দৈনিক কবিতা আশ্রম, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
১৬ জ্যৈষ্ঠ ১৪২৭
সুবীর সরকার
দুপুর
রৌদ্রে কিছু দুপুর লেগে থাকে।
শ্যাওলা রঙের টিপ আর প্লাসটিকের
চিরুনির পাশে
তাতঘর।
জঙ্গলের মায়ায় খুব দূরের এক পৃথিবী
জঙ্গলে আগুন জ্বলে ওঠে
আমাদের দ্বিখণ্ডিত ঘুম আর
ন’টার সাইরেন মনে করিয়ে দেয়
আদতে আমাদের কোনও নিরাপত্তা নেই
সদ্য সমুজ্জ্বল
ব্যথা-বিলাপ
মুখে আসে গালি, রাস্তার বালি হেসে কুটিকুটি
হাঁটি— আরও হাঁটে ছায়া
ছায়া জানে তার পরিণতি, আমি জানি না
আমারও ছিল বোধনের কাল, জড়িয়ে ধরা ওম
আমারও ছিল গত হওয়া সুখ, প্রকাশ্য চুমুর দম
সকালের রোদে ছেড়ে দিলে বিকেলের প্রলাপ
আলাপ-বিলাপ পাখিদের চিৎকার— যন্ত্রের জয়কার
এর মাঝে ঢাকা পড়ে স্পর্শ-মায়ার ভার
সারাদিন চলি— ছায়া সঙ্গী;
ছায়া জানে পরিণতি, আমি শিখে চলি প্রস্থানের জবানবন্দি
নীপবীথি ভৌমিক
জেহাদ
ভিতরে ভিতরে জ্বলে ওঠে বারুদের উত্তাপ
আমি মাটি খুঁড়ি। ছাই চাপা দিই
জীবন্ত প্রলয়ের বুকে
কাকে এত ঘৃণা শিখিয়েছিলে তুমি ?
কেনই বা বিষমন্ত্রে স্নান ?
স্বৈরাচারী আমি। সন্ত্রাসী এ চোখ
আগুন জ্বলে ওঠে আগুন ;
প্রলয় আসার আগে নিভে যাক আবার সমস্ত জেহাদ।
মীনাক্ষী মুখোপাধ্যায়
মৌন সন্ধ্যার কবিতা
নিজের সাথে নিজের সম্পর্ক ভাঙছি।
যদিও জানি ভাঙার সাথে গড়া খুব নিবিড়।
এই কিছু জানা অজানাকে কুড়োতে গিয়ে দেখি
জানালায় শ্লেট রঙা মেঘ ।
গাছের মাথাগুলো দুলছে।
তখনও একটা ডাহুক তিরতির করে ছুটে বেড়াচ্ছে
সারা মাঠ এক লহমায়
সমস্ত ব্যাধি বের করে নিয়ে।
বৃষ্টি এল সাথে গুঁড়ো গুঁড়ো বরফ।
বরফকুচিতে সাদা হচ্ছে রাস্তা।
অথচ ঘরজুড়ে অমানিশির অন্ধকার গ্রাস করছে শরীর…
নির্মল হালদার
পৃথিবী গ্রহের পুরুলিয়া
পর্ব-৩২
খাঁ খাঁ করছে মাঠ। ঝাঁ ঝাঁ করছে রোদ। চরে বেড়ায় কয়েকটা ছাগল ও ভেড়া-ভেড়ি। অনেকটা দূরে কয়েকটা বাবলা গাছ। একটামাত্র পলাশ। গাছের নিচে উইঢিবি। পিঁপড়ের আসা-যাওয়া। পড়ে আছে ভাঙা ডিম। চোখ মেললেই, মরীচিকা। চিকচিক করে। গাছ তলায় বসে আছে ভারতী। ভখ লাগছে তার। সেই কোন্ সকালে ব্যাসাম খেয়ে এসেছে। এখন বিন্দুমাত্র পেটে আর কিছু নেই। হাতের লাঠিটা ভুঁইয়ে নাচাতে নাচাতে মনে পড়লো, মাঠ ছাড়িয়ে একটু ভেতর দিকে গেলেই, একটা বেল গাছ । উঠে দাঁড়ালো ভারতী। বেল গাছের দিকে হাঁটা দিলো। যদি পাকা বেল পাওয়া যায়। নিকটে গিয়ে দেখে, গাছের অনেক উপরে দু-তিনটা বেল। মনে হচ্ছে, একটা পেকেছে। গাছে উঠতে হবে। ভারতীর মনে হচ্ছে পেরে উঠবে না। ফেঁসে যাবে শাড়ি। সে উপর দিকে একই ভাবে তাকিয়ে আছে। হঠাৎ একটা শব্দ শুনতে পায়। পিছন ফিরে দেখে, মিঠুন। তাদের গাঁয়ের এক যুবক। জন মজুরির কাজ করতে যায় শহরে। ভারতী তাকে দেখেই জিজ্ঞেস করে: কিরে তুই ? কি করতে? কাজ নাই তো আর কি করবো, লকডাউন চলছে যে। হামদের কাজও বন্ধ। এখানে কী করবি তুঁই? কি করবো, তর সাথে দুটা কথা বলব। হামি নাই বলতে পারব—শুনেছিস ন গা ঘেঁষাঘেঁষি চলবেক নাই। তুঁই ইখান থেকে পালা পালা—লোক দেখলে কি বলবেক! ইঠিন থেকে পালা। মিঠুন যাবে কি, সে দাঁড়িয়েই থাকে। ভারতীকে বলে, তর ছাগল ভেড়ি কই? তুঁই বড় একা একাই