আবহমান বাংলা ভাষা

দৈনিক

১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

সম্পাদকীয়

যত রকমের মন তত রকম কবিতা! বিভিন্ন ধারায় বয়ে চলেছে আবহমান বাংলা কবিতা। ধারা বিভিন্ন হলেও শেষ অবধি কবিতাই সত্য। এই বহুমুখী কবিতাকে ধারণ  করে কবিতা আশ্রম।  লকডাউনে গৃহবন্দি সময়ে কবিতা এবং দায়বদ্ধ গদ্য‌ই  কবিতা আশ্রম-এর অবলম্বন। পয়লা বৈশাখ থেকে দৈনিক কবিতা আশ্রমের পথচলা শুরু। আজ ৫০তম সংখ্যা! অগ্রজ কবিদের কবিতা প্রকাশের পাশাপাশি নতুন কবিদের কবিতা, কিছু ছোট্ট কিন্তু অভিঘাতপূর্ণ গল্প এবং কবি নির্মল হালদারের ৩২ পর্বের করোনা-র দিনলিপি ‘পৃথিবী গ্রহের পুরুলিয়া’ দৈনিককে খুব দ্রুত পাঠকপ্রিয় করে তুলেছে। এই মুহূর্তে পাঠকসংখ্যা ৪৮ হাজারের কাছাকাছি। লকডাউন সময়ে আমরা আরও কিছু কাজ করেছি, যার প্রভাব পড়েছে বাংলা জুড়ে। কবিতা আশ্রমের পরিকল্পনায় অন্যের কবিতা পাঠ নিয়ে ফেসবুক লাইভ শুরু করেন কবি বিভাস রায়চৌধুরী (অফুরন্ত বাংলা কবিতা/ ৫৪ পর্ব হয়েছে এ পর্যন্ত)। পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বাঙ্গালোর, মুম্বাই থেকে সেখানকার কবিদের কবিতা পাঠ করেছেন আমাদের বিভিন্ন প্রতিনিধি। বাংলাদেশেও নাহিদা আশরাফীর পরিচালনায় দেশের বিভিন্ন অংশে  সেখানকার কবিদের কবিতা পরিবেশন করা হচ্ছে ফেসবুক লাইভে। নববর্ষে, রবীন্দ্রনাথের জন্মদিনে কবিতা, গানের ভিডিও ম্যাগাজিন প্রকাশ করেছে কবিতা আশ্রম। ফেসবুকে এইসব কাজ সমাদৃত। সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রকাশের এই নতুন ধরন সকলেই গ্রহণ করেছেন। আমাদের অগ্রণী ভূমিকাকেও  স্বীকার করেছেন অনেকেই। সকল পাঠক ও এই  পত্রিকাকে ভালোবাসতে আগ্রহী সকল লেখককে অনেক ধন্যবাদ। কবিতা আশ্রম পরিবারের সকলের একান্ত সহযোগিতায় ও পরিশ্রমে আমরা এগিয়ে চলেছি। আমাদের গ্রন্থ প্রকাশনাও আপনাদের ভালবাসা চায়। 

