বেবী সাউ
পোস্টার
এই কাঁটাতারে লেগে আছে ছেঁড়া ইস্তেহার
নিরীহ শরীর, নারী
বুলেটের ধুঁয়ো মেখে
পাখির ক্ষতের মত কাকে চেয়ে গেছে!
সে কি দেশ? সে কি রাষ্ট্র? নাকি শুধু বাসস্থান, ভূমি?
হৃদয়ে ভাতের গন্ধ;
আর কিছু নেই তত, চাইতে শেখেনি কোনদিন
মূক বধিরেরা!
তোমাকে পুরুষ ভেবে
তুলে দেয় সমর্পণ… আগুন ভ্রমণ
পরিত্যক্ত, খাস জমি ভেবে
তুমি তাকে ছলনা শেখাবে?