সাপ্তাহিক

১৭ মাঘ ১৪২৭

Painting: M.F Husain

দিশারী মুখোপাধ্যায়

বিশ্বাস রাখো

বিশ্বাস রাখো। আমাদের মধ্যকার দূরত্ব দ্রুত কমছে 

মহাশূন্যে তোমার অবস্থান

      এক আলোকবর্ষ করে কমছে বছরে 

আমার দিকে। আমিও এগিয়ে চলেছি

       তোমার দিকে। বিশ্বাস রাখো 

 

আমাদের চোখের সামনে দুটো শালিখ

     প্রতি ন্যানো সেকেন্ডে 

এক হয়ে  যাচ্ছে। লোকে যাকে লয় হওয়া বলে।

 সে এক চরম প্রত্যয়।

বিনাশ একটি অবৈজ্ঞানিক

 এবং অসত্য শব্দ। বিশ্বাস রাখো 

 

আমাদের এইরকম গড় জীবনের

 হয়তো কয়েকটি মাত্র গল্পের 

দূরত্বে রয়েছি আর লাটাই গুটিয়ে নিচ্ছি।

 মধ্যবর্তী সামান্য কয়েকশো বছরে

একএকটা মাইলস্টোনে এসে

বিশ্রম্ভালাপে থাকব কয়েকটি শাল,

মহুয়া বা পাকুড়ের সাথে।তারপর বিশ্বাসের কাল 

 

আমাকে দেখিনি কখনও

আমাকে কখনও দেখিনি আমি।

 তোমাকে দেখেছি। দেখছি এখন 

 

ঈশ্বরকে বিশ্বাস করি না।

তার একটা স্ট্যাম্প সাইজ ছবিও

আমি দেখিনি কখনও।

 দেখিনি বাজার করতে। রেশন-অফিসে 

 

তোমাকে বিশ্বাস করি।

 পাড়া দিয়ে গেলে দেখি ইস্পাতের শলা 

তেতে ওঠে, অনেকটা নরম হয়ে যায়।

 বুকের ব্যাসার্ধ বাড়ে। দেখি 

তুমি আকাশে তাকালে

নার্ভাস হয়ে পড়ে পাখিদের ডানা 

 

আয়নায় দেখেছি যাকে কিংবা ক্যামেরায়,

লোকে বলে সেই লোকটা 

আমি। তাকে তুমি বিশ্বাস বা অবিশ্বাস যাই করো,

 আমি তাকে 

আমি বলে বিশ্বাস করি না।

 কি জানি কখন বিষাক্ত করে বসে 

অমৃতকে চঞ্চু ডুবিয়ে।

সে পাপ আমাকে বইতে হবে। কেন বইবো?

দেবাশিস চন্দ

দূরত্ব

হাতে হাত, ঠোঁটে ঠোঁট আর নয়,

নয় ধান খেতে বীজ ও রোপণ

দূরত্ব–কৌমার্যে রচিত নাগরিক অন্ধকার,

মানচিত্র রয়েছে গোপন

ভয়

ভোরের আলোয় হাঁসেদের চঞ্চল জলচুম্বন
সন্ন্যাসগম্ভীর পুকুরের জল তবু কথা কয় না
কতদিন হয়ে গেল যুবতীর আঁচলের ছায়া
পড়ে না, স্তনবৃন্তের কুসুমিত তাপে শরীর
সেঁকতে না পারার দুঃখ নিয়ে শুয়ে আছে
ঝুকে পড়া গাছ উঁকি মেরে দেখে
কেউ কোথায় নেই, শুকনো পাতা ঝরে

এত বেশি স্থির যে তাকাতে ভয় করে

 

দুর্গা দত্ত

মাটি

ধরো সেই শ্যামজল কারও বা শরীর ছুঁয়ে 

চলে গেল গাছের শেকড়ে

 

ধরো সেই শেকড়ের অন্তঃসারে 

অলোকসম্ভবা নদী, বালুতট, কৃষ্ণসার মৃগ

 

ধরো সেই মৃগ আর মৃগ নয়, 

আঁশের লবণমাখা মৃগতৃষ্ণিকার ছদ্মজাল

 

