সাপ্তাহিক কবিতা আশ্রম, ১২ আষাঢ় ১৪২৮
Painting: Salvador Dali
মুহাম্মদ ফরিদ হাসান
কাছের বাঁশি
সমুদ্র কাছে এলে
আঁচল কেন দূরে রাখো মেয়ে
কি অত ভয়
কি বিস্ময়
ফেরি করে ফেরো অচেনা বন্দরে?
আমি তো প্রাচীন রাখাল
বাঁশি ফেলে দূরে
বেজে যাই তীব্র একা
প্রতিরাতে না-ফেরা ঘরে!
আমাকে কাছে রাখো চুড়ি, কপালের টিপ
অলসদুপুর রাখো, জলেভাসা দীপ
রাখো স্পর্শ—অনন্ত মদিরায়
রাখো আকণ্ঠ ডুবে যেতে যেতে
অতল গহীনে…
সমুদ্র কাছে এলে
ফিরে এসো মেয়ে, অনন্ত দহন রেখে…
পিয়াংকী
জলের দরদাম
ঘাটে জল কমছে।
সেই জল জমে যাচ্ছে আশেপাশে ।
পুকুরঘাট।
বড় বেশি পিছল। জল উঠে আসছে রাস্তায়।
জল উঠে আসছে ঘরের মধ্যে।
বাড়তি জলের দাম বাড়াবাড়ি রকম বেশি
হাহাকার
একটি প্রজাপতি উড়ছে।
ওর গায়ে কেমন যেন একটা অন্ধকার
অন্ধকার ঘর।
ও ছুটে যাচ্ছে পুকুরঘাটের দিকে…
নক্ষত্ররং
প্রজাপতি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সর্বত্র।
পুকুরঘাট নিঃস্ব
জল এখন জলেরদরে বিক্রি হচ্ছে
ব্রততী চৌধুরী
কবিতা
কবিতা লিখিনি আমি—
আসলে কবিতাই আমাকে লিখেছে।
দিন ও রাতের অবিরল এই দাহ
পার ক’রে, যখনই কলম ছুঁয়েছি
কবিতা লিখেছে আমায়।
কান্নাভেজা অপাবৃত ক্ষণে, কবিতার
মুখে আমি দেখেছি আমার মুখচ্ছবি।
মাত্রা ও যতিচিহ্ন সহ
ছন্দ ভেঙে সে লিখেছে আমাকে।
কবিতা আমাকে লেখো। বারবার তোলো
ধুলো থেকে। স্নান দাও এবং সংরাগ।
উদয় সাহা
তবুও বাকি থেকে যায়
সারাবেলা ময়ূর ভাবনায়
কুয়োয় পড়ে থাকা!
হাতে আরও তো কাজ থাকে—
অনেক কাজ করবার
কুয়ো থেকে বেরিয়ে আসতে হয়;
বাজারের ব্যাগ একটা রুটিন,
তুলসীর থানে সামান্য জল দেওয়া প্রাত্যহিক
আমফলসিদের একটাই দাবি—রোদ…
রোদ বাড়ে শুঁয়াপোকাদের সমানুপাতে
‘তোমাকে ভালবাসি’ বলবার পরও
কিছু কাজ থাকে—
কিছু চোখ জেগে থাকে
জানলার ওপাশে…
রবীন বসু
সবটাই ইতিবৃত্ত
সময়, তোমাকে ধরব কোন অছিলায়
রাঙতামোড়া এই যে উঠোনের ধার
চুপটি করে বসেছে অবসর
আমরা এখন গল্পের পারাপার।
কপোলে আলোক মাখা, শরীর জাগছে
সঞ্চিত উত্তাপ নিয়ে নিঃশ্বাস সঘন
প্রবহমানের দিকে অব্যর্থ সঙ্গম
আমাদের আকাঙ্ক্ষার নিশ্চিত পতন।
আবহের দিকচিহ্ন মাপজোক করে
তৃপ্তির যে ডেসিমেল রেখায়িত নয়
তার দাগ আক্ষরিক সময়বাহিত
নিমগ্ন চেতনা ডাকে, সাড়া দিতে হয়।
সময়, তোমাকে আজ ধরে রাখা দায়
পরস্পর বোঝাপড়া দ্বন্দ্বময় দিন
অঙ্গারের দাগ নিয়ে দহনের জ্বালা
সবটাই ইতিবৃত্ত, নাচে তাতা ধিন।
Painting: Salvador Dali
অনঞ্জন
চোখের জলের পথেই
চোখের জলের লাবণ্যকে
বুঝতে ভুল করেছিলে বুঝি?
