দৈনিক কবিতা আশ্রম, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
১২ জ্যৈষ্ঠ ১৪২৭
আলোকচিত্র: অমিত কুমার বিশ্বাস
অনিন্দ্যকেতন গোস্বামী
জীবনকে শুকিয়ে নেওয়ার গল্প
চাল নেড়ে দিয়েছে বইপাড়া
ডাল বা যে কোনও খাবারই নেড়ে দিয়েছে বইপাড়া…
কেউ ঈদের পোশাক নেড়ে দিয়েছে
কেউ নেড়ে দিয়েছে বৃদ্ধ মায়ের ট্যাবলেট…
গ্রাম যেমন আম্ফানে ডুবে যাওয়া বৌয়ের ছেঁড়া শাড়ি,
অথবা ঘরের চাল রাতে ঘুমোনোর স্বপ্ন
নেড়ে দিয়েছে রাস্তায়
তেমনি বইযোদ্ধাও নিজেদের ‘বাঁচাগুলোকে’
নেড়ে দিচ্ছে গলিতে
একেকটা বই শুকোলেই সেগুলি
ভাত ডাল লজ্জা নিবারণের কাপড় অথবা
বৃদ্ধ মায়ের ট্যাবলেট হয়ে উঠবে…
জয়ন্ত চট্টোপাধ্যায়
জল
এবার একটু জলের গল্প হোক। ঝরঝর ঝিরঝির
অবিশ্রাম শব্দে ভেতরের পর্দা-পাপোশ জলভারে মুক্ত।
আমরা কাগজের নৌকোদিনে ঢুকে যেতে পারি।
নিস্তেজ সাপের চোখে দু-একটা ইঁদুর দোলানো যাক।
প্রবৃত্তি প্রক্ষোভের নাড়া ধরে টান প্রণোদিত শুক্রাণুকণার
মতো আকাশের দিকে একমুখি হাউই ছুটুক।
এইসব কথা শুধু দগ্ধ স্লোগান। প্রতিবাদ। প্রেমের বাতাস
লাগুক। শ্রাবণমেঘ লিপিধর লিপিবহ নয়— কবির এই
মন্ত্রটিকে মেলে দিলে সন্দেহ থাকে না এ মেঘ বাহক নয়
ধারক। জাগানিয়া মেঘের কাছে ভেজার শপথ রাখি।
জাগুক শব্দ ও ছন্দের দ্বন্দ্বহীন প্রেম। প্রবল স্রোতের
সাথে ভেসে যাক যা কিছু বন্ধন। আসুন সাঁতার শিখি।
বিবিধ কৌশল শুধু নিজেকে বাঁচিয়ে দেওয়া নয়
ভাসিয়ে দেওয়া ডুবিয়ে দেওয়া মনের গভীর থেকে
তুলে আনা প্রেম নামের মুক্তোদানা নিটোল নিখুঁত
সজল মেঘের বুকে হারানোর প্রাণিত আশ্বাস।
মুজাহিদ আহমদ
পিতলের ঘোড়া
আমার তো কাজের কোনও টেবিল নেই।
কারও সামনে দাঁড়ানোর সামর্থও নেই-
পেশীতে হিম্মত নেই, কুলকুচি করে
গহ্বরের অসুখ সারাই।
দিনে রোদের জামা পড়ি
আর রাত্রিতে অন্ধকারের
আমার তো কাজের কোনও চেয়ার নেই
কারও সামনে বসার সামর্থও নেই-
পায়ে বল নেই, নিভে যায় সামর্থের অস্ফুট বাতি।
তবে-
চোখ থেকে বেরোয় পিতলের
ঘোড়ার রেইসে জেতার শত শত ছবি।
আলোকচিত্র: অমিত কুমার বিশ্বাস
নীলাদ্রি দেব
কিংবা ডায়েরি নয়
সমস্ত চন্দ্রকলা আজ পলির শরীরে ম্লান
জন্মদাগ ঘেঁটে ঘেঁটে
যে কাছে এসেছিল
অভুক্ত শরীরের কাছে
গান সব ভুলে গেছে সেই ফেরিঘাট
যাতায়াত, যে দাগ ফেলেছে জলে
তার প্রশ্বাস ছাপ রেখে গেছে পাড়ের চিবুকে
ঘুণপোকা আর তার শিশুদের
ছুঁড়ে দেওয়া কাঁচা টাকা
ভেসে ওঠে কোন মন্ত্রবলে!
