সমর রায়চৌধুরী
ভিন্নমুখ
ঢাকা বিক্রমপুরের মাটি চাই, নায়ায়ণগঞ্জের, ফরিদপুরের মাটি
এই রাস্তা দিয়েই রোজ
বগুড়ার মাটি চাই, ঝালোকাঠি, নীলফামারির, গীতালদহের মাটি
একজন ফেরিওয়ালা—
চাই যশোর-সাগরদাঁড়ি গ্রাম, নওয়াপাড়ার মাটি
বিবিধ সামগ্রীর মতোই বিক্রয় উদ্দেশ্যে বলতে থাকে সে—
নাটোরের মাটি চাই, খুলনা, রাজশাহী, চট্টগ্রামের মাটি
২
এই ফেরিওয়ালার ডাক শুনে মৃত্যুর ওপার থেকে ছুটে এসে প্রয়াত বাবা আমার, বলেন—‘তুই
আমাকে যশোর, নড়াইল, ন’পাড়ার এক ঝুড়ি মাটি কিনে দে বাপ!’ স্বপ্নে সেটা দিতেই, দেখি
-তিনি ওই ঝুড়ি থেকে মগে করে মাটি তুলে নিয়ে নিয়ে গায়ে-মাথায় ঢেলে স্নান করছেন, আর,
কেবই ‘আহ ! আহ !’ ক’রে গলা দিয়ে পরিতৃপ্তির শব্দ বের হচ্ছে তাঁর। ঘুমের মধ্যেই আমি টের
পাচ্ছি বাবার বিশুদ্ধ শান্তি ও প্রকৃত এই দেশপ্রেম
৩
আর, বিড়বিড় করছি ঘুমে ; স্বপ্নই সেই ফেরিওয়ালা, দুপুরে, রোদে, যে পথে পথে হেঁকে যায় –
পেশোয়ার, লাহোর, করাচি ও পোরবন্দরের মাটি চাই, সবরমতি আশ্রমের মাটি, জোড়াসাঁকো, ভুবনডাঙার, বরিশাল, কলকাতা ও বীরসিংহ গ্রামের মাটি চাই, মাটি, মাটিইই…