সৈকত শী
ভাঙা লাঙলের গান
হারিয়ে যাব বলে পা বাড়াতেই
পথ আটকে দিচ্ছে পা, মেঠো আল ও ঘাসের শিশির।
দাদু চাষ করতে ভালোবাসত,
বাবার চাষী- হিসেবে খ্যাতি ছিল।
এখন
শুধু প্রিয় শস্যেরা
অভিমানে
দূরে আছে।
২
বুঝতে পারছি কিছুই ফিরে আসার নয়।
সবাই কেমন ঢেকে রাখছে মায়া!
প্রিয় ক্ষেতের কাছে গেলে শেষ হয়ে যায় বেলা
কত হেমন্ত পেরিয়ে গেল!
ফসলের গর্ভসঞ্চার দেখব বলে,
জন্মচাষী হলেও ভুলে যাচ্ছি মেঠো সুর ও লাঙলের গান।