কমলেশ কুমার
অভিমান

এ যেন বিদ্যুৎপৃষ্ট দীর্ঘ কঠিন পথ
নিরুদ্বেগ পড়ে আছে অনন্ত মহাকালের দিকে,
কালো ময়াল সাপের মতো পিচের রাস্তাটি
পুবে-পশ্চিমে পাক খেতে খেতে পৌঁছে গিয়েছে
চাঁদের কিনারে।
এই পথের পাশেই একদিন গড়ে উঠেছিল
সবুজ মাঠ, ধানখেত, মৃত নাবিকের
একচিলতে কাঁটাতারের সংসার,
এই পথের বাঁকেই একদিন সামবেদ থেকে
উঠে এসেছিল আমাদের যত ছেঁড়াখোঁড়া গান,
নোঙর ফেলেছিল কেউ গাঙুরের তীরে!
আজও বসন্ত এলে পথ যেন ফিরে পায়
এক অনির্দেশ গনগনে রোদের আঁচ
পাখপাখালিরা ডেকে ওঠে গাছেগাছে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া মহেঞ্জোদাড়ো সভ্যতা জুড়ে
রক্তের মতো শুধু জেগে থাকে
গোছা-গোছা শিমুল ফুল!