প্রশান্ত দত্ত
তোমার যুদ্ধ
ধরো তুমি যুদ্ধে নেমেছ। ধরো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে। রণক্ষেত্রে সারি সারি রথ । পেছনে না পসন্দ হাজার চোখ। মহাকাব্যিক যুদ্ধে তোমার ভূমিকা একটু সতী-সতী। সঞ্জয়ের দিব্যদৃষ্টির সম্মোহন। তবু গদা হাতে ভীমের আস্ফালন তোমার ভাল লাগছে না। ধর্মপুত্র যুধিষ্ঠিরের অশ্বথামা হত ইতি …তোমায় উদ্দীপ্ত করতে ব্যর্থ। পিতামহ ভীষ্মের আটান্ন দিনের শরশয্যা তোমার কাছে ব্রেকিং নিউজ। তাই তোমার অ্যাটিটিউড পরিবর্তনশীল। কর্ণের রথের চাকা মাটিতে প্রবেশ তোমায় কোমায় নিয়ে যাবে। তাই স্মরণীয় যুদ্ধের মাঝপথে তুমি ঐতিহাসিক ভূমিকা নেবে। তোমার পদযুগলের নিষ্ক্রমণ। স্মরণীয় যুদ্ধ ছেড়ে তুমি গোত্রহীন। তোমার স্টিয়ারিং ১০ নং জনপথ ছাড়িয়ে গঙ্গামুখী…