সাপ্তাহিক

১ ফাল্গুন ১৪২৭

Painting:Jean Dabuffet

ঐশী চক্রবর্তী

রক্তাক্ষর ও নিশামহামাস

এরূপে বৈধব্য দিলে কালকূট,

              নিশিমাংস প্রণয়ের তোড়ে 

অজিন—মৃত্যুপূর্বে নাম ধরে ডাকে 

বহু বসন্ত, নিশাপতি অমৃতবেলায় 

ছন্নছাড়া পড়ে থাকে—সাজঘর,

                   রাইবিহারি মন্দিরে। 

 

যেভাবে দোলনা থেকে অনঙ্গ বিষণ্ণ হয়ে ফেরে

বারবার, তিল ও জলের মাস

দান করে বাসনায় ছটফটানো মানুষ— 

প্রভূত আকাঙ্ক্ষা জানো, নিভৃতে রক্ত খুঁড়ে রাখি 

মাঘের ঋণ, যেভাবে শরীর থেকে

                  অনঙ্গ অনাসক্ত ফিরে যায়… 

 

দুই হাতে লোভ ছাড়ে, ত্রস্ত আঁচলের 

মোহতম গিঁট খোলে নবীন বৈরাগী 

বিখণ্ডে রাগের নাশ— 

প্রভূত আকাঙ্ক্ষা জানো, সৃষ্টি-স্থিতিকালে 

চর্মঋণ—গিরিধারী লুকিয়ে রাখি আসমুদ্র-হিমাচলে!  

 

বিষ্ণুপ্রিয়া

আমি তাঁর চোখের পলক ফেলার আগেই 

শান্তি চাই প্রিয় পাহাড়ের নামে 

 

শালবন রৌরব দেবে যেন স্বর্গের বাইরে 

একটি জলাশয় রেখেছি 

অরন্ধন কষ্টধারা 

যে আমায় ভুল বোঝে, আজীবন ভুল বুঝে যাবে 

নরম পাখির ডানা তাঁর, ঠোঁটস্থ শ্বাসবায়ু 

নিহিত কামড়ে 

জিভে দিই চাল-মৃগয়া! 

 

ঈষৎ প্রলুব্ধ অনুভূতি 

এ ব্যথা শূন্যতার চেয়ে সুখকর  

জীবন আকণ্ঠ জ্বলেছে ক্ষমায়—

 

বায়বীয় ডানা তাঁর, ঠোঁটস্থ রাধিকা 

নিহিত মরণে 

জিভে দিই ভক্তিভাব, 

আয়ুতে চিরকাল বিষ্ণুর প্রিয়া… 

 

শাশ্বতী দাশগুপ্ত

টান

কেউ আমাকে বলেছিল,

প্রত‍্যাশার ভোরে ছুঁতে পারবে এক ছায়াছায়া 

বিন‍্যস্ত গৃহকোন! একি স্বপ্ন?

নাকি হারিয়ে যাওয়া ইতিবাচক কোন দুরন্তটান!

 

আমার খুব ইচ্ছে ছিল—

এই হলুদের ছোপধরা হতশ্রী বাড়ী,

মনে মনে শক্তপোক্ত হোক, সংসারী হয়ে উঠুক!

খোলা জানলায় কিছু মন খুলে যাক,

 

চুলের ফিতের মৃদু গন্ধে, আর নিশ্বাসের

নীচে সম্পর্কের উপস্থিতিতে, ঘুরে ফিরে

বেড়াক কথায় মোড়া পেলব প্রেম।

 

ইচ্ছে ছিল, শরীরে মাখামাখি হোক তৃপ্ত সকাল,

নিঝুম দুপুর, পড়ন্ত বিকেল, ছায়ানিবিড় চোখের

সাঁঝবাতি! বুকে রেখে যৌথ মনন,

রাত খেলুক অতীব সঙ্গোপনে! অপেক্ষার

শিয়রে ভরে উঠুক ছিরিছাঁদের গেরস্তালী!

