সাপ্তাহিক কবিতা আশ্রম, ৭ চৈত্র ১৪২৭
সাপ্তাহিক
৭ চৈত্র ১৪২৭
Painting:Franz Kline
নির্মল হালদার
কবিতা
ঝুড়ি ঝুড়ি মেঘ জড়ো করছে ব্যাঙ
বৃষ্টি এলেই বৃষ্টির আনন্দ।
বৃষ্টির সঙ্গে গত জন্মেও বন্ধুত্ব ছিল
এ জন্মেও বৃষ্টির গভীরতা।
বৃষ্টি আমার চেয়ে বড়
পাশে দাঁড়ালে আমি ক্ষুদ্র।
আমি চুপিচুপি ছুটে যাই
ব্যাঙের ছাতার নীচে।
২
পেখম মেলতেই ময়ূরী আকাশ
অজস্র চোখ জ্বলছে।
কার চোখ দিয়ে কি দেখব,
কার হৃদয় দিয়ে কি ঘ্রাণ চাইছি,
ময়ূর জানতে পেরেই আমাকে বলে,
প্রেমের খিদে নাও—
সাপও জড়িয়ে থাকবে গলায়।
রিমি দে
বিয়োগ
সুর থেকে মূর্ছনা কেটে নিলে যে গানটুকু
অবশেষ হয়ে থাকে, আমি তার অশেষ তলানি
চেটে খাই, জিভ কেটে গেলে চোখভর্তি সন্দেহ
নিয়ে এদিক ওদিক তাকাই
পা ক্রমশ সেঁটে যায় মাটির ভেতর
জীবনে নদীর যে সামান্য সংগ্রহ বয়ে যায়
তার অতীত ও ভবিকাল টের পাই মৃদু
কেঁপে উঠি
বর্তমানকে স্পর্শে পাই না
বাকি যা পড়ে থাকে
তা কেবল ঘেঁটে যাওয়া কাদামাটি….!
সৌরভ লায়েক
পাখি জীবন
বৃষ্টি দেখে আজ মন খারাপ মেয়েটির। একলা জানালায় বসে উদাস তাকিয়ে আছে বাইরের দিকে। প্রতিটি বৃষ্টি ফোটাকে তার মনে হচ্ছে শত্রু, চরম শত্রু। কিন্তু এই মেয়েই তো বৃষ্টি এলে পেখম মেলে ময়ূর হয়ে উঠত, বৃষ্টির আনন্দে নেচে নেচে মাতিয়ে দিত উঠোন। চেঁচিয়ে চেঁচিয়ে বলত – “এই মেঘ তুই আমার প্রেমিক হবি, তুই আমার কৃষ্ণ হবি?” শ্যামবর্ণ মেঘ কোনও উত্তর দিত না।
সেই মেয়ে জীবনের পরম কাঙ্ক্ষিত দিনে বৃষ্টিটা কেমন যেন বেরসিকের মতো পথ আগলে রাখতে চায়। বসন্ত আর বৃষ্টি দুই তো বিপ্রতীপ অবস্থান, তাহলে কেন ভরা বসন্তের দিনে মানুষের মন ভিজিয়ে দিয়ে যায়?