বালির কুঁজের পাশে অচেনা পায়ের ছাপ
চুরি যায় প্রতিটি দুপুর
স্তব্ধ নোঙরের পাশে
যদি কোনও বালিহাঁস দম্পতি আসে
বোলো, সব ক্যানভাসে রং চাপাতে নেই
কিছু গানে সুর
অনর্থক কথাদেরও সাজাতে নেই মাত্রা বরাবর
নির্মল হালদার
পৃথিবী গ্রহের পুরুলিয়া
পর্ব-২৯
পাড়াটা একদম ফাঁকা। যে ভৈরব ভোর থেকেই চায়ের দোকান খুলতো, সে নেই। স্বপনের চায়ের ঠেলাও নেই। রাস্তায় লোকজন চলাফেরা করছে না। গ্রাম থেকে শাক-সবজি নিয়ে যে সমস্ত মহিলা পুরুষ আসে, তাদের সংখ্যা কম। হোটেলের বারান্দায় গাদাগাদি করে শুয়ে আছে একদল কুকুর। রাতে নিশ্চয়ই খাবার জোটেনি। কাক তো আজকাল আর দেখা যায় না। এই ফাঁকা সময়ে আসবে কী? কাক ডাকলে মনে হয়, চারদিকটা ঠিকঠাক আছে এখনো। ক-দিন হলো বেঠিক হয়ে গেছে সব। নাকাকে উঠে যেত হলো তার জায়গা থেকে। নগেন রুহিদাস থেকে নাগা। নাগা থেকে নাকা। কেউ কেউ আদর করে, নাকু। নাকার বাড়ি পাঁচ কিলোমিটার দূরে। এক গ্রামে। আগে জুতোর দোকানে কাজ করতো, এখন স্বাধীন হয়ে জুতো মেরামতের কাজ। জুতো পালিশের কাজ। ভোরের আলো ফুটতে ফুটতেই সে চলে আসে শহরের এই পাড়ায়। সেও হয়ে গেল অনেক বছর। দিনের বেশিরভাগ সময়টা এখানে কাটায়। ঘর গেলেই তো, মা বলবে এটা আনলি নাই! বউ বলবে, উটা আনলি নাই! পাঁচ বছরের ছেলেটা পিছন ধরবে। বায়না করবে, এই দাও সেই দাও। জুতায় জলুই মেরে, সেলাই করে, পালিশ করে ক টাকা আর হয়, সংসার নাই চলে সাগরদা। দাও দেখি ৫০ টাকা। সাগরের উত্তরের অপেক্ষা না করে, নাকা বলে—নাই দিবে সাগরদা তুমি। কেউ নাই দেয়। সেই সাগর হাঁক পাড়ছে: এ নাকা নাকা কার জুতা সারবি, ভোরেই চলে এসেছিস? তুই কি জানিস নাই, লকডাউন চলছে! জানি , জানি সাগরদা। পেটে যে লকডাউন নাই। উ কন লকডাউন শুনবে নাই। সাগর কি বলবে আর। সে তো নাকার ঘরে পৌঁছে দেবে না চাল ডাল নুন তেল। একটা কথাই বলে, মনে মনে বলে, আমারও যে নাই রে—কি দিব কাকে! জুতা সারাইয়ের কাজ না থাকলে, নাকা দোকানে দোকানে গিয়ে টিকিট বিক্রি করে। লটারির টিকিট থেকে কমিশন যেটুকু আসে কম কি। কিন্তু এখন সবটাই বারণ।
কাল সন্ধ্যেবেলা যখন নাকা ঘরে ফিরলো, দেখে ছেলেটার জ্বর। তার মা বলে, হ্যাঁরে নাকা, ছেলেটার তো জ্বর—পাড়ার ডাক্তার তো বসছে নাই, কি করবি কর। নাকার মাথা গেল গরম হয়ে, সে বলে, সব শালা মরবো মনে হছে। সব শালা মরবো। তার বউ তার কথা শুনে বলে, খবরদার মরার কথা বলবে নাই—। মরলে তুমি মরো। হামার ব্যাটা মরবেক ক্যানে? শত্রুর মুখে ছাই দিয়ে ব্যাটা আমার বেঁচে থাকবেক। কুকথা তুমি মুখে আনবে নাই আজ বলে দিলম। কান খুলে শুনে রাখো। নাকা অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বলে, রাঁধাবাড়া হবেক ন নাই? বউ বলে, চাল টা কী তুমি আনে দিয়ে গেছলে? নাকার মা বলে, চুপ থাকো চুপ থাকো। আমি দেখছি । সন্ধ্যাবেলায় ঠাকুরকে আলো দেখাবে যাও আগে। শহরের যে পাড়াতে নাকা জুতা সারতে বসে, সেই পাড়ার মিষ্টি দোকান গুলির খুচরো কাজ করলে চা জলখাবার পায়। দু-চার পয়সাও পেয়ে থাকে।এখন তাও বন্ধ। নাকা ভেবেছিল, যদি ঘরে ঘরে জল দেওয়া যায়, কিছু পয়সা পাওয়া যাবে। এই ভাবনাও সে সাগরকেই একমাত্র বলেছিল। উত্তর পেয়েছিল,কেউ জল নিবেক নাই।ঘর ঢুকতে দিবে নাই। ভাইরাস ঢুকে যাবেক। নাকা হতাশ হয়ে বসে পড়ে। রাস্তার টিউকল থেকে জল খায়। যেখানে বসে নাকা জুতা মেরামতের কাজ করে, সেখানে গিয়ে দাঁড়ায়। মনে মনে বলে, ঠাকুর ব্যাটাকে আমার সুস্থ করে দাও। যদি তাড়াতাড়ি সুস্থ না করো, তুমাকে গাল দিব ঠাকুর। আর নিজের কপালে জলুই মারবো। জলুই মারবো।
জুতা পালিশ করবো নিজের গালে। তখন ত দেদার পয়সা ঠাকুর। কী বলো?
৫ জ্যৈষ্ঠ, ১৪২৭