তরুণ কবির আলো

প্রতাপ হালদার

প্রতাপ হালদারের জন্ম ১৯৮৬ সালের ১ নভেম্বর। নদিয়ার শান্তিপুর, নৃসিংহপুর গ্রামে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ। পেশা – গৃহশিক্ষকতা। তার কবিতা বিস্ময় সৃষ্টি করে। ইমেইল :  prataphaldar97@gmail.com


বাড়ি

হাতের নখে হলুদ ভাব যে ভাবে থাকে,

আসলে কী বলতে চাইছি বলো তো – পেট ভরে খেলে

চোখের পাতার নীচে কাঁপে বিলাসী উঠোন

চকমেলানো বাড়ি, স্বৈরিণী অসুখ

আমার চোখে যদি-বা এখন দুপুর।

কাত করা বাড়ির থেকে

উনুনে বাঁশের গিঁট ফাটার আওয়াজ

কানে এলে ভাবি , এইমাত্র বাড়ি এল পলানি

মরে যাওয়া খিদেই ভাত অল্প লাগে জানি।

এখানে বর্ষা এলে বাঁশপাতা কাঁদে…

আমিও বুঝেছি এ রোদের ভাষা,

এক প্রকার পাখির গান খেয়ে বেঁচে আছি

বেঁচে আছি নদীর ধারের ঠান্ডা মাটিতে পা রেখে

বুকপোড়া প্রদীপের গন্ধ শুঁকে।

 

শুধু জানো তফাৎ মানে অন্য

 

যদি এমন হয় বাড়ি খুঁজে পাচ্ছি না

তো থাক না , অনন্ত আকাশ আমার জন্য

 

গোঙানি

একেক দিনের গোঙানি

অন্ধকারগুলো আমার সঙ্গেই থাক

পাউরুটির ঠোঙায় পরে আছে খিদে

আমি কি ভাবিনি ,

নেচে ওঠে বসন্তের ফুল গোঁজা খোঁপা

ভবঘুরে বাতাসের ছন্দে নিয়োগ

কিম্বা একমুখ মোমবাতির আলো

সাহস হতে পারেনা —

ঢেকে রাখা ভাতের থালায় মায়ের কান্না ঝরে !

অন্ধকারগুলো আমার সঙ্গেই থাক।

 

আজ , ঈশ্বরকে ‘ভগা’ বলে ডাকব