শুভ বিদায়...

অর্ণব চট্টোপাধ্যায়

গৌতম বসুর চলে যাওয়ার সকাল

মেঘের ওপর মেঘ… অতল গম্ভীর

শয়নশিয়র থেকে আপনাকে

নিয়ে গেল অনন্তের দিকে আজ

 

আষাঢ়ের বিরল অশ্রু

রামপ্রসাদ সেনের আকুলতার মতো ভারি

 

সকল অক্ষর, আর অনুবাদ ফেলে

ওই চলে যাচ্ছেন

দেখি…

 

মণিময় তাজ… সারথির হাতে তুলে দিলেন

ফুরফুরে পুস্তিকা এক;

তারপর স্মিতহাস্যে বললেন, “যাওয়া যাক তবে”

 

‘স্বর্ণগরুরচূড়া’ থেকে কারা সব

          কুসুম ছড়িয়ে দেয় হাওয়ায় হাওয়ায়

 

আমরা দূরের থেকে দেখি

 

রাশিরাশি কুসুম একেএকে বৃষ্টি-জল

হয়ে যাচ্ছে…

 

প্রকৃত শ্মশানবন্ধুর মতো,

 

শুভকালের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে…

 

Painting: Mark Bradford

দেবাশিস চন্দ

টানাপোড়েন

অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে—

পড়ে থাকা শূন্য চেয়ারে জমছে ধুলোর পাহাড়

অতল কালো জলস্রোতে ভেসে যায় ধ্রুবতারা

ঘামরক্ত প্রেমভালবাসা যুদ্ধতিক্ততার পোড়াকাঠ

এমরান হাসান

মুগ্ধ যে অন্ধ অযুত

অচেনা রোদে অদেখা যে পায়ের ছায়া মুগ্ধময়ী

তার দিকে কোন মোহে ফেরাও মুখ?

মগজের শিল্পতত্ত্ব নিয়ে

ছেড়ে গেছে যে ট্রেন সুদূরপুর

শেষ ইস্টিশনে ছিল সময়ের নামে

       উড়ে যাওয়া পাখির পালক

                         কিংবা

ভুলে যাওয়া প্রকীর্ণ জারুলের অপরূপ স্কেচ

 

ফিরেছে কেউ তার আড়ালে কোনওদিন?

 

সাদা পৃষ্ঠা নিশ্চুপ ভরে ওঠে বিষণ্ণ অঙ্গারে

বেকুব মধ্যাহ্ন থেকে দূরে

            নিয়ে গেছে কে দীর্ঘ আষাঢ়?

অবিরল জলদৃশ্য, নিজস্ব আকাশ!

 

অনিবার্য দীর্ঘশ্বাস নেই

পবিত্র আড়ালে ঝরে গেছে পঁচিশটি ধূসর চড়ুই

 

মানুষের বেশে কেবল স্মৃতিছায়া

                           ঘুরে ঘুরে আসে!

রবিন বণিক

জলের ফুসফুস

গ্রামাফোনে বেজে উঠল গাছ–

স্থির, স্থবির সত্যের মতো

হাঁ করা মুখের ভেতর বৈকালিক সভ্যতা

পদক্ষেপ মিলিয়ে দেওয়া

            নোনা জলে ঘাতকের চিহ্ন

গাছ শুনতে শুনতে শুনতে শুনতে

আমাদের লিখিত শূন্যের ভেতর রক্ত ছিটিয়ে

চলে গেল স্থলের বাতাস

গ্রামাফোনে বেজে উঠল বিস্তীর্ণ বাউলের লাস

বুর্জ খলিফা থেকে নিগ্রো ডিসেম্বরের

গন্ধ ছড়িয়ে পড়ল জলের ফুসফুসে—

দুর্গা দত্ত

আড়বাঁশি

সমুদ্র চুরির গল্প তোমাকে বলিনি?

