আবহমান বাংলা ভাষা

দৈনিক

১৭ জ্যৈষ্ঠ ১৪২৭

অর্পণ চক্রবর্তী

রেজোলিউশন

আজ রাতে আমি একটা রেজোলিউশন নিতে চাইছি 

কাল থেকে কাল ভোরবেলা থেকে  কী কী করব না আর কী কী করব।

কাল থেকে আমি খুব ভালো হয়ে যাব— এরকম বললে 

প্রায় কিছুই বোঝা যায় না এতখানি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়।

অথচ খারাপ হয়ে যাব বললেই সব্বাই ঠিক বুঝে নেয় 

কোন দিকে ইশারা করছি। 

‘খারাপ’ শব্দটার এই মূর্ততাগুণে এত টান পড়ল ভিতরে 

আমি সেদিকেই চলে যাচ্ছিলাম সূর্যাস্তের সময়।

আর একথা সবাই জানে সূর্যাস্তের ঘটনা প্রত্যহ ঘটে 

হাইওয়ের ওপর ঘন ধানক্ষেতের ভেতরে। 

আরো কিছু ঘটে; ধানগাছের মাথারা কেঁপে কেঁপে ওঠে খুব 

তার সঙ্গে যৌন আর্তি নিয়ে সূর্যটি ডুবে যায় রোজ।

 

আমি এই শারীরিকতা থেকে ফিরে আসি অতি কষ্টে।

রাত বাড়ে, আমি ক্রমশ ভুতের মতো কায়াহীন হয়ে গিয়ে

চর্যার পাতা খুলে দেখি ছায়া মায়া কায়া – সব যে সমান,

এই জ্ঞান বিচিত্রিত হয়ে ছড়িয়ে রয়েছে 

অতঃপর ফুটে ওঠে তারা — কালির ফোঁটার মতো সাদা মনে।

 

অতঃপর ঠিক করি কাল থেকে আর কোনো অনির্দিষ্ট পথ ধরে হাঁটা নেই

কারণ সমস্ত পথ বেঁকে গিয়ে পৃথিবীর ভেতরেই  শেষ হয়।

এ গ্রহের বাইরে যাওয়ার মত কোন পথ

হয়তো অতীতে ছিল, রোদের সাম্পান ছিল 

বৃষ্টির ছাঁটের ভেতরে হয়তো ভিন্ন ভিন্ন অভিমুখে

কারো কারো  চলে যাওয়া ছিল এলোমেলো।

এখন তাদের সঙ্গে আমাদের কথা চালাচালি বন্ধ হয়ে গেছে।

ফলত  সেসব পথ মুছে গেছে; বিলুপ্ত ভাষার মতো

তাকে নিয়ে কোন মুখরতা অসহ্য পর্যায়ে চলে যাবে ।

 

ফলে আরো ঠিক করি কথা বলা কমাতে হবে ।

যত কম কথা বলবো তত কম দোষ বর্তাবে আমায় ।

কারণ কথার ভেতরে খুব হ্যা হ্যা হো হো থাকে, 

রসিকতা থাকে, একে ওকে নিয়ে তাহাদের নিয়ে 

দু’চারটি টীকা ও টিপ্পনী থাকে ।

—এদের বাদ দিয়ে যে যে গুরুতর বিষয়সমূহ 

দৈবী প্রভার মতো মাথার ওপরে এসে আলো দেয়, 

কথা বন্ধ করে দিলে তারা আরো দেবতার মতো 

সিংহাসন পায়। অরা তৈরি হয়। লোকে ভাল বলে ।

 

তাহলে কাল থেকে বন্ধুর বোবা ভাইটির মতো হয়ে যাব

খিদে তেষ্টা ঘুম পেলে, সুখ ও আনন্দ পেলে 

ইশারা ইঙ্গিতে জীবন চালিয়ে নেব শান্তিময়,

শুধু কাম পেলে কীভাবে বোঝাব ভাবলে শিউরে উঠছি

তবে কি ফিসফিস করে সামান্য কথা-বলাটুকু রেখে দেব? 

অমিত মাহাত

সুবিমল, পালিয়ে এসো

কাঁপুনিটা শুরু হল। কেঁপে কেঁপে উঠছে স্টেশনের মাটি। জ্বরের মাত্রা বাড়লে যেমন কাঁপন লাগে শরীরে। ঠিক সেইরকম একটা কাঁপুনি হজম করল সুবিমল। শীতের শেষ হাওয়ায় শালবন তিরতির করে কাঁপে। কাঁপতে কাঁপতে একটি দুটি করে  পাতা খসায়। ঠিক সেইরকম কাঁপুনি।

উত্তরের হাওয়ার অদৃশ্য বেগ। এসে ধাক্কা খায় সুবিমলের পিঠে। জ্বোরো শরীর হাওয়ার ধকলে ধরাশায়ী।

সুবিমলের হাত ঘোরাফেরা জামার বুক পকেটে। বুক পকেট তাকে আশ্বস্ত করে। পকেটের ভিতর তিতকুটে ট্যাবলেট দুটো মুখে হাসি আনল তার। তখনই হাওয়া ওঠাল। সে গাল পাড়ে হাওয়ার উদ্দেশ্যে।

—নিলৈজ্জা! তোর কোনও সরবসর নাই। দেখছিস লোকটা কাজে বেরাইছে। তোকে আসতেই হবেক?