 

এক স্বপ্নসুখের ঘুমে রাত কাবার!

আচমকা খুলে গেল উপেক্ষার ভোর,

দেখলাম, আমার স্বপ্নরা পেরোচ্ছে এক চক্ষুহীন গলি,

আসলে, আমার স্বপ্নেরা বরাবরই বড়ো কাঙাল!

 

গোবিন্দ সরকার

নম-শূদ্র

কাকভোর থেকে মেলে ধরেছে নয়নতারা। তবুও প্রজাপতিদের বনভোজে চাকচিক্য নেই। স্যাটেলাইট না আনায় টার্গেট কনফার্মে গাফিলতি। এখন থানকুনিও ঈর্ষা বশত যৌবনের পাঁচালি শোনায়।

 

হেঁটে যাচ্ছে মধুচন্দ্রিমা গরাদের মাঝ বরাবর। দাম্পত্যের কলহে সুখকর এলাচ দানা। অ্যানোনাইমাস কবি কবিয়াল ফলাচ্ছে বর্ণমালাকে দুমড়ে মুচড়ে। যেন এনিয়ে বিনিয়ে চলছে সদ্য জন্ম নেওয়া বাছুর।

 

একঘড়া জলে শাপলা ও সূর্য নমস্কার।হাঁটুজল ভেঙে কুন্ডি পারাপার হাঁসেদের। মরুদ্যান জুড়ে গুগলিদের ক্রীড়াভূমি। আহারে বিহারে নম-শূদ্র জীবন।

 

শুভজিৎ দাস

ছায়াজগৎ

আচ্ছন্ন আগুন,    

হাওয়াতে খিমচানো বুকে ক্রন্দনমাখা সুর 

কার?

প্রহেলিকার!

অস্ফুট সিঁদুরে বিগ্ৰহ,

শ্যাওলা বুকে শানিত সিঁদুরে আঁকিবুকি।

দৈববাণীর ধ্বনি 

ঈশ্বর ভেবেছিল এক আলাপের 

তবুও চেয়েছিল;

কিন্তু এসেছিল বৃষ্টিরা 

নিপাট ভিজিয়ে দিতে 

ব্যাপিত জগতে ছড়িয়ে দিতে 

ঘটনাদের।

 

ভগ্নাংশের ছায়ারা কালো ফড়িং ঘিরে 

চেয়েছিল, দেখেছিল 

তারা 

আচ্ছন্ন আগুনের ঘনঘটা ।।

 

Painting:Jean Dabuffet

“হৃদয়ের গান শিখে তো...”

