দৈনিক কবিতা আশ্রম, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৭
আবহমান বাংলা ভাষা
দৈনিক
২৬ জ্যৈষ্ঠ ১৪২৭
The Swansong (2020) by Chandan Mishra
পার্থপ্রতিম আচার্য
অধ্যায়
সীমানার পাড়ে এক গোলচন্দন গাছ,
পাথর বাঁধানো বেদি, পাখিদের দূতিয়ালি,
এক বুড়ি আগুন লাগিয়েছে
বাতিল কাগজে।
খাঁচা থেকে বেড়িয়েছে রাজহাঁস,
শীত পালানো বাতাস
অনর্থক ঢুকে পড়ছে ঘরে।
আঁধার হলে বাসায় ফিরবে বলে
একজন বৃদ্ধ, একমনে দেখে যাচ্ছে
ফুরিয়ে আসা আগুনের শিখা।
লাল ফড়িং এর ডানায় ডানায়
ভেসে বেড়াচ্ছে শৈশব,
কাগজ কুচির ছেলেবেলা…
রহস্যময় যৌবন…
অজস্র ধূসরতার মধ্যেও
জ্বল জ্বল করে উঠছে যুদ্ধ,
হিরে মানিক আলোয়—
একগুঁয়ে এক তরুণীকে অবাধ্য এক তরুণ
জোর করে পরিয়ে দিচ্ছে ধনেখালি শাড়ি।
কোথাও সারিন্দা বাজে,
তিনসন্ধ্যার দিনে নির্বিকার এক কাক
আমাকে চিনিয়ে দিল
জগৎ খোলা বাড়ি।
সুজিত রেজ
চলনবিল
এই তো সেই চলনবিল। নবকৃষ্ণের টহলের সুরে ভোরের আলো যেখানে ভাইরাল হয়। অক্সিজেন কার্বনের খুনসুটি চলে বাবলা কাঁটার ঘেরাটোপে।
বাঁশি রঙের আলো চলনবিলে মাছেদের সঙ্গে খেলা করে। আশ্বিনের রোদ মুখ দেখে কাশবনের আয়নায়। আগুন রাঙা কপাল শীতল করব বলে আমি এই কিছুক্ষণ আগে এসে বসেছি তার নৈর্ঋত কোণে।
ভোরের স্বপ্নে নিমন্ত্রণ পেয়েছি মাছরাঙার। সে কী ভাবে মাছ ধরে হাতেকলমে শিখিয়ে দেবে প্রতিশ্রুতিও দিয়েছে।
সোফায় বসে, বিছানায় গা এলিয়ে, চায়ের কাপ হাতে, খবরের নালি ঘা ঘাঁটার চেয়ে, এই অবসর-মুহূর্ত আমার একান্ত যাপন।
গোলাম মোর্শেদ চন্দন
সাত সমুদ্র
একটা চিঠি পোস্ট করেছি, শূন্যে
হাওয়া তারে নিয়ে যাবে, শুধু তোমার জন্যে
কেমন আছো জানিয়ে দিও, অন্ধকারের আলো
তোমায় নিয়ে ভাবনাগুলো, স্বপ্নবিহীন কালো
বেশ তো আছি হাওয়ায়, নিত্য আশা যাওয়ায়
আবার তুমি এসো ফিরে হাজার জন্ম ঘুরে
দেখা হবে তোমার সাথে হাওয়ার সমুদ্দুরে
শাশ্বতী দাশগুপ্ত
পূর্ণিমা
রাত ছুঁয়ে পূর্ণিমা এল,
সেই রাতেই তার জন্মলগ্ন।
মাতৃসম আলোয় সে পৃথিবীতে পেল ঠাঁই,
অবাক দৃষ্টিতে তার নতুন জীবনের অটল আশ্বাসে,
সে পৃথিবীকে চিনল খোলা আকাশের নীচে
সব দিকচিহ্ন ধরে সে আকাশ চিনল
প্রথম দেখা অক্ষরের মতো।
এখন সে আপন মনে বাঁশি বাজায়,
বালিচরে শ্রাবণ নামে।
পায়ে চলা সাঁকো পেরিয়ে চলে যায়
শাল সেগুনের বাঁকে বাঁকে অজানা সবুজের দেশে,
ঝড়ের সাথে উড়ে যায় চেনা আলোর কাছে,
একটা রাত জাগানো পূর্ণিমা আসে।
নতুন প্রজন্মের বিশিষ্ট প্রকাশক অপু দে-র নিয়মিত কলাম
অপুর সংসার
পর্ব-৭
তপন সিংহ
একজন চলচ্চিত্র পরিচালকের খোঁজ করছিলাম। কোথায় গেলে তাঁকে পাব তা জানা ছিল না। খোঁজ করছিলাম নিজের জন্যে। ভাবছেন অভিনেতা হবার লোভ। এমন লোভ যে ছিল না তা নয়।
আমাদের বাড়িতে টিভি আসে অনেক পরে। ’৮৬-র মারাদোনা প্রথম আমাদের বাড়িতে টিভি নিয়ে আসেন। আরে না না, উনি আনেননি। বিশ্বকাপে তাঁর খেলা দেখার জন্যে আমার কাকু (অনেকে সুভাষদা, আবার কেউ কেউ বাবুদা বলে ডেকে থাকেন) একটি সাদাকালো পোর্টেবল টিভি কিনে নিয়ে আসেন। সঙ্গে নীল রঙের প্লাস্টিকের একটি বস্তু। সাদাকালো টিভির ওপরে ওটা লাগিয়ে দিলে একটা সিপিয়া (আমাদের ছাপার ভাষায়) টোন এসে যায়।
