Painting: Erin Hanson

নির্মল হালদার

কবিতা

১

 

নির্জন আনন্দের মতো নির্জন আমলকি

বনে বনে। একাকী। সকলের সঙ্গে থেকেও

বনে বনে। একাকী। এই একাকীত্ব বুকে রেখে

আমিও বনের একটি পথ

 

রাখালকে খুঁজছি।

 

২

 

একটি পোকার প্রসব বেদনা এলে,

আরেকটি পোকা শুনতে পায়।

গাছেরা শুনতে পায় গাছের প্রসব বেদনা।

                    আনন্দ-বেদনা এই,

রামধনু উঠলে আমি শব্দ শুনতে পাই।

 

আমি যাই, রামধনুর দিকে।

 

সাত রঙের মালা কে গাঁথল? কে পরবে 

সাত রঙের মালা। আমার বুকে তো মালা নেই

শুধু মালার দাগ

 

আমি লুকাই না।

বিপ্লব ঘোষ

হে মহামানব

আমরা সেদিন বলিনি ওদের

কেন গাছ কাটছ, বন জ্বালাচ্ছ দিনে রাতে

কেন পাহাড় ভাঙছ ডিনামাইটে

কেন নদীপথ ঘুরিয়ে দিচ্ছ লোহারপাতে!

 

পৃথিবীর বুকে মহামারি তুমি

মারণ রোগে ধরেছ

রেয়াত নেই ধনী গরিবে প্রাসাদ কুটিরে

যাকে পাবে তাকে ছোঁ।

 

কার লাশ কোথায় ভেসে যায় 

কে কার চিতা জ্বালায়

দেহগুলি বলে শুধু বিদায়

ইতিহাসে লেখা হবে শোকগাথায় ।

 

এখন কবিতা লেখা পাপ

মানুষের পাশে না পারো 

কবিতা লিখো না কবি

সৃষ্টিতে শোক ঘুচবে না কারো ।

 

অভিশাপ তোমার আমার, মানতে হবে

হে মহামানব, তুমি বুঝবে কবে !

 

তমোজিৎ সাহা

দহনকাল

আগলে আছি আগুন
পোড়ে সত্তা পোড়ে মন

প্রতিদিন প্রতিক্ষণ

নদীর তাজা হাওয়ায়
জাগে স্মৃতির আগুন

পোড়া জীবন পোড়ে অনুক্ষণ।

 

তপন পাত্র

দিনরাত

দিন মানে বুকের উঠোনে

          বকম ফুলের ছড়াছড়ি।

রাত মানে মন খারাপের স্বরলিপি।

 

আমাকে একা রেখে

                উড়ে যাচ্ছে 

                        পুড়ে যাচ্ছে 

অঙ্কহীন তারা পাখির জটিল জ্যামিতি।

মারণাস্ত্র ভেসে আসছে টাওয়ারের রন্ধ্রপথে।

 

পাখির মেদুর ঠোঁটে মেঘ জমলে

প্রকৃতির উভয় অধর মাঝে 

তুমি একদিন ছোট ছোট ফড়িং

          হয়ে শেষ লাফ দেবে ।

 

২

যে কারণে চরাচর তোমাকেই

শ্রেষ্ঠ বলল,

সেই উৎস থেকে নিজেকে উৎখাত করলে 

সময় যাপনে মিশে যাবে অনিবার্য অন্ধতা।

 

দুঃসময় মহাকালের বীজমন্ত্রে খোদাই করবে 

অর্বাচিন ভাস্কর্য 

স্খলনের বিষণ্ণ ঘুমকথা ।

 

 ৩   

এখন সব আছে ঠান্ডায় গরমে আরামের

যাবতীয় আধুনিক ইলেকট্রিক্ ও

                   ইলেকট্রনিক্স্ যন্ত্রপাতি ।

 

তবু ঘুম নেই।

যতোবার পাশ ফিরি

 লক্ষ করি একটি মশা একটি ছারপোকা

     কেউ বিষ্টব্ধ দুর্দিনের বদরক্ত

    শোষণ করতে ছোঁ মেরে আসে না,

ভয় পেয়ে দূরে সরে যায়।

 

