সাপ্তাহিক কবিতা আশ্রম, ৮ জ্যৈষ্ঠ ১৪২৮
সাপ্তাহিক
৮ জ্যৈষ্ঠ ১৪২৮
Painting: Darren MacPherson
গৌতম হাজরা
প্রতিবিম্বে, উদ্ভাসে, বিদ্যুৎ চমকে
কথার খসখসে থিতিয়ে আসছে শুকনো ধূলো।
এখন শেকড়বাকড়ে বড় তেষ্টা
দিশেহারা সময়ে কে জল দেবে,
বলো চণ্ডালিকা?
ঠিক কতটা জল ঢাললে তেষ্টা মেটে
জেগে ওঠা যায়
হানফান শরীর ফের খাড়া হয়ে ওঠে?
প্রতিবিম্বে, উদ্ভাসে, বিদ্যুৎ চমকে….!
প্রদীপ দে
সে
মাটির তলা থেকে তুলে এনেছিলাম তাকে,
গায়ে তখন ও শেকড়ের গন্ধ।
রোদ্দুর পেয়ে নেচে উঠল,
বর্ষার জল পেয়ে চিকন হল।
এ জন্মে তার কত কিছু দেখা বাকি –
লাল আভা, রঙিন ঘুড়ি, সবুজ ক্ষেত,
ধূসর পাহাড়!
ক্রমে কালো হল বেলা,
সৃষ্টির মন্ত্র গেল উড়ে
দূর আকাশের দিকে।
ঝড় এল, ঝড় গেল থেমে,
গোপন কুঠুরিতে বসে
সে এখন বালিচাপা তারা নিয়ে খেলে।
দেবমাল্য মহাত
বচ্চন সাহেব
দো গজ দুরি
মাস্ক হ্যা জরুরি
ফোন করলেই বচ্চন সাহেবের গলা
আসলে গিরগিটির দৌড় বাদাড়গড়া
বাদাড়ের ওপারে থাকে চেপি বুড়ি
সেখানে স্যানিটাইজার নেই, মাস্ক নেই
নেই কোনও অক্সিমিটার
আছে শুধু একটা সবজির ঝুড়ি
চেপি বুড়ি এক হাতে দাঁড়িপাল্লা
আর এক হাতে শাড়ি দিয়ে নাক ঢেকে
করোনা বিধি পালন করেন
পায়রার ওড়াওড়ি
অনেক পায়রার ওড়াওড়ি
সকাল থেকে সন্ধ্যা
ঘরময় নোংরা
সব টং সরিয়ে দিল মা
ওরা দিনে উড়ে ঘুরে বেড়ায়
রাতে আবার ফিরে আসে ছাদে
এভাবেই রোদ মাথায় কেটে গেছে অনেক দিন
প্রবল বর্ষায় ভিজে গেছে ওদের ডানা
কাছের মানুষ সব লোক হয়ে গেল
তবু পায়রাগুলো ছেড়ে যায়নি আমাকে
বঙ্কিমকুমার বর্মন
পালকের শিলালিপি
বুকের এই অজ্ঞানতা থেকে উড়িয়ে দিই শত সহস্র পায়রার রৌদ্রস্নান। আমি ঢুকে পড়ি পৃথিবীর কোনও প্রাচীনতম গুহায়, অনবরত খুঁজে চলি স্মৃতির সতেজ শরীর। কেবল রাত্রি সহায় বুনে রাখা শস্যের যুগপুরাণ। কামনার ফাটলে ফাটলে বৃক্ষের মহাকরণ। ললাটে আজন্ম বিস্তার চুম্বনের মদ। আঙুল ধরে হেঁটে আসে চেতনার সিঁড়িতে আলোর দেহভঙ্গিমা। মগজের নিদ্রায় কিছু অনাকাঙ্ক্ষিত ঝড়ের সংকীর্তন পোষাক খুলে দাঁড়ায়। মুমুর্ষ জাগরণের চূড়োয় ক্ষণজন্মা কুয়াশার শ্লোগান জাপটে ধরে।
২
