির কুঁজো শরীরটার চলে যাওয়ার দিক তাকিয়ে সে দেখে কাকটা এই মুহূর্তে একমনে রাস্তা থেকে কী ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করছে। কিছু একটা সেটা কালো খোঁয়ার সঙ্গে পিষে দিয়ে যাওয়ায় খাবারটা উঠছে না। কাকটা টুকরোটার চারপাশে বৃত্তাকারে ঘুরতে থাকে। একভাবে ঠোকর মারতে মারতে কাকটা অস্থির হয়ে উঠছে। যত অস্থির হচ্ছে তত তার দেহটা কুঁজো হয়ে যাচ্ছে। বিজনের উপস্থিতি সে গ্রাহ্যই করছে না। কাকটা এত জোরে জোরে খোঁয়ায় ঠোকর মারছে যে বিজনের মনে হল পাথরের সঙ্গে প্রায় মিশে যাওয়া খাবারটা উদ্ধার করবার পূর্বেই কাকটার ঠোঁট দুটো রক্তে ভরে যাবে। ক্ষিদে কাকটাকে উন্মাদ করে তুলেছে। কুঁজো কাকটাকে দেখে বিজনের মনে হল পদ্ম বুড়িও এরকম কুঁজো হয়েই খাবার খুঁজছিল। কাকটার সঙ্গে পদ্ম বুড়ির কোনো ফারাক নেই, থাকলেও ক্ষিদের প্রশ্নে যেন সব এক হয়ে গেছে। কাকটা ক্ষুধার্ত, পদ্মবুড়ির মতন ক্ষুধার্ত। ক্ষুধার্ত শব্দটা মনে পড়তেই জায়েদার মুখটাও মনে পড়ে। দাঙ্গার ফলে তার কাজও বন্ধ হয়ে গেছে। বিজনের চারপাশে কাক, পদ্ম বুড়ি, জায়েদা সকলের মুখগুলো এক এক করে ভেসে উঠতে থাকে। মুখ না শ্মশানের পোড়া কাঠ? বিজন অস্থির বোধ করে। তার মাথা যেন যন্ত্রণায় ছিড়ে যাবে। ক্ষুধার্ত শব্দটা তার চারপাশে পাক খেয়ে খেয়ে উড়তে থাকে চামচিকের মতন। দাঙ্গা পদ্মবুড়িদের সমস্ত ক্ষিদেকে যেন ছিড়েখুঁড়ে খেয়ে নিয়েছে। সহসা বিজন আতঙ্কিত হয়। তার চোখের সামনে আর একটা লাশ ভেসে ওঠে। যার পেটের দিকটা অনাবৃত এবং সেখানে একটা পোড়া দাগ চিৎ হয়ে আকাশ দেখছে! আর এই দৃশ্য ফুটে উঠতেই বিজনের শরীরটা শিহরিত হয়, তার পুরো শরীরটা কাঁপতে থাকে। একে একে পদ্মবুড়ি, কাক, জায়েদা সব মৃতদেহগুলো চোখের সামনে যেন স্পষ্ট হয়ে ওঠে। এবং মনে হয় খাল বরাবর ভয়ার্ত চোখে আমিরুল ছুটে বেড়াচ্ছে। সেই সঙ্গে বিজন দেখে এক ঠ্যাং উঁচু হয়ে পড়ে থাকা কাকটার মুখ রক্তাক্ত। তার দুদিক বিস্তারিত পাখনা দুটো কেউ পিষে দিয়ে গেছে। বাবা, কাকা, মকসুদ সব পরিচিত মুখগুলো তার সামনে দুলতে থাকে। মুখগুলো প্রাচীন পাথরের মতো রুক্ষ অথবা অধুনা বিলুপ্ত প্রাগৈতিহাসিক জন্তুর মতন ভয়ঙ্কর। দাঙ্গা কেবল ক্ষিদে নয়, বিজনের চারপাশের চেহারাগুলোকে বদলে দিয়েছে। যেন এই হিংস্রতা ভীষণ সংক্রামক এবং তা একটা অন্ধকার বৃত্ত রচনা করে ক্রমশ সবকিছু গ্রাস করতে উদ্যত। বিজনের আমিরুলের চোখ দুটো মনে পড়ছে। ভয়, অবিশ্বাস, সন্দেহ ভরা দুটো চোখ। তার সামনে চোখ দুটো যেন ক্রমশ বড়, স্পষ্ট হয়ে পড়ছে। বিজনের মনে পড়ল দাঙ্গায় তার মায়ের চেহারাটাও কেমন বদলে গেছে। বিজনের মাথা ক্রমশ ভার হয়ে আসছে। পা দুটো মনে হচ্ছে আর