বঙ্কিম লেট

তোমাকে খুঁজি

মোমবাতির মিছিলেও তোমাকে খুঁজেছি

যতবার দেখতে চাই কার দুটি লোভী চোখ

মোমের আলোয় সিটিগোল্ডের ছুরির মতো

ঝলসে ঝলসে তাড়া করে; ফের ঘাড় নীচু হাঁটি

 

শাওয়ারের নীচে নগ্ন স্নানে তোমাকে খুঁজেছি

ঝরনা ভেসে গেছে দূরে। হাঁটুমুণ্ডু কুশপুত্তলিকা আমি

ভোরের ফোঁকর দিয়ে রশ্মি এসে আমাকে জ্বালায়

প্যানের ভিতর ফের হাত ফস্কে পড়ে গেছে বাতি

 

সাড়ে দশটার ট্র্যাফিক জ্যামে তোমাকে খুঁজেছি

ছাতা উল্টে গেছে কোনও এক র‍্যাট রান স্টপে 

কাচের ডিশের মতো রাস্তায় আছড়ে পড়েছ মেঘ

অন্ধকারে একা একা ভেজে ডোরবেলে চাঁদ