আবহমান বাংলা ভাষা

দৈনিক

১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

শিল্পী: চন্দন মিশ্র

বঙ্কিম লেট

নীলনদী

 

আজ  সকালটা ভীষণ ভাল এক ফোঁটা মেঘ নাই

এমন রোদ্দুরে কচু বনের ভিতরও দেখা যায়

সি-গ্রিন আকাশ, আর দোলনচাঁপার মতো মেঘ

পুণ্যার্থীর দল ভেসে ভেসে যাচ্ছে সুদূর কোথাও

জ্যৈষ্ঠ মাসের নরম ঘাসে ঘোরে-ফেরে ঘুঘুরাও

বাতাসও মৌতাতে ছোঁয় মরশুমি ফুলের আবেগ   

 

এমন সময় তাকে খুন করে  লাশ গুম করা 

ভাল লাগে না আমার—ভাল লাগে প্রজাপতি ওড়া

লিখতে বসলাম জানলায় রোদ্দুরে সেগুন ভিজে গেছে

ফিরে যেতে চায় তার প্রিয় নীল নদীটির কাছে 

 

হাতে কালি লাগল,গাঢ় এই বেলা তুলে ফেলা শক্ত

আসলে হাতটি রুমাল, হয় জল মুছি কিংবা রক্ত 

বীরেন মুখার্জী

ক্রুশবিদ্ধ প্রত্যুষ

 

অতিথি পাখির মতো বরফকুচিতে ভেসে ভেসে 

অবশেষে তীরের সন্ধান পেয়েছি কাল রাতে;

জলের সীমানা কেটে দশ আঙুলে ছুঁতে চেয়েছি 

লাল পদ্মনাভি; আর অরণ্য খাঁজে পৌরুষ গুঁজে 

আরোপিত প্রত্যাশায় খুঁজে ফিরেছি আনন্দ-বাড়ি!

আঁধার অরণ্যে সুর সেঁধেছিল তীব্র গোলকধাঁধা

খেয়ালি করতল ঘণ্টার পাশে ঘেমে উঠেছিল খুব

তবু সতর্ক এস্রাজ সুর তোলেনি অনুনয় ভেঙে

কাল রাতে চার্চে ছিলাম, এখন যন্ত্রণার বিপরীতে

জেগে উঠেছি দেখো-  ক্রুশবিদ্ধ প্রত্যুষ এক!

পৌষালী চক্রবর্তী

প্রতিমা

 

তোমাকে এনেছি ডেকে আলো-জল-ছায়াহীন

                  বিচ্ছিন্ন বেপাড়ায়

তুমি বায়ুভুক হও, পরমান্ন রাঁধো বাড়ো

                   সঙ্গত বাসনায়।

ওই দেখো চরাচর পরিব্যাপ্ত হিমনিশি

                  কুয়াশা, জোছনায়

নিভে যাচ্ছে প্রাণবায়ু আর্দ্রা নক্ষত্র ডাকছে

                    অন্তিম মূর্চ্ছনায়।

একান্ন চক্করে ওড়ে দিশাহীন সারিবদ্ধ

              বিনিদ্র রাতচরা

ডানার পালক খসে শব্দহীন চুম্বনের

             সতর্ক প্রহরীরা।

আহিরভৈরবে শুনো পতনধ্বনি কুহু ও কেকা

মরমে বোঝোনি সখা,  এ মূরতি প্রতিমা হল না।

শতানীক ভট্টাচার্য

রূপান্তর

 

প্রতিদিন একটা ভোর হয়

এক একটা করে খোলস ওঠে,

নতুন করে জন্ম নিই!

সবার রঙে রং মেশাই

ভেঙে গড়ে পাল্টাই আমি–

হঠাৎ মেঘের বানানো গল্পের মতো

আর ঝরে পড়ি বৃষ্টি হয়ে!

চলো রামধনুজীবন বাঁচি,

বাঁচি লতাগুল্মের জীবন!

অসময়ে,

শুঁয়োপোকার প্রজাপতি স্বপ্ন

আর গিরগিটির জঘন্য অভিযোজন!

