সাপ্তাহিক কবিতা আশ্রম, ২৬ আষাঢ় ১৪২৮
মলয় গোস্বামী
আমাকে মেঘে পায়
নয়নতারা গাছের কথা আর বলব না৷ আমাকে
মেঘে পায়৷
তুমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো৷
বাতাসের মধ্যে
হাত ঘোরাতে ঘোরাতে একদিন বললে,
এয়ারপোর্টের বাইরের একটা গলি থেকে
হঠাৎ বেরিয়ে এসেছিল
একজন চেনা লোক৷
তার গায়ে ছিল এরোপ্লেনের
গন্ধ ৷
আমি নয়নতারা গাছের কথা বলব বলব
করেও আর বললাম না ৷
নয়নতারা গাছের কথা ভাবি আর ভাবি সেই
লোকটার কথা, যে এয়ারপোর্টের গলি থেকে
বের হয়েছিল৷ তার সামনেও কি তুমি
হাত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলেছিলে? আমাকে
মেঘে পায় ৷
মেঘেমেঘে ভর্তি হয়ে যায় আমার আকাশ৷
এরোপ্লেন
সেই মেঘের মধ্যে দিয়ে আসে৷ মাটিতে নামে৷
আর
বারবার আসে সেই লোকটা৷ চেনা৷ যার গায়ে
এরোপ্লেনের গন্ধ ৷
নয়নতারা গাছের কথা আর বলি না! জল আসে!
স্বপন চক্রবর্তী
আলমারি
নতুন নয়, হাত ফেরতা
একটা আলমারি এনেছিলাম
জায়গা করতে আলনা সরাতে হল
পশ্চিম দেওয়ালে।
একটু টানতে হল খাট। কম্পিউটারের টেবিল
দিলাম একটু ঠেলে—
জানালার নীচের খানিকটা ঢেকে গেল।
তুমি এভাবেই ঢাকা পড়ে গেছ।
সরতে সরতে তুমি
এখন পুবের দেওয়ালে। ভেবেছিলাম
এই শেষ স্থান নির্বাচন,
এবারও সেই উঁই। কী বিদ্বেষ!
পুব ফাঁকা হয়ে গেল।
স্থান নির্বাচনে যতটুকু অপমান
তোমার লেগেছিল— সেই ক্ষত
তোমার ওই গম্ভীর মুখের আড়া।
হাড়ে বাতাস লাগেনি—
আমার মনোযোগ আজও মুহূর্তকে ধরা।
নির্মল হালদার
কবিতা
বকের ঠোঁট থেকে মাছ পড়ে গেলে
আমি দৌড়ে যাই—
সারাদিনের আহার ফিরিয়ে দিতে পারলে
বকের শান্তি
আমার ভূমিকায় আমারও স্বস্তি
বকের পক্ষ নিতে পেরেছি। কালকেও
বকের দিকে থাকব। যদি বকের ধ্যান
আমারও ধ্যান হয়।
২
বাঁশির ছিদ্রে ধুলোবালি ঢুকলেও
বাঁশি বলবে তার বিরহ।
বিরহ, অনেক দূরের দুঃখ। নিকটে এসে
কান্না ঝরায়
কান্না উথলে পড়া আলো।
আলো দুহাতে জড়ো করি, যদি পাই
চালের কণা।
চৈতালী চট্টোপাধ্যায়
দাগ
না যদি রাখতে চাও,
বৃষ্টি দিয়ো কিছু,
ধুয়ে যাব।
একবারে না হলেও
আস্তে আস্তে ফিকে হয়ে যাব।
সেবার গ্রীষ্ম খুব
পড়েছিল,
যেন কীভাবে
সেই থেকে আছি।
সর্বাঙ্গে।
শার্টের হাতায়।
তোমার অনিচ্ছায়।
রয়ে গেছি।
‘একবার মুখ রাখো’, বলি।
টেরও পাই।
আলো চমকায়।
ভারী নিঃশ্বাস ফের সুতো কেটে
দূরে চলে যায়…
না যদি রাখতে চাও,
কাঁচা বিরহের মতো
খুব কাঁদব,
শ্রাবণকে তাও ফিরিয়ো না
রাহুল পুরকায়স্থ
মাছ
ঘুরে দাঁড়াও
নিজেকেও ছোঁড়ো, ছুঁড়ে দাও নিজের ভিতরে
যেন কুয়ো
নেমে যাচ্ছো, যেন বা বালতি
শোনো আওয়াজ, জল ও ধাতু, ঠং
পেরিয়ে যাও
ডুবে যাও, তুলে আনো
আঁশটে বর্ণের দিনগুলি
দেখো, হারিয়ে গিয়েছে যে-অতীত
তার পেটে কথা জমে আছে
লেখো একটিই কবিতা
সমীরণ ঘোষ
পাতাল
ভ্যাপসা মাংসের নীচে কৃমিদুই মকশো করছে
পূর্বপুরুষের ভোজ
দাঁতে কোঁদা দিগন্তের শীতে
বেড়ালও অনিশ্চিত
যথেষ্ট ঝাপসা
চ্যাপটা বিকেল। মাথার পিনিয়ন থেকে
হাওয়ার কার্নিশে ঝুলে
সরু নল চূড়ান্ত অব্দি ফুঁ দিচ্ছে মাংসের কানে
ঘটনা পাতাল। শবই বুনছে, একরোখা
মরচে সুতোয়
নলির অনন্তে ফাঁপা প্রতিধ্বনির বুঁদ
কৃমিদুই স্মৃতি দিচ্ছে নিস্তরঙ্গ মাংসের থাবায়
সন্মাত্রানন্দ
নিরর্থ আষাঢ়
এখন নিশ্চয়ই আপনি প্রস্তুত হচ্ছেন
ইসকুলের জন্য।
এখন সকাল নটা। আপনার অন্য শহর।
ভিন শহরের হাওয়া এখানে আসে না।
ফলত, স্নাত কুন্তলে যে জলবিম্ব সুবাস ছড়ায়,
এখানে সে ভেসে আসবে না।
এখান থেকেও ভেসে যাবে না
কোনো রামগিরি পর্বতের মেঘ।
বার্তা সব নিরর্থক।
বিশেষত, এই ব্যস্ত সময়ে।
এখন সকাল নটা।
ভিনশহরে আপনি ইসকুলের জন্য তৈরি হচ্ছেন।
প্রদীপ আচার্য
ভাগ্যবানের আত্মকথা
ও আকাশ, ভাগ্যিস তুমি ছিলে
নইলে উদারতা জানতাম না
ও সমুদ্র, ভাগ্যিস তুমি ছিলে
নইলে গভীরতা জানতাম না
ও পাহাড়, ভাগ্যিস তুমি ছিলে
নইলে উচ্চতা জানতাম না
ও নদী, ভাগ্যিস তুমি ছিলে
নইলে গতিধারা জানতাম না
ও মহীরুহ, ভাগ্যিস তুমি ছিলে
নইলে আশ্রয় জানতাম না
ও মানুষ, ভাগ্যিস তুমি ছিলে
নইলে পরমাত্মীয় জানতাম না
ও বিশ্বাস, ভাগ্যিস তুমি ছিলে
নইলে গর্ভধারণ জানতাম না
ও মুখোশ, ভাগ্যিস তুমি ছিলে
নইলে প্রতারণা জানতাম না
ও সেলফোন, ভাগ্যিস তুমি ছিলে
নইলে মিথ্যাচার জানতাম না।
যশোধরা রায়চৌধুরী
এইসব দিন
অতিরেক এসেছে মগজে।
তাই থেকে এসেছে শূন্যতা
আমাদের হলাহলপাড়া।
আমাদের কাগুজে মুগ্ধতা।
সব কিছু অনেকান্ত স্টোরি।
সব কিছু আনলিমিটেড।
তাই এই গেঁড়িগুগলিদের
ভয়াবহ আত্মবিচ্ছেদ।
ভাল লাগল গুগুলের পাড়া।
ভাল লাগল গুগুলবিক্রম।
তোমার নিজস্ব কিছু নেই।
এবার দেখাও দেখি দম!
অতিরেক ঢেলেছে মগজে।
সাদা হয়ে গেছে সব বোধ।
অতিরিক্ত ক্রন্দন, বিষাদ।
অতিরিক্ত রাগ ক্রোধ ক্ষোভ।
ভালবাসা সরে গেছে কোণে।
তার কোনও পরাক্রম নেই।
নেই কোনও ক্রয়ের ক্ষমতা।
সুতরাং নেই কোনও শোক।
এখন কাগজে লেখে কীবা?
কাগজ নিজেই লেখে এই –
এক পাতা শূন্যতার পরে
এক পাতা হিজিবিজি শ্লোক।
রুদ্রশংকর
ঝড়
নামতে নামতে অনেকটা দিন পেরিয়ে গেল
কেউ কি জানে বুকে কোথায় ঝড় উঠেছে?
