সাপ্তাহিক

১৮ বৈশাখ ১৪২৮

Painting: Paul klee

সুবীর সরকার

শঙ্খবাবু, সমীপেষু

পানশালায় কোনও গান নেই, বাজনাও বাজে না
মেদুরতা নিয়ে দেখি সুপুরীবনের 
                                          সারি।
আমি একদিন দেখবেন ইছামতির মশাদের ছবি
                                                তুলব
দেশ মানে সারি সারি পিঁপড়ের শোকযাত্রা
দেশ জুড়ে দেখি শবের উপর সামিয়ানা

দুর্গা দত্ত

আড়বাঁশি

যে জানে সে জানে 

কেউ কেউ থেকে যায় ঘুম-ভাঙানিয়া–

সারাটা জীবন জুড়ে 

ভোরের স্বপ্নের মতো থেকে যায়,

কখনও মরে না।

 

রোদে জলে দুপুর ধুলোয় খাঁ খাঁ মাঠে

প্রতিদিন উড়ে আসে সাপের খোলস, শুকনো খড়।

ঝরে যাওয়া পাতায় পাতায় 

তবু তার অনায়াস আসা যাওয়া

পাখির ডানায় , নম্র কড়ি ও কোমলে

বসন্তে বর্ষায় প্রতি ভোরে —

 

যে জানে সে জানে

 

ঘুম-ভাঙানিয়া সে যে

তাকেও  সে জানাতে পারে না …

জহির খান

বিগলিত দৃশ্যপট

বুক পকেটে নিয়ে হাঁটি চৈত্রের দুপুর 

দৃশ্যত এক কবিতা হবে প্রিয় সময়

তাহারা যাত্রার বিকেল হয়ে ফিরবে

বা নাই ফিরে আসুন আর এই তল্লাটে 

 

দুপুরের সুমিষ্টঘ্রাণ ছড়িয়ে পড়ুক পাড়ায় 

গলির মুখ থেকে বেড়িয়ে আসুক কবি 

টিউব টাইপ সন্ধ্যায় নেমে আসুক পাহাড় 

 

এখন 

পাতারা ভুলে বসুক দীর্ঘ এক ছায়াশরীর 

ফেকহী কিতাবাদী আলোর মুখ- 

 

ধরে রাখি খা খা রোদ পরস্পরে

Painting: Paul klee

সৈকত সেন

বিপরীত

জীবনজুড়ে অনাবিষ্কৃত মাঠ ঘাট নদী পথ 
অথচ কি নির্মম আঁকড়ে থাকা 
উপশমহীন সরু একফালি জমি বুকের ভেতর
অনাবাদী, চৌচির 
তলহীন শব্দের গভীরতা ভেঙে ভেঙে
মৌনতা মেখে পড়ে থাকে ঠোঁট
হাঁট ভাঙা স্তব্ধতা জড়িয়ে
বিসর্জনের রাত জাগে চোখ
অথচ কথা ছিল,
কথা ছিল এক দীর্ঘ পরিক্রমার 
সমস্ত যতিচিহ্ন মুছে দিয়ে
লেখা হবে আবহমান পরিব্রাজনের ইতিহাস
কথা ছিল আরম্ভবিন্দু থেকে 
আঁকা হবে মন্দিরের নকসা
পাপপুণ্যের অন্তর্বর্তী সিঁড়ি ডিঙিয়ে
আলোর দিকে নামিয়ে রাখব সমস্ত সমর্পণ।
 
অথচ আজ পূর্বজন্মের সব দাগ মুছে
আমি ও আমরা একটানা বিপরীতমুখী।
 

অনিকেশ দাশগুপ্ত

পরিহাস

নীচু হয়ে এলো যাযাবর তাঁবুর অন্ধকার
বেদেনী পাড়ার দিকে কচিকাঁচাদের জলমাটিকাদা, 
ক্ষমার থেকে দূরে, অরক্ষণীয়,
তামাটে গায়ের থেকে নির্বিকল্প আঁশ খুঁটে বয়োজ্যেষ্ঠ,
তার অনন্ত ছায়ার মতো স্তনে শিশু নেই
পরমান্ন মুখ নেই কোনও –
ধোঁয়া ধোঁয়া ফুল আঁকা চাদর নানান বর্ণে ঠাসা 
এমন সূর্যানুপাত, 
রেলের কামরায় সহসা পরিহাস ক’রে ওঠা রৌদ্র
যেন এইমাত্র পাঁচকান হবে 

Painting: Paul klee

গত নভেম্বর থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত সন্মাত্রানন্দের অসামান্য উপন্যাস 'মেঘবতী'-র বারোটি অধ্যায় পড়ুন

পূর্ববর্তী সংখ্যা

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।