তুমি নিশ্চয়ই বিস্ময়ের গন্ধ জানো না,
ঝরে গেল তাই।
আলিঙ্গনে শরীর খোঁজো তুমি?
ছান্দসিকের ব্যর্থ সফলতা
বৃষ্টি-ভিজে ঠান্ডা লাগে তাই,
আলিঙ্গনে দেহ খুঁজতে নেই।
আচ্ছন্ন নিমেষ কম্পনে অনেকটা
যে কবিতা জুড়ে থাকে
শরীরে শরীর মানেই কাম নয়,
ভ্রষ্ট না হয় তার –
ফুলের মতো এমন মেলে ধরা
শ্বাসরুদ্ধ আলোর পথ দেখা,
স্তব্ধ-চোখে বৃষ্টি মিশে থাকে,
পথের শুরু ওই বৃষ্টি মেখে।
শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
জলবিম্ব
ভেঙে গেছে, দেওয়ালে টাঙানো আয়না।
প্রতিবিম্বের টানে স্বচ্ছ জলের কাছে
নীরবে দাঁড়াই।
জল বলে ‘আয়’।
‘আয়’ বলে চুপ করে থাকে।
কাকচক্ষু জলে দেখি আমার আমিকে।
কেঁপে কেঁপে ওঠে ছবি, ছবি অন্যমনা।
আয়নায় প্রতিবিম্ব এমন ছিল না।
নিবিড় জলের নিচে মুখচ্ছবি বলে
‘এই তো এখানে নীল ব্যথাগামী মন
তোমার চোখের পথে পেয়েছে ক্রন্দন।
এখানে কন্দর আছে। জানো সুলোচনা,
ব্যথা কোনও কাজলের আগল মানে না’।
জলবিম্ব সরোবরে টলোমলো করে
আমাকেই ভাঙে আর আমাকেই গড়ে।
Painting: Salvador Dali
মাঠ
নির্মল হালদার
বাবার হাত ধরে ছেলে শহরের গলি থেকে গলি হাঁক দিয়ে চলেছে: একটা মাঠ দেবে গো মাঠ একটা মাঠ দেবে গো মাঠ—
একবার বাবা হাঁক দিলে একবার ছেলে হাঁক দিতে থাকে: একটা মাঠ দেবে গো মাঠ— একটা মাঠ দেবে গো মাঠ—
হাটবাজারের মানুষ, পথ চলতি মানুষ, উঁকিঝুঁকি মারা মানুষ কৌতুহলের সঙ্গে শুনতে থাকে, বাবা ও ছেলের হাঁক।
সবারই প্রশ্ন: মাঠ আবার কী?
মাঠের জন্য ফেরিওয়ালার মতো হাঁক দিলেই কি মাঠ পাওয়া যাবে? এরা কি পাগল?
বাবা ও ছেলে একসঙ্গে ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। বসে যায় সবজি বাজারে। যেখানে নিত্য কোলাহল। বেচাকেনা। কেনাবেচা।
বাবা ও ছেলে হাঁক দিতে থাকে: একটা মাঠ দেবে গো মাঠ?