চোখের সামনে এমন বৃষ্টি আর দেখিনি
কি ছিল তার মুগ্ধ হওয়ার আমার কাছে?
যদিও তাকে হাত বাড়িয়ে খুঁজলে পেতাম
হাতের কি দোষ? কালান্তরে যাচ্ছি মিশে
পয়সা এখন আমার মুখে মদ ঢেলে দেয়
এই কপালে হাত খুঁজেছি উনিশ-বিশে।
তৈমুর খান
প্রতারণা
সবাই এখন ভাল ভাল
প্রতারণার দোকান খুলেছে
যা যা দরকার কিনতে গেলেই
পাওয়া যায় সব:
পাত্র-পাত্রী, হাতি-ঘোড়া, দুঃখ-কান্না,
নাচানাচি এবং মিছিলের লোকও;
খুব ভালো ভালো প্রতারণা,
সাজপোশাক আর মসৃণ মুখ
রঙিন নখ, কালো চুল আর রঙিন চশমা…
খুঁজতে খুঁজতে বিশ্রামের কাছে এসে বসেছি:
বিশ্রাম, কীসের চেয়ার বানিয়েছ?
বসতে গিয়ে ঠোকা খেলাম
আর বিস্ময় খুব হাসল।
স্নানের জন্য কুয়োর ধারে গিয়ে দাঁড়িয়েছি
কুয়ো ভর্তি অনবদ্য জল
কিন্তু মাথা ভেজাল না
বালতি ভর্তি যৌবনে
শুধু এক দৃশ্য তৈরি হল।
মাঠময় ছড়ানো আছে
কাদের পালক?
প্রতিটি পালকে
পাখিজন্মের ইতিহাস খুঁজে খুঁজে
আমার সব বিশ্বাসই হারিয়ে গেল;
কী নিয়ে ফিরব তবে?
পালকেরা কেউ মৃত নয়,
তবুও মৃত্যুর গন্ধ লেগে আছে গায়ে।
আমি আত্মবিসর্জন দিতে পারিনি বলে
এখনও সেই গন্ধ পাই;
প্রতারণা ভাল মৃত্যুও বিক্রি করে এখন;
রাজনীতির কসাইখানা থেকে
কেউ কেউ মাংস কেনে
ছুটির দিনে বেসামাল পরকীয়ায়
ডুবে যাবে বলে
অদ্ভুত ঘোড়ায় চড়ে
শহর পরিক্রমা করে কেউ কেউ।
ঋজুরেখ চক্রবর্তী
দ্বন্দ্বসুখ
তোমাকে নির্মাণ করি মনোগুণে,
বিনির্মাণে বিমূর্তের নিরুচ্চার জয়
বিরচিত হবে বলে।
নশ্বর বাদামপাতা জানে
তার লালিমার নিহিত আভায়
ঐহিকের কামনার নিভৃত করুণ হাহাকার
ভাষা পায় তোমার ব্যথার মতো
অনর্গল দানে─
এই তার বিশ্বসাথে যোগ।
এই তার আনন্দহিল্লোল, দেখো!
উদ্যানের বিকচ লাবণ্যে যত প্রাণবতী তরু
তোমার কীর্তির যশ প্রচারের আয়োজনে,
কুসুমপ্রসব সেরে,
পুনর্বার চাঁদের নিষিক্ত হিম
ধারণের ক্লেশ মেনে নেয়!
এই তার বিনত বিনিদ্র মাধুকরী।
তোমাকে নির্মাণ করি─
আলো আসে রচনার শ্রমে─
বিনির্মাণে তমসার প্রবীণ সংশয়ী
মুখ ফুটে ওঠে ফের।
দিশারী মুখোপাধ্যায়
তোমার ডাক
তোমার ডাক একদিন
তোমার অনুমতি ছাড়াই
যাত্রা করবে আমার দিকে
আমার সাড়া সেদিন, আমি জানবার আগেই
রাস্তার মোড়ে এগিয়ে যাবে
সেই ডাককে এগিয়ে নিতে
ডাক আর সাড়া হাত ধরাধরি করে হাঁটবে
যেখানে যেখানে পা ফেলবে
লালগোলাপের পার্কে ভরে উঠবে দুনিয়া
আমরা দুজনেই তখন
রাত্রের খুলে রাখা কৃত্রিম দাঁত
লাগিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ব
আর বৃদ্ধ বয়সের লাঠি খুব তাড়া দেবে –
শিগগিরি যাও, গোলাপের গন্ধ চিনে এসো
জলের ঝাপটা দিয়ে দিয়ে এভাবে
আশাকে বাঁচিয়ে রাখি
দেবাশিস চন্দ
গরিব ছাউনি
যাওয়া তো নয় যাওয়া
বাহির থেকে ভেতর
ভেতর থেকে বাহির
কোথাও কি হয় যাওয়া
বিনিময় কিছু নেই
সবই অলীক কাব্য
সময় হারানো সুর
ফেসবুকবার্তার ব্যর্থ
হতাশ বিকারবিন্যাস
রাতের বিপদ ঘণ্টা
হৃদয়মোচনের খড়
নিদ্রায় কথাসেনা
জেগে আছে বাতাস
ইথারতরঙ্গের
মন্দ্রকণ্ঠে জাগা
ভেসে যাওয়া ঘাসজল
পুকুরঘাটে আয়না
স্নানশেষে কারা
গল্পের জাল বুনছিল
গরিব ছাউনির ওপর
বাড়ে রোদের তাপ
আগুন ঝরা সড়ক
হেসে খুন ইতিহাস
অশোক তরু
মোমগৃহে অজর ঈশ্বরী
মেদ পুড়িয়ে উষ্ণতা দিতে গিয়ে
প্রেমজন্ম নেয়
জাতক জীবন ভুলে যাই,
একান্ত স্মরণে থাকে বোধ
নির্জরা, তুমি মৃত্যুর সঙ্গে
সখ্যতা করোনি কখনও
অনেক মৃত্যুর ফসিল…
অজাত প্রেম, সঞ্চিত অঙ্গার
সেই মোলায়েম শৈততার গভীরে…
নদীমাতৃক দেশ
নির্জরা, আমি জানি ধান্দেশে…
হেমশীলা সাইবেরিয়
আমার নিরক্ষর ধানখেত জানে
তোমার জন্মের কথা
সে আজও তার জন্মদিনের
সঠিক খবর রাখে না
নির্জরা, তোমার শরীরে
ঘাসহীন মেহগিনির চেকনায়
গ্রহপিতা সন্তানের ঔরস ছেঁকে
তুলে রাখে তর্পণের তেজ
পাখা জ্বলে যায়, জ্বলে যায়
আত্মঘাতী কামুক শরীর
নির্জরা, তুমি সেই মোমগৃহে
বসে থাকো অজর ঈশ্বরী?
রিমি দে
পাথেয়
ওই পথ আমিও জানি না
ওই পথ তুমিও জানো না
জানা ও অজানার মধ্যে যে অবজ্ঞা ও অবগাহন
তাতে কিছুটা ফুল ছিটিয়ে দিলেই
আবহাওয়ার আগুন ঠিক গোলাপ ও বেগুন
এই বর্ষায় বিস্ময় সহযোগে ভর্তা উপাদেয়
অথচ আবহওয়ার পূর্বাভাসে আগুন যতটা
ঘন জঙ্গল
সতর্কবার্তা তাকেও ছাপিয়ে মিষ্টি রোদ্দুর
আর ঝিরঝিরে বৃষ্টি শোনায়
কোথাকার জল যে কোথায় গড়ায়
এত ঢেউ কেউ কেউ
ভেসে যায় পথ ও পথের অতীত….
সুবীর সরকার
শ্রীমতী বড়ুয়া
এথেলবাড়ির রাস্তায় খুব চুল উড়িয়ে গান
গেয়েছিলে তুমি
তোমার হাসিতে কেমন একটা গমরঙের
পৃথিবী
আর বলখেলার মাঠ
নাচ জমিয়ে রাখছেন শ্রীমতি বড়ুয়া
দর্শক আসছে না আজকাল
স্টেডিয়ামে
আমিও তো শেষপর্যন্ত হারিয়েই ফেললাম
তোমাকে
জঙ্গল থেকে ডালপালা নিয়ে আসছে যারা
তারা কি জানে হুডখোলা নদীর
গল্প
এখন চুল্লিতে সেদ্ধ হচ্ছে মা
তুমি কিন্তু তেমন জরুরি কিছু
নও
আমার জীবনে কোন করমর্দন নেই
তাই জোঁকের মুখে ঢেলে দিচ্ছি
লবণ
পার্শ্বপ্রতিক্রিয়ার বদলে সাজিয়ে রাখছি
ঘিয়ের প্রদীপ
নাহিদা আশরাফী
দুঃখলিপি
ইচ্ছে করে হাতটা ধরে কেউ তো দাঁড়াক কাছে।
তাকিয়ে দেখি দুঃখনাগর অপেক্ষাতেই আছে।
ক্লান্তি যখন উদোম গায়ে আমায় ছুঁতে আসে।
অফিসপাড়ায় ট্রামে ট্রেনে কিংবা লোকাল বাসে।
মধ্যবিত্ত প্রেমিক সেজে সিঁথিকাটা চুলে
সামনে দাঁড়ায়। হেসে বলে, ‘গেলে নাকি ভুলে?’