বলি তবে, শোনো শান্ত মনে।

 

তুমি আমি কেউ-ই নেই এই গল্পে

আছে যা তা গুপ্ত কোনো

ভূমধ্যসাগর থেকে

ডুব দিয়ে তুলে আনা নীলাভ প্রবাল…

 

এ গল্প শোনার জন্যে অন্য কোনও  

পাত্রাধার চাই।

সত্যি কথা বলতে কী

আমি নয় তুমি নয় অন্য কোনও

মেঘভাষা চাই।

 

দিন থেকে রাত থেকে যব ক্ষেত তুলে নিয়ে

চলো তবে ভিন্ন কোনও ভূমণ্ডলে

আমাদের উদ্যান সাজাই।

 

কেউই জানে না কেন

অঙ্গুলিহেলনে তুমি

সমুদ্রকে চুরি করে নিয়ে গেছ

তোমার উঠোনে–

 

প্রতিদিন ডুবু ডুবু উথালপাথাল ।

তোমার সকাল সন্ধে

অ-পূর্ব আলোয় ধ্বনিময় ।

কেউই জানে না কেন

উছ্বসিত তোমার উদ্যান

মেঘভাষা ঠোঁটে নিয়ে

পঞ্জিকারহিত তিথিডোরে

জেগে থাকে সুলিপ্ত আলোয়!

 

সমুদ্র চুরির গল্গ যে বোঝে সে

বুঝুক না বুঝুক

আত্মনেপদীর সুরে তুমি আমি এইবার

মেঘভাষা ঠোঁটে নিয়ে চলো শেষ ডুবে যাই

অন্য কোনও ভুবনের মেঘে—

 

আমি তুমি একাকার ঢেউয়ে ধোওয়া

রম্য বালিয়াড়ি।

তুমি আমি উজ্জীবিত

অনন্ত পরিধি জুড়ে

ভূমধ্যসাগর থেকে তুলে আনা অনিঃশেষ

তোমারই প্রবালে …

 

যা বোলো তা বোলো

আর সব কিছু বোলো, শুধু

সমুদ্র চুরির গল্প তুমি আর কাউকে বোলো না…

 

সুপ্রিয় দেওঘরিয়া

অপত্য

সারা ঘর জুড়ে পড়ে থাকা সমস্ত খেলনা

ভাঙা সাইকেল, প্লাস্টিকের গিটার, ছেঁড়া বই

এগুলো শুধু নিছক জিনিসমাত্র নয় –

এগুলো একসমুদ্র শীতল জলরাশির মাঝে

ভেসে থাকা এক একটি বরফখণ্ড

ধীরে ধীরে গলে যাবে

ছেলেও বড় হয়ে যাবে

নীল জলরাশিতে মিলিয়ে যাবে তার ছোটবেলা

 

পিতা, এক পুরনো ফটোগ্রাফার

আগলে রাখে এই ছবিগুলো

 

Painting: Mark Bradford

পরগাছা

কৌশিক চট্টোপাধ্যায়

পা টেনে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল জাভেদ৷ আজ তিনদিন ভাল করে খাওয়া পর্যন্ত জোটেনি৷ শরীর অবসন্ন আর ভীষণ ক্লান্ত লাগছে৷ গতবছর লকডাউনে তাও বাবুরা গাড়ি করে খাবার, চাল, ডাল, মুড়ি দিয়ে গেছিল৷ এবার তাদের দেখা যাচ্ছে না৷ একে এই ভয়ঙ্কর রোগ তারপর প্রকৃতিও পেছনে লেগেছে আড়ে হাতে৷ ঝড় আর বৃষ্টি তার সাথে সমুদ্দুরের নোনা জল ঢুকে চাষের জমি শেষ করে দিয়েছে৷ মুনাব্বরের জমি জলের তলায়, আসিফের কাঁচা ঘর এর চিহ্ন মাত্র নেই ৷ দুদিন সবাই ইস্কুলের দোতলায় ছিল অনেকে তো আবার গাছের উপর ৷

বাপরে!                                                                                 

জলের তোড় কাকে বলে!

সবকিছু ভাসিয়ে দিয়েছে গোয়াল, মাটির বাড়ি, কলার বাগান, চাষের জমি৷ সাপ আর মানুষ একসাথে গাছে উঠেছে৷ রাত কাটিয়েছে পরম নির্ভরতায়৷

জাভেদ তো ভেসেই যেত যদি না মহেশ চাচা তাকে ধরে ফেলতো, তারপর সেই জলের সাথে লড়াই করতে করতে সোজা ইস্কুল বাড়ির দোতলায়৷

ঝড়খালির এই ইস্কুলবাড়িতে তিনদিন খাওয়া জুটেছে ওদের তারপর জল নামতেই আসল কষ্টর শুরু৷ কোথাও খাবার জল নেই৷ অনেককে খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ মহেশ চাচার বুড়ি মা আর বৌ এর খোঁজ নেই৷

হারাণদাও কালকে বলছিল বটে

-সবই ভাগ্য বুইলি জাভেদ৷ বাপের ভিটে ছাড়লুম না৷ দ্যাখ পেত্তেক বছর  ভুগছি৷ জানের জ্বালারে জানের জ্বালা৷