মেয়েটির আজ মন খারাপ, মন খারাপ মেয়েটির বাবার, মায়ের কথা বলার অপেক্ষা রাখে না। আজ মেয়েটির বিয়ে । এমন দিনে তার সমস্ত স্বপ্ন বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে যায়, ভাবিয়ে দিয়ে যায়।
তবুও বৃষ্টিভেজা সানাই সন্ধ্যায় মেয়েটির বিয়ে হয় আড়ম্বর থেকে অম্বর টুকু নিয়েই। বসন্তের ভেজা সূর্যের উদয়ের আগেই চলে যায় মেয়েটি আঁজলা ভরা আতপ চাল পিছনে ছুঁড়ে দিয়ে, এক অবাস্তব ঋণ শোধ! হায় রে কোকিলের জীবন! হায় রে পাখি, এক বাসায় বেড়ে উঠে অন্য বাসায় ঠাঁই।
বুছলি না বসন্ত দিনে বৃষ্টি আসার কারণ। ও মেয়ে তোর প্রেমিক মেঘ তোকে আটকাবার শেষ চেষ্টা করেছিল বৃষ্টি দিয়ে। বিশ্বাস না হলে পলাশ ফুলের গায়ে লেগে থাকা জলের কণা মুখে দিয়ে দেখ। নোনা স্বাদ পেলে বুঝে নিস সেদিনের বৃষ্টি আসলে তোর ব্যর্থ প্রেমিকের কান্না ছিল।
প্রসূন ঘোষাল
আবিষ্কার
নরম ঘাসের মতো তোমার চোখ।
কোন রুক্ষতা নেই বরং চাঁদের যত
প্রেম ঝরে রাতে তেমনই সাবধানী তুমি।
জল থেকে যে ঠান্ডা বাষ্প উঠে আসে চুপিচুপি
সারা গায়ে, এমন ধীর স্থির চেতনা নিয়ে
তুমি গল্প করো।
তুমি গল্প করো আমার সাথে। শাঁখ বাজে।
ধূপ জ্বলে। জোনাকির গা থেকে
ভালবাসা ছড়ায়। মাটিতে মিশে যায় ধূনোর গন্ধ।
আর কেমন তোমার চোখে
মাসের পর মাস ধরে চাষ করি
হলুদ ফুলের রেণু।
বঙ্কিমকুমার বর্মন
একটি দহনের বায়োগ্রাফি
কান্নার গোড়ালি দেখেছ কি কোনওদিন
কিভাবে পেরিয়ে যায় মধ্যরাতের অন্ধগলি
নিরণ্ণ অসুখের পাখিঘর কাঁদে
কোনও ডাক হরকরা নেই —
যে পৌঁছে দেবে হৃদয়পুরের চিঠি
এইবেলা কুটিল মদের আহার পা দোলায়
খসে পড়ে হাততালির অহংকার
যার কোনও উঁচু দরের ইমরাত নেই
আকাশে নেই কোনও নিজস্ব উড়ান
অপলক নিভে যায় চোখের বাতিঘর ।
সাবা সাবরিন
ছেঁড়া পালক
চৈত্রের খাঁ খাঁ দুপুরে-
পুড়ে যায় বিরহী কোকিলের ডানা,
তবুও অস্ফুট স্বরে গেয়ে যায় বসন্তের গান।
ডানার নীচে তুলতুলে বিড়ালছানার মতো,
পরম যত্নে লুকিয়ে রাখে বিরহের ওম।
চৈত্রের বিষণ্ণ দুপুরে-
ঘুমঘুম আবেশ মেখে আলুথালু বেশে,
বিছানায় গড়াগড়ি খায় কোনও এক গৃহবধূ।