দুঃখগুলো রোজ বয়ে যাই নতুন দিনের খোঁজে।
দুঃখ ছাড়া কেই-বা আমায় নিজের করে বোঝে?
অর্ঘ্য দত্ত
পাগল
আঙুলে আঙুলে খোঁজে হলুদের মায়া
কোল ঘেঁষা চেনা গন্ধ প্রাচীন আরাম
স্বপ্নে খোঁজে জেগে খোঁজে,
তবু তার হদিশ পায় না…
শাদা শাড়ি, নুড়ো খোঁপা,
ঘাড়ে-পিঠে অচেনা আঁচিল
পড়া নেই, গান নেই সারাদিন হাবিজাবি কথা
তাকে বলে, খুঁজে দে, খুঁজে দে, মুখপুড়ি
সে বেটিকে একটিবার ফিরিয়ে আন প্লীজ!
কথা শুনে ফ্যালফ্যাল
তাকিয়ে থাকে, সিঁথি চুলকায়
জীবন্মৃত অশ্রুহীন ব্যথা
—এই তো আমি, এই তো আমি, কী হয়েছে,
পাগলা হলি খোকা?
ফোনে কাকে চুপিচুপি বলে
ছেলেটার আমূল বদল, ওর মাথাটাই গেছে
আমাকেই বলে কিনা,
আমায় নাকি খুঁজে পাচ্ছে না!
দেবীহীন মলিন মন্দির তুমি। মৃত…
কী করে বুঝবে বলো মেয়ে
সন্তানও পাগল হয় কখনো কখনো
যেমন উন্মাদ হয় পুত্রহীন মাতা!
দুর্গা দত্ত
আড়বাঁশি: উনিশ
তোমাকে না ছুঁয়েই এখন বলতে পারি
কত যোজন দূরে তুমি দাঁড়িয়ে রয়েছ ঠায়
এদিকেই অনিমেষ চোখে
তোমাকে না দেখেই বলতে পারি এখন
ঠিক ঠিক কী রকম দেখতে হয়েছ তুমি
আজ এই বিকেলবেলায়
কোনো কথা না শুনেই বলতে পারি
কোন সুর ভেঁজে যাও ঠা ঠা দুপুরে একা একা
রাতবিরেতে দ্বাদশী আকাশে
তাই যদি নাই হবে
তাহলে বৃথাই
অন্ধ আমি সারাটা জীবন—
তাহলে বৃথাই
আমার এই জন্ম থেকে জন্মান্তরে
তোমার লৌকিক গন্ধে বুঁদ হয়ে
শেষরাতে অন্ধকারে ফুল কুড়োতে যাওয়া…
গৌতম গুহ রায়
অযান্ত্রিক
অযান্ত্রিক হাত বারেবারে মাটি খুঁড়ে দেখে
গোপন ঝিনুক, ভেজা গুল্মের মতো
ফেলে দিলে সিরামিক মন
রূপালি শষ্যের ক্ষেত মনে হয় জল,
আঁশ আঁশ গন্ধ
দৃশ্যত মাছেরা ঝাঁকে ঝাঁকে
একে অপরের গায়ে গা রেখে দেখে
এক নিঃসঙ্গ পথিক সারারাত সাঁতার কাটে,
একাকী
এসবই দীন হয়ে থাকা সকালের কল্প বিলাস
তীক্ষ্ণ জলস্রোত ভেদ করে চলে যায়
ভিন্ন কোনও কান্নার বিষাদ আহ্লাদে
রজতকান্তি সিংহচৌধুরী
তার কোনারক মুখে
তার কোনারক মুখে নক্ষত্রের আলো পড়ে
সময়ের পক্ষধ্বনি থেমে যায় সুকৃষ্ণ গহ্বরে
সে কি প্রেম সে কি স্মৃতি মূর্তিমতী আমার রচনা
কৃষ্ণরমণীর মতো অন্ধকারে বসে বিবসনা
আমাকে নিজের বুকে টেনে নেয়
কবোষ্ণ আশ্লেষে
অনত স্তনের কৃষ্ণচূড়া বৃন্ত দুটি ওঠে হেসে
আগুন পোড়ায় না তাকে নেভায় না
প্রলয়ের জল
সে-ঠোঁটে যে ঠোঁট রাখে তার শুধু জীবন সফল।
স্বর্ভানু সান্যাল
সন্ধান
না, কবিতা পাঠক খুঁজবে না
সে একা বসবে নদীটির ধারে
যেখানে জলের নিয়ত গোপনে শব্দভারে
সুপ্রাচীন মৎস্যেরা চুপ করে বসে
নিরুক্ত ব্যথাদের পোষে
আর জলের ওপরে ঘাই মারে মাঝে মাঝে
সে কথা বলবে তাদের সাথে নিস্তব্ধ সাঁঝের
বেলায় সন্ধেতারার পেলব আলোয়
তুমি তাকে খুঁজে নাও
তুমি হাতে নাও তার আঙুল কোমল
তুমি শোনো তার কান্না, কলরোল
তুমি তার শব্দ শম্পানে ভাসো
তুমি তার চোখে চেয়ে হাসো
তুমি চাইলে তার কাছে এসো
না, কবিতা তোমাকে খুঁজবে না
কবিতার নেই প্রয়োজন
যে তাকে বুঝেছে সেই তার আপনার জন
রাখী সরদার
হিমচাঁপা ফুল
জানি না কখন সে
হৃদয় জমিয়ে শান্ত শীতল…
বরফের তীব্রতায় কেঁপে ওঠে
এপ্রিলের আংশিক সকাল…
কাছে আসি, ডাক দিই উষ্ণ
কফি-অভিমানে…
হাওয়ায় হাওয়ায় বরফের কুচি,
উড়ে যাচ্ছে চেনা সে আঙুল…
সবটুকু ভুল! যা দেখি আসলে তা
চোখের নীচের কালি…
ধীরে ধীরে বেড়ে ওঠা বোবাধরা গাছ
শাখায় শাখায় ফুটে আছে
অজস্র হিমচাঁপা ফুল!
পারমিতা ভট্টাচার্য
বিশ্বাস
পকেটে বিদ্যুৎ ছিল!
তুলে দেবে জানি, তাই বাড়িয়েছি হাত ―
পকেটে বিদ্যুৎ আছে, তুমি ইতস্তত…
প্রায় মধ্যরাত;
গরম পিচের মতো কালো অন্ধকার!
একটু একটু ঠান্ডা হাওয়া,
দু এক পশলা হতে পারে,
পকেটে বিদ্যুৎ; তুমি মায়া করছ
এখনও আমাকে!