মধ্যরাতের অক্ষম আঙ্গুলে রোহিনী, শ্রবণা,

 স্বাতী, চিত্রা অরুন্ধতীকে ছুঁতে গিয়ে দেখি

  তারা কেউ ঠিক সেখানে সেখানে নেই।

 

মসৃণ ত্বকে সোয়াস্তির মোচ্ছব শুরু করতে চেয়ে

তুমি যাবতীয় বনফুলের ডানা ছেঁটে বসে আছো।

তাই চক্রবাল থেকে চক্রবালের

উপর অংশ ঢেকে গেছে ছাইবর্ণ মেঘে।

 

এখন ডবকা তারুণ্যের বিপরীত

 স্পর্শসুখের মতো নাচতে নাচতে

                গাইতেই পারো—

        ও আকাশ ও আকাশ

        ও সমগ্র আকাশ, তুমি একলা আমার ।

প্রসূন ঘোষাল

সেতু

চলন্ত ট্রেন লাইনের ওপর দিয়ে ছায়া

কমতে কমতে পৌঁছে গেছে স্টেশন। 

হৃৎপিণ্ড খুলে বসে আছে অনেকেই। অসাড়—

নিশ্চুপ। গাছের পাতা নড়ে না। বড় কষ্ট হয়

এমন মুখগুলো ভাঙতে ভাঙতে

            শূন্যে ওড়া পাখিদের

মতো লাগে! আওয়াজ নেই শুধুই 

সেতুর দীর্ঘতা বাড়ে। 

দীর্ঘতা বাড়ে চোখের—

দীর্ঘতা বাড়ে মনের। শুধু বাড়ে জল। 

 

এমন দীর্ঘতা নিয়ে সেতুর ওপর বসেছিলাম।

যারা অনাদরে ভালবাসে এক অন্ধকারাচ্ছন্ন 

কুয়াশার মতো, যারা ভালবাসতে চেয়েও 

হাত সরে যায় ভোরের আগে—

 

বনের ভিতর শিকড় জড়িয়ে নিজেকে 

ভোলার তাগিদ—

আগে কখনও হয়নি। 

Painting: Erin Hanson

ছুরি

দেবাশিস মল্লিক

‘আপনিও দেখেছেন’।

লোকটা চমকে উঠে ভয়ে সিঁটিয়ে গিয়ে বলল, ‘না না আমি কিছু দেখিনি। আমি অন্ধ।’

মানে!

মানে এই মাত্র অন্ধ হয়ে গেলাম। চোখের ভিতর এই মাত্র সব আলো ডুবে গেল। এখন সন্ধেবেলা।

আরে আমি তো সেই সন্ধেবেলাই দেখেছি। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। তালগাছে রসের ভাঁড়ের পাশে পাশে ঘুর ঘুর করে। হাঁড়ির ভিতর ঢুকে হুড়োহুড়ি লাগিয়ে দেয়। ওই সময় যদি আপনি বাইক চালিয়ে যান, হেডলাইটের আলো ধরে ওরা আপনার শরীরময় চারিয়ে যাবে।

এটা কি কোনও পোকা?

ঝিঁক। সারা শরীর চুলকাবে। শান্তিতে ঘুমাতে পারবেন না। গোঁদো পিঁপড়ের সাইজের এক একটা  ঝিঁক শরীরকে ভাঁড় আর ঘামের গন্ধকে রস ভেবে এমন লেপটে থাকবে যেন শরীরের উপর কেউ একটা ছুরি শুইয়ে রেখে আপনাকে বলে গেছে, ‘নড়বেন না।’

লে হালুয়া। কি ঝিঁক না শিক, ওই পর্যন্তই তো ঠিক ছিল! আবার ছুরি আসছে কোথা থেকে!

এর মানে আপনি দেখতে পেয়েছেন ছুরিটাকে। মানে ওই ঝিঁককে। কি আশ্চর্য রকম ক্ষুদে কিন্তু কী ধার!

