কার্তিক ঢক্
মহা-জীবনের ঘোড়া
নদীটি শুকিয়ে যাবে বলে
দু’চোখে সারাদিন সমুদ্রকে ফেলেছে!
হয়তো, মহা-জীবনের ঘোড়ার পায়ের শব্দ
শুনেছে সে ঠান্ডা বালিয়াড়িতে …
এমনই এক আগুন যখন ছেঁকা দ্যায়
বুকের গভীরে –
থরথর কেঁপে ওঠে গাছ।
অথচ, প্রতিটি মৃত্যুই মেনে নিতে হয়
এর ভিতরে কোনও নাস্তিকতা নেই !
তবু আমার মাটির ভিতরে কম্পন
শাখা-প্রশাখাকে ফেলে যাওয়ার শব্দে
যে গোধূলি আসে, তাকে কী দুঃস্বপ্ন বলে !
যন্ত্রণা বলে ? শ্বাশত মৌনতা বলে…