তৃষ্ণা বসাক
নীল কফিহাউস
আমি তোমাকে নিয়ে দোতলায় বসেছি, কফিহাউস,
তুমি আমায় কবিতাটা একটু পড়তে দাও,
তোমার জানলার কাচে লম্বা লম্বা জলের দাঁড়ি,
অজস্র সম্পর্কের যতিচিহ্নই হবে,
আমি তার সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলি,
ততক্ষণে টেবিলে কাপুচিনো এসে গেছে,
তুমি ভেবেছিলে আমি হট চকোলেট খাব,
আসলে আমি খেতে চাইছিলাম ব্লু অ্যান্টিকুইটি,
নীল, ঘন নীল আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে,
আমার পাশাপাশি সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে একটা কফিহাউস!