আমি তো জাটিঙ্গা গ্রাম, অমোঘ আকাশ থেকে
ঝরে পড়া হেঁটমুণ্ড হাঁস―
বজ্রপাতের ভাষা শিখে নিই ঠিক, আর
আগুনে বিশ্বাস রাখি,
আগুনে বিশ্বাস…
স্বপ্না বন্দ্যোপাধ্যায়
প্রেমিক
দরজা খোলাই ছিল
পায়ের পরিধি মেপে ছায়া এল না
নিঝুম দুপুরবাগে কোকিলের ব্যথা
উগড়ে উগড়ে থেমে গেল একসময়
ওই যে মিনার ছিল দীপবাতি উসকানো শিখা
তালেগোলে আজ তার চাহনি বুঁজে গেছে
হিলিহিলে একটা সাপ কেবল এফোঁড় ওফোঁড়
করেছে সূঁচের মতো সেলাইয়ের মন
তার চৌকাঠে মিনতি দাঁড়িয়ে ছিল বহুবছর
তারপর ফিরেছে ধীরে ধীরে নতমস্তক
শিখা কর্মকার
শিল্প
রৌদ্র বিনীত আজ, মার্জিত হাওয়ায় দোলে শিষ্ট লিলিরা। শীততাপনিয়ন্ত্রিত কক্ষে ভাসে ম্যাগনোলিয়া ও ফরম্যালডিহাইডের মিশে যাওয়া হালকা এক সেন্ট। লেখার চেয়ারে বসে দূর থেকে দেখছি সিল্কের কোমলতা মাখা শয্যায় চিরবিশ্রাম নিচ্ছে শরীর আমার।
শরীর — সে এক অপূর্ব দেশ। তার ভেতরে গ্রাম ও শহর আছে, মাঠ, বন, দিগন্ত আছে। খাদ ও পাহাড় আছে, চোরাবালি ও ভুলভুলাইয়ার ডাক আছে। আছে অযুত নিযুত ফোটা ফুলের সুষমা, আছে ভাঁজ করে রাখা তাতে সমুদ্রের ছলচ্ছল, চিরপথিকের উদাসীনতা, ও ঘরে ফেরার সুখ।
শরীরেরও জিহ্বা আছে, স্বাদের কোরক, ভেসে থাকে প্রত্যেকটি কোষে। সময় সুযোগ বুঝে বর্ষার লতার মতো বেড়ে ওঠে রহস্যময় প্রেম, ভয়ঙ্কর ভালবাসা, মুছে দেবে বলে জাগতিক চেতনার চৌকাঠ, ষড় করে আসে সে তো ভাসাতে সংসার। এক পলকের স্পর্শে জেগে ওঠে সহস্রমুখী কাম।
শরীরকে বুঝতে চেয়ে কড়া নাড়ি তার হাজার দুয়ারে। সহস্রদল নিয়ে ফুটে ওঠে দুর্লভ পুষ্প এক। আলোয় আলোময় হয়ে ওঠে সাতটি কেন্দ্র, স্নায়ু ও শিরার স্রোত। গ্রহ ও নক্ষত্র ভাসে প্রতি রোমকুপে। জন্মজন্মান্তর পেরিয়ে আসা হাজার জিনের ছায়া ভেসে ওঠে প্রত্যেকটি কোষে। শরীরে ভাসতে থাকা গ্যালাক্সিরা জায়গা বদল করে আর আমি বিস্ময়মুগ্ধ হয়ে চেয়ে দেখি এই অবর্ণনীয় শিল্পের রূপ ।
সঞ্চালিকা আচার্য
মুর্শিদ বৃষ্টি বিমর্ষ দুপুরে
মেনে নেওয়া ছিল তুমুল খতরনাক। পাহাড়ের অস্পষ্ট ঢালের পাশে দাঁড়িয়েছে বনকুসুমসুন্দরী। কাবিল হাওয়া গিলে খাচ্ছে অর্থ, পড়ে রইল সামগ্রিক ছাইপাঁশ। শূন্যমহলে ঘুরে উড়ে বাজে এস্রাজব্যথা।
ওদিকে বাগানে বেইমান প্রজাপতি ধার করা রং নিয়ে কখনও মুঠোয় ভরছে ফুল, কখনও খালাস করে উড়ে যাচ্ছে অন্য গুঞ্জায়।
অবুঝ জানে না― সব সুর লোপাট হবে, জেগে উঠবে অন্য উপসর্গ কলকব্জায়। আঙুলের ফাঁকে ফাঁকে কাদা ছাড়া আর কিছু থাকবে না।
বনকুসুম আজ জেনে গ্যাছে সেই কথা। নিশ্চিত ভেবেছে যাকে, সে সুখেরই ভাঁজে ঘাপটি মেরে থাকে বিষাদের সাপ।
অমিত চক্রবর্তী
উপস্থাপনা
জাড় শীতে কোনো জোনাকি আসে না সন্ধেয়,
অথচ কম্বল জড়িয়ে সে কোনোমতে
ফুটপাথে। পিচবোর্ডের বাক্স দুটো,
বস্তা কাঁথা কৌটো, প্ল্যাকার্ডে লেখা
ক্ষুধার্ত – ভরা সংসার তার।
দু ব্লক দূরেই কিন্তু আলোর উৎসব
জ্যাজক্লাবে ভিড়, লাল কোট রমণী,
নতুন বয়ফ্রেন্ড।
হয়তো একবার থমকে দাঁড়ায় মেয়েটা
তরুণী সোশ্যল ওয়ার্কার, সমাজসেবী মেয়ে
ন্যানোসেকেন্ড পরে তাকে টেনে নিয়ে যায় জ্যাজ –
আজ শুক্রবার সন্ধে যে ক্যানসাস সিটিতে।
জাড় শীতে সে পড়ে থাকে রাস্তায়, ফুটপাথে।
স্বপ্ন দেখতেও বুঝি এনার্জি লাগে –
রিক্ত অবসাদ, কম্বল মুড়ি, বস্তা মুড়ি,
মানসিক অসুখ
বস্তা মুড়ি, কম্বল মুড়ি, রিক্ত অবসাদ, জাড় শীত,
জোনাকিরাও আসে না সঙ্গ দিতে।
আমি দেখেশুনে একটু দূরে পার্ক করি গাড়িটা,
এই অঞ্চলে অনেক হোমলেস থাকে,
পাশ কাটিয়ে যাওয়া ভাল,
কি জানি কি রোগ ছড়ায়,
এমনিতেই থাকব না বেশি,
কাল বড় প্রেসেন্টেশ্যন রয়েছে,
পাওয়ার পয়েন্ট টক –
আর্থিক বৈষম্য নিয়ে গমগমে উপস্থাপনা।
লালন নূর
সোনামুখী সুঁই
দেখো ওরে তরু-লতা-গুল্ম-ছায়া-গাছ
তুমিও দেখো তো আজ;
ধারণাকে পাশে রেখে উড়ে গেলে কাক,
তার পথ শুধু সোজা রেখা হয়ে থাক!
ডানা ভেঙে দিয়ে ঘুঘু উড়াতেছো সুখ,
অন্ধজনে মেরে ফেলে হাসো সোনামুখ!
লাশ-টিয়াপাখি আর নিদানের দিন,
দেহখানি ফুটে আছে মুণ্ডুবিহীন;
প্রতি অঙ্গ টাকা ঘসে সোজা করে থুই,
মৃতজনে দেহ জোড়া সোনামুখী সুঁই!
বদরুজ্জামান আলমগীর
জন্মাষ্টমী
রাধানাম রাধানাম কৃষ্ণ তুমি হও, বিলের পানি হয়ে নদী জুড়ে বও। দুধ, মধু, দই আর মিস্রির জল, আমপাতা, আনারস, বেদানার ফল। আহবান মুদ্রায় সুগন্ধি পানি, তুলসি পাতায় আমি অভিষেক মানি। চন্দনবাটা, কস্তুরী আর ধূলিস্নান, জালা ধান গুঁড়া ভাঙে কৃষ্ণের মান। লোহা নয়, কাঠ নয় মাটির বাসন, পেতে দিই তোমা লাগি ব্যথার আসন। মেঘে মেঘে আগুন আছে হিয়ার ডলক, সবা মাঝে কৃষ্ণ থাকে আইনাল হক।।
রাবাত রেজা নূর
চিৎকার
জুতো সেলাই করতো আমার বাবা; এখন আমি
প্রতিদিন হৃদয় সেলাই করি। ক্ষতস্থানে লাগিয়ে
দেই অবহেলার প্রলেপ―! আমার হৃদয়ের ক্ষতে
বাসা বাঁধে হৃদয়কাটা পোকা।
কতদূর তোমার দেশ? কোন নদীপারে তুমি শুকাও
শাড়ি–? কোন ঘরে এলিয়ে দাও কেশ―? তুমি তো
পাহাড় নও, তবুও তোমার নামের ওজন―আমার
বুকে পাহাড়ের চেয়েও ভারী।
তোমার পাড়ায় যাইনা আর; সেখানে আকাশ কেমন
গাঢ় নীল। বায়ুভীত পাখিরা
ঘরে ফিরে মালতিসন্ধ্যায়;
আর আকাশের গায়ে গায়ে লেখা থাকে,
তোমাকে না পাওয়ার দলিল।
সুমিত্রা, তোমার নীরবতাই পৃথিবীর
দীর্ঘতম চিৎকার
অনিকেশ দাশগুপ্ত
পালকি
সাদা ফুলের বিষণ্ণতার মতন এক চেনা-চেনা দিন থাকে,
হেঁশেলের পাঁচরকম ঘ্রাণ থেকে পাখি-পড়ানো ঘুমে
নেমে আসি আমি
দেখা হয় সাজানো ঘুঁটির যত পাখা ও বিস্ময়কর পথ ভ্রম
একটা নীল বিবর্ণতার বর্তুলকে উত্তরোত্তর পেরিয়ে
প্রস্তুতিময় এই থাকা না-থাকার চলমানতা
এই বুঝি সাব্যস্ত হবে বিভক্ত হওয়া প্রতিটি জানুর অন্ধকার
স্তোত্রে-জড়ানো-গা থেকে উড়ে যাবে মহৎ ত্রিভুজ
রেদওয়ান খান
কিছু অভিমান
কিছু অভিমান চুপ হয়ে আছে কচুরির ফুলে
কিছু অভিমান টুপ করে ডুব দিয়েছে কোথায়?