তখন টিভিতে শনি ও রবিবার স্পাইডারম্যান, বেতাল বত্রিশ সিংহাসন, করমচাঁদ, আর রামায়ণ হত। এই ছিল আমার টিভি দেখা। পরে লুকিয়ে মাঝে মাঝে চিত্রহার। উফ্! যদি একবার ওই টিভির পেছনে ঢুকে পড়তে পারতাম, বেতালকে আর উড়ে যেতে দিতাম না।
সুপ্ত বাসনা পূরণের জন্যে পরিচালকের খোঁজ করছিলাম এমনটা নয় কিন্তু। খোঁজ করছিলাম আমার এক প্রিয় পরিচালকের। বড় হওয়ার আগে দূরদর্শনে যেসব সিনেমা দেখে হেসেছি, কেঁদেছি, আনন্দ পেয়েছি, কষ্ট পেয়েছি।
তিনি তপন সিংহ। সেই ছোট্ট টিভিতে ‘কাবুলিওয়ালা’ সিনেমা দেখে কখনও কাবুলিওয়ালা সেজে “খোঁকি” বলে ডেকে উঠেছি, কখনও ‘গল্প হলেও সত্যি’ দেখে মনে হয়েছে বড় হয়ে এমন চাকরি করব। ‘বাঞ্ছারাম’-এর স্বপ্নের বাগান গড়তে গড়তে কখন যেন বড় হয়ে গেলাম। আর বড় হয়ে তাঁর লেখা পড়লাম— ‘মনে পড়ে’। পড়ার পরে মনে বাসনা জেগেছিল এই পরিচালককে যদি একবার সামনে দেখতে পেতাম অনেক প্রশ্ন করতাম। আর এই বাসনা পূরণের সুযোগ করে দিয়েছিলেন রবীন্দ্র সংগীত গবেষক প্রবীর গুহ ঠাকুরতা।

সাক্ষাতে তৈরি হয়েছিল এক যোগসূত্র। প্রকাশক ও লেখকের সম্পর্ক। আসলে এই সাক্ষাতের আগে ‘মনে পড়ে’- র পাশাপাশি তাঁর লেখা খুঁজতে থাকি। পেয়েও যাই বেশ কিছু লেখা। সেইসব লেখা ও নানান সাক্ষাৎকার নিয়ে একটি সংগ্রহ তৈরির প্রস্তাব দিই। শমীক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘চলচ্চিত্র আজীবন’ নামে তৈরি হয় সেই সংকলন। এই বইটি প্রকাশ পেল যখন, তখন তাঁকে আমরা হারাই। তাঁর হাতে তুলে দিতে না পারার এই আফসোস, দুঃখ আমাকে আজীবন তাড়া করে যাবে।
মনে পড়ে প্রথম দিনের সেই দিনটি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বারান্দায় মোড়ায় বসেছিলাম। কিছুক্ষণ পরে তপনবাবু ঘরের ভেতর থেকে এলেন। অনেক কথা হয় প্রবীরবাবু ও তপনবাবুর মধ্যে। আমি ছিলাম শ্রোতা ও দর্শক। সেই যে অনেক প্রশ্ন করব ভেবেছিলাম তার কিছুই করা হয়নি। আমি শুধু দেখছি আমার সামনে বসে আছেন কাবুলিয়ালা – অতিথি – বাঞ্ছারাম-এর স্রষ্টা। গল্প হলেও সত্যি, আমি এঁদের সকলকে দেখতে পাচ্ছিলাম।
তপন সিংহের এই গ্রন্থ নির্মাণের সময় বেশ কয়েকবার তাঁর কাছে গিয়েছি। শমীক জেঠুর সঙ্গেও গিয়েছি। পরিচালক ও সম্পাদকের কথাবার্তায় শুনেছি তাঁর সময়ের কথা, সেই সময়ের টলিপাড়ার কথা। ২০০৮ সালে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হয় তপন বাবুকে। তিনি তখন অসুস্থ। তাঁকে হুইল চেয়ারে নিয়ে আসা হয় বসার ঘরে। দূরদর্শন থেকে তা সরাসরি দেখানো হয়েছিল। অনেকের সঙ্গে আমিও সাক্ষী ছিলাম এই গোটা অনুষ্ঠানটি তাঁর বাড়িতে থেকে দেখার।
বিছানায় শুয়ে আছেন, তখন বেশ অসুস্থ। কিন্তু পুরনো স্মৃতি খুব উজ্জ্বল। যে জায়গায় শুয়ে আছেন সেখান থেকে সোজা তাকালে দেয়ালে অরুন্ধতী দেবী। অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেই ছবিতে। তিনি তাকিয়ে আছেন সেই ছবির দিকে, আর শমীক জেঠুর প্রশ্নের উত্তর দিচ্ছেন, “অতিথি সিনেমায় সব গান ছিল রবীন্দ্রনাথের, গীতিকার ছিলেন রবীন্দ্রনাথ। “মাঝে নদী বহে রে, এপারে তুমি শ্যাম ওপারে আমি” শুধু এই একটি আমার লেখা। রবীন্দ্রনাথের পাশে গীতিকার হিসেবে আমার নাম রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই রাখা নেই।”
বহু গানের রচয়িতা তপন সিংহ। চলচ্চিত্র জগতে গীতিকার তপন সিংহ অপরিচিতই রয়ে গেলেন।