আঁচলের নীচে তুলতুলে বিড়ালছানার মতো,
পরম যত্নে লুকিয়ে রাখে বিরহী বসন্ত।
চৈত্রের খাঁ খাঁ দুপুরে-
বিরহী বসন্ত আঁচলের নীচ থেকে বেরিয়ে,
খুঁজে পায় কোকিলের ডানার ওম।
ক্লান্ত গৃহবধূর আঁচলের নীচে পড়ে থাকে,
কোকিলের একটুকরো ছেঁড়া পালক।
অরণ্য আপন
ঠান্ডা রোদ
সারাজীবন নিজের ছায়ায় হেঁটে চলা মানুষ আমি
রাস্তায় যৎসামান্য যে রোদ কুড়ে পেয়েছি
তা সূর্য থেকে খসে পড়া ময়লা
এই রোদের ছায়া আমার
গাছের ছায়া আমি পাইনি
সংসারেও থাকতে পারিনি, বনেও যেতে পারিনি
জুতোর মধ্যে শুধু আমার পা থাকে না,
আমার মাথাও থাকে
পায়েমাথায় জুতা পরা মানুষ আমি
আমি কিছু দেখতে চাইনে, শুনতে চাইনে
শুধু চলতে চাই
চলতে চলতে একদিন নিজের ছায়ায় পড়ে মরে যাব
আমি মরে গেলে আমার প্রেমিকা দেখতে আসবে
তাকে আমার গায়ে থাকা ঠান্ডা রোদ দিয়ে দিও
বেঁচে থাকতে তো তাকে কিছু দিতে পারিনি
নাসির উদ্দিন আহমদ
ও হাওয়ার মেয়ে
বিষণ্ণ অসুখের পান্ডুলিপি হাতে
কাচের বারান্দায় দাঁড়িয়ে যে কিন্নরী
কাল ছড়িয়ে দিলো—মন জুড়ে কালান্তরের কবিতা
আজ কত নাগর
প্রণয়ের প্রচ্ছদে এঁকে যায় তার ছবি;
তার ডাক শুনি
ছায়াগন্ধ স্মৃতির ভিতর সাতচারা ভেঙে পড়ে
তার নিশ্বাস জুড়ে
গভীর ক্ষতের হু হু হাওয়া
তার কেশের খোলা মাঠে কেঁপে ওঠে
স্মৃতির আঙ্গুল
আঙিনায় মেঘ নেমে এলে
তার সাথে বয়ে চলে অনঙ্গ অনুভব
ও হাওয়ার মেয়ে
ও আদমের মেয়ে
কেন মিহি অন্ধকারে ঢেকে দাও আকাশ
কেন সব রং নিভে
ভিতরে তোমার শুধু জ্বলে ওঠে বিমর্ষ সর্বনাশ
তোমার পান্ডুলিপি পড়েছি এই বেলা
তবু জানি না
প্রচ্ছদে কি করে ছড়াতে হয় রঙের মেলা।
পল্লব গোস্বামী
শীতলপাটি
আঙুল ছুঁয়েছ যখন
শরীরের ভেতর দীর্ঘ শালবন
যত গোধূলি চোখের ধুলোয়
মুর্ত্তার আদলে
তোমার মাসুম ছোপ
শালুক এঁকেছে।
সেই তো আবার ফিরে এলে
মাটি আর মহুয়ার গন্ধে
শিশুর মতো
শুয়ে থাকা ঝিলে।
কত ঝুম কৃষ্ণচূড়ায়!
সবুজ বিশ্বাসে
তোমার ঠোঁটের লালিমা,
সোনার খড়ের চালে
সিঁদুর খেলার গল্প পাড়ে।
আমরা যত দূরে যাই
বুকের শীতলপাটি তত
কাছে কাছে আসে।
Painting:Franz Kline
“হৃদয়ের গান শিখে তো...”