কিছু অভিমান দোল খেয়েছিল সোনরঙ ধানে-
কিছু অভিমান আষাঢ়ে শ্রাবণে নূপুর বাজায় ।
কিছু অভিমান অচিন রাগিনী– হারায় সুদূর
কিছু অভিমান নাম লিখেছিল হলদে পাতায়;
কিছু অভিমান বেহালা-করুণ-গোধূলি-কথন
কিছু অভিমান হয়নি তো বলা কখনো তোমায়।
কিছু অভিমান আসমান-ছেঁড়া জোছনা বিধুর
কিছু অভিমান কলঙ্ক-তিলক নীল চাঁদোয়ায়
কিছু অভিমান ভেসেছে ভীষণ নয়নের জলে
কিছু অভিমান খুন হয়েছিল ট্রেনের তলায়।
কিছু অভিমান মাতাল হাওয়া, ভেঙেছে দুয়ার
কিছু অভিমান উড়ে যুবকের ভাঙা রিকশায়
কিছু অভিমান গণজাগরণ– আগুন বাগান;
কিছু অভিমান নবাবপুরের ট্রাফিকে ঝিমায় ।
কিছু অভিমান শুকোতে দিয়েছি নদীটির জলে,
কিছু অভিমান ঘাস ফড়িংয়ের রঙিন ডানায়
কিছু অভিমান স্নান করেছিল চৈতের রোদে
কিছু অভিমান চুরি হয়ে গেছে বালক বেলায়।
কিছু অভিমান জোছনায় ভেজা শাপলার ফুল
কিছু অভিমান দোলনায় দোলে নাগর দোলায়
কিছু অভিমান ঘুঘু-দুপুরের ভাঙিয়েছে ঘুম;
কিছু অভিমান ঝরেছে ভোরের শিউলিতলায়।
কিছু অভিমান মেঘলা দিনের শ্যাওলা উঠোন
কিছু অভিমান পুরনো কাপড়ে সূতো ঝিলমিল
কিছু অভিমান বউচিঁ খেলায় ঝগড়া মধুর;
কিছু অভিমান লুণ্ঠিত দুই মনের অমিল!
কিছু অভিমান নাম লেখে মহাকালের খাতায়
কিছু অভিমান বন্দি সময়, অধরা মাধুরী
কিছু অভিমান তুমি আর আমি: নগর-পাতক!
কিছু অভিমান ভেসে যায় মহাকালের খেয়ায়…
নিত্যানন্দ দত্ত
হে আশ্চর্যময়ী
লেখা ছেড়ে গেলে মনে হয়
দীর্ঘ বসবাসের পর আচমকা উঠে গেছে কেউ
মুখর বাড়িটি ক্রমশ হেলে পড়েছে নৈঃশব্দের দিকে
একটি নিঝুম কাঁঠাল গাছ
হলুদ পাতায় ভরিয়ে রেখেছে মলিন উঠোন
ভাঙা দেওয়ালের খাঁজে ছিন্ন খোলস।
গত বর্ষায় তাকে ছেড়ে উধাও হয়েছে বিষণ্ন সাপ।
তার ভেতর নিরন্তর হু হু করে কাঁদে দুপুরবাতাস।
আগুনের দাগ নিয়ে কতদিন বসে আছে
মাটির উনুন
পিঁড়ি পেতে সামান্য ব্যঞ্জন বেড়ে দেওয়া হয়নি কতদিন
এখন এই স্তব্ধ চরাচরে
শুধু কিছু মনমরা পাতা, হাওয়া দিলে ঝরে…
ভাস্কর সুতার
আমগাছ
আমার প্রশ্রয়ের ভিতর
দৌড়ে বেড়াচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ!
আর বিকাল হলেই আমগাছের ছায়া শুয়ে থাকে
রাস্তার দু-ধারে নিরিবিলি।
আমি ক্লান্ত তাঁতির ছেলে, সমস্ত দিন বুনেছি কাপড়…
আমি আরও ক্লান্ত যেন বৃদ্ধ আমগাছ
আমার সমগ্র ছুঁয়ে যায়, আমি ছুঁয়ে আছি গভীর রূপ
প্রকৃত বিশ্বাস ধমকে গেছে,
যদিও নেই কাঁটাতার, তবুও
আমার প্রশ্রয়ের ভিতর
দৌড়ে বেড়াচ্ছি অথচ একটা পূর্ণাঙ্গ মানুষ
সেদিন কি বুঝেছিলাম, রক্তঘামে ভিজে গেছে তাঁতিবউ
আত্মার কাছাকাছি এসে-
বন্যা লোহার
আরোগ্য
মাথা এত ভারি!
খুলে নাও, ছুঁড়ে দাও রাস্তায়
এমত সময়ে তাকে দাও
হারানোর অধিকার ।
শরীরে অসাধু জ্বর
শীতের নগরী ছেড়ে না এলে
কাকে দেব এতখানি তপ্ত কপাল ।
এই নাও হাত, উঠে এসো
তোমাকে জড়িয়ে কাঁদি
তুমি কি জানো না মৃতের পৃথিবীতে কোনো গান
ছিল না কোনোদিন
সুদীপ্তা চট্টোপাধ্যায়
দহন
অনুপস্থিতি আঁকছে
শূন্যতার আকাশ
কলঙ্কের আদ্যোপান্ত জেনেও
জ্যোৎস্নাময় বিস্তৃত
দূরাগত চাঁদের মন্ত্রণা
সমস্ত ক্ষতচিহ্ন লুকিয়ে
পাঁজরের চুপ খাঁচায়
ধূ ধূ শ্মশানের স্থির বাতাস
যেন ক্ষয়িষ্ণু অরণ্যমাঝে
পাতাহীন বৃক্ষ
শাখায় শাখায় জমে ওঠা
পক্ষীবসতি জুড়ে
উড়ছে পোড়া ডানার ছাই
চলে যাওয়া দেখতে দেখতে
চৈত্রের রুক্ষ তৃণভূমির
যে কোন পাথরই যেন
আজ শোকগ্রস্ত অহল্যা
তপনজ্যোতি মিত্র
মায়াময় ভ্রমণ
যেন চিত্রপ্রদর্শনীর মধ্যে দিয়ে
এগিয়ে চলেছে তার মায়াময় ভ্রমণ
সেইখানে তৃষ্ণা যে জাগর,
দিগন্তজোড়া জ্যোৎস্নাপথে হেঁটে যায় সেই শ্রমণ
শুদ্ধসত্ত্ব হাওয়া এসে ধ্বনি তোলে,
মর্মর ধ্বনি, বেজে যায় আনন্দ বিষাণ
প্রার্থনার কাছে ফেরে মন, ধ্বনিময়তার কাছে
কে যেন রেখেছে তার নিশান
দূরের পৃথিবী হাতছানি দেয়, ডাক দেয়,
বড় মায়াভরা তার চোখদুটো
জীবন জুড়ে শুধু
কুড়িয়ে নিয়েছ – ভালোবাসাময়,
অশ্রুময় আনন্দ বিষাদের খড়কুটো
রুমা তপাদার
নারী ও ঈশ্বর
নিঃসীম শূন্যের কাছাকাছি গেলে দেখি
একা থাকা সয়ে যেতে থাকে
তখন থাকে না কেউ আশেপাশে
আমিই আমার প্রিয় পাত্র
অন্ধকারে ভাসমান আমিকে চিৎকার করে আমি বলি,
আমাকে সামান্য স্থিতি দাও…
জলবিন্দু মহামেঘ আলো হাওয়া বিদ্যুৎ
আমাকে একমাত্র আমি দিতে পারি
আমাকে আকাশ মাটি ছোঁয়াও,
মহাশূন্য আমার উপর ভাসমান হয়ে উঠুক
আমার আত্মার বীর্যে আমি গর্ভবতী হয়ে উঠব
শূন্যতা আমাকে প্রাপ্তি লাভ করে
ক্রমশ সুস্পষ্ট করবে তার স্বর
অর্ধ নয়, আমিই সম্পূর্ণ নারী ও ঈশ্বর।
সোনালী ঘোষ
অন্ধ ঈশ্বর
তুমি ছুঁয়ে দিয়ে,
আস্ত ব্রেইল পড়েন আমার অন্ধ ঈশ্বর
গোটা একটা সময় বরফের উপত্যকা জুড়ে
রূপলী উৎসব…
….এসবের সাথে কত অনিবার্য মুহূর্ত জড়িয়ে থাকে
কত আশ্চর্য দৃষ্টি বিনিময়…
এ বছর শীতে পাহাড়ী উলের চাহিদা বিশেষ নেই
কিংবা মানুষ খুব বেশি আর শীতকাতুরে নয়
এতদিন ধরে বুনট করা ফুলকারী
নক্সাওয়ালা চাদর ছুঁড়ে ফেলে
সবাই ঈশ্বর হতে চায়, অন্ধ ঈশ্বর….
