প্রত্যয়ী দত্ত
আমরা
নরম আলোর মতো ব্যথা ছড়িয়ে পড়ে ঘরে,
ঘর, ঘর থেকে বারান্দা, আমাদের যা কিছু
সবই আটকে গেছে এসবের মধ্যে;
যেন ঘুমিয়ে পড়েছে ঘুণপোকার দল।
ঘরের সামনে বড় রাস্তার পাশে ছড়িয়ে আছে প্রেম,
আমরা খুঁজে পাইনা,
আমরা খুঁজে পাই না বিশ্বাস,
ভেবে পাই না বেলা শেষে সূর্যটা ডুবে গেলে
আমাদের হয়ত বা কিছু বলার ছিল।
তুমি হয়তো জানো না যার রিক্সায় চেপে
শহর ঘুরেছিলাম সে আজ মৃত,
যে পথশিশু টাকা চেয়ে নিয়েছিল সে হয়তো অভুক্ত আজ,
আমাদের বৃথা প্রলাপের মাঝে অজানা থাকে
কত কিছু যেন হঠাৎই মহুয়ার গন্ধ ছড়ায় শহর জুড়ে-
তবু কোনো শীতের ভোরে ঘুম ভাঙে প্রথম
ট্রেনের ছেড়ে চলে যাওয়ার আওয়াজে।।