পর্ব-১১

ফাল্গুনী ভট্টাচার্য

বোলপুর হাই স্কুলে ভর্তির খবর নিতে এসে শুনলে সেদিনই লাস্ট ডেট। টাকা নিয়ে যাওনি। তাই আর হল না। ফিরে এসে মন খারাপ করে বসে থাকলে। তারপর টাকা জোগাড় করে বোলপুর কলেজে ইলেভেনে আর্টস নিয়ে ভর্তি হলে। বিশাল বড় বিল্ডিং। বড় বড় ক্লাস ঘর। অধ্যাপকরা এসে ক্লাস নিচ্ছেন। জটাধারী মালাকার যতীন্দ্রনাথ পাল সুধীর ভট্টাচার্য মনুজেশ মিত্র বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় পুলিনবিহারী গোস্বামী চন্দন চক্রবর্তী স্যাররা ক্লাস নিচ্ছেন। কী অসাধারণ বক্তৃতা করছেন! তোমার সামনে এক এক করে ভাবনা-চিন্তার দরজা জানালা খুলে যাচ্ছে। সকালের ট্রেন ধরে এসে স্টেশনে কিছুক্ষণ বসে পড়ে নিচ্ছ, তারপর আমূলের টিনের কোটোয় আনা মুড়ি গুড় ছাতু খেয়ে নিয়ে দশটার ক্লাস। তারপর আরও দু’চারটে ক্লাস করে বিকেলের ট্রেনে বাড়ি। রাতে গরম ভাত।একবেলা ভাত হলেই তো বেঁচে থাকে মানুষ। কতজন তো তা-ও পায় না। পুজোর পর নবান হয়ে গিয়ে পৌষ এসে হাজির। পাকাধানের গন্ধে ম ম করছে পথের দু’ধার। ভাষামানিক রাঁধুনিপাগল দুধকলমা গোবিন্দভোগ শুঙোকলমা ধানের প্রাণভরানো গন্ধ। মাঠের ধান গোরুর গাড়িতে করে একে একে ঘরে তুলে ফেলেছে চাষিরা। কিছুদিন চারপাশের মাঠে খাঁ খাঁ করা রূপ দেখে মায়া জাগে। কিন্তু তারপরেই মাঝে মাঝে ফ্যাকাশে সবুজ, গাঢ় সবুজ, কালচে সবুজ, সাদা, হলুদ রঙের সমারোহ। মাথা তোলে আলু মূলো তেওড়া ছোলা মটরের গাছ। দূরে আখগাছের গভীর সবুজে উড়ে বেড়ায় ভারুই পাখি। চড়ুই পাখির থেকেও তারা ছোট্ট। মাটির বিছানা থেকে উঁকি মারে সর্ষের ফুল, মৌরীফুল, গমের গাছ। শীতের পড়ে আসা বিকেলে কাঁদরের ধারে অথবা বিশেপুকুরের পাড়ে গিয়ে তুমি বসে থাকো। পাড়ের চারদিকে আইড়ি কলাইয়ের শুঁটি ধরেছে। কাঁচের মতো স্বচ্ছ শান্ত জল। চারদিকে হিঞ্চেশাক আর কলমির দাম। দু’চারটে শামুকখোল বা বক শিকারির মতো পা টিপে টিপে নেমে আসে মাছের সন্ধানে। জালি নিয়ে ওপাড়ার ক’জন বউ ঘরে ফিরে যাচ্ছে। পেটকোঁচরে ছোট্ট মাছ শামুক কাঁকড়া গুগুলি। পশ্চিমদিকে লাল রঙ ছড়িয়ে সূর্য ডুবে যাচ্ছে কোপাইয়ের রেললাইন ছাড়িয়ে দিগন্তের কোলে। একটা লম্বা মোটা দেখে রানিবাহার আখ ভেঙে চিবোতে শুরু করো আর মাথায় কত চিন্তা এসে জড় হয়। মনে পড়ে যাচ্ছে- গতবছর এই পুকুরধারে গাঁয়ের সকলে চালডাল চাঁদা তুলে পোষলা করার কথা। এই ধান তোলার সময় ভাইবোন মিলে মাঠে মাঠে শীষ কুড়োনো। সেই জমা করা শীষ মাড়িয়ে কাঁচাপাকা ধান মুদিদোকানে বিচে লেড়ো বিস্কুট, টাটকা পাঁউরুটি কিম্বা মাছ লজেন্স খাওয়ার কথা। ছেলেদের বেশ ক’জন একবার আলু আর তেওড়া কলাই বোঝা করে এনে পুড়িয়ে খেয়েছিলে। কখনো লোকের জমি থেকে ছোলাগাছ চুরি করে পোড়ানোও হয়। তোমরা বলো ‘হোড়া পোড়ানো’। ছাই ঝেড়ে পোড়া আলুর ছাল ছাড়িয়ে নুনলঙ্কার গুঁড়ো মাখিয়ে দারুণ লাগে খেতে। আর পোড়া পোড়া গন্ধ বেশ লাগে। এবার নানা কারণে পোষলা হয় নি। দাদুর বড়দিদি শিবসীমন্তিনী দেব্যা, তোমরা যাকে বলতে ‘বুড়িমা’ একানব্বইয়ে চলে গেল। সকাল থেকে সন্ধে তোমাকে কতবার যে ডাকতো বুড়িমা-‘ফাগুন আয়, ফাগুন বোস, ফাগুন ভাইটি আমার হাতের আঙুলগুলো টেনে দে তো’। ফেরার সময় হাতে একডাব চাঁচি। কখনো ছাঁচে তৈরি করা মিষ্টি- দুধ জ্বাল দিয়ে চাঁচির মিষ্টি করতো বুড়ি মা। পাথরের ছাঁচে তুলতো নানা নকশা- কলকা, ফুল, তারা, সূর্য বা চন্দ্রজ্যোতি। কোনটাতে লেখা ‘আশীর্বাদ’। কোনোটাতে ‘ভালো থেকো’ বা ‘সুখী হও’। শীতের দুপুরে মাটির কোঠার বারান্দায় রোদ্দুরে সাদা বিছানায় সাদা থান পরা বুড়িমা তিনটে সাদা বেড়াল নিয়ে শুয়ে থাকতো। তাদের নাম দিয়েছিল ‘চাঁদকপালী’ ‘দুধুমুখী’ ‘ঘরসোহাগী’। তিনটেই সাদা ধবধবে। চাঁদকপালীর কপালে একটু কালোর দাগ। মাঝে মাঝে বউ মেয়েদের সঙ্গে কথা কাটাকাটি বা রাগ অভিমান হলে খাওয়া দাওয়া বন্ধ করতো বুড়িমা। তোমার মনে আছে একবার সারা দুপুর বেড়ালের সঙ্গেই কথা বলে গেলো বুড়িমা আর গান করে গেল?