মৌমন মিত্র
ঘুণ
ঘুণ ধরেছে অন্ধগাছে
বাকলে গোল শূন্য
তার দেহে
কেউ আঁকে অ’কার
কেউ লেখে আ’কার
শূন্য কোথাও রক্ত হয়
কোথাও-বা জমা ভয়
ছুরি-কাঁচির ছোট্ট ঠোঁটে
শূন্যের ধার বোঝা যায়
শূন্য প্রাণ জলে সাঁতরায়
যা কিছু লেখে সবই বৃথা যায়
ঘুণ ধরেছে অন্ধগাছে
এবার
আঁধারের সন্ধানি হল সে
বলে, দৃশ্য, লীলা, ভ্রম, অন্ধ
এসে দেখো, দেখো
মার্জনা বিধাতা
আদতে, দিনান্তে
সূর্য এসে মেশে
চাঁদের গোল ডানায়
বন-বাদাড় তোলপাড়
অন্ধ নয় অন্ধ নয়
সব আলো শেষ
আঁধার উজাড়…
হে মায়ামন
গাঢ় সংসার,
ঘুণ বুক হতে যত গাছ জন্মায়
তারা অন্ধ
চোট
ক্রিয়াকর্মে পদ্য
নামহীন যন্ত্রণায়
শুচিতা সপর্যা
আত্ম পূজিত তব আপন প্রসূনে
অলস বিকেলের গোধূলি বেলায়
প্রসন্ন সুরের প্রফুল্ল নয়ন তারায়
আবারও দেখেছি জীবন পঙক্তিমালা,
সেই সরলতার শান্ত সম্ভাষণের প্রেমময় নিমন্ত্রণে-
দিনের শেষ রোদ্দুরের সাথে ঝরে পড়া ক্লান্ত ফুলে
তখনও রয়ে যায় খানিকটা আবেগের
প্রজ্জ্বলিত শিখা।
গত জন্মের রিক্ততা ফেলে এ বেলার সায়াহ্নে
জীবন মন্ত্রের পুনঃ হর্ষের সন্ধান
আবির জড়ানো পাপড়ির ভাঁজে।
শ্যাম-রাত্রির গায়ে স্বপ্ন ছড়িয়ে বাগান
বিলাসের আপ্লুত বাসনা।
ঝরা বকুলের ম্লান গন্ধে আবহমান রাত্রি
আছড়ে পরে পৃথিবীর পথে,
চর্যাপদের পুঁথি পাঠ ক্রমশ
ধেয়ে আনে পুরাণ-ধ্রুপদ ।
বিদায় বেলার ক্লান্তিতে ত্রিবর্ণী-মঙ্গল-সুর-সঙ্গমে
আনন্দ উৎযাপন,
শুকতারাটির আদি প্রান আজও
জোনাকির ভিড়ে নিত্য-সত্য।
সত্য মানবের এই হোক ব্রত এ লগ্নে-
আত্ম পূজিত তব আপন প্রসূনে,
পর অঞ্জলি প্রয়াসে নিরর্থক আত্ম অপারগতা
ঘুচে যাক অমর্ত্য শূন্যে।
মৌসুমী রায়
মেঘ ঋতু ও গুমোট বারান্দা
লাল সিমেন্টের মেঝে, একরাশ ঝরাপাতা
ঝড় এসেছিল গুমোট বারান্দায়
রাতের আকাশ আধো অন্ধকার
মিটমিটে, স্থির, হলদে, কমলা
একটি দুটি আনমন তারাখসা
সিমেন্টের লাল মেঝে ভরা তারাফুল
টুপটাপ টুপটাপ, জল ঝরে
ধুলো মুছে যায়
আলো ফোটে
শুকনো পাতায় জলতরঙ্গ বাজে
ভোরাই বাতাসে আহিরভৈরব
মেঘ ঋতু এখন দরজায়
তোমার জানলা খুলে দাও…
অনিরুদ্ধ আলম
লাবণ্য
নির্লিপ্ত খড়কুটোর মহিমাতে যে-স্বর্ণমুদ্রা ডহর সিন্দুকের অন্দরে চিরায়ু হয়, সে কী করে বুঝবে জোছনা আর অমাবস্যার পার্থক্য?
কখনও কি শুনেছ– ম্রিয়মাণ মেঘের আত্মিক মেধারা পুরোহিতবেশে আসন্ন রোদের আগমন-জপে ব্যস্ত? কিংবা প্রতিটি আগমনই যেন জ্বরে-পুড়ে-যাওয়া প্রতীক্ষার শৃঙ্গারে চূড়ান্ত পরিণতি অনুসন্ধান করে!
প্রতীক্ষাকে চণ্ডিদাস আর কালের মায়াকে রজকিনী বলে যেই ভাবা, অমনি মনে হল– বহুদিন দুপুরতান্ত্রিকভাবে দেখিনি জোড়াশালিক।
পাশে পড়ে থাকল পৃথিবীর মুখ। পুনর্ভবার পহর, পহরের পুনর্ভবা হৃদপিণ্ডে লুটোপুটি খেতে থাকে। ঝিঙেমাচাটার কোলঘেঁষে শালিকদের পায়চারি। কাছে যেতেই দেখি ওদের হলুদ ঠ্যাঙ আরও বেশি লাবণ্যে হয়েছে সুচারু। নদীতে জল-আনতে-যাওয়া নববধূটার কাচা হলুদ রঙের শাড়িটার স্নিগ্ধতাকেও হার মানায় যেন সে-লাবণ্য।
গোলাপি ফুলের মতো লাবণ্যময় বেলারা শ্বাস নেয় অনাত্মীয় হাওয়ার হাঁপরে।
দ্বিধান্বিত দূরে কোথাও ঘণ্টাধ্বনি বাজছে। ছায়ানটবাসী ঘাসদের জানা আছে– এমন সময় কীভাবে গুচ্ছগুচ্ছ শ্যামল তীব্রতাকে নজরদারি করতে হয়।
কচ্ছপরা এর মধ্যে নির্ভরযোগ্য সঙ্কেত পেয়ে গেছে। জলধির তীরঘেঁষে ডিম পেড়ে যায় ঝাঁকেঝাঁকে।
অবশেষ দাস
আষাঢ়ে প্রেমের কবিতা
তোমার জ্যোৎস্না রঙের শাড়ি
উড়তে থাকে হাওয়ায়
বিকেলবেলার ঝুরঝুরে রোদ
তোমার চোখের দাওয়ায়।
তোমার নক্সী কাঁথার খোঁপা
রাতের মতো খোলা
তোমার চোখে হিজল ছায়া
বড়োই আত্মভোলা!
তোমার কৃষ্ণচূড়া মন বলাকা
কুসুম কুসুম ঠোঁটে
আষাঢ় মাসের সন্ধ্যা এলে
রবিঠাকুর ফোটে।
তোমার অপরাজিতা
নীলচে নাভির পাশে
কোপাই নদীর কূল ছাপানো
আশ্বিন হেঁটে আসে!
তোমার বুকে জলপ্রপাত
নূপুর বাজে পায়ে
চলতে চলতে পৌঁছে তো যাই
আগুন জ্বলা গাঁয়ে ।
তোমার চাঁদ কপালের টিপ
একটি তারার মতো
নম্রতা আর বিনয় নিয়ে
গৌতমে সংযত।
তোমার কাস্তে বাঁকা কটি
দলবৃত্তের লয়ে
ইছামতির কাব্য লেখে
সংশয়ে সংশয়ে।
তোমার ছাতিম ছাতিম ঘ্রাণে
আটকে হৃদয় আছে
নতুন কোনও রূপকথা আর
প্রতিশ্রুতির কাছে।
বিবেকানন্দ মণ্ডল
সজ্জা
রাতে শুতে যাবার আগে
তুমি নিজেকে গুছিয়ে নাও—
কবিরা যেমন শব্দ গুছিয়ে রাখে
কবিতার দেহে!
আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক
অলকার অন্ত্যমিল দেখে নাও
আর ঘাড়ে বিন্যস্ত চুলের ছন্দ ।
ঠোঁটের কোণে ওষ্ঠাধরে আলতো
চাপের সংকেতে
এবং চোখের তির্যকে বোঝা যায়—
নাঃ! হল না ।
পিছনে হাত ঘুরিয়ে তারপর
সুন্দর আঙুলের যমকে খোপা সাজাও।
তাতেও যখন ছন্দ মিলছে না
একটানে খুলে ফেলে আবার
ত্রিপদী বেণী সাজাও—
কাকণের তালে তালে তখন বাজতে থাকে
মধুর অনুপ্রাস!
হাতে হাতে রাতের পয়ারবন্ধের আগে
কিছুটা সময় যাকনা ছন্দে অলঙ্কারে আর
হৃদয়ের সাংকেতিকতায় এমন।
আমার তো তাড়া নেই কোনও!
সারা শরীর জুড়ে তুমি কবিতা সাজাও…
তপন বাগচী
গানের কবিতা
জানি কাছে থাকবে না, সারাটি জীবন
তবে কেন ধরা দিয়ে দেখালে ও মুখ
আমাকে বসিয়ে রেখে দূরে চলে গেলে
একাকি কুড়াই শুধু বিরহের সুখ!
