জয়ন্ত চট্টোপাধ্যায়
ভুল

চলে যাবার কথা বললেই সংশয় কিছু ভুল হল?
কিছুই অপরিহার্য নয় বলে জমানো বক্তব্যের পর
সবকিছুই বাজারে মেলে মার্কা তাচ্ছিল্যের কাঁটা
ভুল হলে হোক এমন সিদ্ধান্তে সমস্যা মেটে না।
যাবার কথা উঠলেই গড় দূরত্বের স্বরলিপি বাজে।
কয়েকটি না মেলা হিসাব ন্যাকের হাতে কচুকাটা
ভাবলেই বধ্যভূমি জাগে অমোঘ ঘাতকের মুখ
কোনও বাধাই কম্পন মানে না। তবু—
লক্ষভ্রষ্ট ঘাতকের মুখে যতটা বিভ্রান্তি,ভুল পোজে
ফুলগুলি হুল নিয়ে জেগে যন্ত্রণায় সুখ তুলে আনে।