গালি শুনে হাওয়াও খানিকটা ভড়কে যায়। দোটানায় পড়ে। কেউ যে তাকে নির্লজ্জ বলবে—এতটা ভাবেনি  সে। বরং ভাবনা হয়। সুবিমল লোকটা আদতে কী? জ্বর শরীরে তার কি না বেরোলেই চলছিল না। একটা দুটো দিন তো ঘরে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতে পারে। হাওয়া তার যাত্রার ব্যাঘাত ঘটাতে যেতই না। হাওয়ার কি অন্যকাজ নেই, না কি?

হাওয়া আবার বইতে শুরু করে। সেই উত্তুরে হাওয়া। হাওয়া বইছে তার আপন মনে। আপন নিয়মে। সুবিমল পিঠের উপর ঝোলানো বিছানাপত্তর ঠাসা ব্যাগটি এবার নামিয়ে রাখে মাটিতে। একটি মালগাড়ি কয়লার গুঁড়ো উড়িয়ে ফের আরেকবার স্টেশনের মাটি কাঁপিয়ে তার গন্তব্যের দিকে  ছুটে বেরিয়ে যায়।

প্যাসেঞ্জার ট্রেন সব লেটে চলছে। আজ। হুসহাস হয় মালগাড়ি, নয়তো এক্সপ্রেস ট্রেন সিটি বাজিয়ে। টাটকা গু মুতের বিচ্ছিরি দুর্গন্ধ ছড়িয়ে আমেদাবাদ এক্সপ্রেস, মুম্বাই মেল হাওড়ার দিকে ছুটে যায়। সুবিমলের টাটা খড়্গপুর লোকাল মার খায়।

এমনিতে সুবিমল ভোরের ফার্স্ট লোকাল ধরে। সেটা মিস হলে সেকেন্ড লোকাল ধরে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কাজের জায়গায়। আজ শরীরটা  ওর ভালো নেই। ভোরের দিকে জ্বরটা তুলেছিল। দশটা ঊনচল্লিশ এর ভরসায় বেরলে সেদিন আর কাজ করা হয়ে ওঠে না তার। ট্রেন এমনিতেই দেরিতে চলে। মাঝে সরডিহা কিংবা কলাইকুন্ডায় দাঁড় করিয়ে দেয় লোকাল ট্রেন। কোনও এক্সপ্রেসের জন্য লাইন ছেড়ে দেয়। বেশি ভেরিকেটি লাগায় খড়গপুর ঢোকার আগে। কোন প্ল্যাটফর্ম এ দেবে সি নিয়ে ট্রেনের মার খাওয়ায়। তার উপর সকালের গাড়ি আবার মাঝে মাঝে কারশেডে যাওয়ার ব্যামো ধরে। সুবিমলকে দৌড়াতে হয় লাইন টপকে। মেজাজ খিচড়ে যায়। যাও হে সুবিমল। দৌড় লাগাও। চার নম্বর থেকে সাত নম্বর পেলাটফরম। প্রথম প্রথম অসুবিধেই পড়ত সে। এখন এটা রপ্ত করে ফেলেছে। এসবের মধ্যেই সুবিমল বেশ চৌখস হয়ে উঠেছে।

সকালের ট্রেনে ভালো ভিড় থাকে। ছোট স্টেশন হলে কি হবে। পুরো গমগম করতে থাকে। বেশিরভাগ স্কুল কলেজের ছেলেমেয়ে সব। টিউশনি নিতে শহরে যায়। সাড়ে দশটায় তারা ঘোরে দঙ্গল বেঁধে। বাকি প্যাসেঞ্জারের বড় অংশ লেবার শ্রেনির। রাজমিস্ত্রী আর তাদের জোগাড়ে দল। এরাও সংখ্যায় কম না। দিনেদিনে এদেরও সংখ্যা বাড়ছে। শহরে যাওয়ার কাজের প্রবনতা বাড়ছে। বাড়ছে বলেই সুবিমলের ঘরে  থাকা হয় না।

সুবিমল ওদের মতো ডেলি প্যাসেঞ্জারি করে না। সপ্তাহে না পারলে পনেরো দিনে একবার গাঁয়ে আসে। একটা দিন পুরো কাটায়। দেড়দিনের মাথায় আবার স্টেশনে। কাজের জায়গায় ফিরতে হয় তাকে।