কবি নির্মল হালদারের চোখে করোনা-র দিনগুলি

নির্মল হালদার

পৃথিবী গ্রহের পুরুলিয়া

পর্ব-৩০

অরে অ মহেশ্বর—মহেশ্বর… আজ আর কাজ খুঁজতে যাতে হবেক নাই। মহেশ্বর শুনা পাছিস কি বললি? হাই দেখ শুন্ মাঠ ধার থেকে গিমা শাগ তুলে আনেছি। সিঝায় দিবরে। চাল আছে। পুরুলার ছেলারা যে চালটা দিয়ে গেছে, এখনও আছে। চলে যাবেক কটা দিন। তকে আজ নাই  যাতে হবেক। আর শুন ন রেশন থেকে ত পাব। তুই না ভাবিস। তর বউ ত বলে নাই, আজকেই কাপড় আনে দাও। শুধু বলেছে, ছিঁড়ে গেছে কাপড়। আটা কল ত খুলবেকেই আজ কিংবা কাল। সোভ দিন কী একেই যাবেক! ই দেশটাও একরকম থাকবেক নাই। রোজেই কী রোগ আসবেক? তর মালিকটাই বা কেমন রে? তদের টাকা আছে। খাওয়ার অভাব নাই। কিন্তূক তুই কি খাবি কি পরবি ভাবল নাই। বাবুরা ই রকম হয়েই থাকে। সব বাবুরাই এক। এক টানে কমলা কালিন্দী মহেশ্বরের মা কথাগুলো বলেই চলেছে। মহেশ্বর ও তার বউ চুপচাপ হয়ে পাশাপাশি বসে আছে। কমলা ঘর ঝাট দিতে দিতে একমাত্র ছেলেকে এও বলে, তর বাপ ঝুড়ি-ঝ্যাটা-কুলা-টুপা বুনতো। চার পাঁচটা গাঁয়ে নামডাক ছিল। তর বাপের সাথে হামিও হাত লাগায়ছি। তখন তুই ছুটু ছিলি। কি আর জানবি। তুই বড় হলি যখন তর বাপ পালালো। সুখের দিন সিরালো হামদের। কমলা উঠানে এসে খুঁজে বেড়ায় গোবর। না পেয়ে মহেশ্বরের বউয়ের কাছে জানতে চায়: অ বউ বউ গবর পাস নাই? কি দিব আজ? কাল হামি সজনা তলে রেখেছিলম, সেটাও ত নাই।

ঘরের চালায় এসে বসলো একটা কাক। তার ডাকে বিরক্ত হয়ে কমলা কাককে বলে, ধুর্—ধুর্— বহুকে কাল বলছিলম, ভগবানের আশীর্বাদ, ছেলাটা বাহারে কাজ করতে যায় নাই। দুমদুমির চার চারটা জুয়ান ব্যাটা অকালেই চলে গেল। অমন টাকার দরকার নাই রে। হামার ঘরের ছেলা ঘরে থাকুক। তবে কি জানিস বহু মহেশ্বর যদি উয়ার বাপের কাজটা শিখত তাইলে এতনা অভাব নাই হত হামদের। তখন বাঁশের দাম ও ছিল কম। এখন দামটাও উঁচা। একটা ঝুড়িতে কি লাভ করবি! সাতসকালেই কোথাও যেন ডেকে উঠল কুকুর। আর তখনই কমলা বলে উঠৈ: মহেশ্বর কি করছিস বাপ? তকে বললম যেটা মনে রাখবি, কাজ খুঁজতে নাই যাতে হবেক। মনটাও হামার কু গাইছে। উপর দিকে ভাল্ ভাল্—চিল-শকুনে ঘুরে বুলছে। লক্ষণটা ভাল লয়রে। ভাল লয়। আকাল আসছে নকি কে জানে! আমি মরলে মরবো, লাতিপুতির মু না দেখেই, হামি মরলে মরবো। হামার ব্যাটা বহু যেন সুখে থাকে ঠাকুর। তুমি দেখবে। মরেও যেন শান্তি পাই। ঠাকুর, তুমি দেখতে পাচ্ছো রোজ, হামি সকালবেলা প্রতিদিন তুলসী থানে জল দিই। হামার মরার পরেও তুলসী গাছটাকে তুমি দেখো। উ যে হামার গোপাল। গোপাল।

৬ জ্যৈষ্ঠ, ১৪২৭

ফটো: ফেসবুক থেকে সংগৃহীত

কবিতা আশ্রম আয়োজিত কবিতা পাঠ

অফুরন্ত বাংলা কবিতা

সুবোধ সরকারের কবিতা

বিগত দিনগুলি