পর্ব-১৬
ফাল্গুনী ভট্টাচার্য
ছুটির নিঝুম দুপুরগুলি এক এক সময় কাটতেই চায় না। হাতে কাজ না থাকলে কাগজ কলম নিয়ে বসে থাকো। ছোট থেকেই বড় মিতব্যয়ী। পিসিমাসি দিদিরা নতুন শাড়ি ভাঙলে শাড়ির ভাঁজে থাকা কাগজটি তোমরা চাই-ই। কখনো ফিট শাদা কখনো একটু লালচে কিংবা ব্রাউন পেপার। বেশ বড়, সুন্দর করে ভাঁজ করে কেটে নিলে বেশ কিছু পাতা হয়। তাতেই বেশ ছবি আঁকা লেখার খসড়া করা যায়। আঁকিবুকি চলে। দু’চার লাইন লেখার চেষ্টাও করো। কেমন করে লেখা হয় একটি সার্থক কবিতা? এই প্রশ্ন তোমরা তখন জাগেনি। শুধু বাংলার স্যারের কথাটা মনে রেখেছ যে, নিজের মনে যা ভাব আসে তাকেই একটু সাজিয়ে গুছিয়ে প্রকাশ করতে হবে। লাইব্রেরিতে উপন্যাস গল্পের পাশাপাশি দু’একটা কবিতার বই উলটে পালটে দেখেছ বৈকি। সুকান্তের ‘ঘুম নেই’ ‘ছাড়পত্রে’র পাশেই গায়ে গায়ে গা লাগিয়ে ছিল ১৯৮২তে প্রকাশিত শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই ‘যেতে পারি কিন্তু কেন যাবো’। একদিন হাতে তুলে নিলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই ‘অন্ধকার বারান্দা’। সেই বইয়ের কবিতা
‘অমলকান্তি’ ‘আবহমান’ বারবার পড়লে। আর পড়লে শেষ কবিতার শেষ পঙক্তিগুলি-
“অন্ধকার ভালো নয়। অন্ধকার শুধুই নিজের
শরীর দেখায়।
আমি দীর্ঘকাল কোনো মাঠ-নদী-সমুদ্র দেখিনি।”
পড়ার পরই তোমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। বিবেকানন্দ খুব ভাবুক প্রকৃতির ছেলে, বলল-“এই যে তোমার বুকের ভেতরটা কেমন করছে তার মানে ওই লেখাটার এমন কিছু শক্তি আছে যা তোমাকে নাড়িয়ে দিতে পারছে। এমন লেখাই
লিখতে হয়।” সেই শক্তি কীভাবে আসে! তুমি কত ভাবলে-খেই পেলে না। কিছুতেই কেউ বুঝিয়ে দিচ্ছে না। কোথাও রেডিওতে
ভেসে আসছে হৈমন্তী শুক্লার গান-‘আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে…” কৃষ্ণপদ বলল, “শোনো
ফাল্গুনী, এই গান এত যে ভালো লাগছে কিন্তু এই গানটা আসলে দুঃখের, বিচ্ছেদের। তবু এই গান বারবার শুনতে ভালোই লাগে। কেন ভালো লাগে? নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা শক্তি আছে।” কিন্তু কী সেই শক্তি? সেই শক্তির নাম কি ক্ষমতা? সেই শক্তির নাম কি প্রেম? দুঃখ??? গঙ্গার ঘাটের পাশে নির্জন একটি জায়গায় দুটি বকুল গাছ। বর্ষার সময় নাকি এক গাছ করে ফুল ধরে। ওখানেই দুপুরবেলা মাঝে মাঝে বসে থাকো। ভাঁটার সময় নদী কত পিছিয়ে যায়। পাঁকের মধ্যে দু’চারটে বকের চলাফেরা নজরে পড়ে। কয়েকটা ছোট ডিঙ্গি নৌকা এলিয়ে পড়ে রয়েছে। একটি মেয়ে এক বয়স্কাকে সঙ্গে নিয়ে রোজ ঘাটে চান করতে আসে, মাঝে মাঝে তুমিও তাদের দেখেছ। কাছাকছিই হয়তো থাকে। আজো তোমার দিকে তাকালো, আর মিষ্টি করে হাসল। বয়স্কা তোমাকে হাতছানি দিলেন। বার দুই। ‘অ ছেলে শোনো দেখি, একটু কাছে আসো। ‘তুমি গিয়ে বলো-‘কী বলছেন ঠাকুমা?’
“বলছি তোমারে তো আগে এ তল্লাটে দেখিনি ? কোথায় থাকো? কী করো?”
তুমি সবিস্তারে জানাও এই আশ্রমেই নবীন শিক্ষার্থী তুমি।
বাপ মা আছে, না নেই?
‘আছেন।’
“তা তাদের ছেড়ে এখানে ক্যামনে রয়েছ, মন বসে?”