সব দুর্যোগ কেটে যাবেই।

ভালবাসাই মূল শক্তি।

নির্মল হালদার

কবিতা

এটুকুই তো আছে

আমার লজ্জা-নিবারণ

টানাটানি করলেই ছিঁড়ে যাবে

যা আছে থাকতে দে

আমার গায়ের বাকল

চল, আমরা খুঁড়তে যাই কন্দমূল

বুনো ওলের গায়ে হাত পড়লে

ফোঁস করে উঠবে। আমরা উঠব বেলগাছে

কোটরে থাকা সাপ কিছুই বলবে না।

পাকা বেলের শাঁসে গন্ধ পাব

আরেকটা গাছের। সেই তো

জারমনি হেমব্রম। সেই তো

দুখিয়া সোরেন।

শূন্য কলসি থেকেও 

জল দিয়েছ আমাকে।

রাহুল পুরকায়স্থ

মন খারাপের কবিতা

গ্রহণে বুঝেছি তাকে, সে আমার ব্যক্তিগত যম

সে আঁকে আমাকে, সুরেও ভাষায়

                       স্মৃতিপরম্পরা চিনি তাকে

সারিন্দা বাজায় সেও

                পিতামহ, অস্ফুটে ডেকেছি যেই

                  কেঁপে ওঠে রসাতল

                              ব্যূহ ভাঙে

                                    আরশি জাগায়

মুখ দেখি, ছেঁড়া মুখ

                       জোড়া লাগে বিবিধ দর্শনে

অবিভক্ত কৃষিদেশ, সাদা-কালো তাঁতকল

                     তোমাকে পড়ছে আজ মনে

কুমার চক্রবর্তী

অশ্রুস্তম্ভ

আসার জন্য আমার এই কাতরতা

যেমন করে শমে পৌছনোর জন্য

সরোদিয়া স্পর্শ করে যায় বাদীবিবাদী-স্বর,

আঙুলকে ছোটাছুটি করায়

কোমল আর কড়ির পাওয়া-না-পাওয়ার দূরত্বে।

 

আজ রাতে যমুনা প্রবেশ করেছে আমার ভেতর

টের পাচ্ছি তার তারল্য, আর স্তব্ধবিস্তার,

ওই দ্যাখো, কলরব করছে জলের সপাট তান;

 

কীভাবে বুঝি, এই হৃদয়ের নালা

সবেগে ধাবিত তোমার নারাজ সম্মতির শস্যক্ষেত্রে

যেখানে সন্ধ্যার প্রতীকতা নতুন ভাঙাগড়ার দায় নিয়ে

হাজির হয়ে যায় তোমারই রাত্রিময়তায়!

 

ভাবো, মিশ্র পিলু অসহ কোমলতা

যা তোমার অসম্ভব উদবেলতার কাছে এসে কী-করে

অশোক স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে

 

একা, এবং কীর্তিহীন!

 

 

 

বিভাস রায়চৌধুরীর কবিতা

আখড়া

‘আসবে?’ 

 

আবারও লিখলাম 

 

গাছের ঠোঁটে ভিতু 

অপেক্ষমাণ গ্রাম 

 

‘আসবে?’

 

আবারও লিখলাম 

 

ঝাপসা হওয়া পথের 

লালন ফকির নাম 

 

 

অতল

আলোটি জিজ্ঞাসা 

 

লোকটা যাচ্ছে… লোকটা যাচ্ছে…

বাঁক নিয়েছে যেই 

আর কোনো দাউ নেই!

 

জ্ঞানহারানো নিমজ্জমান 

এমন একটা লোক 

আমার বুকের ভেতর থেকে 

                কোন অতলে যায়?

 তার কি কোনো ফেরা আছে?

                নিজের বাড়ি আসা?

 

আলোটি জিজ্ঞাসা…

আলোটি জিজ্ঞাসা…

 

 

সময়

ঘড়ির কাঁটা মর্মাহত। জীবন বিজ্ঞান।

 

আকাশ-অভিমান 

আমার 

আকাশ-অভিমান…

 

ঝড়ের গাছ

অন্ধকার সঠিক জন্মায়…

ঝড়ের গাছ পাখির বাসা 

আগলে ধরে আছে 

 

জ্বলছে আর নিভছে… তুমি 

            এমন লন্ঠন! 

 

শিরদাঁড়ায় শীত 

 

সকালবেলা পৃথিবী যেন 

ভাঙা জীবন শম্ভু রক্ষিত!

 

কবিতা

পাশ ফেরানো মুখ

 

একটু লজ্জিত 

 

জোনাকি কিছু তাৎপর্যময়… 

 

একজীবন অপেক্ষার পর 

এইমাত্র বুঝি,

লেখার আগে না-লেখাকেই 

               ধারণ করতে হয়…

 

চিত্রঋণ: পল ক্লে

বিগত দিনগুলি