সুবিমল কলকাতায় নিউটাউনের একটি নবনির্মিত অসম্পূর্ণ আবাসনের সিকিউরিটি গার্ডের কাজ করে। বারো ঘন্টা কাজ। সকাল আটটায় জয়েনিং। রাত্রি আটটায় কাজ সেরে রুমে ফেরে। রুম ওদের কাজের জায়গা থেকে মিনিট কুড়ি। করগেটেড টিনের দেওয়াল দেওয়া টেম্পোরারি বাড়ি। সেখানে ওরা  সাত আটজন একসাথে গাদাগাদি করে শোয়। নিজেরাই রান্না করে। মুদির দোকান থেকে চাল কেরোসিন কেনে। রাতে ফিরে রান্না করে। খায়। ভোরে উঠে রান্না করে। খায়।  আটটায় কাজ শুরু। আটটায় কাজ শেষ। দিনে রাতে। একইরকম। জীবন।

দুই

দীর্ঘদিন বৃষ্টি হয়নি। দীর্ঘ অনাবৃষ্টির শেষে আকাশে যখন মেঘের ছায়া ঘনত্ব বাড়ায়, তপ্ত মাটির টানে হঠাৎ বৃষ্টি নামলে সুবিমলের মনটা শাল জঙ্গল হয়ে যায়। বাতাসে ভেজা মাটির গন্ধ। মাটি উগরে দিত গরম ভাপ। সুবিমল এই ভাপটিকে হাতের মুঠায় ধরতে চাইত বরাবর। তখন বৃষ্টিটা চলত বেশ কিছুদিন। বাবার সাথে সে চলে যেত কাঠের লাঙ্গল নিয়ে। বাপের হাত ধরে চিনে নিত নিজেদের জমির সীমানা। আইল। যদিও তখন সে খুব ছোটো। লাঙ্গল বাইতে পারত না। বাপ যখন বেসিয়াম খেতে বসত নিজেদের আলের উপর। ওর কাজই ছিল পাঁচন লাঠি উঁচিয়ে হালের গোরু দুটিকে একঠাই দাঁড় করিয়ে রাখা। হালের গোরু তো ওর মতো স্কুলে বর্ণপরিচয় পড়েনি। সুবোধ বালকের স্বভাব ওদের ছিল না। সামান্য সুযোগ পেলেই বলদজোড়া দুটি দুদিকে মুখ বাড়িয়ে দিত। লকলক হালি ঘাসের টানে চলতে শুরু করে দিত। লোহার ফাল পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। ও তো বাচ্চা। ঠেকাবে কী করে।

বাপ তখন চিল্লিয়ে উঠত — অ রে অ ছটকো! অ রে সামলা। যাইয়ে বোঁটা টা জ্যাঁক্যে ধঅর।

সে এভাবেই শিখে যায়। লাঙ্গল চালনা। চাষ। খেতিবাড়ি। কোন জমিনে কোন ধানটা কেমন ফলবে। সে শিখে যায়। তখন তো জলা জমিতে চাষ হত জংলিজটা ধান। সে ধানের চাল হত লালচে। চিঁড়ে হত খুব মিষ্টি। আরও এক ধান ছিল। ডিপুটি শাইল। যার ফ্যানভাত খুবই সুস্বাদু। আর নরম খুব। এখন সেসব ধান কোথায় হারিয়ে গেছে। উঠে গেছে আশু ধান। কাউলাস। ঝিঙা শাইল। ভূতমুড়ি। কীসব সুন্দর ধানের নাম। যেমন বাপ তার নাম রেখেছিল সুবিমল।

বর্ষার জলে চাষ। বাপ তাকে শিখিয়েছিল। চাষ। বাপ বলত — লাঙল ফেলি রাখতে নেই।

—ক্যানে? লাঙল ফেলি রাখলে কী হবেক, বাপ?

—লাঙল ফেলি রাখলে কাজ কাজ পড়ি থাকে।

—কাজ পড়ি থাকলে?

—মানুষে খেতে পাবেক লাই।

—মানুষে খেতে না পেলে?

—পাপ লাগবেক।

—পাপ লাগলে?

—ভগমান তার বলদজোড়া ঘুর‍্যৎ  লিবেক।

—ঘুর‍্যৎ লিলে?

—পিত্থিবি টা ডাহান বনে যাবেক।

সুবিমল সে ছবিটা দেখতে পায়। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবী তার ধুঁকছে।  খাদ্যের অভাবে।  মানুষজন  কেউ কোথাও নেই। আর।

পোড়া শহর তাকে বলছে ফিরে যাও। পালাও সুবিমল পালাও।

কবিতা আশ্রম আয়োজিত কবিতা পাঠ

অফুরন্ত বাংলা কবিতা

সুবোধ সরকারের কবিতা

বিগত দিনগুলি