ছুঁড়ে দাও ডাস্টবিনে যত নোংরা ইশারা। প্রীতির হৃদয় সংকেত নিয়ে তাঁকাও একটিবার কষ্ট মুখের দিকে। কিছু নীরবতার বাঁধ ফিসফিস উঁকি দেয় কাজল কালো চোখে। একবার গোপন হওয়ার আগে অশ্রুর পেট চিরে তুলে আনি ঈশ্বরের ভ্রুণ। দীর্ঘ এই জনপদে ক্ষয়ে যায় বিস্মৃতির চাঁদ। এসো সম্পর্কের বারান্দায় আত্মবিশ্বাসের ত্রিভুজ গড়ি। মৌন বিকেলের রোদে পা ছড়িয়ে বসি। সুতো ছেড়ে উড়িয়ে দিই দু-একটি কিশোরী মেঘের দিন। অপ্রস্তুত কোথাও ছুটে চলেছে শান্ত কাগজের ভোর।
৩
ক্রমশ বিরতির সমীকরণে শুকিয়ে গেছে ফুল ও শুভেচ্ছা। বসে আছি জীর্ণ পাতার কাছাকাছি। যথার্থ ভাষাহীন স্নেহের রংধনু হয়ে উঠছে একার অনুবাদ। ছায়াহীনতা দেহের বুদ্বুদ, কে এই চিনেছে জানালায় নৈশগীতি। মস্তিষ্কের ফুল হাহাকার নামালে প্রিয় আকাশ দীর্ঘশ্বাস ফেলে ঝুল বারান্দায়। নিমেষে মগ্ন স্বদেশ অজস্র নৌকার যাযাবরতা নিয়ে চর্চা করে। জমে ওঠে অসম্পূর্ণ আত্মরেখায় নাভির অন্ধকার। শুধু অনাবিষ্কৃত যন্ত্রণার ব্যাকরণ থেকে লাফ দিয়ে ছুটে যায় খরগোশ জঙ্গলের চিরহরিৎ নিঃশ্বাসে।
Painting: Darren MacPherson
লক ডাউন
নির্মল হালদার
সকাল ৭ টা থেকে ১০টা। বেলা ১০টা থেকে বিকেল ৫টা। কোনও কোনও দোকান বেলা ১২টা থেকে বেলা ৩টে। খিদের তো নির্দিষ্ট কোনও সময় নেই। হোটেল তো সব সময়ের জন্য বন্ধ। কী করবে রাস্তার গরু? রাস্তার কুকুর? হোটেলের এঁঠো কচি শাল পাতা চিবানোর সুযোগ নেই গরুদের। শাল পাতা চেটে খাওয়ার সুযোগ নেই কুকুরদের। কী করবে এই সব প্রাণীরা?
মন্দিরের চাতালে বসে এক বৃদ্ধা মহিলা মাস্ক সেলাই করছে। ছুঁচ-সুতো পেল কোথায়? মাস্ক কেনার জন্য পয়সা নেই যখন, তখন ছুঁচ-সুতো পেল কোথায়? এই বৃদ্ধা মহিলার আহার জুটছে কি? যেটুকু বাজার খোলা আছে এখন শুধু ছুটোছুটি। গায়ে গা ধাক্কা। যেন বা বাজার হাট বন্ধ হয়ে গেলে, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে! কিন্তু গরু কুকুর শুয়োর এরা খাবে কোথায়? এরা যাবে কোথায়?
একটি পঙ্গু লোক হাতে ভর দিয়ে চলেছে রাস্তায়। দাঁড়াবার ক্ষমতা নেই। সারা শরীরে জীর্ণতা। কোথাও কোথাও থেমে যাচ্ছে। কোথাও কোথাও বাজারিদের মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এই মানুষটি থাকে কোথায়? এই মানুষটির কেউ আছে? ঘর আছে? কে দেয় দু মুঠো? মানুষটার হাতে একটি কালচে স্টিলের গ্লাস। মাঝেমাঝেই গ্লাস ঠুকে ঠুকে রাস্তায় চলেছে। কারোর কাছে কিছু চাইছে না। মানুষটি কি জানে, লকডাউন কাকে বলে?