ধরো সেই জালে জালে ঘূর্ণিঝড় 

স্রোতের সংরাগ থেকে কালক্রমে জন্ম দেয়

অমেয় যোজনগন্ধা নারী

 

ধরো সেই শ্রীলা যদি প্রতিদিন মূর্তিমতী 

অবিরাম ডুবে যায় শেকড়ে বাকড়ে

 

ধরো সেই শেকড়ের গন্ধ নিয়ে 

অচরিত মেঘ যদি নেমে আসে পাংশু বালুতটে 

 

ধরো সেই তটজুড়ে ঘর যদি ভিজে যায় 

প্রতিটি পূরবী থেকে প্রতি আশাবরী—

 

তাহলে কি অক্ষরের জন্ম হয় শ্রীলা?

তাহলে কি বৃষ্টিবিন্দু লেগে থাকে ঠোঁটে?

মলয় বন্দ্যোপাধ্যায়

স্নানে

আমার স্নানে তো সূর্য ছিল না

কুয়াশা সঙ্গী সারাজীবন

অপেক্ষায় রেখেছি নৌকাটাকে

সময় রেখেছি করপুটে

 

স্নান করতে যাওয়া নয় আসলে

পদ্যের মতো ডুব চানে তোমাকে চেনা

যত বার ডুব দিয়ে উঠি বালি

লেগে থাকে শরীরে। ঝরা বালি জমে জমে

ঝিনুক গর্ভ নাভি। জড়িয়ে আছি

শূন্য যেমন জড়িয়ে থাকে পূর্বশব্দরাগে।

সন্ধ্যা নামার মৃদু আলোয় নৌকা এসে

দাঁড়ায় চাঁদের সাথে গভীর দামোদরে।

 

সবর্ণা চট্টোপাধ্যায়

যদি বাঁচি

যেদিন ভেবেছি আলো নিভে যাবে ক্রমে

হঠাৎ জ্বলেছে ক্ষয়িষ্ণু সেই মোম

দূর থেকে শুধু দেখেছি করুণ শিখা

আগলে কেমন রেখেছে মনকেমন…

 

এমন করেও যদি বাঁচি একসাথে?

নাই বা পেলাম ক্ষুদ্র ছাদের তল

যেমন সাগর ছুঁয়েছে আকাশরেখা

হৃদয়ের জলে নিভৃত চলাচল।

 

ভেতরে যখন বেড়ে ওঠে কালো বিষ

কোথাও তুমিও টের পাও ঠিক সব

ছোট্ট একটা ঢেউ আসে উত্তরে

হেসে হেসে ওঠে ফুলে ভরা যত টব।

 

যতবার ভাবি ছিঁড়ে গেছে ভিজে সুতো

ছড়িয়ে পড়েছে শেষ ছুঁয়ে থাকা ফুল

প্রমাণ করেছ ভালবাসাতেই বাঁচি

এ সব শুধুই তুচ্ছ মনের ভুল!

 

একটা নৌকা ভোরের আলোর মাঝে

কুয়াশা মাখানো আড়ষ্টতার সাজে

মিলিয়ে যাচ্ছে গভীর জলস্রোতে

যাত্রী দুটিতে একসাথে পার হতে।

 

নাই বা পেলাম ক্ষুদ্র একটি ছাত

চাঁদ ছুঁয়ে আছে ভেঙে পড়া দুই কাঁধ…

 

Painting: M.F Husain

“হৃদয়ের গান শিখে তো...”

পর্ব-৯

ফাল্গুনী ভট্টাচার্য

নাইনের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে। তারপর ক’দিন ইস্কুল বন্ধ। ইস্কুল খুলে গেলে একদিন পড়ন্ত বিকেলে মুকুল এসে বলল— ‘শুনেছিস কিছু?’

তুমি বললে, ‘না। কী?’

মুকুল একটু থেমে আস্তে আস্তে বলল, ‘চন্দ্রকলার বিয়ে হয়ে গেছে, ও আর ইস্কুল আসবে না।’

তুমি আকাশ থেকে পড়লে, বাচ্চা মেয়ে, এখন কেঊ বিয়ে করে!

মুকুল বলল, ‘বর্ধমানে অনেক দূরের গ্রামে চলে গেছে। ওর যার সঙ্গে বিয়ে হয়েছে তার অনেক বয়েস বুঝলি?’