একটি রঙিন ছবি, মায়াময় হাসি
মোহন চাউনি দেখে হয়েছি উদাসী
অভিমানে কিনে রাখি কিছুটা আবেগ
তোমার মায়ার স্মৃতি থাকে জাগরূক।
আলো-ছায়া মাখামাখি সেই যে সময়
পৃথিবীতে নেই কিছু, তার বিনিময়—
মরণেও সেই সুখ হবে না বিলীন
প্রতিদিন গাঢ় হয়ে ভরে রাখে বুক।।
২
কাজ নিয়ে করি কাজের আলাপ
কাজে হয় দেখাশোনা
কাজের ফাঁকেই হৃদয়ে-হৃদয়ে
আবেগের বীজ বোনা।।
কাজের মাঝেই বেঁচে থাকে সবে
কাজ ফুরোলেই শেষ
কাজ নেই, মানে জীবন-যুদ্ধে
হেরে যাওয়া পরিবেশ।
জীবন মানে তো অফুরান কাজ
কাজেই ফলবে সোনা।।
এসো হে বন্ধু, মাঠে নেমে পড়ি
কাজকে সত্য মানি
কাজেই বাড়বে মিলনের সুখ
ঘুচে যাবে সব গ্লানি
ভালবাসাটাও সুমহান কাজ
তারে ছাড়া চলব না।।
ফারুক সুমন
কবিতা কম্পমান করুণ কান্তার
একটি যথাবিহিত শব্দের জন্যে
বসে থাকি মৌন পাখি
বুকে বাঁধি প্রকাণ্ড পাহাড়
একটি হৃদয়গ্রাহী পঙক্তির জন্যে
মরে থাকি বোধের ভেতর।
বাগদেবী,
কেন এই মুহুর্মুহু মর্মদহ
ঘুমজাগরণে, কারণে-অকারণে
রণিত রাত্রিদিন, জীবন্ত কফিন
চেতনায় বিঁধে রয় বিচূর্ণ কাচ।
কেবল শূন্যঘরে, একলা অবসরে
স্তব্ধতার বুকে মাথা ঠুকে মরি
টিপটিপ, তড়পানো সময় বয়
কবিতার জন্যে
ভাঙি সংসার, গড়ি সংসার
গোপন প্রণয়, ব্যথিত সময়
উদ্বাস্তু দিন, থাকি অন্তরীণ
কখন শব্দসুর কড়া নাড়ে এসে
অন্ধকারে দেখা দেবে শুভ্রমিনার
কবিতা কম্পমান করুণ কান্তার।
(সংক্ষেপিত)
গাফফার মাহমুদ
ফুলবধূ-গ্রীষ্মবেলা, ছাতিমতলা
তপ্ত রৌদ্দুরে তুই ছড়িয়ে দিতিস কত বাতাস
অবিচল হাত ঘুরায়ে তালপাখাতে এই গ্রীষ্মবেলা
মিছেমিছি সংসার পাতি; ঘর বাঁধি ছাতিম তলা
ঘর্মাক্ত উদোম শরীর অযুত ঘামাচি ভরা
কত শত খুঁটিয়ে দিতিস ঘামাচিবীচি পিঠজুড়ে
তুই সাজতিস ফুলবধূ অলকানন্দা নাকফুলে
মিছেফুল গুজে দিতাম স্বামী সেজে তোর চুলে
ইচ্ছে মতো খুনসুটি, কতো কথার ফুলঝুরি
বিলি কাটা; চুলের ফিতা
আলতো রেশমী চুলে হাত ভুলিয়ে
আমি ছিলাম বেণী মাধব
মাদুর পেতে হাত খুলে, কতো খেলতাম পাইকখেলা
হাতকৌশলের কাঁঠাল কোয়া
তুই দিতিস গাল ফুলিয়ে মুখ পুরে
ঝগড়াঝাঁটি, তর্কাতর্কি ফেলে দিতিস
থালাবাসন; কিসের সংসার? তুই বলতিস
এখনও সংরাগে তপ্ত রোদদুপুরে
ইচ্ছে মতো সাঁতারকাটি, পুকুর ঘাটে নদীকূলে
তুই তো চলে গেছিস গোমড়ামুখো ছল করে
গালফুলিয়ে কি ভুলে; ফুলবধূ?
ভিষণ গরম এই বৈশাখে, জ্যৈষ্ঠজুড়ে তপ্ত রোদ
কোথায় আছো ফুলবধূ; টের পাচ্ছ এই গরম?
রফিকুজ্জামান রণি
ভাগ
আত্মাগুলি ভাগ হয়ে যায়
যখন দ্বিখণ্ডিত হয় মাতৃভূমি
ভাগ হয়ে যায় পাখির কূজন,
সংগীতের সুর, কবিতার শব্দ,
গল্পের পটভূমি
এবং শিশুর কোলাহল—
দেয়াল গজিয়ে ওঠে শিল্প-সংস্কৃতি
ও ইতিহাস-ঐতিহ্যের স্বর্ণপথে
মায়ের শরীরে কাঁটাতার জেগে উঠলে—
আকাশ-বাতাস, বৃক্ষ-লতা, আগুন-পানি,
পাহাড়-পর্বত ও ফুলের সৌরভ
সবকিছু ক্ষতবিক্ষত হয়ে যায়,
গুম হয়ে যায় প্রেমের স্বর্গ
অখ- থাকে না পাথর, বদলে যায়
দেহের পোশাক, রান্নার-ব্যঞ্জন;
নদী হয়ে যায় কোণঠাসা, পুকুর হয়
কয়েদখানায় বন্দি,
আর সাগর শোনায় নীলমাছির গল্প।
ধর্ম অথবা রাজনীতির ছুরি যখন
কেটে দেয় ভূখণ্ডের নাড়ী—
তখন ভাগ হয়ে যায় প্রেমিকার চোখ,
মুখের ভাষা এবং শাসনকলা
শুধু ভাগ হয় না রক্তের রঙ,
ভাগ হয় না পার্থিব মায়া;
ভাগ হয় না কবর কিংবা শ্মশানঘাটের রাস্তা!
শিহাব শাহরিয়ার
নীল
নীল
একটি মায়া ট্রেন
বুকের কাছে এসে ছায়া দেয়
নীল
একটি দীর্ঘ শাড়ি
প্রাণের মধ্যে মাতাল ঘ্রাণ ছড়ায়
নীল
একটি বাতাবি লেবুর রং
চোখের কোনে ঢেলে দেয় সুখ
নীল
কখনো লিফটের আয়নায় ঝিলিক দেয়
কখনো ছোট্ট পর্দায় চিকন সুতা হয়ে ওড়ে
হাতিরঝিল আর আফতাবনগর ঘুমায়
নীলের কাঁধে
আগারগাঁও থেকে রামপুরা হয়ে
নীল ঝিকঝিক চলে যায় শৈবাল-স্রোতে
বালিয়াড়ি আর জলের কলস্রোতে কান রাখে
পূর্ণিমায় খোঁজে নীল পাখি; নীল ফেনাজল
ভাঙে রাতের নীল ভ্রুন
নীল
দাও টোকা; দরোজারাও পরেছে
নাকের নীল নথ
মুস্তাক মুর্শেদ
ভোজবাজি
অন্ধকার কাঁটাঝোপটার কাছে গেলেই
একটা দগদগে লাল দাগ ওয়ালা সাদা বিড়াল
আগে থেকেই ওৎ পেতে বসে আছে
অথচ রাত শেষ হতে বেশি দেরি নেই
ফনিমনসার গা বেয়ে ঝরে পড়ছে জ্যোৎস্না
আর দামাল হাওয়ায় পতপত করে উড়ছে
রুমালের মতো এক ফালি সাদা কাপড়
কই বিড়ালটাকে তো আর দেখা যাচ্ছে না
দূরে রেনট্রির মাথায় ঝুপ করে
একটা লক্ষ্মীপেঁচা এসে বসলো যার
আশীর্বাদী চোখে একে একে ধরা দিচ্ছে
যুগান্তকারী মহাজাগতিক সব দৃশ্যপট
এইবার আলো ফুটতেই বোঝা গেল
পেঁচা নয় সে এক আলো- আঁধারির খেলা
এ তো ভারি এক ভোজবাজি –
সবকিছু আছে অথচ কোথাও কিছু নেই…
কনক মণ্ডল
সরগম
আমার একটি বাঁশি আছে,
রাত বাড়লে তার কান্না বাড়ে।
ও কৃষ্ণমৃত্তিকার কন্যা
শুনেছ কি সে ঝংকার?
বাঁশির ফুঁয়ের মতো
একে একে বেজে ওঠে—
মা চড়ার সা ধরলে
বাবার চড়ার পা
আমি নিস্তব্ধ কোমল মা-তে
‘চুপ করো বলি।’
ও কৃষ্ণমৃত্তিকার কন্যা কী ধরবে বলো?