নীরবে তুমি মাটির দিকে তাকিয়ে থাকো। বেশ বুঝতে পারছ ওই মেয়েটা তোমাক টেরিয়ে টেরিয়ে দেখছে।
“আপনারা কোনখানে থাকেন?” তুমি সলজ্জ প্রশ্ন করো জেলেপাড়ায় শিবমন্দিরের সামনেই। এ আমার নাতনি। এবার তুমি মেয়েটির দিকে চোখ মেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে। বেশ লম্বা ছিপছিপে চেহারা। চান করে একটি ফুল ফুল ছাপ ফ্রক পরেছে। চুল ভিজে। গামছা দিয়ে পাকানো।
“কী নাম তোমার?”
মেয়েটি শান্ত গলায় বলল- শ্রাবণী।
বয়স্কা এবার নিচু স্বরে শান্ত ভাবে বলতে থাকেন- জম্মেই মা কে খেয়েচে। আর এই দু বচ্ছর আগে বাপ মরল। রঙের কাজ
করত কি না । তিনতলা উঁচু বাঁশের ভাড়া থেকে পড়ে দেহ মাথা থেঁতলে মারা গেল গো! চোখ তাঁর ছলছল করছে। শ্রাবণীর
চুলজড়ানো ভিজে গামছাটা থেকে টপটপ করে জল পড়ে যাচ্ছে।
“কোন ক্লাসে পড়ো?”
বয়স্কাই বললেন, “আট ক্লাসেই তিন বচর আচে। বাপ গেল। পড়াশুনো আর চলে কি করে? আসি গো নাতি।”
শ্রাবণী চলে গেল। তুমি দেখলে ভরা শ্রাবণের জলভরা-মেঘ হয়ে চলে গেল মেয়েটি। যে কোনো সময় প্রবল বর্ষণে ভাসিয়ে দেবে সমস্ত পৃথিবী। আর ভাবলে এই পৃথিবীতে মানুষের কত দুঃখ বেদনা দীর্ঘশ্বাস। তুমি তো খুব খারাপ নেই ফাল্গুনী। সেই ভালো, সেই ভালো। একটি প্রশান্তি নিয়ে আবার লিখতে বসে যাও। একটা দুটো করে লাইন আসছে। জোড়াতালি দিয়ে কিছু একটা খাড়া করতে চাইছ। পারছ না। যা হোক লিখে রাখছ। পরে সেগুলো একটু ব্রাশিং করে নিয়েছ। বেশ ক’বছর পরে পাঠিয়ে দিয়েছ লিটল ম্যাগাজিনে। আশির শেষে, নববই এর শুরুতে মধুমঙ্গল বিশ্বাসের ‘দৌড়’ প্রবীর দাসের ‘আজকের কবিতা’ সন্তু সেনগুপ্তের ‘দিদিভাই’ কিংবা সমরেশ মণ্ডলের ‘সোনালি দুঃখ’-এর মতো কাগজে। সেই কবিতার কথা মনে পড়ে-
অথচ আশ্চর্য দেখো
১
অহঙ্কার মালা গাঁথে প্রেমের বাগানে
মরে গেলে ভালোবাসা রেখে যাবো অশোকের ডালে।
২
তোমাকে কাছে পেলে মন আমার মোনালিসা হয়
তোমরা স্পর্শ পেলে চিত্রাঙ্গদা মন নেচে ওঠে।
৩
পাঁজর ভেঙেছে বিষাদ, অবসাদ কেড়েছে যে ঘুম
অথচ আশ্চর্য দেখো এই বুকে ভালোবাসা হয় নি নিঝুম।
এই অন্ধকারে
আর কতদিন আর কত রাত
আর কতমাস এই ভাবে হাত
বাড়িয়ে র’ব আলোর খোঁজে?