তুমি বললে, ‘তা হলে ও সেদিন যে-কথা বলল, তা সত্যি?’

মুকুল বলল-‘হ্যাঁ।’

মুকুল তোমার হাতে একটা কাগজে জড়ানো বই দিয়ে বলল,-‘চন্দ্রকলা দিয়েছে। সেটা তুমি ঝোলায় ভরে নিলে।

ফিরতি পথে কোনও কোনও দিন ক্যানেল অফিস দিয়ে আসো। ওখানে বাণীকণ্ঠ দাদা, কমলা দিদিরা থাকে। ওদের বাবা ক্যানেল অফিসে চাকরি করে। ওখানেই কোয়ার্টারে থাকে। সরস্বতী পুজোর সময় ওদের ওখানে নগুরে কুল খেতে যাও। কমলা দিদি তোমরা দিদির সঙ্গে পড়ে। একবার ‘গো এজ ইয়ু লাইক’-এ কমলা দিদি কৃষ্ণ আর তোমরা দিদি রাধা সেজে সেকেণ্ড প্রাইজ পেয়েছিল। আজ ওই দিকে আসতে গিয়ে বুকটা কেমন করে উঠল। ক্যানেলের দক্ষিণ পাড়ে সেই বাঁদরলাঠি গাছতলায় এসে একটু দাঁড়ালে। গাছের দিকে তাকিয়ে দেখলে একটা ফুলও নেই। শাখার কোলগুলো কেমন হাঁ-হাঁ করছে। মনে পড়ে গেল এইতো কিছুদিন আগেও গাছের ডালগুলো হলুদ ফুলে ভরেছিল। ফুল পড়ে নিচের ঘাসগুলোও হলুদ হয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে চন্দ্রকলা বলেছিল-‘ফাল্গুনী, আমার মনে হচে আর পড়া হবে না।’

‘কেন এমন কথা বলছিস?’-তুমি বলেছিলে।

-‘বাবা আমার বিয়ের যোগাযোগ করছে।’

নাকের পাথরে রোদের ঝিকিমিকি। চোখের কোণে জল। চিকচিক করছে।

-‘দূর, বাচ্চা বয়সে কেঊ বিয়ে করে?’

-‘যা, বাড়ি যা ফাল্গুনী। সন্ধে লেগে যাবে।’

তুমি বাঁদরলাঠি ফুলের একটি গুচ্ছ দিয়ে চন্দ্রকলাকে দুম করে বলে বসলে- ‘ফুলগুলো তোর চুলে লাগা তো ভালো লাগবে।’

কিছুটি না বলে চন্দ্রকলা হলুদ ফুলের গুচ্ছ গুঁজে নিল। তারপর হন হন করে প্রায় ছোটার মতো করেই চলতে লাগল। তুমি

দাঁড়িয়ে রইলে গাছতলায়। বিকেলের আলো কমে আসছে। কমবেই তো। তোমার মনে হল চন্দ্রকলা যেন তার চুলের মধ্যে সব

আলো সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে!

ঘরে এসে চুপ করে বসে থাকলে জানালার ধারে। কাকিমা কালীতলায় সন্ধ্যের প্রদীপ দিয়ে চলে গেল। কালীতলায় এখন ঘুটঘুটে অন্ধকার। ওখানে গিয়ে বসে থাকলে। কী যে একটা কষ্ট হচ্ছে কাউকে বোঝাতেও পারছ না। বাবা রেডিও লাগিয়ে বাংলাদেশ বেতারে সৈনিক ভায়েদের জন্য গানের আসর ‘দুর্বার’ শুনছে চুনোমাছের জাল বুনছে। একে একে সাবিনা ইয়াসমিন, ফেরদৌসি রহমান, বশির আহমেদ, সুবীর নন্দীর গান বাজছে। আজ কোনও গান কানে ঢুকেও ঢুকছে না। কিছু ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে- এত কম বয়েসে বিয়ে করছে চন্দ্রকলা? বিয়ে করছে? না, বিয়ে দেওয়া হচ্ছে? আর একটু পড়াশোনা করে বিয়ে-থা করে সংসারী হতে পারতো! তুমি এই সব ভাবতে ভাবতেই আবার এসে উপরের ঘরে বসলে। বার বার মনে পড়ে যাছে চন্দ্রকলার সরল কোমল মুখটা। ওই তো হেসে হেসে বলছে যেন, —‘ফাল্গুনী তোর কাছে ইংরেজি গ্রামারটা বুঝে নেব। আর বানান খুব ভুল হয় রে, কী করব বলে দিস তো!’

হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে ঝোলা থেকে বের করলে কাগজ-মোড়া বইখানা। নাঃ বই নয়। বড় পিচবোর্ড বাঁধানো একটি

‘বঙ্গলিপি’ খাতা। মলাটে পশ্চিমবঙ্গের ম্যাপের ছবি। নিচে লেখা কুমারী চন্দ্রকলা ঘোষ। নবম শ্রেণী। রোল-৩১, প্রথম পাতায়

তিন লাইন মোটা কলমে লেখা শ্রীশ্রী দূর্গা (দুর্গা) মাতা সহায়। শ্রীশ্রীস্বরসত্তী (সরস্বতী) মাতা সহায়। শ্রীশ্রী অন্নপুন্না (অন্নপূর্ণা)

মাতা নমো। তারপর জীবনবিজ্ঞানের নানা চ্যাপ্টারের সংক্ষিপ্ত নোটস। পরের দু’পাতায় আরশোলার পৌষ্টিকতন্ত্র আর জীবকোষের ছবি এঁকেছে পেন্সিলে। দু’চার জায়গায় পেনের কালি পড়েছে লেখায়। তারপর ইংরেজি ট্রানশলেলেশন করেছে। মাঝের দু’একটি পাতা সাদা। দু একটি পাতা নিচের দিক ছেঁড়া। একপাতা পেন্সিলে লাইন ভরে লাইন ভরে লেখা-

আমি মন দিয়া লেখাপড়া করিব।

আমি লেখাপড়া করিতে চাই।

আমি প্রাণ দিয়া লেখাপড়া করিব।

আমি লেখাপড়া করিতে চাই।

পড়তে পড়তে তোমার মনটা কেমন উদাস হয়ে গেল। বুকের কাছে কেমন যেন একটা হচ্ছিল। তুমি আবার পাতা ওলটালে।

এরপরে বেশ কিছু পাতা ফাঁকা। শেষের দিকে আবার একটা পাতায় পেন্সিলের লেখা— চোখ তুই মরে যা। কেনে এতো সপ্নো (স্বপ্ন) তোর! কেনে ভাবি যা কেনে হয় না তা? ঈস কতো ভালো হয়। অনেক দূর লেখ্যাপড়া করে বহু কিছু জানিব। আমি ইতিহাসের দিদিমণি হইতে চাই। শেষ পাতার আগের একটি পাতায় চন্দ্রকলা পেন দিয়ে লিখেছে। দু’বার করে বুলিয়ে বুলিয়ে লেখা বলে বেশ গোটা গোটা লাগছে।

মিলিয়ে মিলিয়ে ছড়ার মতো-

নদী জেন না শুকায়

না শুকায় লতা।

কতো ছিল কথা গো

কতো ছিল কথা।

যতো গুলি গাছ গো

ততো দিন বাঁচবো।

কতো ছিল কথা গো

কতো ছিল কথা।

না শুকায় লতা

ফুলে ফুলে ফুল

ভরে গেল চুল

ফুল ফুল ফুল তো

কে ফুল তুলতো?

একেবার শেষ পাতায় ছোট্ট করে দু’লাইন- “বন্ধু, বহু বানান ভূল (ভুল) কতগুলো ভূল (ভুল) হয়েছে বলিস কিন্তু।”

আজও ভাবছ সেই একটাই কথা, যে কথার উত্তর এখনো পেলেনা ফাল্গুনী। চন্দ্রকলা কি কবিতা লিখতে চেষ্টা করেছিল? এখনও কি সংসারে সারাদিনে নানা কাজের পর লিখতে চেষ্টা করে দু’চার পঙক্তি? একটা নিষ্পাপ সরল কলুষবিহীন কবিতা।

Painting: M.F Husain

কবিতা আশ্রম মুদ্রিত সংখ্যা থেকে

গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।