এখনও একটি বাকি আছে ফুঁ
তোমাকে সে স্থান পূরণ করতে দিলাম।
ও কৃষ্ণমৃত্তিকা একদিন
লুকিয়ে দেখে যেও আমাদের সরগম।
অর্ণব চট্টোপাধ্যায়
ব্যাকুল আষাঢ়
সুকোমল চরণে চলেছ
সৃজনে ব্যাকুল আষাঢ়
উষ্ণীষ নামিয়ে রেখেছে
সমূহ অভিসারের ভেতর
চিক্কণ, সুধাকরুণ সুর…
শুধু ইঙ্গিতটুকু ধরে রেখে
আরশি হয়েছে জল আজ
দ্যাখো!
ছায়া-আলোকের মাঝে মাঝে
হাস্নুহানা-শিশুটিও
উদাসীন…
বিষাদবিলীন হাওয়া…
ভাসমান সব মনোরথ,
সাধনার কাল;
আর, সৃজনে ব্যাকুল আষাঢ়
উষ্ণীষ নামিয়ে রেখেছে…
বিটু দাস
এ আমার ছদ্মবেশী আলো
এর আগে একটি দিনও
আমি সমুদ্র হতে চাইনি
একটি দিনও ঢেউ অথবা বাতাস
আমি কিছুই যে চাইনি কখনো
সেটাই মূলত বিস্ময়ের!
কত-কেউ তো কত-কিছুই চায়
পায় না অথবা পায়
যে-যার মতো নিরীহ মেরুদণ্ড সেজে
জলঝড়ে কাঁপতে কাঁপতে
গৃহে ফিরে যায়!
এসো কবি,
তোমাকে গরম ভাতের সাথে
আমাদের পিতা-পুত্র রাত মেখে দিই,
হজমি গুলি তুলে দিই হাতে,
লেখো তুমি লেখো,
আমাদের নরম সংসারী হাত
মাঝে মাঝে বেঁকে বসে কেন?
অমৃতাভ দে
সান্দাকফুর পথে অসমাপ্ত কবিতার পঙক্তি
এ পথে এলে নিজেকেই কবিতা মনে হয়
মনে হয় শব্দহীন শ্লোক চারপাশে
ইতস্তত কথা বলে
কবিরা আসেনি এই পথে
এই পথে ছড়ানো নেই কবিতার বীজ
অথচ কত কথা আছে পাহাড়ের কাছে
সে-কথা শোনে গাছ, নদী, মেঘ, পাখি
শুনে যাও শক্তি, সুনীল, বিনয়, বিভাস
লিখে ফেলো পাহাড়ের শ্লোক,
অসামাপ্ত পঙক্তি যত
রোপণ করো কবিতার বীজ
আমি কবিতা হয়েই প্রতিটি জন্ম
এই পথে থেকে যেতে চাই…
প্রত্যয়ী দত্ত
তারায় ভরা জীবন
তারায় ভরা আকাশের নীচে
শুয়ে আছে ভ্যান গঘ,
মৃতের সাথে মৃতের সংলাপে
জেগে ওঠে গাঢ় রাত-
হাওয়ায় উন্মত্ত মাঘের রাতে চুপ করে থাকে
রক্তাক্ত প্রেমিকের শীতল চোখ।
জেগে ওঠা তারাদের দল বিপ্লব এঁকে দেয়
আকাশের নীলচে দেওয়াল জুড়ে-
প্রশ্নের ভীড় হয়ে ওঠে ক্লান্ত যুগের শেষ হিমবাহ,
হেসে তাকায় সে-
উত্তর কবেই দেওয়া আছে তারায় ভরা
আকাশের এক ক্যানভাসে…
২
বন্ধ দরজার ওপাশে মৃতদেহদের ভীড়-
সারি সারি মৃতদের মাথা ফু্ঁড়ে
বেরিয়ে আসে স্বপ্ন,
স্বপ্নের ভিতর খুঁজে বেড়াই নিজের শব-
দেখা হয় ঘুমন্ত নগরীর নতুন
সওদাগরের মতো হঠাৎই,
দুই অস্তিত্বের মাঝে তখন মৃত পাখির আর্তনাদ।
জিজ্ঞেস করি,
“মৃত্যু কেমন?”
মিলিয়ে যাওয়ার আগে ভেসে বেড়ায়
জীবনের প্রতিধ্বনি।
৩
এখনও অনেকক্ষণ অপেক্ষা করা যাবে-
পোয়াতি বউয়ের মৃত সন্তানের
নিস্তব্ধতার মতো রাতে
পরিযায়ীরা ঝলসে খাচ্ছে মেঠো ইঁদুর।
আরও কিচ্ছুক্ষণ তারাদের ভীড় জমবে,
তারপর,
দেশোয়ালী প্রেমিকার হাতে পরিযায়ী
প্রেমিকের সমর্পণের অপেক্ষা।।
তমাল বন্দ্যোপাধ্যায়
বৃন্দাবনী সারঙ
ধরো, আমি সেই বক। ধরো, এই নদীটির পাশে
রাঙানো শিমুল ঠোঁটে তুমি আর আমি এই বসে।
তবু এই সামান্যকে ভেঙে দিচ্ছে যে রাষ্ট্রের তির,
আমি তো পেতেছি বুক। তুমি কি প্রস্তুত, না বধির?
রাজর্ষি দে
পেলব মারিজুয়ান
গিয়ারে হাত রেখে তুমি বুঝে নাও
লোহিত নগরের দ্রুতি
আমার কাছিম জীবন ছিঁড়েখুড়ে
নগ্ন মাদল নাচে
লালারসে সিক্ত তন্তুর স্পর্শে
জালে ধরা খাবি খাওয়া নিয়তি
ধাপে ধাপে নামা পথে জল চাপ বাড়ে
রুখে দেওয়া বালি বাঁধ রুখুসুখু মরু-শুষ্কতা
কেঁপে গেলে এই বানভাসী সৈকত
আজও গিলে নেবে নোনা চন্দন স্নান
ঝরে গেলে সব পিচ্ছিল নগ্নতা
তটে নেমে আসে পেলব মারিজুয়ান
কুমারেশ তেওয়ারী
ছিদ্র
বিভাস রায়চৌধুরী
শুক-সারি
অমিতকুমার বিশ্বাস
চরাচর
পাতার ওপাশে চাঁদের উঁকি। পাতা টপকে পথে-পথে চোঁয়াচ্ছিল জোছনাজল। এরই মাঝে তুমি রাতের মতো স্পষ্ট। পৃথিবীর পানসে জীবন থেকে আচমকা এক-এক করে পোশাক ছুঁড়ছিলে পাতায়। বাতাসে নড়ছিল তিরতির। তোমার হুঁশ নেই। আমাকে বৃক্ষ ভেবে আচমকা জড়িয়ে সেই প্রথম বুঝলে—আসলে এ শরীর নয়, ক্যাকটাস বরং। অগত্যা পলায়নপথই শ্রেয়। এদিকে পাতা থেকে পোশাক উড়ে গেছে অন্য পৃথিবীতে।
তবে কি আচমকা জোছনায় ঢেকে গেল শরীর?
তুমি কাশলে খুব। দ্রুত জল এগিয়ে দিতেই ইশারায় ফেরালে। তারপর সামলে নিয়ে বললে, ‘তাহলে না-হয় একটু হাঁটাহাঁটি করি দুজনে কিছুক্ষণ।’
এই পৃথিবীতে আমাদের আর দেখা হবে না কখনও। তোমার পোশাক চুরি যাবে সভ্যতার কাছে। বাঘিনীর ছাল খুলে নেয় মানুষ। ধর্ষণের পর মাংস ফেলে দেয় গনগনে আগুনে।
‘চলো, তবে হাঁটি।’— বলেই এগোতে থাকলাম বনের ভিতর। ভাবলাম হাতটা স্পর্শ করে বলি— না, কোত্থাও যাব না আমরা। এখানেই সারারাত চাঁদের আলোয় পুড়ব দুজনে। আমাদের চিতা আমরা নিজেরাই সাজিয়ে ক্রমশ ঘুমিয়ে পড়ব একজোড়া শিরীষ পাতার মতো।
তা হয় না আর।
বরং তোমার হাত-দুটো ঢেকে যায় জোছনাফুলে। তোমার শরীর, তোমার চুল— সব!
তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল খুব।
কিন্তু আমি মানুষ নই, বৃক্ষও নই— এক ক্যাকটাস মাত্র। সংকোচে শামুকের মতো গুটিয়ে যাই খোলসে। খোলসের আড়াল থেকে দেখি, জোছনাফুলগুলো উড়ে যায় সামান্য হাওয়ায় দূরে, আর তোমার অশরীরী নগ্নতা মহাশূন্যের মতো ছড়ায় চরাচরে।