-‘নেকন, নেকন আমার। বুজলি দুদুমুখি! আর পারি না বাপু। বেধবা মানুষ, সেদ্ধপক্ব দুটো গিলব তাও কি ঠিক সময়ে পাব? বেলা যে পড়ে এলো! তোদের দিকেও কেঊ তাকিয়ে দেকে না গো? বলি কিসের এত নঙ্কার কাজ তোদের ? সময়ে ভাত দিবি না দুটো? নিজেরা তো দিব্যি বতর করে চব্যচোষ্য গিলবি! আর আমার ‘চাঁদকপালী’ ‘দুধুমুখী’ ‘ঘরসোহাগীরা কাঁদছে। কি হল চাঁদসোহাগী খিদে পেয়েছে না? দেব তো মা, দেব সোনা। এই নে- ’ সেজবউ কাঁসার থালায় ভাত, নিয়ামিষ ডালনা আর আলুমাখা নামিয়েছে , অমনি বুড়ি মা ভাতের থালা বিড়ালদের দিকে এগিয়ে দিলো। সত্যি বুড়িমা সেদিন ভাত খেল না। কাঁসার জগ থেকে জল খেয়ে কাশীর দোক্তা মুখে পুরে গান ধরল –

“ দুঃখ যদি দিলে তুমি (কেন) সহ্যশক্তি দিলে না-

আগে আগে চলে গেলে কেন সঙ্গে নিলে না?

একসাথে বেঁধেছিলাম এ সোনার সংসার

মাঝপথে ছাড়লে সঙ্গ এ কেমন ব্যবহার?

অফুরাণ পথ দিলে (কেন) চলার শক্তি দিলে না?”

