সাপ্তাহিক

১ কার্তিক ১৪২৭

PAINTINGS: KARA WALKER

নির্মল হালদার

ঝিরিঝিরি আলো অন্ধকার

১

আমার এ ঘর ধুতে হবে

বললেই কি ধুতে পারো?

সেই তো শ্যামার মা

 

ঘর ধুতে ধুতে হাতে হাজা হয়ে গেছে।

 

গোয়াল ঝাঁট দিতে দিতে 

শেষ রাতের আঁধার ধুয়ে ফেলে

হাঁড়িরামের বউ

 

ঝাঁটার কাঠিতে লটকে যায় ভোর।

 

২

চাকা থেমে গেছে

 

হাঁড়িটা গড়ে উঠল না।

 

কম পড়েনি মাটিও।

 

অথচ

গড়ে উঠল না হাঁড়ি।

 

৩

হাটে গেছলো যে কটা হাঁড়ি 

বিকতে পারে নাই।

 

সব কটাই ছেঁদা।

 

এক তিল ছেঁদা থেকে দেখতে পাই 

সূর্যাস্তের করুণ আভা।

সুবীর সরকার

বিষ

নিভে যাওয়া চিতা থেকে

একটু কবিতা তুলে এনেছি আমি

অপমান পেঁয়াজ ও মরিচের মত

কষ্ট বলতে আমি কিন্তু ঘামাচি বুঝি

যুদ্ধে হেরে যাই বারবার,কিন্তু কান্না লুকোই

                                   না

পান পাত্রে বিষ মেশাই।

অকপটে স্বীকার করি আমার কোন বান্ধবী

                                      নেই

 

 

PAINTINGS: KARA WALKER

অনঞ্জন

স্তব্ধ আঁধারিয়া

সেদিন এক আশ্চর্য অনুভূতি হল 

মিথ্যেকে হঠাৎ মিথ্যে বলে চিনতে পেরে, 

ভুল সুরে গান গাইতে গাইতে যেন 

হুঁশ ফিরল—স্তব্ধতার সুরগুলো যে বাদ! 

 

অন্ধকারকে রাতের বেলায় খুঁজতে খুঁজতে 

টের-পেলাম অন্ধকার আসলে দিনভর 

সরোদ বাজায়, আলোর ক্ষমতা কি যে 

ওই স্তব্ধ আঁধারিয়ার রেশ কাটায়! 

 

রাজেশ গঙ্গোপাধ্যায়

বাঁশি

আমাদের গানের দলে যে মেয়েটি বাঁশি বাজায়

তার দুগাল বেয়ে গড়িয়ে নামে লবণাক্ত সুর

ভেসে যায় ধুন…হারপুন বিঁধে যায়

                           ভেতরের দিকে 

বায়বীয় অবয়ব শানিত হয়ে ওঠে…

ছিন্নভিন্ন ভিতরকণিকা থেকে

আলোকবৃত্তে বিচ্ছুরিত আলোর দেয়ালা 

 

অলীক ছোঁয়াচ থেকে একেকটি তীর 

আমার ধবংসে রাখে সুরের প্লাবন…

 

আমাদের গানের দলে যে মেয়েটি বাঁশি বাজায়

তার সুরের ভাঙনে ধসে যায় আমার দু পাড়

তার ডানার উড়ানে ভরে ওঠে আমার ভুবন

তার কৃষ্ণরূপে লীন হয়ে ওঠে আমার রাধাজন্ম

 

বাঁশিতে মরেছি!

আজন্মকাল ধরে যেভাবে গল্পখাত ধরে

            এগিয়েছে এমন কাহিনী…

 

 

মারুফ আহমেদ নয়ন

কফিন কাঠের ঘুম

তোমার চোখের দিকে তাকিয়ে আছি। আমার ঘুম পাচ্ছে না চল্লিশ হাজার বছর। বাহিরে বরফ গলছে। বৃষ্টি ঝরছে। সূর্য মেলে দিচ্ছে রোদের সমস্ত ডালপালা। জানালা দিয়ে রোদ এসে খেলা করছে তোমার দীঘল চুলে, তখন ভাবছি এক কোটি ইয়ূ গাছের আয়ুর সমান দীর্ঘ হোক তোমার আমার প্রেম। জানি হবে না, আমি ডুবে যাবো কফিন কাঠের ঘুমে, তুমি তাকিয়ে থাকবে আমার অদৃশ্য মুখমণ্ডলের দিকে। আমাকে দেখতে পাবে না, এক ঝাঁক পায়রাকে উড়ে যেতে দেখবে হাওয়ার সমুদ্রে।

 

PAINTINGS: KARA WALKER

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।