দশটা বেজে পার হয়ে গেছে, মিষ্টির দোকানের শাটার খুলছে এবার। মানুষটি এক মিষ্টির দোকানের কাছে এসে, গ্লাস দেখিয়ে বলে, একটু জল দিবে বাবু জল?
দোকানের মালিক মুখ ঝামটা দিয়ে বলে, এই দোকান খুলছি,
তুই কে রে লাট সাহেব জল খুঁজতে চলে এলি? যা ভাগ—
ভাগ্—
Painting: Darren MacPherson
বাতানুকূল
অভিজিৎ চৌধুরী
আমাদের বাড়িটা যেখানে তাকে কলকাতা বলা যায় না। চারিদিকে হোগলা বন। আর শরৎ উঁকিঝুঁকি দিলে কাশও দেখা যায়। হেমন্তে কাশফুলগুলি শুকনো হয়ে অতীতের চিহ্ণ বহন করে। বড় বড় জানলা। বাথরুমটা বাদ দিলে সবটাই সাবেকি। বাথরুমও সাবেকি কিন্তু কিছু আধুনিক কল-কব্জা রয়েছে, যা আমি কখনও পারতাম না। বেঁচে থাকতে আমার অভিলাষ ছিল এই বাড়িতে অবসর নেওয়ার পর অলস সুখ উপভোগ করব। ভোর দেখব, সার্সিতে সবুজ পাখিরা ঠোক্কর দিলে ওদের সঙ্গে কথা বলব। মানুষ কত কিছু ভাবে হয় কি! কতবার ভেবেছিনু ছাড়িব চাকুরি। হল না। ৩৩ বছর কেটে গেল চাকুরি আমায় বিদায় জানাল না, আমিও সেই সখীর কালকূট যন্ত্রণা থেকে মুক্তি পেলাম না। ঘুরে ঘুরে ফেরিওয়ালার চাকরির মতন। ছোট ছোট ঘরে থাকা। গুমোট গরমে স্প্লিট এসি নতুবা পোর্টেবেল এ.সি। আকাশ দেখা যায় না। নদীও নয়। মুক্ত বাতাস তো স্বপ্ন। এর মাঝে এল করোনা। চা পান করতে গেলুম, মাস্ক ছাড়া ভোরের হাওয়া খাব বলে। তাতে কিনা জানি না, মাঝরাতে মরে গেলুম।
ভগবানের কাছে দুদিনের ছুটি নিয়ে এলেম নিজের বাড়িতে। ফোটন–কণা হয়ে যাওয়াতে মজা হচ্ছে বেশ। পাড়ায় কেউ চিনতে পারল না। কেউ চিনতও না কোনওদিন। কেনই বা চিনবে, কাউন্সিলর তো ছিলেম না।
বাড়ি খুঁজে হয়রান। শেষমেশ ফুটুস করে অটোতে চেপে মউপিয়া রোডে এলুম। আমার তো আর ভাড়া লাগে না।
আলোর তরঙ্গ হয়ে কলিং বেলে চাপ দিলুম।
বউ দরজা ফাঁক করে বললে, কে!
উত্তর না দিয়ে ঢুকে পড়লুম। সে টের পেলে না।
মনে মনে বলল, আশ্চর্য, কেউ তো নেই।
তরতর করে উপরে উঠে দেখলাম, সেই পেল্লায় ঘরগুলি আর নেই। পার্টিশন করা সব ছোট ছোট ঘর। জানলাগুলি সিল করা। ঘরে ঘরে এ.সি। দম আটকে এল আমার। মানে অলৌকিক শ্বাস- প্রশ্বাস আর কি! ভয় হল আবার সেই চাকরি করতে হবে না তো!
এ. সির কন্টক বেদনা পেরিয়ে এখন আলোকবর্ষ দিয়ে চলেছি। পাখি আকাশ আবার দেখছি। মানুষের বাতানুকূল পৃথিবীতে আর ফিরব না।
Painting: Darren MacPherson
গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।