হ্যাঁ। মানে ধার তো হবেই, না হলে অস্বস্তিটা হবে কী করে!

এই অস্বস্তিটার কথাই তো বলতে চাইছি। ঘুমোতে দেবে না। আবার জেগে থাকলেও বিপদ। পরদিন সকালে উঠেও ঘুমে চোখ জুড়ে আসবে। কোনও কাজে বেশ উৎসাহ লাগবে না। মন বসবে না।

মনের আবার কি! ও না বসলেও চলবে। স্নান করে নিলেই রেহাই।

কিন্তু স্নান করে নিলে মরা ভাইরাসের মতো রোমকূপের গর্তে বসে থাকা ঝিঁকগুলো জলের স্রোতে বাথরুমের নালি দিয়ে কোথায় যে হারিয়ে যাবে!

ঝিঁক হারিয়ে গেলেও তো সন্ধেবেলা তালরসের ভাঁড়ে কাছে ঠিক চলে যাবে। কিন্তু ছুরির লেপটে থাকাটা? ওটা তো আর ধুলেও যাবে না!

সে তো বটেই। ভয়টা লেপটে থাকা জরুরি কিনা! ভালবাসাও ঠিক তাই।

লোকটা এবার বেশ বিরক্তি মাখা গলায় বললো, ‘এই আপনি কিন্তু আবার সবটা গুলিয়ে দিলেন! আমি চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ভাবছিলাম ছুরির কথাই ভাবব, আবার এক্ষুনি বলছেন ভালবাসা! এটা ঠিক নয়।

আরে তেমন করে ভাবছেন কেন। ভাবুন তো ঝিঁকের ঠোঁটে লেগে থাকা মিষ্টি তালরসের গন্ধ কিংবা ধরুন ছুরির ডগার কাছে তিলের মত এক ফোঁটা রক্তের লেগে থাকার অনুভূতিটা কি ভালবাসা নয়?

না, না এক নয়। আমি মানতে পারলাম না। এক হতেই পারে না।

কেন এক হতে পারে না কেন! তালগাছের গা চেঁচে তুলে ছাল ছাড়িয়ে যদি তার থেকে মিষ্টি তাল রস বের করে আনা যায়, মানুষের গা চেঁচে কুরে কেন মিষ্টি রক্তের টুপটাপ ফোঁটা বের করে আনা যাবে না?

মানুষের রক্ত খেয়েছেন কখনও? কী করে জানলেন তার স্বাদ মিষ্টি?

আমি খাইনি, তবে কেউ তো খায়। প্রতিদিনই খায়। মিষ্টি না হলে কি কেউ খেতে পারে!

লোকটা আমার সাথে আর কথা না বলে আনন্দকাকাকে চায়ের দাম মিটিয়ে একটা সাদা পান মুখে পুরে একটু হাসল। তারপর আরও কয়েক মুহূর্ত চুপ করে আমাকে দেখতে দেখতে বলল, ‘আমার নাম চিত্ত খাঁ । আঁইয়ায় থাকি। ওদিকে গেলে খাঁ  মিষ্টান্ন ভান্ডারে আমার খোঁজ নেবেন।’

লোকটা চলে যেতেই আনন্দকাকা বলল, ‘দেখলে না, মিষ্টি ছাড়া চা খেল। সুগার থাকতে পারে, তার উপরে মিষ্টির দোকান। মিষ্টি ওর কাছে একটা একঘেঁয়ে ব্যাপার’। আমিও কলেজে পড়ার সময় বছর দুই ভক্তির মিষ্টির দোকানের মিষ্টি ঘরে থাকতাম। চারদিকে মিষ্টি। মাঝখানে আমি কেবলমাত্র একাই খাদক। সেই থেকেই ক্ষিধে মরে গেছে।