বাজারিরা ঘুরেফিরে বাবা ও ছেলেকে দেখে। নিজেদের মধ্যে কানাকানি করে: একইসঙ্গে বাপ বেটা পাগল হয়ে গেছে। কেউ কেউ পাগল মনে করে, পয়সা ছুঁড়ে দিয়ে যায়। অনেকেই হাসাহাসি করে। খুব কৌতুহলী যারা কাছে এসে জানতে চায়, তোমরা কি বলতে চাও, সঠিক আমাদের বলবে? তোমরা কোথা থেকে এসেছো? কত দূরে বাড়ি?
কেউ কেউ বলে ভিক্ষার এই নতুন ধরণ দেখে অবাক লাগছে ভাই।
বাবা ও ছেলে চুপ থাকে।
ছেলেটির নাম বাগান। ফুলের মতোই সে সুন্দর। বাঁ চোখের নিচে কাটা দাগ তাকে আরও সুন্দর করেছে। সে প্রতিদিন ব্যাংকের মাঠে খেলা করে আরও বন্ধুদের সঙ্গে। কখনও ক্রিকেট। কখনও ফুটবল। কখনও শুধুই দৌড়ঝাঁপ। এই মাঠেই কিছুটা হাওয়া বয়। চার পাশেই তো ঘর বাড়ি। বাজার হাট। দোকানপাট। সব সময় থিকথিক করছে ভিড়।
দম বন্ধ হয়ে আসে। এখন আবার স্কুল বন্ধ। রায় দেড় বছর হয়ে গেল স্কুল বন্ধ হয়ে আছে। চলছে লকডাউন। ছোট ছোট ছেলেমেয়েরা এই বাজার হাট ছেড়ে আর কোন্ মাঠে যাবে খেলাধুলো করতে? এই একটাই তো মাঠ। ছোট্ট মাঠ। ছেলেরা দুহাত খুলে দিয়ে দৌড়োয়। নিজেদের মধ্যে মারপিট করে। সে এক অনাবিল আনন্দ।
হঠাৎ করে কোনও কোনওদিন প্রজাপতি এসে ফড়িং এসে ছেলেদের সঙ্গে খেলা করে। রং ছড়ায়। সেই উদার মাঠ হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাংক বন্ধ হয়ে গেল। কোনও প্রোমোটার সমস্তটাই কিনে নিয়েছে। শপিং মল হবে। তার আগে কাজ শুরুর আগে, মাঠের চারদিক বন্ধ করে দেওয়া হল। কেউ যেন ঢুকতে না পারে।
ছেলেরা চাওয়া চায়ি করে। কোথায় যাবে তারা? আর তো কোনও মাঠ নেই। মাঠ নেই।
বাগানের মতো অনেকেই দুঃখ কষ্ট চেপে বাড়িতে বন্দি হতে থাকে। বাগান একদিন তাদের গলিতে ক্রিকেট খেলতে গিয়েছিল। কলোনির লোকজনের বাধা পেয়ে সে আশাও ছাড়তে হয়েছে তাকে।
বাগানের বাবা ছেলের যন্ত্রণা অনুভব করে এই রকম একটি প্রতিবাদে শহরের অলিতে গলিত
রাস্তায় রাস্তায় হাঁক দিয়ে যায়: একটা মাঠ দেবে গো মাঠ—?
সেই ব্যাংকের মাঠে ছেলেরা নেই বলে হাওয়া স্তব্ধ হয়ে গেছে। সেই ব্যাংকের মাঠে প্রজাপতি আর আসে না। ফড়িং আর আসে না।
কেবল ট্রাক ট্রাক ইঁট-বালি-সিমেন্ট। ছড়। পাথর।
বাগান একা একা দূর থেকে দেখে। আর বুঝতে পারে, তার চোখের কোণে কি একটা চিকচিক করছে।
Painting: Salvador Dali
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন আমাদের প্রকাশিত বইগুলি। ভিজিট করুন আমাদের অনলাইন সপ, আর কিনুন আমাদের বই। নিচের BUY NOW বোতামে ক্লিক/ট্যাপ করলে পৌঁছে যাবেন আমাদের সপ পেজে।