রাজীব চক্রবর্তী

 

দেহপার্বন

 

 

শুকনো পাতার সাথে এইসব সজ্জিত বারান্দায় উড়ে আসে চেরাই কবিতা।

আলগোছে যতটুকু পারি তুলে রেখে দিই

জলপাই কাঠের টেবিলে,

চাপাদিয়ে রাখি আস্ত একটা গোর্গাবুরু,

সতরঞ্জি রঙিন চাঁদোয়া মেলে

এরপরে অমৃতে চুমুক; মুগ্ধবোধ,

শাক্তকবিতার মতো তোমার হাসি

ধেয়ে আসে এইসব বকুলবাগানে —

চিবুকের তিল ছুঁয়ে দেখি মাঝে মাঝে

সুযোগ সন্ধানে –ঠোঁটে চেপে ধরি

ভিজে ঠোঁট।

মাংসের গন্ধ মেশে বাসন্তী বিকেলে —

সেতারের তারে বাজে অবিরাম সুরসপ্তক।

বহুদূরে ঋতু গুহ গাইছেন কষ্ট আর করুণ সংগীত তরঙ্গে তরঙ্গে।

 

আর এই কুরুবক ফুলের মতো তোমার বুকে হাত দিতেই অনুভব করলাম

ফুরিয়ে যাইনি তবে আজও….