ধারাবাহিক রচনা

ভাঙা দিনের ঢেলা

 

মলয় গোস্বামী

[পূর্ব প্রকাশিত অংশের পর]

চাকরি কোথায় ? চাকরি কোথায় ? প্রেমিকা লাথি মারে

সেই সময়ে চাকরির বাজারটিতে খুবই ডামাডোল। এমনিতেই ওই দশকেই চলেছিল রাজনৈতিক ঝড়ঝঞ্ঝা। এও এক রকমের প্রতিবন্ধকতা এনেছিল। আমি কখনই রাজনীতি করিনি। কোনও রাজনৈতিক দলভুক্ত কখনও হইনি। কিন্তু বনগাঁর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। ১৯৭২ সালে কলেজে আমি, মাথায় নাটক আর গান আর গল্প। পূর্বেও বলেছি যে ওই সালেই মঞ্চস্থ করে ফেলেছিলাম বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ’। পরপর দু’দিন শো। হাউসফুল। দর্শকেরা বুঝে দেখেছেন, না না-বুঝে, সে সব অন্যকথা। তবে নাটকের জগতের একেবারে নতুনতর ভাবনা মনে হয় তাদের ভাবিয়েছিল। তো আমি কলেজে। তখন S.P. আর B.S.P.F…। আমার বেশ কিছু প্রিয়বন্ধু ও বান্ধবী S.P. অর্থাৎ স্টুডেন্ট পরিষদ। যা পরবর্তী কালে ছাত্র পরিষদ নামে অভিহিত হয়েছে। সেইসব বন্ধুদের সঙ্গেই ঘুরতাম। আমার হাতের লেখাটিকে ওরা পছন্দ করত বলে, আমি ওদের পোস্টার লিখে দিতাম। তা-ই বলে আমাদের পাড়ার B.P.S.F. বন্ধুদের অনুরোধে আশশ্যাওড়ার ডাল থেঁতো করে, বা দেশলাইয়ের খাপ ভেঙ্গে—তাই দিয়ে যে তাদের পোস্টার লিখে দিইনি, তা কিন্তু নয়। আমি সেই তরুণ বয়সেই এইরকম মনোভাব পোষণ করতাম। কেউ কেউ গম্ভীর হয়ে বলত, জানিস, তুই ব্যাটা হলি নৈরাজ্যবাদী। নৈরাজ্যবাদ খায় না মাথায় দেয়, কে জানে। আমি মানুষের সম্পর্ককেই বড় করে দেখতে চাইতাম। আজও সেইরকম মনে হয় আমার। S.P. –র বন্ধুরা তখন আমাকে C.R-এ দাঁড় করাতে চেয়ে ব্যর্থ হয়েছিল। রাজনৈতিক দলের হয়ে ক্লাস-রিপ্রেজেন্টেটিভ হওয়া-যে আমার মনে চায়না, সে রকম বুঝিয়েছিলাম। তবে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে আমি শিল্পী হিসেবে অংশগ্রহণ করতাম। আবার একই সময়ে ছাত্র ফেডারেশনের বন্ধুদের আহ্বানে তাদের নাটকের পরিচালনা করেছি।

এইরকম মানসিকতা লক্ষ্য করে আমার এক বন্ধু বলেছিল—এগুলো তোর হুলো-মানসিকতা। কিন্তু আজ এই বৃদ্ধ বয়সে, ভাঙা দিনের ঢেলা কুড়োনোর সময় অবধি বুঝতেই পারিনি হুলো মানসিকতা বলতে সে কী বলতে চেয়েছিল। হুলো মানে কি ম্যাঁও ? বিড়াল। তা যদি হয়, তবে কি তারা এই বিড়ালটির গলায় ঘণ্টা বাঁধতে অসফলই থেকে গিয়েছিল ?