শীতের ভোরবেলা বুড়িমা আর কাউকেই ডাকল না। গান শোনা গেল না তার। সাদা বিছানায় ধবধবে জ্যোৎস্না ছড়িয়ে অস্ত গেল। যেন মিলিয়ে গেল অনন্তের দিকে। পাড়ার মেয়ে-বউরা বলতে লাগল- ‘কী ভাগ্যি বুড়ির! ভরা সংসারে নাতিপুতির কাঁধ পেয়ে স্বগগে গেল গো!’ দুপুরবেলা শ্মশান নিয়ে যাবার আগে কালীতলার বাইরে মজুমদারদের গাবার ধারে মুখাগ্নির জন্য বুড়িমাকে শোয়ানো হল। ধূপ পুড়ছে। গোল করে লোকজনেরা দাঁড়িয়ে। জেঠামণিরা চার ভাই মিলে হাতে পায়ে ঘি মাখাচ্ছে। ফরসা তুলতুলে ছিল হাত পা। ঘি মাখিয়ে আরো সুন্দরী লাগছে!। তারপর কাঁধে করে কংকালীতলার শ্মশানে। শ্মশান-যাত্রীদের সঙ্গে তুমি গেলে। ঝিল জ্বলে উঠল, বুড়িমার সোনার অঙ্গ ঝলসে ঝলসে পুড়তে লাগল। পোড়া পোড়া গন্ধ উঠতে লাগল। হরিনামের দল গেয়ে উঠল-

“ফাটাবাঁশ আর কাতার দড়ি

ছেঁড়া কাঁথা আর বল হরি

এই কেবল সঙ্গে তোমার যাবে

কিসের গরব আর অহঙ্কার

শেষের দিনেতে এইটুকু সার

বলো মন হরি বলো, শান্তি পাবে।”

একটা বাঁশির সুর পাশের রাস্তা ধরে এগিয়ে আসছে। পরিচিত গানের সুর বেশ বাজাছে তবে বাঁশির আওয়াজটা একটু মোটা। সাঁওতালদের গ্রাম রাগাপাড়ার রসিক সরেন বাজাতে বাজাতে চলেছে। গোষ্ঠগোপালের পরিচিত লোকগীতি- “প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে…” মন খারাপ করে ওঠে। মন খারাপ করলে তুমি আকাশের দিকে তাকাও। আজো তাই করতে গেছ। আর তক্ষুণি পুকুরের দক্ষিণ-পূর্ব কোণে বিশাল বেলগাছের দিকে চোখ গেল। একটি পলক মাত্র। আর তোমার শরীর মন আত্মা শিউরে উঠল। সন্ধের আবছা অন্ধকারে দেখলে গাছের ওপর সাদাকাপড় পরা কেঊ বেলগাছটাকে প্রচণ্ড জোরে নাড়াচ্ছে। আর বলছে,-‘ফাগুন আয়- বোস ভাই!’ ধক করে উঠল বুকটা, শ্বাস জোরে চলতে লাগল। আর তুমি এগোতে পেছোতেও পারছ না। এক পলক। বুড়ি মা?। চোখের ভুল? আর তারপরেই দে ছুট। বেশ ভয় পেয়েছিলে তুমি। মা তোমাকে বলল, ‘ভিটেমাটি সংসারে বড় মায়া ছিল। তোকেও খুব কাছে টানত। ওরা স্বগগে গিয়েও থাকতে পারে না। মাটির কাছে প্রিয়জনের কাছে আসতে চায়। দেখতে আসে আমরা কেমন আছি। যা, কালীতলায় একটা প্রণাম করে খুঁটোর মাটি মুখে দিয়ে আয়।’ সেই একটিবার। মাটির পৃথিবীর এই মায়াজড়ানো রতনপুরে আর কোনোদিনও দেখা হয় নি বুড়িমার সঙ্গে, স্বপ্নেও না। শুধু স্মৃতির অন্তহীন ফিতে খুলে গেলে আজো দেখি বুড়ি মা হাসছে আর হাতছানি দিয়ে ডাকছে- ‘ফাগুন আয়- আমার কাছে বোস ভাই!’

 

Painting:Jean Dabuffet

কবিতা আশ্রম মুদ্রিত সংখ্যা থেকে

গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।