জাভেদ মাথা নাড়ে ৷ তার জীবনে তো কিছুই নেই অন্যর উপর নির্ভরশীল৷ একটা পা অক্ষম৷ লোকের দয়ায় চলে৷ ছোটবেলায় পড়েছিল না গাছের উপর অন্য লতানো গাছ আঁকড়ে ধরে বাঁচে৷ সেই আগাছা লতার মতো বেঁচে আছে জাভেদ৷ এ হল পরগাছার জীবন৷ মুনাব্বরের কুমড়ো গাছে লকলকিয়ে ওঠা যেই হলুদ পাতাওলা পরগাছারা মতো৷ না পরগাছার মতো তাদেরও দাম নেই ৷

জাভেদ কেন পরাণ, সেলিম, মুনাব্বর, আসিফ, হানিফ, মহেশচাচা, সেলিনা, হারাণদা সবাই লড়ছে এই ঘোর দুঃসময়ে৷ তাও সবাই সবার পাশে দাঁড়ায়৷ কিন্তু সবাই তো সব হারানোর দলে সাহায্য করবে কী ভাবে অন্যকে?

রাতের বেলায় ঘোলাটে চাঁদের আলোয় ওরা বসে থাকে৷ বিডিও অফিস থেকে লোক আসবে কবে? দেখবে, আবার ঘর বাড়ী হবে, কাঁচা বাঁধ হবে আবার পরের বার জাভেদরা বাস্তুহারা হবে৷ এই খেলাই চলে বছর বছর৷ মাঝে ভোট আসে৷ ভোট বাবুরা আসে মিটিং হয়৷ বড় বড় কথা বলে আবার সেই গাড়ির ধোঁয়ার মতোই বড় বড় কথাও বাতাসে মিলিয়ে যায়৷

-আরিব্বাস, জাভেদকে একধাক্কায় সরিয়ে দেয় মুনাব্বর ৷

একটা জাত সাপ! সড়সড় করে চলে যাচ্ছে মাঠ পেরিয়ে হাফিজের জলে ডোবা ভিটে চাষের জমির দিকে৷ জাভেদদের আর বেঁচে থাকা! কেঁচো কেন্নোর জীবন ও বোধহয় দামী…

আর বেঁচে থেকেই বা হবেটা কী? আবার কাঁচা ঘর, নদীর ধার আবার ঝড় বৃষ্টি যেন দানোতে পায়  তখন সবকিছুতে৷ সবকিছুকে শেষ করে  ভাসিয়ে দেয় নিজের খেয়ালে খোলামকুচির মতো৷

ইস্কুলে ছিল যখন, তখন বিডিও অফিস থেকে খিচুড়ি দিয়েছিল সে তো তিনদিন! বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে ব্যাস! গল্প শেষ৷

আবার ঘরে ফেরার পর জাভেদরা আগাছা হয়ে গেছে৷ ঘরই তো নেই অনেকের ফাঁকা মাঠ রাতে ইস্কুল বারান্দা আর গাছতলাই সম্বল ওদের৷ আগাছারা তো কাউকে ধরে বাঁচে জাভেদরা কাকে ধরবে?

ভোট শেষ মানে সব শেষ৷ কেউ আর আসে না৷ আসলে আঙুলের দাম আছে ঐ কালিতে চুবিয়ে কাগজে ছাপ তারপর ভোটের মেশিনে ভোট৷ ব্যাস সব শেষ৷

কেউ আসে না৷ কথা রাখে না, পাকা হয় না বাঁধ, পাকা হয় না বাড়ি, সাপের কামড়ে ফি বছর লোক মরে৷ তবুও কটা ঘর পাশে দাঁড়িয়ে বাঁচে৷ শীত গ্রীষ্ম বর্ষা এক অফুরাণ জীবন শক্তিতে৷ লড়াই করে চলে এই মানুষগুলো নিজের খাবার অন্যের মুখে তুলে দেয়৷ মহেশ চাচার শরীরটা খুব খারাপ৷ জারুলগাছের তলায় বসিয়ে খাবারের খোঁজে বের হয়েছে তাই জাভেদ৷ জাভেদ সত্যি দাঁড়িয়ে পড়ে৷ ঠিক দেখছে তো?