চলতে পারবে না। সে টলতে টলতে বাড়ির উঠোনে উঠে আসে। মৃত্যুর পূর্বে সেই লাশ দুটোর পা এমনই ভারি হয়ে গেছিল কি? উঠোনে মা দাঁড়িয়ে আছে। বিজনের চোখের দিক তাকিয়ে মা অবাক হয়। এবং মায়ের চোখের দিক তাকিয়ে বিজন শিহরিত হয়। সেই দৃষ্টির সঙ্গে বাবার দৃষ্টির কোনো তফাৎ নেই। হায়! এখনো কি মানুষ সকালের প্রত্যাশা করে, রাত্রির ঘুমের অবসান চায়, স্বপ্ন দেখে, পাখি দেখে মোহিত হয়! বিজন আকাশের দিকে তাকায়। একটা বিশাল মাকড়সা যেন সমস্ত আকাশটা ঢেকে ফেলে তার লোমশ জান্তব পা গুলো ক্রমশ মেলে দিচ্ছে। ভ্রম, ভ্রান্তি? বিদ্ধস্ত বিজন হঠাৎ শুনতে পায় রান্নাঘর থেকে একটা অস্পষ্ট যেন বহু দূরাগত কোনো শব্দ ভেসে আসছে৷ সেই শব্দে বিজন চকিত হয় এবং সে দেখে মা ক্রমশ সন্দিগ্ধ চোখে সেইদিকেই তাকিয়ে। মায়ের দৃষ্টি যেখানে বিজন আগাগোড়া মেঘমুক্ত আলো দেখেছে তা এখন শিকারীর দৃষ্টির মতো কুটিল হয়ে উঠছে।  রান্নাঘরের দিক মা সন্তর্পণে এগোতে থাকে। মায়ের এই গমন অনেকটা শিকার ধরবার পূর্বে বিড়াল যেমন সাবধানী হয়, সতর্ক হয়। যাবতীয় বিদ্ধস্ততা নিয়ে বিজনও মায়ের পিছন পিছন এগোতে থাকে। বিজন আবারও আকাশের দিক তাকায়। লোমশ মাকড়সাটা ক্রমেই এগিয়ে আসছে। সেইসঙ্গে শব্দটা এখন ক্রমশ স্পষ্ট। রান্নাঘরের টিনের দরজা খুলে ভিতরে প্রবেশমাত্রই বিজন এবং মা দুজনেই চমকে ওঠে। জায়েদা! তাকের উপরে রাখা ভাতের হাঁড়িটা মাটিতে নামানো। এবং জায়েদা উবু হয়ে বসে অনেকটা সেই কাকটার মতো দুই হাতে গরম ভাত মুখে পুরছে। তার চোখ মুখ বিস্ফারিত, জান্তব, মুখ দিয়ে কিছুটা লালা গড়িয়ে চোয়ালের কাছে জমে রয়েছে। কিছু ভাত, ভাতের টুকরো মাটির উপরে চিৎ হয়ে ছড়িয়ে আছে। মাকে দেখে জায়েদার সেই জান্তব ক্ষুধার্ত দৃষ্টি কয়েকবার ভয়ানক কেঁপে ওঠে, হেঁচকি ওঠে ফলত দু-চারটে ভাত, তরকারির টুকরো ছিটকে মার পায়ের কাছে এসে পড়ে। চমকানো বশত জায়েদার গলায় খাবার আটকে যায়, হেঁচকি ওঠে। তার সেই চোখ দুটো আরো বিস্ফারিত হয় যেন তা ছিটকে বেরিয়ে আসবে। আর সেই মুহূর্তে এমন কম্পন বশত অথবা ভয়াবহতা আন্দাজে জায়েদার চোয়ালের কাছে জমা লালারস থেকে একটা বিন্দু ভারসাম্য হারিয়ে মেঝেতে চিৎ হয়ে থাকা ভাতের ওপর গড়িয়ে পড়ে। বিজনের মনে হয় লোমশ মাকড়সাটা যেন হঠাৎ স্থির হয়, ঠ্যাং গুলো শূন্যে ঝুলে থাকে। বিজন পাষাণ মূর্তির মতন দাঁড়িয়ে থাকা মায়ের দিক দেখে। মা একভাবে জায়েদার দিকে তাকিয়ে, সেই চোখ যাতে কিছুটা মেঘ, কিছুটা আলো। ধর্ম আর ক্ষিদে মুখোমুখি!                                                                   

Painting: Pablo Picasso

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।