ইদকে? ক্যানে একা একা আসতে নাই! ভুতে ধরবেক? ভুতে ক্যানে ধরবেক, হামি ধরবো। মিঠুন ভারতীর কাছে এগিয়ে যায়। ভারতী বুঝতে পেরে, পিছিয়ে যেতে যেতে বেল গাছে ধাক্কা লাগে। গাছের গুড়ির গায়ে লেগে থাকা ছোট্ট একটি ডাল তার কপালে লাগে। সে যন্ত্রণায় কপালে হাত রাখে। দেখে রক্ত। রক্ত দেখেই ভারতীর রাগ গিয়ে পড়ে মিঠুনের উপর। তুঁই আলি বলেই, ই কাণ্ডটা হল। দেখ ন কি করি! বলতে বলতে সে এগিয়ে যায় মাঠের দিকে। রোদ পড়ে আসছে। ঘাস নেই কোথাও। একটা ভেড়া একটু ছায়া দেখে শুয়ে পড়েছে। তার কোলের কাছে একটা ছাগল ছানা। ভারতীর মনে দুঃখের ছায়া পড়লো। তারও এরকম একটি ছানা হওয়ার কথা ছিল। শ্বশুরের ঘরে থাকার কথা ছিল। কিন্তু তার কপালে জুটল না কিছুই। মাধ্যমিক পাস করতেই ভারতীর বিয়া হয়ে গেছিল লিপানিয়াতে। বিয়ার পর সে জানতে পারে, তার স্বামী অন্য এক মেয়ের কাছে আসা যাওয়া করে। তার সঙ্গে বিশেষ কোনো কথাই বলে না। এমনকি একসঙ্গে থাকে না রাত্রে বেলায় এক ঘরে। শাশুড়িকে বলতেই বলে, বহু হঁয়েচিস, তকেই ত বুঝতে হবে, কি করে মন ভুলাবি। ভারতী শত চেষ্টা করেও পারে না। সে একা একা কাঁদে। কাঁদতেও একটা ঘর লাগে। সেও নাই। বাঁধ ধারে গিয়ে কুয়া শালে গিয়ে সে কাঁদে। শাশুড়ি ও শ্বশুর ঘরের বাকি লোকজন ভারতীর দুঃখ-বেদনার কাছে পৌঁছোতে পারেনা। সে নিজেই সিদ্ধান্ত নেয় বাপের ঘর চলে যাবে। ভারতী বিস্মিত হয় বাপের বাড়িতে একমাস আসার পরেও শ্বশুর বাড়ির লোকজন এবং তার স্বামী তার কোনো খোঁজখবর করে না। সে তার মাকে বলে, আবার লেখাপড়া করতে চায়। তাকে স্কুলে ভর্তি করে দিলে, ভালো হয়। তার বাবা রাজি হলেও মা বাধা দেয়। লকে কিনা কি বলবেক, বিহালা বিটি ছেলা । খারাপ কথা শুনতে হবেক। ভারতীর মনের সাধ মনেই থেকে যায়। বদলে, তাকে ছাগল-ভেড়া-ভেড়ি চরাতে হয়। বাপ-মা কি বসায় বসায় খাঁওয়াবেক? মা-বাপ ত আর জানবেক নাই, চরাতে গেলেই, কত ছেলা যে কত রকম কুইঙ্গিত করে।
একদিন একজন তো বললো, ভাতার ছাড়ি হঁয়েচিস ত কি হঁয়েছে, হামকে ত ছাড়িস নাই। সন্ধ্যাবেলা আসবি মাঠের দিকটাই। ভারতী কানে যতই আঙ্গুল রাখুক শুনতে হয় তাকে, এ ভারি ভারি শরীরটা বড় দুখাছে, দিবি টিপে? আয় ন ঘরের দিকে। একাই থাকি লো। বুড়াহাবড়া লোকও ভারতীকে ইশারা করে। কেউ কেউ টাকার লোভ দেখায়। ইসোভ কথা কাকেই বা বলবে সে। মাকে কাছে পেয়েও মাকে আজকাল দূরের মনে হয়। মায়ের কাছ থেকেও তেমন টান অনুভব করে না ভারতী। সে চরাতে গিয়ে ছাগল ভেড়ার কাছে নিজের দুঃখের কথা বলে। বলে, আমি এমনই অভাগী—তোরা একমাত্র দেখছিস। তদেরকে ঘাসও দিতে লারছি। দেখ ন ছেলাদের কাণ্ড, বলে কিনা আয় ভারি আয় হামদের কামের লকডাউন চললে কি হবেক, তর লকডাউন ত নাই। লকডাউন করে করবি কি, ভখ তর লাগে, হামার ও লাগে। দুজনকেই খাতে হবেক। আয়—ভারতীর মুখে গালমন্দ আসেনা। সে শুধু চোখ বড় বড় করে এই সমস্ত লোভী পুরুষ কে দূর দূর করে। সে জানে, তার শরীর ও মনকে কিভাবে বেঁধে রাখতে হয়। অথবা আজকের ভাষায় বলতে হয়, ভারতী জানে তার নিজস্ব লকডাউনের ভাষা।
সে একটি ছাগলছানা কোলে নিয়ে বাবলা গাছের ছায়ার দিকে এগিয়ে যায়।
ছায়া কী আছে?
৯ জ্যৈষ্ঠ, ১৪২৭