হ্যাঁ, একটা গাড়ি মানে ছোট হাতি৷ সামনে ব্যানার টাঙানো জাভেদ টলতে টলতে হাত দেখায় … গাড়িটা থামে৷ জাভেদ টলতে টলতে বলে- একটু খাবার দেবা গো একটু খাবার আমার চাচা আর উঠতে পারছে না৷ আমায় দাও না একটু জল, একটু খাবার…

গোঙানির মতো শোনায়৷ চোখে আর জল আসে না জাভেদদের৷ বেশি ব্যবহারে সব ফুরিয়ে যায় বোধহয়৷ আগাছা পরগাছার জন্য কারুর প্রাণ কাঁদেনা ৷

কয়েকজন কলেজ পড়ুয়া ছেলেমেয়ে গাড়ি থেকে নামে ৷

ওরা নিজেদের মধ্যে আলোচনা করে বোধহয় জাভেদদের গ্রামে ওরা যেত না অন্য জায়গায় যাচ্ছিল সাহায্য করতে৷

-তোমাদের গ্রাম কোথায়?

একটা ছেলে প্রশ্ন করে ও বোধহয় দলের নেতা

জাভেদ মাথা নাড়ে৷

-গেরাম আর নেই গো দাদাবাবু দিদিমনিরা৷ গেরাম আর নেই৷ খাবার নেই… জল নেই… বাড়ী নেই… কিস্যু নেই… চারিদিকে জল অথচ এ জল খাওয়া যায় না গো৷ আমাদের এখন ঠাঁই গাছতলায়…

আবার ওরা আলোচনা করে৷ জাভেদকে একটা বিস্কুটের প্যাকেট আর জলের বোতল দেয় একটা মেয়ে ৷

আল্লা মেহেরবান৷ ওরা জাভেদকে নিয়ে রওনা দেয় গাছতলার দিকে যেখানে কটা মানুষ আর পশু বসে বসে মৃত্যুর প্রহর গোণে৷

জাভেদ নিজে না খেয়ে বিস্কুট আর জলের বোতল হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকে৷ চোখে আঁধার নামে তাও হাঁটতে হবে তাকে মহেশ চাচার খাবার আর জলটা যে বেশি দরকার৷

 

পরগাছা সেই মানুষ গুলো যেন আশা পেয়ে নড়ে ওঠে৷ মৃতের শরীরে বোধহয় প্রাণ আসে এভাবে৷

খাবার আর জলের বোতল অমৃত তো ওদের কাছে৷

মহেশ চাচাকে বিস্কুট খাওয়াতে থাকে জাভেদ৷ জল খাইয়ে নোংরা গামছা দিয়ে মুখটা মুছিয়ে দেয়৷

ছেলে মেয়েরা ছবি তোলে৷ মোবাইলে কি সব বলতে থাকে৷ মৃতপ্রায় লোকগুলো খেতে থাকে গোগ্রাসে আদিম মানুষের মতো৷ পাশে থাকা কুকুর, বেড়াল, ছাগলরাও খাবার পায়, একসাথে পাশাপাশি ৷

-তোমরা রাতে ইস্কুল বাড়িতে থাকবে৷ ওখানেই থাকো৷ আবার আমরা কাল আসব৷ ওষুধ নিয়ে আসতে হবে তন্ময়, মনে রাখিস৷৷

জাভেদরা তাকিয়ে থাকে

-দাদাবাবু দিদিমনি ওষুধ লয় গো খেতে দাও আগে জল দাও … একটু ভাত দেবা গো একটু ভাত… মুনাব্বর বলে ওঠে ঘড়ঘড় শব্দে৷

অন্নদাতাই আজ ভাতের জন্য হাহাকার করে ওঠে৷

সেলিনার বাচ্চাটা কাঁদতে থাকে একটানা৷

এ সময় খবরের কাগজের ভ্যান থামে৷ ক্যামেরা অন করে একজন এগিয়ে চলে, কি সব বলতে থাকে …

“স্বাধীনতার এত বছর পার করে এসেও আজ দেখতে হচ্ছে এই ভয়াবহ অবস্থা, দেখুন গ্রামের লোকেদের দুর্দশা গাছতলায় সব৷ সঙ্গে থাকুন দেখতে থাকুন সরাসরি একমাত্র ‘আামরা তখন’ নিউজ চ্যানেলে …”

জাভেদরা ফ্যালফ্যাল করে চেয়ে থাকে৷

পরগাছাদের শূন্যে বেড়ে ওঠার ছবি উঠছে চটপট৷

আবার ওরা খেতে থাকে গোগ্রাসে৷

Painting: Mark Bradford

পূর্ববর্তী সংখ্যা

পড়তে পারেন:

এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।