আমার এইরকম সম্পর্ক-মানসিকতা আমার বুকের মধ্যে ধূপের গন্ধ ছড়ালেও, চাকুরি জীবনে চরমতম বেড়া দিয়ে দিয়েছিল। কংগ্রেসী জামানায় আমার চাকরি হয় না। কারণ আমি বামদলের। আবার বামের জামানায় আমি কংগ্রেসের বলে চিহ্নিত হয়েছি। মনে পড়ে আজ সে কোন জনমে… হ্যাঁ সে কোন জনমেই তো। সে কি আজকের কথা! বি এড করার পরও, বাম জামানাতে উনিশটি স্কুলে হতে-হতেও আমার শিক্ষকতার চাকরিটি হয়নি। নাকি আর একটু হলেই হয়েছিল আর কী! সেই সব না-হওয়ার দিনে রাত্রে একা একা তক্তপোষে, অন্ধকারে মিশে থেকে চোখের জল ফেলেছি। কিন্তু সকালে, সূর্যের আলোয়, পরিষ্কার চকচকে চোখ আর হাসিমাখানো মুখে, বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছি। একে একে প্রেমিকারা একটা চাকরি জোগাড় করে নেওয়ার পরামর্শ দেয়। কেউই আর দেরি করতে চায় না। প্রত্যেকেরই বাবা না নাকি চাপ দিচ্ছে। পুচকে ইনফ্যাচুয়েশনগুলোও নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিত হাঃ হাঃ। তখন একটি কবিতা দেশ পত্রিকায় লিখলাম, যা তৎকালীন যুবকদের মনের কথা হয়ে মুখে মুখে ফিরতে লাগল।

ভাসপক্ষী

প্রেমিকের প্রতি প্রামিকার লক্ষ্যভেদের প্রয়োজন বর্ণনা

 

“চাকরি কোথায় ? চাকরি কোথায় ?” প্রেমিকা লাথি মারে

কুসুমকুসুম ঢিসুমঢুসুম ঝাঁপ দেয় অঙ্গারে।

হাতের বাঁধন পিছলে ঢলে চম্পাকলিকা

মুদ্রাহীনা বাঁচবেই না; এই তো কলিকাল।

 

অঙ্গশীতল যায় রসাতল স্বপ্ন-কোমল চূড়া

স্বপ্নে ভাসে সোনার থালা, বৃহৎ মাছের মুড়া।

রসাতলের কোলের তলায় মুণ্ডু ঠোকে খোকা

রক্ত মেখে দাপিয়ে বেড়ায় স্বপ্ন প্রেমের পোকা।

………………………………………………………

………………………………………………………

অনিঃশেষ জীবন নির্বাহ

“চাকরি কোথায় ? চাকরি কোথায় ?” প্রেমিকা লাথি হাঁকায়

শরীর যতই ঘনিষ্ঠ হোক: হৃদয় থাকে ফাঁকায়।

এরকম লিখে ফেলেছিলাম। একবার একজন প্রেমিকার বাড়িতে, (ওদের বাড়িতে তখন ও ছাড়া কেউ নেই) তারই সামনে চরম হতাশায় আমার চোখ থেকে চশমাখানি খুলে নিয়ে আছাড় মেরে সহস্র টুকরো করে ফেলেছিলাম। চশমাটি তখন টুকরো-টুকরো কাচ হয়ে ওদের ঘরের মেঝেয় ছড়িয়ে পড়েছে। সে তখন কিছুক্ষণ থম মেরে আমার চোখের দিকে তাকিয়ে থাকল। আমি দেখলাম একসময় তার দু’চোখ ভরে জল নামছে। ধীরে ধীরে সে মেঝেয় বসে পড়ে, হাতে একটা ঝাড়ন দিয়ে খুব ধীরে ধীরে কাচগুলো এক-জায়গায় করার চেষ্টা করছে। করতে করতে সে একবার আমার দিয়ে মাথা উঁচু করে তাকাল। তখনও অশ্রু ঝরছে। তখন একবার বলল, “তোমার এই রাগ ভালবাসার ভয়।”

(ক্রমশ)