সমরেশ মুখোপাধ্যায়
কী দোষ আমার
কী দোষ আমার
এত বছর পর আমায় কেন তাড়াতে চাও তুমি
এটা আমার বাড়ি আমার দেশ
কিসের জন্য করছ মরুভূমি!
চতুর্দিকে হাহাকারের মতো
ঘুরছে রহিম এবং ফুলু দাস
এত বছর পরে তুমি এসে
করতে চাও দেশের সর্বনাশ!
আমরা ছিলাম দুঃখে সুখে ভরা
মোটা কাপড় সবার ছিল ভাত
আমরা ছিলাম এ পাড়া ও পাড়া
ছিলো না কোনো ধর্ম এবং জাত!
তুমি এলে কোথার থেকে উড়ে
কত বড় তুমি লাটের বাঁট…
দেশ দিচ্ছ দুনিয়া দিচ্ছ চিরে
মানুষ মেরে করছ শ্মশান ঘাট!
তোমার জন্য আমার ভিটে মাটি
উজাড় হলো,অন্ধকার ভারি
সাতপুরুষের জন্ম এই দেশে
তুমি বললে অনুপ্রবেশকারী!