দোকান থেকে দাম মিটিয়ে উঠে পড়লাম। ইদানিং পাড়ার এই চায়ের দোকানে চা খাওয়ার অছিলায় একটু আড্ডা দেওয়া টাকে পটচিত্রের মতো করে ফেলেছি। পটের উপর আঁকা আলাদিনের মতো জীবনের সব ঘ্রাণের সাথে বিষাদের গন্ধ মিশিয়ে ক্রমশ আশার মোমবাতিটাকে একটু একটু করে ফুরিয়ে ফেলছি। এসব করতে তো আর পয়সা লাগে না। শুধু ভাবনার তরলে কালো চুমকির মতো চা গুঁড়ো ফেলে চুপচাপ ফুটিয়ে নেওয়ার বদ অভ্যাস আর কী! আমার আবর্জনা পুষ্ট জিভে উষ্ণতার পরশ দিয়ে মনের পলিথিনটুকু গুটিয়ে শক্ত করে নেওয়ার চেষ্টা ছাড়া আর কি’ইবা করতে পারি। কেউ বোঝে, কেউ বোঝে না। চিত্ত খাঁ হয়তো বুঝেছে, আমার শরীরে তালরসে মুখ দেওয়া ঝিঁক এসে লোমের ভিতর দিয়ে পিটুইটারি পর্যন্ত একটা রাস্তা করে ফেলেছে।

বাড়িতে ফিরে এসে দাঁতওয়ালা আনাজ কাটা ছুরিটার পাশে কিছুক্ষন বসলাম। এখন সবে সাড়ে ছটা। ছেলেমেয়েরা সাতটা পনেরোর আগে কেউ পড়তে আসে না। ভেবেছিলাম কয়েকটা আনাজ কেটে রাখি। পরক্ষনেই ভাবলাম, অনেকটাই তো সময় রয়েছে। একটু ছুরিটার সাথে গল্প করে নিই। বেশিক্ষণ নয়। মিনিট পাঁচ – সাত।

ছুরির সাথে গল্প করার একটা ভয় আছে। ভয়টা পাথরের গায়ে লেগে থাকা বহুকালের শ্যাওলাদের সংসারের মতো। ভিজে পাথরের সাথে তাদের যেন রক্ত সম্পর্ক। ছুরির সাথেও আমার কেমন একটা রক্তের টান রবারের মত কমাবাড়া করে। যেদিন যেদিন  ছুরিকে বোঝাতে পারি, ভয় নেই, সেদিন সেদিন ছুরির রং ঘন নীল আকাশের মতো হয়ে ওঠে। আমার বুকের ভিতরটাকে খালি বোতলের মত ফাঁকা  মনে হয়। রোজ সকালে সেই শূন্য পথে ইলার একটা করে মেসেজ আসে। ‘গুড মর্নিং’। আজও এলো। আমার আঙ্গুলের ডগাটা তখন রক্তে ভাসছে। মেঝের উপর টপটপ করে রক্ত ঝরছে। তালের হাঁড়িতে যেভাবে রস জমা হয়। রক্তের গন্ধে ঝিঁক ছুটে আসছে। আকাশ জুড়ে বর্ষার মেঘ। ঝিঁক আসছে অনবরত। তাদের নেশা ধরে গেছে। রক্তের দ্রবণের সাথে মিষ্টতা মিশিয়ে দূরে আঁইয়া পাঁচমাথার মোড়ে চিত্ত খাঁ। হয়তো একরাশ, সবুজ গেরুয়া, মিষ্টির পসরা সাজিয়েছে। আনন্দ কাকা হয়তো অনেকটা উঁচু করে চায়ের সসপ্যান থেকে গদগদ করে চায়ের মগে চায়ের সাথে চিনির মিশেল দিচ্ছে। ইলা আবার মেসেজ করেছে। ‘কি করছেন?’ আমি কোনও উত্তর দেওয়ার আগেই ছুরিটা আমার রক্তাক্ত আঙ্গুল টাকে চেপে ধরে একটার পর একটা শব্দ সাজিয়ে ইলাকে রিপ্লাই পাঠাল, ‘আনাজ কাটছি।’

 

Painting: Erin Hanson

পূর্ববর্তী সংখ্যা

পড়তে পারেন:

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।