জয়দেব বাউরি
লাইভে আসছি
খুলে দিচ্ছি জন্মখণ্ড, জাদুদণ্ড গেছে ভেঙে চুরে
শিলা-ঝড়-বজ্রে আছি পৃথিবীর কাঁটা তারে তারে
পেটে নীল অগ্নি-শিখা বুকে ধূ-ধূ হয়ে আসা বন
পায়ে শূন্য ভর করে মাথা ছুঁয়ে অস্ত্র ঝনঝন…
খালি হাত, হাতে খিদে চোখে ঐক্য ভেঙে যাওয়া ঘোর
মহাকালি চোরাবালি খাদ্যে খাদ্যে হতে হবে ভোর!
লালা ঝরে লালা ঝরে আর স্নায়ু ঠাণ্ডা তরবারি
ছাল-চামড়া উঠে গেছে জ্যান্ত দেহ ঝোলে রকমারি!
ওই শস্য, ওই ফুল শিরা উপশিরা ভেঙে দোলে…
জল জল জলাশয় শান্তি-ঘুম রক্তে পেয়েছিলে?
লতা,হাত ছেড়ে দিচ্ছে, সরে যাচ্ছে পাতা সবিনয়ে
বোঝা নয়, বোঝাবার সব পথ পড়েছিল পায়ে…
কী দেখাবো হাট করে কী শোনাবো বলো বলো আর
পাশে খাদ নীচে খাদ খুলে খুলে গেছে দেহভার।
যত দৃষ্টি ডুবে যাবে সরে যাবে তত পাঠাতন
এসবই বে-আব্রু করে তোমাদের দেখাবো এখন।