শিবু মণ্ডল
মেথিস্বাদ
১।
আজ আর নতুন করে জল ওঠেনি মনে হয়। হ্যাঁ ,মনে হওয়ার মধ্যেই একটা অনিশ্চয়তার ডানা ভেসে ওঠে – এটা ধরে নিয়েও আশ্বস্ত থাকা যায়। নিমপাতার ছায়া আছে সমস্ত নশ্বরতার ছোঁয়া বাঁচিয়ে। এমন সময়–অসময়েই একমাত্র ঈশ্বর ভর করতে পারেন ভেবে অক্ষরে অক্ষরে একাগ্র হতে চাওয়া। লালারসে গন্ধ ভেসে ওঠে- যা অবিনশ্বর তাহাই ঈশ্বর।
২।
কোনও ধ্বনি ছিল না সেই সৃষ্টিতে ছিল শুধু ব্যাথাবিকৃতি, ধূম জ্বর ছিল না ছিল জ্বরের ঘোর। এমন সৃষ্টিকর্মের পাণ্ডুলিপি নিয়েই বোধহয় একা হতে হয় সবাইকে। এই একাকীত্ব আবার বর্ণহীনও নয়। গোলাপি আর কালচে এখানে দ্বিধায় থাকে। গন্ধ যে অদ্বিতীয়! জলপানে মেথিস্বাদ, থুথু গিললে মেথিস্বাদ…… ফুটন্ত কড়াই থেকে উঠে এসে যেন শরীরে বিঁধেছে তারা। যাক যে ব্যাথার কথা হচ্ছিল, নশ্বরতার থেকে দূরে থাকার কষ্টকে ছাড়িয়ে যেতে পারেনি সে!
৩।
ঘরের চৌকাঠ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা উদ্বিগ্ন দৃষ্টি বোঝে কিছু নিষেধের হাওয়া, চুম্বকীয়ক্ষেত্র যদিও সক্রিয় হাওয়া জুড়ে। তাইতো সময়ও এগিয়ে চলে, চলে হোমিওপ্যাথি চালে, সহযোগী পথ্য সহযোগে এক সুবাগিচা শিল্পী শুধু ধরে ফেলে সেই তরঙ্গের ঢেউ
৪।
কেমন আছো পাঠশালা আর চার দেওয়াল? এমন প্রশ্নে চুম্বক শলাকা নড়ে ওঠে- উত্তরের বদলে তাকিয়ে থাকে ঈশান কোণের দিকে। কবিতায় এমন উত্তর তো নেই। দিক তাই ভুলে থাকা আপাতত। আকর্ষণ আর বিকর্ষণের মাঝে পড়ে যাওয়া ঘরকেন্দ্র কি এত সহজেই নড়ে যেতে পারে?
৫।
সভ্যতার কোনও এক সময় অন্তত একটিবার এই একাকীত্বরা জন্মায় বা বলা ভাল জন্মালে ভালো ! এই যে ‘জন্মালে’ শব্দটার মধ্যেও কিন্তু একটা অনিশ্চয়তা লুকিয়ে আছে। সেই গর্ভগৃহে জন্মায় ক্ষণে ক্ষণে ব্যথা আর মুক্তি পাশাপাশি! আমি ঘর মালিকের মত শরীর ভাড়া দিই, আর বাঁধা পড়ি গ্রন্থিতে কোনও এক নাড়ির টানে…
৬।
তাই স্বাদ অনুরাগছোঁয়া ছিনতাই করে ভাইরাল হয়, বিচ্ছিন্ন করে দেয় সমস্ত নেটওয়ার্ক হাওয়াকলের সতর্ক দৃষ্টি মউচুক্তির বিষনির্যাসটুকু পাস অন করে। প্রতিরোধের চুক্তি ভেঙে একের পর এক উপনিবেশ গড়ে তোলে ক্রিসমাস কেকের উত্তাপের আড়ালে। সান্টার ভূমিকা তখন শুধু বেদনার প্রতিষেধক ফেরি করা নয়। তার ঝুলি থেকে বের হতে থাকে মিলিগ্রামের পর মিলিগ্রাম অ্যান্টিভাইরাল, আর ক্রোসিনের দানা। ফির ভী নব্যরত্ন ইন্ডিয়ান কোম্পানির ইজারাদার- ‘আভি তো ঠিক হো, আভি তো সোয়াস্থ হো, আভি তো জিন্দা হো’ – ব’লে বন্ধুক তাক করে ক্রুশবিদ্ধ যীশুর দিকে।