মাসুদার রহমান
ছাগল
এক ছাগলছানা আমার আঙুলে মুখ রেখে চুষতে থাকল
সে কী তার মায়ের স্তন ভেবে আমার আঙুল চুষছে!
আমিও ধীরে ধীরে মা-ছাগল হয়ে উঠছি। ডেকে উঠছি, ব্যা করে
তারপর সতর্ক, তাকাচ্ছি এদিক ওদিক
লোকজন শুনে ফেলল কী আমার মা-ছাগল হয়ে উঠবার ডাক
কাক তাড়ুয়া
গমখেতের কাকতারুয়া নড়ে উঠল হঠাৎ
দূর থেকে জিজ্ঞেস করল-
ভরা পূর্ণিমার রাতে বিজন মাঠের পথে কই যাও খোকা?
প্রশ্নের উত্তরে সব বলে গেলাম
উত্তর পাওয়ার পর আবার প্রশ্ন করল, আমি সব বলে গেলাম
শেষে সে বলল- খোকা, সাবধানে যেও। সামনে নদী, পারাপারে নৌকা নেই।
শীতকালে নদীতে খুব জল নেই যদিও
তবু কাপড় ভিজবে। ভাটিতেই বাঁধ… বাঁধ ধরে নদী পাড়ি দিও
ঘাটে এসে দেখি সত্যি পারাপার নেই, বাঁধ ধরে নদী পার হচ্ছি
ডাকবাক্স
অশত্থগাছের ডালে ডাকবাক্স, কেউ আর চিঠিও লেখে না!
এখন অভ্যস্ত কুরিয়ার ডাক। ফোন। নেটে।
এ গাঁয়ের দস্যি ছেলেটি জং-ধরা তালা ভেঙে ভেতরে না দেখলে
কেউ জানতেও পেত না- পরিত্যাক্ত ডাকবাক্সে
এক গোখরো সাপ ডিম ফুটে ছানাপোনা সহ বেশ সংসার পেতেছে