হামাগুড়ি দিতে দিতে তোমার ম্যাজিক লন্ঠনটা
দেখেছিলাম,তুমি বললে-
“হাঁটতে শেখো
দেয়াল ধরে উঠতে শেখো, দেয়াল ছেড়ে
চলতে শেখো,
শিকেয় তোলা আলোর ম্যাজিক
নিজে নিজেই নিতে পারবে,
চেষ্টা করো চেষ্টা করো…”
দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে
বর্তমানে গাছ হয়েছি
পা চলেছে অন্ধকারে
বেঁকে যাচ্ছে মেরুদণ্ড
কত শত আলোর ম্যাজিক চোখের সামনে জ্বলে নেভে
অন্ধকারে দাঁড়িয়ে থাকি
স্বপ্ন দেখি আলোক শিখার
আলোর ম্যাজিক, অগুনতি ওই আলোর মালা…
অন্ধকারে দাঁড়িয়ে থাকি
অন্ধকারেই বেশ কাঁদা যায়।
গ্রামীণ সংবাদ
গ্রামে আর তাইতো আসি না রাঙাপিসি
নদীকে বেঁধেছ কংক্রীটে
নদীবুকে জল নেই, শ্যাওলা কচুরিপানা
শ্বাসরোধ হবে যে নদীর! ও নদীর কাছে গেলে
দীর্ঘশ্বাস ছাড়ে।
বুড়োবট বলেছিল, আসিস বাপ যখন খুশি
কাছে বসে শুনে যাস কথকতা, রামায়ণী গান
ওগো পরিজন! গ্রামীণতা উড়ে গেল?
কোথায় পোড়ালে তাকে?
মাটি মাটি গা-গতর, ধানশীষ কিশোরী সেমিজ
হাফপ্যান্ট ভালোবাসে, নোনা আতা দেয়
তাকে তো আর দেখি না রাঙাপিসি!
স্বজন-হারানো কান্না সানাই কেঁদেছে
শুনেছি শহরে থাকে, চুল কেটে মেম বনে গেছে,
আহা গোছা ভরা চুল…
নদীতে শ্যাওলা, কচুরিপানার ভিড়, দমবন্ধ
দীর্ঘশ্বাস ছাড়ে। ও নদীর কাছে গেলে কষ্ট হয়।
আর তো গাই না জারি, নৌকো বেচেছি হাফদামে
গ্রামে আর তাই তো আসি না রাঙাপিসি!
ও লন্ঠনঅলা!
ভয়ানক মুখব্যাদান করে
ধেয়ে আসছে ভয়
বিপুল ভীষণ অন্ধকারে
ভালোবাসার ছানাপোনা
কাঁপছে উঠোনময়।
কলম ধরতে হাত কাঁপে আর
গান গাইতে গলা
আকাশজুড়ে সন্তমসের কালো।
ও লন্ঠনঅলা!
বলো কোথায় প্রাণবিমোহন আলো?
হাড়পাঁজরায় গিলোটিনের
অগুন্তি যন্ত্রণা
সহ্য করেও লিখছি এই
কাব্যশস্যকণা
কী সাঙ্ঘাতিক তা-ও হয়ে যায়
রুধিররুংশিত
আর পারছি না। দেশকে বাঁচাও
এই প্রিয় দেশ, পিতঃ
এই মধ্যবয়সে এসে আজও ভেবে চলেছ, এই সব লেখা কি আদৌ কবিতা হতে পারল? বন্ধু বিবেকানন্দ সেই যে বলছিল-“এই যে তোমার বুকের ভেতরটা কেমন করছে, তার মানে ওই লেখাটার এমন কিছু শক্তি আছে যা তোমাকে নাড়িয়ে দিতে পারছে। এমন লেখাই লিখতে হয়।” তোমার মন বলছে-“পারছি না, পারছি না। ধরতে পারছি না। কবিতা কেবলই হাতছানি দিচ্ছে তার অগম-গোপন আবছায়াঘেরা রহস্যের দিকে।” তুমি দিশেহারা হয়ে ছুটছ, হাঁপিয়ে পড়লে দম নিচ্ছ। আবার ছুটছ। রেডিও শোনায় মান্না দের গান- “কতদূরে আর নিয়ে যাবে বলো কোথায় পথের প্রান্ত?…”
Painting:Franz Kline
গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।